ইরান-ইসরায়েল সংঘাত
আরব আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে বাংলাদেশি নিহত
সংযুক্ত আরব আমিরাতের আল রিফা এলাকার একটি খামারে ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। আমিরাতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ওয়াম এ তথ্য নিশ্চিত করেছে।
স্থানীয় সময় বুধবার (১ এপ্রিল) আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, স্থানীয় কর্তৃপক্ষ এই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে সাম্প্রতিক মিসাইল ও ড্রোন হামলায় এর আগে আরও দুই বাংলাদেশি নিহত এবং সাতজন আহত হয়েছেন।
সংযুক্ত আরব আমিরাতের আজমানে গত ১ মার্চ একটি বেসামরিক স্থাপনায় আকাশপথের হামলার ধ্বংসাবশেষের আঘাতে সালেহ আহমদ নামে এক বাংলাদেশি প্রাণ হারান। তার বাড়ি সিলেটের বড়লেখা উপজেলায়।
এছাড়া গত ৮ মার্চ সৌদি আরবের মধ্যাঞ্চলে একটি মিসাইল হামলায় একজন বাংলাদেশি ও একজন ভারতীয় নাগরিক নিহত এবং ১২ জন আহত হন। সৌদি আরবের সিভিল ডিফেন্স এজেন্সি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডেলে এ তথ্য নিশ্চিত করে।
কুয়েতেও একটি বেসামরিক বিমানবন্দরের নিকটবর্তী এলাকায় ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হন। তারা হলেন— ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের আমিনুল ইসলাম, পাবনার সাঁথিয়ার রবিউল ইসলাম, নোয়াখালীর বেগমগঞ্জের মাসুদুর রহমান এবং কুমিল্লার চান্দিনার দুলাল মিয়া।
৬ দিন আগে
যুদ্ধবিরতিতে ইরানকে ট্রাম্প প্রশাসনের ১৫ দফা প্রস্তাব
যুদ্ধবিরতিতে ইরানকে ১৫ দফার একটি প্রস্তাব দিয়েছে ডোনিাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্র প্রশাসন। একই সময়ে মধ্যপ্রাচ্যে ইতোমধ্যে মোতায়েন প্রায় ৫০ হাজার মার্কিন সেনার সঙ্গে আরও অন্তত ১ হাজার সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে তারা।
স্থানীয় সময় মঙ্গলবার (২৪ মার্চ) রাতে এ প্রস্তাবের রূপরেখা সম্পর্কে অবগত একজন ব্যক্তি এ তথ্য জানান।
নাম প্রকাশ না করার শর্তে ওই ব্যক্তি জানান, পাকিস্তানের মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরানের কাছে প্রস্তাবটি পাঠানো হয়েছে। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে নতুন করে আলোচনা আয়োজনের প্রস্তাবও দিয়েছে পাকিস্তান।
ইরানি কর্মকর্তাদের কাছে প্রস্তাবটি পৌঁছানোর খবর প্রথম প্রকাশ করে নিউইয়র্ক টাইমস।
এদিকে, মধ্যপ্রাচ্যে আরও দুটি নৌ ইউনিট মোতায়েনের প্রক্রিয়ায় রয়েছে পেন্টাগন। এর ফলে প্রায় ৫ হাজার মেরিন ও হাজারো নৌসেনা ওই অঞ্চলে যুক্ত হবে। এসব পদক্ষেপকে ট্রাম্পের পরবর্তী সিদ্ধান্তের ক্ষেত্রে সর্বোচ্চ নমনীয়তা নিশ্চিতের কৌশল হিসেবে দেখা হচ্ছে বলে জানান ওই ব্যক্তি।
যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাবে ইরানের বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত রাখতে ট্রাম্পকে উৎসাহিত করা ইসরায়েলি কর্মকর্তারা বিস্মিত হয়েছেন। তবে এ বিষয়ে হোয়াইট হাউস কোনো মন্তব্য করেনি।
এর আগে, মঙ্গলবার ট্রাম্প বলেন, যুদ্ধ শেষ করতে ইরানের সঙ্গে আলোচনা চলছে। একই সময়ে ইরান কড়া ভাষায় নিজেদের অবস্থান জানায়।
