রূপগঞ্জ
ঢাকার পানি সংকট কাটাতে সুখবর দিলেন মির্জা ফখরুল
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ঢাকার ক্রমবর্ধমান পানির চাহিদা মেটাতে এবং ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমাতে মেঘনা নদীর পানি পরিশোধন করে রাজধানীর দুই সিটি করপোরেশনে সরবরাহ করা হবে।
সোমবার (৮ জুন) দুপুরে ঢাকা ওয়াসার প্রকল্পের আওতায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গন্ধর্বপুরে নির্মাণাধীন দৈনিক ৫০ কোটি লিটার সক্ষমতার পানি শোধনাগার (ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট) পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, এতদিন ঢাকা শহরের জন্য আমরা মূলত ভূগর্ভস্থ পানি ব্যবহার করতাম। অতিরিক্ত উত্তোলনের কারণে পানির স্তর প্রায় এক হাজার মিটার পর্যন্ত নিচে নেমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল, যা একটি ভয়াবহ পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছিল। সেই সংকট মোকাবিলায় মেঘনা নদীর পানি পরিশোধন করে ঢাকার দুই সিটি করপোরেশনে সরবরাহ করা হবে।
তিনি জানান, প্রায় ১০ হাজার কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এই প্রকল্পের কাজ এখন শেষ পর্যায়ে রয়েছে। আগামী এক বছরের মধ্যে এর কাজ সম্পন্ন হবে বলে সরকার আশা করছে।
স্থানীয় সরকার মন্ত্রী বলেন, এই প্রকল্প চালু হলে প্রতিদিন প্রায় ৫০ কোটি লিটার বিশুদ্ধ পানি সরবরাহ করা সম্ভব হবে। একই ধরনের আরও একটি প্রকল্প নেওয়ার পরিকল্পনা রয়েছে। সেটি বাস্তবায়িত হলে অতিরিক্ত আরও ৫০ কোটি লিটার পানি সরবরাহ করা যাবে। দুটি প্রকল্প মিলিয়ে প্রতিদিন ১০০ কোটি লিটার বিশুদ্ধ পানি ঢাকার দুই সিটিতে সরবরাহ করা সম্ভব হবে।
এর আগে, সকাল ১০টা ১৫ মিনিটে তিনি প্রকল্প-সংক্রান্ত এক সভায় অংশ নেন। পরে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে নিয়ে নির্মাণকাজ পরিদর্শন করেন মন্ত্রী।
১১ দিন আগে
রূপগঞ্জে অটোরিকশা-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশা ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন।
এরা হলেন— তারাবো সুলতানবাগ এলাকার শাহরিয়ার হাসান আকাশ (২৯) এবং একজন অটোরিকশার চালক। তবে চালকের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তার বয়স আনুমানিক ৩৫ বছর।
সোমবার (৯ জুন) দিবাগত রাতে উপজেলার তারাবো এলাকায় সাইফিং ফ্যাক্টরির সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, অটোরিকশায় করে বাড়ির দিকে ফিরছিলেন আকাশ ও তার দুই বন্ধু সায়মন (২৯) ও তামিম সরকার (২৯)। পথে সাইফিং ফ্যাক্টরির সামনে বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হয়।
আরও পড়ুন: বাগেরহাটে গাছের সঙ্গে বাসের ধাক্কায় নিহত ১, আহত ৮
এতে ঘটনাস্থলেই মারা যান চালক ও গুরুতর আহত হন যাত্রীরা। আহত অবস্থায় আকাশ ও তামিমকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আকাশকে মৃত ঘোষণা করেন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, ‘দুর্ঘটনার পর মাইক্রোবাসের চালক গাড়িটি নিয়ে পালিয়ে যাওয়ায় তাকে তাৎক্ষণিকভাবে আটক করা সম্ভব হয়নি। তাকে চিহ্নিত ও গ্রেপ্তারে চেষ্টা চলছে।’
৩৭৪ দিন আগে
রূপগঞ্জে অটোরিকশাকে ট্রাকের চাপা, নারীসহ নিহত ২
নারায়ণগঞ্জ রূপগঞ্জে পূর্বাচল ৩০০ ফিট এলাকায় আকিজ গ্রুপের রেডিমিক্স একটি ট্রাকচাপায় সিএনজি অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন।
এ সময় অটোরিকশার চালকসহ আহত হয় অন্তত আরও চারজন। বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার পূর্বাচল সড়কের পশি মাজার রোড চত্বরে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, আরোবি আক্তার ও খাইরুল ইসলাম। আহতদের নাম তাৎক্ষণিক জানা সম্ভব হয়নি।
