নৌকাডুবি
মেঘনায় নৌকাডুবিতে নিখোঁজ ৩ জেলের মরদেহ উদ্ধার
বরিশালের হিজলা উপজেলায় মেঘনা নদীতে কালবৈশাখীর কবলে পড়ে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ বাবা-ছেলেসহ তিন জেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৭ মে) ভোরে মেহেন্দীগঞ্জ উপজেলার ভাসানচর এলাকা থেকে নৌ পুলিশ স্থানীয় জেলেদের সহায়তায় নিখোঁজ জেলেদের মরদেহগুলো উদ্ধার করে।
নিহতরা হলেন—নুর ইসলাম জমাদ্দার (৫২) ও তার ছেলে ইব্রাহিম জমাদ্দার (৩১) এবং হারুন বিশ্বাস (৩৫)। গতকাল (মঙ্গলবার) সকালে পুরাতন হিজলা এলাকা থেকে নিখোঁজ হন তারা।
সোমবার (২৬ মে) বিকেলে হিজলা ফেরিঘাট এলাকায় মেঘনা নদীতে কালবৈশাখীর কবলে পড়ে একটি ইঞ্জিনচালিত নৌকা ডুবে যায়। এ সময় নৌকায় থাকা ওই তিনজন নিখোঁজ হন।
হিজলা থানা নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোবিন্দ চন্দ্র দাস জানান, ওই নৌকাডুবির ঘটনায় নিখোঁজ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার মরদেহগুলো পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
১৮ দিন আগে
আন্দামান সাগরে নৌকাডুবি, রোহিঙ্গা ও বাংলাদেশিসহ অন্তত ২৫০ জন নিখোঁজ
অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে আন্দামান সাগরে একটি নৌকাডুবির ঘটনায় অন্তত ২৫০ জন নিখোঁজ হয়েছে। নিখোঁজ ব্যক্তিদের মধ্যে রোহিঙ্গা শরণার্থী ও বাংলাদেশি নাগরিকও রয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘের শরণার্থী ও অভিবাসন বিষয়ক সংস্থাগুলো।
বাংলাদেশ কোস্ট গার্ডের মুখপাত্র লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বুধবার (১৫ এপ্রিল) অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) জানান, ৯ এপ্রিল বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এম টি মেঘনা প্রাইড নৌকাটি ডুবে যাওয়ার পর সমুদ্রে ভাসমান অবস্থায় ৩ জন রোহিঙ্গা ও ৬ জন বাংলাদেশিসহ মোট ৯ জনকে উদ্ধার করা হয়েছিল। তবে নৌকাটি কখন ডুবেছে এবং বুধবার পর্যন্ত কোনো অনুসন্ধান অভিযান চলছিল কি না, তা স্পষ্ট নয়।
মঙ্গলবার (১৪ এপ্রিল) এক যৌথ বিবৃতিতে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা জানায়, ট্রলারটি কক্সবাজার জেলার টেকনাফ থেকে বিপুল সংখ্যক যাত্রী নিয়ে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হয়েছিল। অতিরিক্ত যাত্রী, প্রবল বাতাস এবং উত্তাল সাগরের কারণে নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়।
কক্সবাজারে ইউএনএইচসিআরের যোগাযোগ কর্মকর্তা শারি নাইজমান আজ (বুধবার) বলেন, এ বিষয়ে সংস্থাটির কাছে আর কোনো নতুন তথ্য নেই।
কোস্ট গার্ডের আরেকজন গণমাধ্যম কর্মকর্তা জানান, উদ্ধার হওয়া আটজন পুরুষ ও একজন নারী সবাই নিরাপদে আছেন। কোস্ট গার্ড তাদের উদ্ধার করে টেকনাফে পুলিশের কাছে হস্তান্তর করেছেন।