একদিকে ওয়াশিংটন হামলা অব্যাহত রাখায় তেহরানও পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে। এর মূল লক্ষ্য ইসরায়েল ও অঞ্চলটির বিভিন্ন স্থাপনা। অপরদিকে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয়টি অস্বীকার করেছে তেহরান। আবার হরমুজ প্রণালি পুনরায় চালুর জন্য দেওয়া নিজের নির্ধারিত সময়সীমাও পিছিয়ে দিয়েছেন ট্রাম্প। এই গুরুত্বপূর্ণ জলপথে ইরানের নিয়ন্ত্রণ আন্তর্জাতিক নৌপরিবহন ব্যাহত করেছে, জ্বালানির দাম বাড়িয়েছে এবং বিশ্ব অর্থনীতির জন্য হুমকি তৈরি করেছে।
আলোচনার পথে বড় চ্যালেঞ্জ
ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সম্ভাব্য আলোচনায় বড় ধরনের চ্যালেঞ্জ রয়েছে। বিশেষ করে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কর্মসূচি নিয়ে ওয়াশিংটনের অবস্থান এখনও জটিল।
ইরান সরকারের পক্ষ থেকে কার হাতে আলোচনা করার ক্ষমতা রয়েছে বা কে আলোচনা করতে আগ্রহী হবেন—তাও স্পষ্ট নয়; বিশেষ করে ইসরায়েল যখন দেশটির নেতাদের হত্যাযজ্ঞ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে। এছাড়া যুক্তরাষ্ট্রের প্রতি ইরানের গভীর সন্দেহ রয়েছে। কারণ ট্রাম্প প্রশাসনের অধীনে উচ্চপর্যায়ের কূটনৈতিক আলোচনার মাঝপথেই যুক্তরাষ্ট্র দুইবার হামলা চালিয়েছে। এর মধ্যে গত ২৮ ফেব্রুয়ারির হামলাটি চলমান যুদ্ধের সূত্রপাত ঘটায়।
মধ্যপ্রাচ্যে আরও সেনা মোতায়েন
যুক্তরাষ্ট্রের পরিকল্পনার বিষয়ে অবগত তিনজন ব্যক্তি জানিয়েছেন, ৮২তম এয়ারবোর্ন ডিভিশনের অন্তত ১ হাজার সেনা আগামী কয়েক দিনের মধ্যে মধ্যপ্রাচ্যে পাঠানো হবে।
এই ডিভিশনকে মার্কিন সেনাবাহিনীর ‘ইমার্জেন্সি রেসপন্স ফোর্স’ হিসেবে বিবেচনা করা হয়, যারা খুব অল্প সময়ের নোটিশে মোতায়েন হতে পারে। গত সপ্তাহে মার্কিন কর্মকর্তারা জানিয়েছিলেন, নৌবাহিনীর কয়েকটি জাহাজে থাকা হাজারো নৌসেনাও ওই অঞ্চলে যাচ্ছে।
নৌ ইউনিটগুলো সাধারণত মার্কিন দূতাবাস রক্ষা, বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়া এবং দুর্যোগকালীন সহায়তার জন্য প্রশিক্ষিত হলেও, ৮২তম এয়ারবোর্ন ডিভিশনের সেনারা শত্রুভাবাপন্ন বা বিরোধপূর্ণ এলাকায় প্যারাস্যুটের মাধ্যমে নেমে গুরুত্বপূর্ণ এলাকা ও বিমানঘাঁটি দখল করতে পারদর্শী।
এ অঞ্চলে নৌসেনা মোতায়েন নিয়ে গুঞ্জন উঠেছে যে, যুক্তরাষ্ট্র সম্ভবত ইরানের তেল নেটওয়ার্কের জন্য গুরুত্বপূর্ণ খার্গ দ্বীপ দখলের চেষ্টা করতে পারে। এর আগে, পারস্য উপসাগরের এই দ্বীপে যুক্তরাষ্ট্র বোমা হামলা চালালেও তেল স্থাপনা অক্ষত রাখা হয়েছে বলে জানানো হয়।
অন্যদিকে, তেহরান হুঁশিয়ারি দিয়েছে, যুক্তরাষ্ট্র স্থলবাহিনী নামানোর চেষ্টা করলে উপসাগরে মাইন বিছিয়ে দেবে তারা।
নিউইয়র্কভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক সুফান সেন্টার এক বিশ্লেষণে লিখেছে, আলোচনা চলাকালীন ট্রাম্প ইরানের বিদ্যুৎকেন্দ্রে বোমা হামলার হুমকি স্থগিত রেখেছেন। তবে এটি নৌসেনাদের পৌঁছানোর জন্য সময়ক্ষেপণের একটি কৌশল হতে পারে। সংস্থাটি অবশ্য এও উল্লেখ করেছে যে, ট্রাম্প হয়তো সক্রিয়ভাবে যুদ্ধ থেকে বের হওয়ার একটি পথ খুঁজছেন।
১২ দিন আগে
ইরান চুক্তিতে আগ্রহী বলে দাবি ট্রাম্পের, কূটনৈতিক আলোচনার সময়সীমা বৃদ্ধি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুদ্ধ শেষ করতে একটি চুক্তির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে ইরান। এছাড়া, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার জন্য তেহরানকে দেওয়া সময়সীমা আরও পাঁচ দিন বাড়িয়ে দিয়েছেন তিনি।