স্থানীয়রা জানান, বুধবার দুপুরে আকিজ গ্রুপের রেডিমিক্স একটি ট্রাক উপজেলার পূর্বাচল সড়কের পশি মাজার রোড চত্ত্বরে সিএনজিচালিত একটি অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই দুজন নিহত হন। এ সময় অটোরিকশার চালকসহ আহত হয় অন্তত আরও চারজন।
পূর্বাচল পুলিশ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, ‘ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাকের চালক ফকরুল ইসলাম ও সহকারী সাহেদুল ইসলামকে আটক করেছে পুলিশ। জব্দ করা হয় ওই রেডিমিক্স ট্রাক। নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে ও আহতদের রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে পাঠানো হয়েছে।’
৪৮৫ দিন আগে
রূপগঞ্জে সাবেক ছাত্রদল নেতাকে ‘কুপিয়ে হত্যা’
নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাঞ্চন পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক পাভেল মিয়াকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাতে উপজেলার কাঞ্চন পৌরসভা কার্যালয়ের সামনে এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত পাভেল কাঞ্চন পৌরসভার কৃষ্ণনগর এলাকার ইদ্রিস আলীর ছেলে।
পৌর স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব আমিনুল ইসলাম স্বপন বলেন, মঙ্গলবার রাত ৯টার দিকে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বায়েজীদ মিয়ার সঙ্গে মোবাইল ফোনে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তাকে গালাগালিসহ হত্যার হুমকি দেয় বায়েজীদ মিয়া। এরপর স্বপন বাড়ি চলে গেলে পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক পাভেল মিয়াকে পেয়ে আটক করেন বায়েজীদ ও তার সহযোগিরা। তার সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে ছুরি দিয়ে কুপিয়ে পাভেল মিয়াকে হত্যা করেন তারা।
তিনি বলেন, কাঞ্চন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বায়েজীদ মিয়া, ৫ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি জাহাঙ্গীর হোসেন, সাংগঠনিক সম্পাদক হেকিম মিয়া, স্থানীয় সন্ত্রাসী লিটু বাহিনীর সদস্য ও ৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শুভ, তার ভাই আকাশ, যুবদল নেতা দোলনসহ ১০-১২জন পৌরসভা কার্যালয়ের সামনে কুপিয়ে বায়েজীদ মিয়াকে হত্যা করে। খবর পেয়ে আশপাশের লোকজন উদ্ধার করে স্থানীয় একটি প্রাইভেট হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
নিহত পাভেলের ভাই শাহিন মিয়া বলেন, কাঞ্চন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি শিমুলকে আটক করে বায়েজীদ ও তার সহযোগিরা। এ ঘটনা স্বেচ্ছাসেবকদল নেতা আমিনুল ইসলাম স্বপন জিজ্ঞাসা করায় ক্ষিপ্ত হয়। পরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পৌর কার্যালয়ের সামনে এলে কাঞ্চন পৌর ছাত্রদলের সাবেক সভাপতি পাভেল মিয়া তাদের থামানোর চেষ্টা করে। এ সময় স্বপনকে না পেয়ে তারা পাভেলকে ঘটনাস্থলেই কুপিয়ে হত্যা করে।
আরও পড়ুন: নাটোরে মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
ঘটনার পর রাতেই বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত বায়েজিদের বাড়িতে অগ্নিসংযোগ করে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করা হবে। মামলার প্রস্তুতি চলছে।
৫৪১ দিন আগে
রূপগঞ্জে বেনজীরের ১০ কোটি টাকার সম্পদ জব্দ
পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদের নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ডুপ্লেক্স বিলাসবহুল বাড়িটির নিয়ন্ত্রণ নিয়েছে সরকার।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও জেলার সমন্বিত দুর্নীতি দমন কমিশনের সমন্বয়ে গঠিত একটি টিম আদালতের নির্দেশে প্রায় ১০ কোটি টাকা মূল্যের বাড়িটি জব্দ করে।
