উত্তরখান
উত্তরখানে ডিএনসিসির পরিচ্ছন্নতাকর্মীদের ওপর হামলা, গ্রেপ্তার ৩
রাজধানীর উত্তরখানের এসটিএস (সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন) এলাকায় দায়িত্ব পালনকালে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পরিচ্ছন্নতাকর্মীদের ওপর হামলার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (২ আগস্ট) ডিএনসিসির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সকালে এসটিএসে কর্মরত ডিএনসিসির পরিচ্ছন্নতাকর্মীদের ওপর স্থানীয় দুর্বৃত্তরা হামলা চালায়।
হামলার খবর পেয়ে ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান এবং ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর ঘটনাস্থল পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে প্রশাসক সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন এবং হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দেন।
তিনি ভবিষ্যতে দায়িত্ব পালনরত পরিচ্ছন্নতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে কঠোর ব্যবস্থা গ্রহণের ওপরও গুরুত্বারোপ করেন।
পরে প্রশাসক ও সংসদ সদস্য কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে চিকিৎসাধীন আহত পরিচ্ছন্নতাকর্মীদের দেখতে যান এবং তাদের চিকিৎসার খোঁজখবর নেন।
এ সময় মো. শফিকুল ইসলাম খান বলেন, হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, মো. শফিকুল ইসলাম খান ও সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের ওপর হামলার অভিযোগে গণমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদনকে অসত্য বলে দাবি করেছে ডিএনসিসি।
ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা জাকির হোসেন ইউএনবিকে বলেন, ‘প্রশাসক বা সংসদ সদস্য নন, হামলার শিকার হয়েছেন পরিচ্ছন্নতাকর্মীরা।’
১৩ দিন আগে
রাজধানীর উত্তরখানে অটোরিকশা উল্টে চালকের মৃত্যু
রাজধানীর উত্তরখান থানার আব্দুল্লাহপুর আটিপাড়া এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা উল্টে মো. মাসুদ (২৬) নামে এক চালকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দিবাগত রাত ১১টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাসুদকে হাসপাতালে নিয়ে আসা তার বোন আমেনা বেগম জানান, মাসুদ একজন ব্যাটারিচালিত অটোরিকশা চালক। গতকাল রাত ১১টার দিকে আব্দুল্লাহপুর আটিপাড়া এলাকায় রিকশা চালিয়ে যাওয়ার সময় হঠাৎ অটোরিকশাটি উল্টে আমার ভাই গুরুতর আহত হন। পরবর্তীতে আমরা খবর পেয়ে আমার ভাইকে দ্রুত উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকেরা আমার ভাইকে রাত সাড়ে ১২টার দিকে মৃত বলে ঘোষণা করেন।
তিনি আরও জানান, তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলা মুক্তাগাছা থানার বিন্নাকুড়ি গ্রামে। বর্তমানে উত্তরখান আব্দুল্লাহপুর আটিপাড়া এলাকায় একটি বাসায় ভাড়া থাকতেন মাসুদ। তিনি এক সন্তানের জনক ছিলেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করেছে পুলিশ।
২২ দিন আগে
দক্ষিণখান-উত্তরখানের ৮১ কিলোমিটার রাস্তার নির্মাণকাজ ৩০ নভেম্বরের মধ্যে সম্পন্ন হবে: ডিএনসিসি মেয়র
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের নতুনভাবে সংযুক্ত ১৮টি ওয়ার্ডের আওতাধীন দক্ষিণখান, উত্তরখান ও হরিরামপুর এলাকার ৮১ কিলোমিটার রাস্তা ও ড্রেনেজ নির্মাণ কাজ আগামী ৩০ নভেম্বরের মধ্যে সম্পন্ন হবে।
তিনি বলেন, দীর্ঘ প্রায় ৫০ বছর ধরে এই এলাকায় বিভিন্ন সমস্যা বিরাজ করছে। এই এলাকা একসময় ইউনিয়ন ছিল। তখনকার নির্মিত সব রাস্তাগুলো সরু। কখনও ড্রেন নির্মাণ করা হয়নি। টেকসই সমাধানের লক্ষ্যে সিটি করপোরেশন প্রশস্ত রাস্তা ও ড্রেনেজ নির্মাণের কাজ শুরু করেছে।
আরও পড়ুন: ৫৪টি ওয়ার্ডে মাসব্যাপী জনসচেতনতামূলক প্রচার শুরু: ডিএনসিসি মেয়র
মঙ্গলবার (০৪ জুন) দুপুরে রাজধানীর দক্ষিণখানে চলমান উন্নয়ন কাজ পরিদর্শনকালে ডিএনসিসি মেয়র এসব কথা বলেন।
ডিএনসিসি মেয়র বলেন, বাংলাদেশ সেনাবাহিনী এই প্রকল্প বাস্তবায়ন করছে। দ্রুত সময়ে কাজ সম্পন্ন করতে দিন রাত কাজ চলছে। আগামী ৩০ নভেম্বরের মধ্যে ৮১ কিলোমিটার রাস্তা ও ড্রেনেজ নির্মাণের কাজ সম্পন্ন হবে। এছাড়াও এই এলাকায় ৫ হাজার ৭২২টি এলইডি স্মার্ট লাইট স্থাপন করা হবে।
রাস্তা ও ড্রেনেজ নির্মাণ কাজ পরিদর্শন শেষে ডিএনসিসি মেয়র এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন। এসময় তিনি এলাকাবাসীর সমস্যার কথা শোনেন এবং সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দেন।
ডিএনসিসি মেয়র বলেন, এই এলাকায় অনেক খাস জমি রয়েছে। এসব খাস জমিতে খেলার মাঠ ও পার্ক নির্মাণ করা হবে। খাস জমি ব্যক্তিগতভাবে কেউ ব্যবহার করতে পারবে না। খাস জমি উদ্ধার করে মাঠ ও পার্ক নির্মাণের জন্য যা যা করণীয় তাই করব।
এসময় উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য খসরু চৌধুরী, ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. মঈন উদ্দিন, কাউন্সিলর মোতালেব মিয়া, মো. জাইদুল ইসলাম মোল্লা, মো. আলী আকবর, মো. আনিছুর রহমান নাঈম, ডি. এম. শামিম, মো. শফিকুল (শফিক), জয়নাল আবেদীন, ইলোরা পারভীন, জাকিয়া সুলতানা প্রমুখ।
আরও পড়ুন: নেদারল্যান্ডসের শহরগুলোর খালের আদলে ঢাকার খালগুলোর উন্নয়ন করতে চাই: ডিএনসিসি মেয়র
নতুন ১৮টি ওয়ার্ডের পরিকল্পিত উন্নয়নে প্রকল্পের অনুমোদন: ডিএনসিসি মেয়র
৮০১ দিন আগে