স্থানীয় সময় সোমবার (২৩ মার্চ) ট্রাম্প দাবি করেন, চুক্তির ব্যাপারে ইরানের এক কর্মকর্তার সঙ্গে কথা বলছে ওয়াশিংটন। হরমুজ প্রণালি না খুললে দেশটির বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকিও দিয়েছেন তিনি।
চতুর্থ সপ্তাহে পদার্পণ করা যুদ্ধ নিরসনের সম্ভাবনা জাগিয়ে তুলেছে ট্রাম্পের এই অবস্থান পরিবর্তন। তেলের দাম কমাতে এবং শেয়ার বাজারে চাঞ্চল্য সৃষ্টিতে ভূমিকা রেখেছে এটি। যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হুমকির পর ট্রাম্পের এ বার্তা কিছুটা স্বস্তি নিয়ে এসেছে।
ওই হুমকির ফলে ইরান ও উপসাগরীয় অঞ্চলের লাখ লাখ মানুষের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়া এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পানীয় জল সরবরাহকারী লোনা পানি শোধনাগারগুলো অকেজো হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
ট্রাম্প বলেন, ইরান একটি চুক্তি করতে চায়। তিনি দাবি করেন, মার্কিন দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার রবিবার ইরানের একজন নেতার সঙ্গে আলোচনা করেছেন। তিনি সেই নেতার নাম প্রকাশ না করলেও জানিয়েছেন যে, যুক্তরাষ্ট্র দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির সঙ্গে কোনো কথা বলেননি।
তবে ইরান আলোচনার বিষয়টি অস্বীকার করেছে। দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের কালিবাফ এক্স হ্যান্ডেলে লিখেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি। তিনি বলেন, আর্থিক ও তেলের বাজার নিয়ন্ত্রণ করতে ভুয়া খবর ব্যবহার করা হচ্ছে।
চুক্তি হলে সমৃদ্ধ ইউরেনিয়াম ছাড়বে ইরান!
ডোনাল্ড ট্রাম্প বলেন, কোনো চুক্তি হলে যুক্তরাষ্ট্র ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম নিজেদের নিয়ন্ত্রণে নেবে, যা দেশটির বিতর্কিত পারমাণবিক কর্মসূচির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তেহরান অতীতে এ ধরনের দাবি কঠোরভাবে প্রত্যাখ্যান করে এসেছে এবং শান্তিপূর্ণ উদ্দেশ্যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ তাদের অধিকার বলে দাবি করে আসছে।
প্রিন্সটন ইউনিভার্সিটির অস্ত্র নিয়ন্ত্রণ ও ফিউশন এনার্জি গবেষক অধ্যাপক রবার্ট গোল্ডস্টন জানান, ইরান ইতোমধ্যে ৯টি পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় সামরিক মানের ইউরেনিয়াম উৎপাদনের ৯৯ শতাংশ সেন্ট্রিফিউজের কাজ সম্পন্ন করেছে। ২০২৫ সালের জুন পর্যন্ত আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার হিসাব অনুযায়ী, ইরানের কাছে ৪৪০ দশমিক ৯ কেজি উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম ছিল।
এদিকে, তুরস্ক ও মিসর জানিয়েছে যে তারা যুদ্ধরত পক্ষগুলোর সঙ্গে কথা বলেছে। এটি এই অঞ্চলের শক্তিশালী দেশগুলোর পক্ষ থেকে সমন্বিত মধ্যস্থতার প্রথম পদক্ষেপ।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা এই যুদ্ধে এখন পর্যন্ত ২ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। এ যুদ্ধ বিশ্ব অর্থনীতিকে কাঁপিয়ে দিয়েছে, তেলের দাম বাড়িয়ে দিয়েছে এবং বিশ্বের অন্যতম ব্যস্ত আকাশপথগুলোকে ঝুঁকিতে ফেলেছে।
ট্রাম্প হুমকি দিয়েছিলেন যে, ৪৮ ঘণ্টার মধ্যে ইরান যদি হরমুজ প্রণালির ওপর থেকে নিয়ন্ত্রণ না সরায়, তবে তিনি দেশটির বিদ্যুৎকেন্দ্রগুলো নিশ্চিহ্ন করে দেবেন। যুদ্ধের আগে বিশ্বের মোট তেলের পাঁচভাগের একভাগ এই পথ দিয়ে পরিবাহিত হতো। ওয়াশিংটন সময় সোমবার রাতে সেই সময়সীমা শেষ হওয়ার কথা।