আরও পড়ুন: বেনজীর পরিবারের সদস্যদের নামে থাকা আরও জমি-ফ্ল্যাট জব্দের নির্দেশ
অভিযানে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শফিকুল আলম, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আহসান মাহমুদ রাসেল, দুর্নীতি দমন কমিশনের নারায়ণগঞ্জ সমন্বিত কার্যালয়ের উপপরিচালক মঈনুল হাসান রওশানীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
দুদক কর্মকর্তা মঈনুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, বাড়িটি ২০২২ সালে নির্মিত। সাবেক এই আইজিপি দেশে থাকাকালে এখানে রাত্রীযাপন করতেন।
আরও পড়ুন: বান্দরবানে বেনজীরের ২৫ একর সম্পত্তি জেলা প্রশাসনের তত্ত্বাবধানে
তিনি জানান, সার্বক্ষণিক নিরাপত্তার জন্য বাংলোয় একজন তত্ত্বাবধায়কের সঙ্গে দুটি কুকুর রাখা হয়েছিল।
এর আগে গত ১২ জুন দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে সাবেক আইজিপির ডুপ্লেক্স বাড়িসহ আরও অনেক সম্পত্তি জব্দের আদেশ দেন আদালত।
পরবর্তীকালে আদালত বাড়িটি তদারকির জন্য জেলা প্রশাসকের ওপর দায়িত্ব দেন।
আরও পড়ুন: বেনজীর-মতিউরের সম্পদের বিবরণী চেয়ে দুদকের নোটিশ
৭১৩ দিন আগে
রূপগঞ্জে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে দম্পতি দগ্ধ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে রাকিব হাসান (২২) ও তার স্ত্রী (২০) রুমা আক্তার দগ্ধ হয়েছেন।
উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের সাওঘাট উত্তরপাড়া এলাকায় একটি দোতলা বাড়ির নিচতলায় রবিবার (২৩ জুন) রাত ৩টার দিকে ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: সিদ্ধিরগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: দগ্ধ ২
দগ্ধ রাকিব হাসান একজন গার্মেন্টস শ্রমিক। স্ত্রী রুমা আক্তারকে নিয়ে সাওঘাট উত্তরপাড়া এলাকায় সেলিম মিয়ার বাড়িতে ভাড়া থাকেন তিনি। তাদের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার ভৈরব চন্ডিবের দক্ষিণপাড়া এলাকায়।
স্থানীয়রা জানান, ঈদের ছুটি শেষে রাকিব ও তার স্ত্রী রবিবার রাত ১১টা দিকে নিজেদের ভাড়া বাসায় ফেরেন। এদিন রাত ৩টার দিকে ঘরের ভেতরে বিস্ফোরণ হলে মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এসময় তারা দুজনেই দগ্ধ হন।
রূপগঞ্জের ভুলতা পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, ‘আশপাশের লোকজন এসে আগুন নিভিয়ে গুরুতর অবস্থায় রাকিব ও তার স্ত্রীকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন।’
ওসি জানান, গ্যাসের লাইন লিকেজ থেকে এই বিস্ফোরণ হয়ে হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্তের পর নিশ্চিত করে বলা যাবে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মোহাম্মদ ফখর উদ্দিন বলেন, ‘এ বিষয়ে আমাদের কিছু জানা নেই। কেউ আমাদের অবগত করেনি। তবে খোঁজ নিয়ে তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
আরও পড়ুন: ভাষানটেকে আগুনে একই পরিবারের ৬ জন দগ্ধ
কর্ণফুলীতে মাছ ধরার নৌকায় আগুনে দগ্ধ ৫
৭২৫ দিন আগে
ঈদে ১৫০-১৬০ কোটি টাকার জামদানি বিক্রির আশা রূপগঞ্জের তাঁতী-ব্যবসায়ীদের
ঈদে ভালো বিক্রির আশায় নতুন ও রুচিশীল জামদানি শাড়ি তৈরিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার নোয়াপাড়া জামদানি পল্লীতে ব্যস্ত সময় পার করছেন তাঁতীরা।
সরেজমিনে জামদানি পল্লীতে গিয়ে দেখা যায়, তাঁতীরা হাতে সুতা কাটার কাজ করে যাচ্ছেন। শ্রমিকরা বিশ্রামের সুযোগ পাচ্ছেন না। প্রতিদিন ভোর ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত চলে এই ব্যস্ততা। কখনো ঘড়ির কাঁটা রাত ১০টা থেকে রাত ১১টা এমনকি রাত ১২টাও ছাড়িয়ে যায়। ঈদুল ফিতর ঘনিয়ে আসায় প্রায় প্রতিদিনই চলছে এমন ব্যস্ততা।