ওই কর্মকর্তা আরও বলেন, এই উদ্ধার অভিযান কোনো আনুষ্ঠানিক অনুসন্ধান কার্যক্রমের অংশ ছিল না, কারণ ঘটনাস্থলটি বাংলাদেশের সীমানার বাইরে।
সরকারি নীতিমালার কারণে নাম প্রকাশ না করার শর্তে তিনি ফোনে এসব কথা বলেন।
ইউএনএইচসিআর এবং আইওএম জানায়, এই নিখোঁজ হওয়ার ঘটনা রোহিঙ্গাদের দীর্ঘস্থায়ী বাস্তুচ্যুতি এবং স্থায়ী সমাধানের অভাবকে প্রতিফলিত করে।
তারা জানায়, মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সহিংসতার কারণে রোহিঙ্গাদের নিরাপদে নিজ দেশে ফিরে যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। অন্যদিকে, সীমিত মানবিক সহায়তা এবং শরণার্থী শিবিরে শিক্ষা ও কর্মসংস্থানের সীমাবদ্ধতা অনেক ঝুঁকিপূর্ণ রোহিঙ্গাকে সমুদ্রপথে বিপজ্জনক যাত্রা বেছে নিতে বাধ্য করছে, যেখানে প্রায়ই উচ্চ আয় ও ভালো জীবনের মিথ্যা আশ্বাস দেওয়া হয়।
ইউএনএইচসিআর এবং আইওএম আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছে, বাংলাদেশে অবস্থানরত ১০ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থীর জন্য জীবনরক্ষাকারী সহায়তা নিশ্চিত করতে অর্থায়ন ও সংহতি জোরদার করার জন্য।
৬১ দিন আগে
চাঁদপুরে বাল্কহেডের ধাক্কায় নৌকাডুবি, আহত ৪
চাঁদপুরের মতলবে মেঘনা নদীর শাখা ধনাগোদা নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় যাত্রীবাহী নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক দম্পতিসহ চারজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে ধনাগোদা নদীতে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। পরে অবস্থার অবনতি হলে আহত দম্পতি সৌরভ (২২) ও রাহেলা আক্তারকে (২০) চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। তারা চাঁদপুর সদর উপজলার পূর্ব শ্রীরামদী এলাকার বাসিন্দা।
চাঁদপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রানা সাহা জানান, স্বামী-স্ত্রী দুজনের অবস্থাই এখন আশঙ্কমুক্ত। তবে তাদের হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ভুক্তভোগীদের পরিবার জানান, তারা নৌকা চড়ে মতলব উত্তর থেকে মতলব দক্ষিণে আসার পথে নৌকাটি খেয়াঘাট এলাকায় বাল্কহেডের ধাক্কায় পানিতে ডুবে যায়। এ ঘটনায় নৌকার মাঝিসহ ৪ জন আহত হন। এ ঘটনায় সবাই আতঙ্কিত হয়ে পড়ে। সঙ্গে সঙ্গে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
১১০ দিন আগে
গ্রিসের ক্রিট দ্বীপের কাছে নৌকাডুবি, অন্তত ১৮ অভিবাসী নিহত
গ্রিসের ক্রিট দ্বীপের উপকূলে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে একটি ফোলানো নৌকা উল্টে গিয়ে কমপক্ষে ১৮ জন অভিবাসী নিহত হয়েছে। এ দুর্ঘটনায় দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সময় শনিবার (৬ ডিসেম্বর) তুরস্কের একটি বাণিজ্যিক জাহাজ ডুবতে থাকা নৌকাটিকে দেখতে পায়। এরপর তারা গ্রিস কর্তৃপক্ষ জানায়।
