সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হবে বলে আবারও স্পষ্ট করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
তিনি বলেন, বিদেশে পালিয়ে থাকা যেকোনো সাজাপ্রাপ্ত আসামির ক্ষেত্রে যে আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয়, শেখ হাসিনার ক্ষেত্রেও সরকার একই প্রক্রিয়া অনুসরণ করবে।
১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন এবং তাকে ফিরিয়ে আনতে ব্যবস্থা নেওয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মঙ্গলবার (২৪ নভেম্বর) এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
তিনি আরও বলেন, বিদেশে বাংলাদেশের সব মিশনকে ‘বাংলাদেশের ভূখণ্ড’ হিসেবে বিবেচনা করা হয়। এসব মিশনের যেকোনোটিতে হাসিনার উপস্থিতি ঘটলে তাকে গ্রেপ্তার করা হবে।
শামা ওবায়েদ বলেন, ‘আমি স্পষ্ট করে বলতে চাই, আমরা আগেও বলেছি, এখনও বলছি এবং ভবিষ্যতেও আপনারা যখনই প্রশ্ন করবেন, একই কথা বলব। এই ব্যক্তি বা অন্য কোনো দণ্ডপ্রাপ্ত আসামি দেশে ফিরলে তাকে আসামি হিসেবেই বিবেচনা করা হবে। তাকে তাৎক্ষণিক গ্রেপ্তার করে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হবে। এর কোনো ব্যত্যয় হবে না।’
শেখ হাসিনা কিংবা বিদেশে অবস্থানরত অন্য কোনো সাজাপ্রাপ্ত আসামির ক্ষেত্রে আইন অনুযায়ী বাংলাদেশ সরকারের অবস্থান একই বলেও জানান তিনি।
এ সময় হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে বিমান বা অন্য কোনো যান পাঠানোর বিষয়ে আলোচনা ও ব্যবস্থা নেওয়ার খবরও নাকচ করে দেন প্রতিমন্ত্রী।
তিনি বলেন, হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে বিমান, হেলিকপ্টার, বাস, গাড়ি কিংবা রিকশা পাঠানোর বিষয়ে কারও সঙ্গে কোনো আলোচনা করেনি বাংলাদেশ সরকার। বিষয়টি পরিষ্কার।
এ বিষয়ে গণমাধ্যমের অপ্রয়োজনীয় মনোযোগ দেওয়ারও সমালোচনা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
তিনি বলেন, বারবার এ নিয়ে আলোচনা করে সাংবাদিক, পররাষ্ট্র মন্ত্রণালয় ও সরকারের সময় নষ্ট হচ্ছে।
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের হাসিনাকে গ্রেপ্তারের সক্ষমতা আছে কি না জানতে চাইলে শামা ওবায়েদ বলেন, হাসিনার অবস্থান এখনও অজানা। এ বিষয়ে ভারতের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় হত্যাকাণ্ড, গুম ও অন্যান্য অপরাধে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত ও দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের ভারতসহ বিভিন্ন দেশ থেকে ফিরিয়ে আনতে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় কূটনৈতিক ও আইনি প্রক্রিয়া চালাচ্ছে সরকার।
এছাড়া ১৬ ডিসেম্বর হাসিনার দেশে ফেরার সম্ভাব্য রাজনৈতিক পদক্ষেপের খবরকে ‘রাজনৈতিক স্টান্ট’ বলে বর্ণনা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
তিনি বলেন, হাসিনা দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে।
তার মতে, এ ধরনের রাজনৈতিক বক্তব্য সারা দেশে অস্থিরতা তৈরি করছে এবং আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীদের বিপদে ফেলছে।
যুক্তরাজ্যভিত্তিক একটি আইন সংস্থা হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের বিষয়ে বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করেছে—এমন খবরের বিষয়ে শামা বলেন, মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত ব্যক্তিকে এসব নথি দিতে সরকার বাধ্য নয়।
এ প্রসঙ্গে সংবিধানের বিধানের কথা উল্লেখ করে তিনি বলেন, এ ক্ষেত্রে সরকার কোনো ব্যতিক্রম করবে না।
সংশ্লিষ্ট আইনি বিষয়গুলো আইন মন্ত্রণালয় দেখছে এবং আইনি প্রক্রিয়া নিজস্ব গতিতে চলবে বলেও জানান তিনি।
এদিকে ভারতে নির্বাসনে থাকা শেখ হাসিনা ১৬ ডিসেম্বর বিজয় দিবসে বাংলাদেশে ফেরার পরিকল্পনার কথা জানিয়েছেন।
এপি জানিয়েছে, মঙ্গলবার দেওয়া এক বিবৃতিতে দেশে ফেরার তারিখ ঘোষণা করে তিনি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাতীয় পতাকাবাহী বিমানে দিল্লি থেকে ঢাকায় ফেরার ব্যবস্থা করার আহ্বান জানান।
হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলীর বিবৃতির উদ্ধৃতি দিয়ে এপি বলেছে, ‘২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনাকে বাংলাদেশের একটি বিমানে করে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল। এখন তিনি সরকারের কাছে দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্য আকাশপথে পরিবহনের ব্যবস্থা করার আহ্বান জানাচ্ছেন।’
চব্বিশের গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়। রায় প্রত্যাখ্যান করে তিনি বলেছেন, বাংলাদেশে ফিরে মামলাটির বিরুদ্ধে লড়তে তিনি প্রস্তুত।