জামদানির ব্যবসায়ী ও বিসিকের সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা করছেন, এবারের ঈদে অন্তত ১৫০ থেকে ১৬০ কোটি টাকার বিক্রি হবে।
বিসিক জামদানি শিল্পনগরীর আওতাধীন এলাকায় ৪০৭টি প্লটে ৪০৭ জন উদ্যোক্তা রয়েছেন। তাদের মোট ১ হাজার ৬৬৫টি তাঁত রয়েছে এবং এখানে প্রায় সাড়ে ৩ লোকের কর্মসংস্থান হয়েছে। মেশিন ছাড়াই তাদের সব কাজ করতে হয়।
জামদানি পল্লীতে ২০-২২ বছর ধরে শাড়ি বুননের কাজে নিয়োজিত মাইদুল ইসলাম বলেন, আসন্ন ঈদের কারণে কাজের চাপ অনেক বেড়ে গেছে। তিনি বলেন, ‘কাজের চাপে বিশ্রামের সুযোগ নেই।’
তাঁতী নাদিম বলেন, 'আমি ১৭ বছর ধরে জামদানি শাড়ি বুনছি। আসন্ন ঈদ উপলক্ষে প্রতি বছরের মতো এবারও কাজ বেড়েছে। আমরা চাই কাজের পরিধি বাড়ুক। কাজ বাড়লে মালিক, বিনিয়োগকারী ও শ্রমিকদের জন্য ভালো হবে।’
আরও পড়ুন: ঈদকে সামনে রেখে নারায়ণগঞ্জের জামদানি কারিগররা ব্যস্ত
জামদানি পল্লীর আরেক শ্রমিক শামীম বলেন, ‘আগে আমি সকাল ৯টায় কর্মস্থলে আসতাম। এখন আসতে হচ্ছে ভোর পাঁচটায়। আগে সন্ধ্যায় বাসায় যেতাম। এখন মাঝে মাঝে রাত ১০টা বা ১১টার মধ্যে বাসায় ফিরতে হয়। এখন কাজের চাপ বেড়েছে।’
জুনায়েদ জামদানি তাঁতের মালিক রুহুল আমিন বলেন, ‘ভারতীয় জামদানির কারণে আমাদের বাজার ধ্বংস হয়ে যাচ্ছে। তারা মেশিনে জামদানি বুনছে। উৎপাদন খরচ কম হওয়ায় তারা কম দামে বিক্রি করতে পারছেন। কিন্তু আমরা পারছি না। তারা একটি শাড়ি দুই হাজার টাকায় বিক্রি করতে পারবেন। কিন্তু জামদানি শাড়ি বুনতে দুই হাজার টাকার সুতা লাগে। আমরা পাঁচ হাজার টাকার নিচে শাড়ি বিক্রি করতে পারি না।’
তিনি আরও বলেন, ‘আগে আমরা প্রতি মাসে ১০০টি শাড়ি বিক্রি করতাম, কিন্তু এখন ভারতীয় শাড়ির কারণে আমাদের বিক্রি অর্ধেকে নেমে এসেছে।’
জামদানি কারিগর পরিবারের সন্তান শাহ আলম বলেন, 'এখন দেখছি অনলাইনে জামদানি বিক্রি হয়। কিন্তু জামদানি শাড়ির কথা অনেকেই জানেন না। ভারতের মেশিনে তৈরি শাড়ি বিক্রি হচ্ছে জামদানি নামে। আসলে ওগুলো জামদানি শাড়ি নয়। অরিজিনাল জামদানি শাড়ি কিনতে হলে বিসিক আসতে হবে। তিনি বলেন, ‘আমাদের জামদানি শাড়ি রপ্তানি হচ্ছে। ঈদকে টার্গেট করে আমরা নতুন শাড়ি বুনছি। এখন পল্লীতে এলে ভালো শাড়ি পাবেন।’
রূপগঞ্জ জামদানি ইন্ডাস্ট্রিয়াল সিটির কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন, এখানে সব ধরনের উদ্যোক্তা রয়েছেন। কেউ বেশি বিক্রি করে, কেউ কম।
তিনি বলেন, ‘যাদের ১৫-২০টি তাঁত আছে তারা ঈদুল ফিতরে এক থেকে দেড় কোটি টাকার শাড়ি বিক্রি করবে বলে ধারণা করা যায়। আর যাদের তাঁত কম তারা একটু কম বিক্রি করবেন। জামদানি ইন্ডাস্ট্রিয়াল এস্টেটে এ বছর মোট ১৫০-১৬০ কোটি টাকা বিক্রির প্রত্যাশা করছি।’
আরও পড়ুন: জামদানিকে আন্তর্জাতিকভাবে সমাদৃত করা হবে: শিল্প সচিব
৮০৯ দিন আগে
রূপগঞ্জে চাচার হাতে ভাতিজা খুনের অভিযোগ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাছ ধরাকে কেন্দ্র করে চাচার অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়ে ভাতিজার মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।
নিহত নুরুল হক (৪৫) শুক্রবার ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এর আগে গত ১৬ মার্চ সেহরির পর উপজেলার সদর ইউনিয়নের ছনি এলাকায় হামলা করা হয়।
আরও পড়ুন: গাইবান্ধায় চাচার ছুরিকাঘাতে ভাতিজা খুনের অভিযোগ
নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, গত ১৫ মার্চ বিকালে বাড়ির পাশে বিলে জাল দিয়ে মাছ ধরা নিয়ে নুরুল হকের সঙ্গে তার চাচা আব্দুল হাশেমের কথা কাটাকাটি ও হাতাহাতি হয়।