নৌকাটিতে আরও কেউ ছিল কিনা, তা জানতে উদ্ধার অভিযান চলছে। নৌকাটি কোথা থেকে ছেড়ে এসেছিল, তা এখনো নিশ্চিত করতে পারেনি স্থানীয় কর্তৃপক্ষ। অনুসন্ধান ও উদ্ধার অভিযানে ইউরোপীয় সীমান্ত সংস্থা ফ্রন্টেক্সের একটি জাহাজ ও একটি উড়োজাহাজ, গ্রিক কোস্টগার্ডের একটি হেলিকপ্টার এবং তিনটি বাণিজ্যিক জাহাজ অংশ নিয়েছে।
মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও এশিয়ার দারিদ্র্য ও সংঘাতপীড়িত অঞ্চল থেকে পালিয়ে আসা মানুষের জন্য ইউরোপের দেশগুলোতে প্রবেশের অন্যতম প্রধান পথ গ্রিস উপকূল। তবে এ যাত্রাপথে প্রায়ই প্রাণহানির ঘটনা ঘটে থাকে।
ঝুঁকিপূর্ণ হলেও অল্প দূরত্ব হওয়ায় ফোলানো ডিঙ্গি বা ছোট নৌকায় করে তুরস্কের উপকূল থেকে গ্রিসের নিকটবর্তী দ্বীপগুলোতে যাতায়াতের এই নৌপথ ছিল অভিবাসনপ্রত্যাশীদের প্রধান রুট। তবে স্থানীয় নৌ-পুলিশের টহল বৃদ্ধি এবং ক্রমাগত পুশব্যাকের কারণে সম্প্রতি এই পথে অবৈধ অভিবাসনপ্রত্যাশীদের চাপ কমে গেলেও বিকল্প পথ হিসেবে গত কয়েক মাসে লিবিয়া থেকে ক্রিট দ্বীপে তাদের আনাগোনা বেড়েছে।
১৯০ দিন আগে
ভিয়েতনামে পর্যটকবাহী নৌকাডুবে নিহত ৩৭, নিখোঁজ ৫
ভিয়েতনামে আকস্মিক বজ্রঝড়ের কবলে পরে একটি পর্যটকবাহী নৌকা ডুবে অন্তত ৩৭ জন নিহত হয়েছেন। ওই নৌকার আরও ৫ জন নিখোঁজ রয়েছেন।
স্থানীয় সময় শনিবার (১৯ জুলাই) বিকালে উত্তর ভিয়েতনামের জনপ্রিয় পর্যটনকেন্দ্র হা লং বে এলাকায় ভ্রমণের সময় এই দুর্ঘটনা ঘটে।
দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে জানানো হয়েছে, ‘ওয়ান্ডার সি’ নামের ওই নৌকাটিতে ৪৮ জন যাত্রী ও ৫ জন নাবিক ছিলেন। তাঁরা সবাই ভিয়েতনামের নাগরিক।
এদিকে, স্থানীয় অনলাইন নিউজ পোর্টাল ভিএনএক্সপ্রেস জানিয়েছে, উদ্ধারকর্মীরা ১১ জনকে জীবিত উদ্ধার করেছেন। বাকি ৩৭ জনের লাশ ঘটনাস্থলের কাছ থেকে উদ্ধার করা হয়।
প্রতিবেদনে বলা হয়, প্রবল ঝড়ো হাওয়ার কারণে নৌকাটি উল্টে যায়। নৌকার উল্টে যাওয়া অংশের ভেতর আটকে পড়া ১৪ বছরের এক কিশোরকে চার ঘণ্টা পর জীবিত উদ্ধার হয়। উল্টে গেলে নৌকার মধ্যে যেটুকু বাতাস আটকে গিয়েছিল, তা গ্রহণ করেই জীবিত ছিল সে।
অধিকাংশ যাত্রীই রাজধানী হ্যানয়ের বাসিন্দা এবং যাত্রীদের অন্তত ২০ জন শিশু ছিল বলে জানিয়েছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেস।
এক প্রত্যক্ষদর্শীর বর্ণনা অনুযায়ী, শনিবার দুপুর ২টার দিকে আকাশ হঠাৎ অন্ধকার হয়ে যায়। এরপর পায়ের আঙুলের সমান আকারের শিলাবৃষ্টি শুরু হয়, সঙ্গে প্রবল বর্ষণ, বজ্রঝড় আর বিদ্যুৎ চমকাচ্ছিল।
ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফাম মিন চিন নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বলে বিবিসির খবরে বলা হয়েছে।
সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চালানো হবে এবং যেকোনো গাফিলতির ক্ষেত্রে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