ট্রাম্প বলেন, পাঁচ দিনের এই সময়সীমা বৃদ্ধি চলমান বৈঠক ও আলোচনার সাফল্যের ওপর নির্ভরশীল।
পরবর্তীতে টেনেসি অঙ্গরাজ্যে এক বক্তৃতায় তিনি বলেন, তার প্রশাসন তেহরানের সঙ্গে দীর্ঘদিন ধরে আলোচনা করছে।
ট্রাম্প বলেন, তারা শান্তি চায়। তারা একমত হয়েছে যে, ‘তাদের কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না, ইত্যাদি ইত্যাদি... তবে দেখা যাক কী হয়।’ তিনি আরও জানান, এই সপ্তাহেই একটি চুক্তিতে পৌঁছানোর খুব ভালো সম্ভাবনা রয়েছে। এর কৃতিত্ব তিনি ইরানের বিদ্যুৎকেন্দ্র উড়িয়ে দেওয়ার হুমকির ওপর দিয়েছেন।
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারও ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনার বিষয়ে অবগত আছেন বলে ইঙ্গিত দিয়েছেন। বিস্তারিত না জানিয়ে সোমবার তিনি বলেন, যুক্তরাজ্য জানত যে এমন কিছু ঘটছে।
আন্তর্জাতিক মধ্যস্থতার সম্ভাবনা
এর আগে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানান, তিনি তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে ফোনে কথা বলেছেন। তেহরান ও ওয়াশিংটনের মধ্যে অতীতেও তুরস্ক মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছে।
সোমবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীকে এ বিষয়ে প্রশ্ন করা হয়েছিল, তবে মন্তব্য করতে রাজি হয়নি। অবশ্য রবিবার তুর্কি কর্মকর্তারা জানান, যুদ্ধ বন্ধের প্রচেষ্টার অংশ হিসেবে ফিদান কাতার, সৌদি আরব, পাকিস্তান, মিসর এবং ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীদের পাশাপাশি মার্কিন কর্মকর্তাদের সঙ্গেও কথা বলেছেন।
মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি জানিয়েছেন, তার দেশ উত্তেজনা প্রশমনের লক্ষ্যে ইরানকে সুস্পষ্ট বার্তা পাঠিয়েছে। মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা সব পক্ষের সঙ্গে নিরন্তর যোগাযোগ রক্ষা করে চলেছে।
নাম প্রকাশ না করার শর্তে একজন মিসরীয় কর্মকর্তা জানান, জ্বালানি অবকাঠামোতে হামলা এড়ানোর লক্ষ্যে মিসর, তুরস্ক ও পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইরান বার্তা আদান-প্রদান করেছে।
উপসাগরীয় অঞ্চলের একজন কূটনীতিকও নিশ্চিত করেছেন যে, মিসর ও তুরস্ক উত্তেজনা প্রশমনে নেতৃত্ব দিচ্ছে। তিনি বলেন, আপাতত মনে হচ্ছে, তারা জ্বালানি বিপর্যয় এড়াতে সক্ষম হয়েছে।
ট্রাম্প পিছু হটেছেন বলে দাবি ইরানের
ট্রাম্পের অবস্থান পরিবর্তনের পর ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স ও তাসনিম যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে পিছু হটেছেন বলে উল্লেখ করেছে।
তাসনিম নিউজ জানায়, যুদ্ধ শুরুর পর থেকে কিছু মধ্যস্থতাকারীর মাধ্যমে তেহরানে বার্তা পাঠানো হয়েছে। কিন্তু ইরানের স্পষ্ট জবাব হলো, প্রয়োজনীয় প্রতিরোধ ক্ষমতা অর্জিত না হওয়া পর্যন্ত তারা প্রতিরক্ষা চালিয়ে যাবে। এ ধরনের মনস্তাত্ত্বিক যুদ্ধ চালিয়ে হরমুজ প্রণালিকে যুদ্ধপূর্ব অবস্থায় ফেরানো যাবে না বা জ্বালানি বাজারেও শান্তি আসবে না বলে জানিয়েছে তেহরান।
ইরানের আধাসামরিক বাহিনী রেভল্যুশনারি গার্ড হুমকি দিয়েছে যে, ট্রাম্প হামলা চালালে তারা মার্কিন ঘাঁটিতে বিদ্যুৎ সরবরাহকারী কেন্দ্র এবং আমেরিকানদের অংশীদারত্ব থাকা অর্থনৈতিক, শিল্প ও জ্বালানি অবকাঠামোতে পাল্টা হামলা চালাবে।