এর জের ধরে ১৬ মার্চ ভোরে সেহরি খেয়ে নুরুল হক মাছ ধরতে বের হন। সে সময় তার চাচা আব্দুল হাশেম, তার ছেলে বাবু ও সোহাগ দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। একপর্যায়ে তাকে ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।
খবর পেয়ে নুরুল হকের পরিবারের লোকজন তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। শুক্রবার ভোরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নুরুল হক।
আরও পড়ুন: ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুনের অভিযোগ
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ওসি দিপক চন্দ্র সাহা বলেন, এ ঘটনায় আগেই মামলা দায়ের করা হয়েছে। মামলাটি নিয়মিত হত্যা মামলা হিসেবে গৃহীত হবে বলে জানান তিনি। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। এরই মধ্যে বাবু নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ওসি আরও বলেন, লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: নাটোরে স্কুলছাত্রকে ডেকে নিয়ে খুন, আটক ৪
৮১২ দিন আগে
রূপগঞ্জে স্ত্রীকে খুনের অভিযোগ যুবক আটক
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছুরিকাঘাতে স্ত্রীকে খুনের অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। রবিবার (২৩ মার্চ) দুপুর ১২টার দিকে রূপগঞ্জের ইছাখালী থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত নারীর নাম ফারজানা আক্তার (২২)। তার স্বামীর নাম তারিকুল ইসলাম (৩২)। দু’জনেই গাইবান্ধার সুন্দরগঞ্জের বাসিন্দা হলেও তারা ইছাখালীতে ভাড়া বাসায় থাকতেন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা জানান, ইছাখালীতে পরকীয়ার জেরে স্বামী তারিকুল ছুরিকাঘাত করেন স্ত্রী ফারজানাকে। দুপুরে ১২টায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।
স্বামীকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।
আরও পড়ুন: কেরাণীগঞ্জে মাদকাশক্তি নিরাময় কেন্দ্রে যুবকের ছুরিকাঘাতে কর্মচারী নিহত
নওগাঁর মান্দায় ছুরিকাঘাতে একজন নিহত
৮১৭ দিন আগে
রূপগঞ্জে গ্যাসলাইন বিস্ফোরণে স্বামী-স্ত্রী দগ্ধ
রূপগঞ্জে গ্যাসলাইন বিস্ফোরণে স্বামী ও স্ত্রী দগ্ধ হয়েছেন।
শনিবার (৩ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের কাউয়ারচর নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- সিলেট জেলার জাহানারা ও তার স্বামী বরিশাল জেলার শামীম মিয়া। তারা স্থানীয় আবু মুসা মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
স্থানীয়রা জানান, শনিবার ভোরে বিকট শব্দে ঘুম ভাঙে। পরে এগিয়ে গিয়ে দেখতে পাই আবু মুসা মিয়ার বাড়ির ভাড়াটিয়ার ঘরে আগুন।
আরও পড়ুন: সিলেটে সিএনজি ফিলিং স্টেশনে আগুন, দগ্ধ সিসিকের ৫ শ্রমিক
পরে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ততক্ষণে ঘরে থাকা শামীম মিয়া ও তার স্ত্রী জাহানারার শরীরের অনেক অংশ পুড়ে গেছে। পরে তাদেরকে উদ্ধার করে স্থানীয় বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাদেরকে ঢাকায় স্থানান্তর করেন।
বর্তমানে তারা শেখ হাসিনা জাতীয় বার্ণ ইন্সটিটিউটে চিকিৎসাধীন।
ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোস্তাফিজুর রহমান বলেন, বিস্ফোরণের ঘটনার খবর পেয়ে ভোরেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
দগ্ধ স্বামী-স্ত্রীকে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ণ ইউনিটে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাস লাইন বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
আরও পড়ুন: সিলেটে সিএনজি স্টেশনে আগুনে দগ্ধ ১ জনের মৃত্যু
ঢাকার দোহারে অগ্নিসংযোগে একই পরিবারের ৫ জন দগ্ধ
৮৬৭ দিন আগে