কুয়াং নিং প্রদেশের হা লং বে এলাকায় শত শত ছোট ছোট দ্বীপ-উপদ্বীপ ছড়িয়ে আছে। ২০১৯ সালে এখানকার দর্শনার্থীর সংখ্যা ছিল ৪০ লাখ। এটি একটি ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যবাহী স্থান।
এদিকে, ওই অঞ্চলের দিকে এগিয়ে আসছে একটি ক্রমবর্ধমান ঘূর্ণিঝড়। আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়েছে, ‘উইফা’ নামের ঘূর্ণিঝড়টি আগামী সপ্তাহে ভিয়েতনামের উত্তরাঞ্চল, বিশেষ করে হা লং বে উপকূলে আঘাত হানতে পারে।
৩৩০ দিন আগে
ব্রহ্মপুত্রে নৌকাডুবি: নিখোঁজের ২২ ঘণ্টা পর দুই শিশুর লাশ উদ্ধার
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরফরাদি ইউনিয়নের চর আলগী গ্রামের তিন শিক্ষার্থী মাদরাসায় যাওয়ার পথে ব্রহ্মপুত্র নদে নৌকা ডুবে নিখোঁজ হওয়ার ২২ ঘণ্টা পর দুই শিশুর লাশ উদ্ধার করেছেন নিহতের স্বজনরা।
বুধবার (২ জুলাই) সকাল ৭টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় ২ কিলোমিটার দূরে ময়মনসিংহ জেলার পাগলা থানার ১৫ নম্বর টাংগাব ইউনিয়নের বাঁশিয়া এলাকায় ব্রহ্মপুত্রের পাড়ের দিকে দুই শিশু লাশ ভাসতে দেখে স্বজনরা।
বিষয়টি নিশ্চিত করেছেন চরফরাদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান।
তিনি জানান, ভোরে নিহতের স্বজনরা নৌকা নিয়ে ব্রহ্মপুত্র নদে নিখোঁজ আবির (৭) ও জুবায়েদকে (৬) খুঁজতে বের হয়। খোঁজাখুঁজির একপর্যায়ে এলাকায় দুজনের লাশ নদে ভাসতে দেখেন। পরে তাদের উদ্ধার করে বাড়িতে নিয়ে যাওয়া হয়। তিন শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে বলে জানান তিনি।
আরও পড়ুন: কিশোরগঞ্জে গোসল করতে গিয়ে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
এর আগে, মঙ্গলবার (১ জুলাই) সকালে ৯ শিক্ষার্থী একটি ছোট নৌকায় করে ব্রহ্মপুত্র নদ পাড়ি দিয়ে মাদরাসায় যাচ্ছিল। সকাল সাড়ে ৯টার দিকে দত্তের বাজার-সংলগ্ন এলাকায় পৌঁছালে হঠাৎ করে নৌকাটি ডুবে যায়। এর মধ্যে ৬ জন সাঁতরে তীরে উঠতে পারলেও তিনজন নিখোঁজ হয়। নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার তৎপরতা চালালেও তাদের খোঁজ মেলেনি।
এ সময় নবম শ্রেণির শিক্ষার্থী চর আলগী গ্রামের মাইনুদ্দিনের মেয়ে শাপলা আক্তারকে (১৪) ঘন্টাখানেক পর মৃত অবস্থায় উদ্ধার করা হলেও নিখোঁজ ছিল একই গ্রামের হাবিব মিয়ার ছেলে আবির ও মুমতাজ উদ্দিনের ছেলে জুবায়েদ। তারা তিনজন বিরুই নদীরপাড় দাখিল মাদরাসার শিক্ষার্থী।
ঘটনার প্রায় ২২ ঘণ্টা পর তাদের দুজনের লাশ উদ্ধার করেছে স্বজনরা।
৩৪৮ দিন আগে
পদ্মায় ঘুরতে গিয়ে নৌকাডুবি, নিখোঁজ স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার
পাবনার সুজানগরে পদ্মা নদীতে বেড়াতে গিয়ে নৌকাডুবির ১৬ ঘণ্টা পর স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। তার হলেন— পাবনার কোলচরী গ্রামের বাসিন্দা হৃদয় ও তার স্ত্রী মৌ আক্তার।
