ভেজাল বিরোধী অভিযান
রংপুরে ভেজাল মশলার কারখানা গুঁড়িয়ে দিল প্রশাসন
রংপুরে ভেজালবিরোধী অভিযানে অবৈধ মশলার কারখানা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। এ সময় কারখানার মশলা ব্যবসায়ী শরিফুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা এবং এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় ভোক্তা অধিদপ্তর, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও উপজেলা প্রশাসনের অভিযানে রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ ইউনিয়নের নাজিরদহ গফুর টারী এলাকায় একটি অবৈধ মশলা উৎপাদন কারখানায় এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিদপ্তর রংপুরের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ রংপুরের কর্মকর্তা মো. লোকমান হোসেন এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অঙ্কন পাল।
প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে গোপনে ওই কারখানায় গোল মরিচে ক্ষতিকর কেমিক্যালযুক্ত রং, খয়ের ও ময়দা মিশিয়ে মশলা তৈরি করা হচ্ছিল। এমন তথ্য পেয়ে জাতীয় ভোক্তা অধিদপ্তর, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় মশলা কারখানা গুঁড়িয়ে দেওয়াসহ অবৈধ মশলা মাটিতে পুঁতে রাখা হয়। এ সময় শরিফুল ইসলাম নামে ওই কারখানার ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারা অনুযায়ী, ৫০ হাজার টাকা জরিমানা এবং এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পাপিয়া সুলতানা বলেন, অভিযানে গোল মরিচে ওজন বৃদ্ধি করার জন্য ক্ষতিকারক কেমিক্যালযুক্ত রং, খয়ের ও ময়দা ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে। এসব ভেজাল উপাদান মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর এবং দীর্ঘমেয়াদে ক্যান্সারসহ বিভিন্ন জটিল রোগের ঝুঁকি তৈরি করতে পারে।
৭ দিন আগে
জয়পুরহাটে ভেজাল বিরোধী অভিযান: ৩ বেকারিকে জরিমানা
অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরির অভিযোগে জয়পুরহাট শহরের তিনটি বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র্যাব।
এছাড়া বেকারির কারখানায় পাওয়া বিপুল পরিমাণ ক্ষতিকারক বিভিন্ন কেমিক্যাল ধ্বংস করা হয়েছে।
বুধবার সকাল ৯টা থেকে বিকাল পর্যন্ত জয়পুরহাট শহরের কাজল বিস্কুট ফ্যাক্টরি, জনতা বেকারি ও মানিক বেকারিতে র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সহযোগিতায় এ অভিযান চালায় জয়পুরহাটের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান।
আরও পড়ুন: ফরিদপুরে ডিমের বাজারে অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
তিনি সাংবাদিকদের জানান, এ অভিযানে দেখা যায়, অস্বাস্থ্যকর পরিবেশে বিভিন্ন বেকারির পণ্য তৈরি, ক্ষতিকর পোড়া তেল, রং, ইত্যাদি কেমিক্যাল ও কৃত্রিম ফ্লেভার ব্যবহার করা হচ্ছে। সে কারণে শহরের জামালগঞ্জ সড়কের কিনাপাড়া এলাকার কাজল বিস্কুট ফ্যাক্টরিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সঙ্গে কারখানায় পাওয়া ক্ষতিকারক কেমিক্যাল পাশের ড্রেনে ফেলে ধ্বংস করা হয়। পৌর এলাকার বৈরাগির মোড়ে জনতা বেকারিকে ২০ হাজার ও মানিক বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সঙ্গে বেকারির খাদ্য তৈরিতে ব্যবহার করা বিভিন্ন ক্ষতিকারক কেমিক্যাল ধ্বংস করা হয়।
এ ধরনের ভেজাল বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ও র্যাব কর্মকর্তা।
আরও পড়ুন: দিনাজপুরে র্যাবের অভিযানে ‘এ্যাম্পল’ জব্দ, আটক ২
৬৪৬ দিন আগে