নিখোঁজের ১৬ ঘণ্টা পর শনিবার (৫ এপ্রিল) সকাল ১০টার দিকে নৌপুলিশ ও ডুবুরি দল তাদের লাশ উদ্ধার করে। এর আগে শুক্রবার (৪ এপ্রিল) বিকাল ৬টার দিকে নিখোঁজ হন তারা।
স্থানীয়রা জানায়, সুজানগর উপজেলার সাতবারিয়ায় কাঞ্চন পার্কে পদ্মা নদী এলাকায় বেড়াতে যান বিভিন্ন এলাকার অসংখ্য মানুষ। একপর্যায়ে তারাসহ ২০ থেকে ২৫ জন শ্যালো ইঞ্জিনচালিত নৌকায় ওঠেন।
নৌকায় থাকা অবস্থায় নদীর মাঝখানে হঠাৎ করে পদ্মা নদীর স্রোতে নৌকাটি ডুবে যায়। সবাই সাঁতরিয়ে নদী পার হয়ে তীরে উঠতে পারলেও হৃদয় খান ও তার স্ত্রী নিখোঁজ হন।
৪৩৫ দিন আগে
সুন্দরবনে কার্গোর ধাক্কায় নৌকাডুবি, নিখোঁজ ১
সুন্দরবনের ভেতরে মালবাহী কার্গো জাহাজের ধাক্কায় নৌকাডুবির ঘটনায় নুরুল ইসলাম নামে একজন নিখোঁজ হয়েছেন।
মঙ্গলবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় সুন্দরবনের ভিতরে ঝপঝপিয়া নদীতে এই ঘটনা ঘটে।
বুধবার (২৭ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।
বনবিভাগ ও নৌ পুলিশ তার সন্ধানে এখনও তল্লাশি অভিযান চালাচ্ছে।
নুরুল ইসলাম (৪৮) খুলনার কয়রা উপজেলার বেদকাশী গ্রামের বাসিন্দা।
খুলনার কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদ হোসেন বলেন, কাঁকড়া ধরার জন্য নৌকাটি ব্যবহার করছিলেন নুরুল ইসলাম।
সহকারী বন সংরক্ষক এম এ হাসান জানান, সন্ধ্যায় কার্গো জাহাজ কাকড়া ধরা একটা নৌকাকে ধাক্কা দেয়। এতে একজন নিখোঁজ হন এবং আরেকজন সাঁতার কেটে নদীর কিনারে চলে আসেন।
৫৬৫ দিন আগে
মেঘনার মোহনায় নৌকাডুবি,নববধূসহ নিখোঁজ ২
চাঁদপুরের পদ্মা-মেঘনা ও ডাকাতিয়া নদীর মোহনায় প্রবল ঘূর্ণি স্রোতের মাঝে পড়ে নৌকা ডুবে নববধূসহ ২ জন নিখোঁজ হয়েছেন।
মঙ্গলবার (১৩ আগস্ট) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নৌকার মাঝিসহ ৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
নিখোঁজরা হলেন- জেলার মতলব দক্ষিণ উপজেলার পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ডের চরমুকন্দির বাসিন্দা নববধূ উম্মে হানিয়া ফাহিমা (২১) ও চাঁদপুর শহরের নাজির পাড়ার বাসিন্দা সেতু (৩২)।
আরও পড়ুন: পাবনায় নিখোঁজ রাজমিস্ত্রির গলাকাটা লাশ উদ্ধার
উদ্ধার হওয়া চারজন হলেন- নববধূর স্বামী নাঈম খান (৩৫), তার বন্ধু মো. মাজহারুল (৩৩), আত্মীয়া মুনিয়া (২৬) ও নৌকার মাঝি। তাদের চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
নাঈমের বাবা জাহাঙ্গীর আলম খান ইউএনবিকে বলেন, ‘দুই মাস আগে আমার ছেলে প্রবাস থেকে ফিরে বিয়ে করে। তারা নৌকা ভাড়া করে ঘুরতে বেরিয়েছিল। এরইমধ্যে দুর্ঘটনা ঘটে। আমাদের সাজানো সংসার শেষ হয়ে গেল।
কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন তিনি।
চাঁদপুর নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান মনির ইউএনবিকে বলেন, ‘ওই নৌকায় মাঝিসহ ৬ জন ছিলেন। এর মধ্যে ২ জন নিখোঁজ ও ৪ জনকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের উদ্ধারে চাঁদপুর কোস্টগার্ডের চেষ্টা অব্যাহত রয়েছে।’
চাঁদপুর কোস্টগার্ডের পেটি অফিসার এম শফিকুল ইসলাম ইউএনবিকে বলেন, ‘খবর পেয়ে মঙ্গলবার রাত ৮টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত আমাদের ডুবুরি দল মেঘনার মোহনায় উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। বুধবার দুপুর পর্যন্ত নববধূসহ এখনও ২ জন নিখোঁজ রয়েছে।’
আরও পড়ুন: চট্টগ্রামে খালের পানিতে ডুবে নিখোঁজ দুই শিশুর একজনের লাশ উদ্ধার
পা পিছলে গড়াই নদীতে পড়ে স্কুলছাত্র নিখোঁজ
৬৬৯ দিন আগে
বিলের পানিতে ঘুরতে গিয়ে নৌকাডুবিতে শিক্ষার্থীসহ নিহত ২
বিলের পানিতে নৌকা নিয়ে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে নৌকাডুবিতে মেডিকেলের শিক্ষার্থীসহ ২ যুবক নিহত হয়েছেন। এ সময় আরও ৫ জন আহত হয়েছেন।
শুক্রবার (২১ জুন) বেলা আড়াইটার দিকে ঝিনাইগাতী উপজেলার কান্দুলি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ঝিনাইগাতীর দক্ষিণ কান্দুলি গ্রামের সোহরাব মিয়ার ছেলে রংপুর মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র মোশারফ হোসেন মিল্টন (২২) ও স্থানীয় সাদা মিয়ার ছেলে মো. আমানুল্লাহ (১৯)। আহতদের শেরপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: চট্টগ্রামে বন্যার পানিতে নৌকাডুবি, ব্যবসায়ী নিখোঁজ
পুলিশ, হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, ঝিনাইগাতীর দক্ষিণ কান্দুলি গ্রামের মিল্টন এবং তার কয়েকজন বন্ধু মিলে পাশের ধলি বিলে নৌকায় করে বেড়াতে দু’টি নৌকা ভাড়া নেন। বিলের মাঝখানে গিয়ে হঠাৎ একটি নৌকা উল্টে যায়। ওই নৌকার যাত্রীরা সাঁতার না জানার কারণে পানিতে ডুবে যায়। সঙ্গে থাকা নৌকার মাঝি এবং অন্য নৌকার যাত্রীরা ডুবে যাওয়াদের উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হওয়ায় তাদের শেরপুর জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মিল্টন ও আমানুল্লাহকে মৃত ঘোষণা করেন।
শেরপুর জেলা হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা (আএমও) ডা. খাইরুল কবীর সুমন জানান, ঝিনাইগাতীর বিলে নৌকাডুবির ঘটনায় কয়েকজনকে জেলা হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার আগেই দুইজনের মৃত্যু হয়।
ঝিনাইগাতীর ধানশাইল ইউনিয়নের চেয়ারম্যান মো. শফিকুল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ধলি বিলে এ ঘটনা ঘটেছে।
এ ব্যাপারে ঝিনাইগাতী থানার পরিদর্শক (তদন্ত) ইস্কান্দার হাবীব জানান, নৌকাডুবির ঘটনায় হতাহতের বিষয়টি জানার পর পরই ঘটনাস্থলে ডিউটি অফিসার পাঠানো হয়েছে।
আরও পড়ুন: তিস্তায় নৌকাডুবি: শিশুর লাশ উদ্ধার, নিখোঁজ ৭
বুড়িগঙ্গায় নৌকাডুবি: আরও একজনের লাশ উদ্ধার
৭২৩ দিন আগে