এর আগে, কালিবাফ বলেছিলেন, ইরান এ অঞ্চলের গুরুত্বপূর্ণ মার্কিন অবকাঠামোকে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করবে, যার মধ্যে উপসাগরীয় দেশগুলোর পানীয় জলের জন্য জরুরি লোনা পানি শোধনাগারও রয়েছে।
রেভল্যুশনারি গার্ডের ঘনিষ্ঠ ফারস নিউজ এজেন্সি এ ধরনের স্থাপনার একটি তালিকা প্রকাশ করেছে, যার মধ্যে সংযুক্ত আরব আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রও রয়েছে। ইরান ইসরায়েলের ডিমোনা শহর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছিল, যা দেশটির পারমাণবিক অস্ত্র কর্মসূচির একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রের কাছে অবস্থিত। তবে স্থাপনাটির কোনো ক্ষতি হয়নি।
যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে আরও যুদ্ধজাহাজ এবং নৌসেনা মোতায়েন করার প্রেক্ষাপটে ইরানের প্রতিরক্ষা কাউন্সিল যেকোনো স্থল অভিযানের বিরুদ্ধে সতর্ক করে বলেছে, এর ফলে সমস্ত প্রবেশপথে মাইন বিছিয়ে দেওয়া হবে।
ট্রাম্প বলেছেন, ইরানে স্থল সেনা পাঠানোর কোনো পরিকল্পনা তার নেই, তবে তিনি সম্ভাবনাটি পুরোপুরি উড়িয়েও দেননি। অপরদিকে, ইসরায়েল ইঙ্গিত দিয়েছে যে, তাদের স্থল সেনা এ যুদ্ধে অংশ নিতে পারে।
তেহরান ও লেবাননে ইসরায়েলি হামলা
ইসরায়েল সোমবার তেহরানে নতুন করে হামলা চালিয়েছে। তারা দাবি করেছে, অবকাঠামো লক্ষ্য করে এ হামলা চালাচ্ছে তারা।
শহরের বিভিন্ন স্থানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে ঠিক কোথায় আঘাত হানা হয়েছে তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।
ইসরায়েল লেবাননে ইরান-সমর্থিত হিজবুল্লাহর সঙ্গেও লড়াই করছে। হিজবুল্লাহ ইসরায়েলে শত শত রকেট ছুড়েছে। সম্প্রতি ইসরায়েল বৈরুতের আবাসিক ভবন এবং দক্ষিণ লেবাননের লিটানি নদীর ওপরের সেতুগুলোতে বোমা হামলা চালিয়েছে।
লেবাননের সেনাপ্রধান জোসেফ আউন সেতুগুলোতে হামলাকে স্থল আক্রমণের পূর্বাভাস বলে অভিহিত করেছেন।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির কথা বিবেচনা করলেও ইসরায়েল ইরান ও লেবাননে হামলা চালিয়ে যাবে। তিনি বলেন, সামনে আরও হামলা আসছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, লেবাননে ইসরায়েলি হামলায় ১ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন এবং ১০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে নিহতের সংখ্যা ১ হাজার ৫০০ ছাড়িয়েছে। অন্যদিকে, ইসরায়েলে ইরানি হামলায় ১৫ জন নিহত হয়েছেন। এছাড়া অধিকৃত পশ্চিম তীর এবং উপসাগরীয় আরব দেশগুলোতে অন্তত ১৩ জন মার্কিন সেনা এবং ১০ জনেরও বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
১৪ দিন আগে
ভারত মহাসাগরে যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
ভারত মহাসাগরের দিয়েগো গার্সিয়া দ্বীপে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের যৌথ বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এ ঘটনাকে তেহরানের ‘বেপরোয়া হামলা’ বলে নিন্দা জানিয়েছে যুক্তরাজ্য।
হামলার কথা নিশ্চিত করলেও এ বিষয়ে বিস্তারিত প্রকাশ করেননি ব্রিটিশ কর্মকর্তারা। তবে হামলাটি ব্যর্থ হয়েছে বলে জানানো হয়েছে।
ইরান থেকে প্রায় ৪ হাজার কিলোমিটার দূরে অবস্থিত এই ঘাঁটির কতটা কাছাকাছি ক্ষেপণাস্ত্র পৌঁছেছিল, তাও স্পষ্ট নয়।
যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার (২১ মার্চ) এক বিবৃতিতে জানায়, ইরানের ‘অঞ্চলজুড়ে আগ্রাসী আচরণ এবং হরমুজ প্রণালি জিম্মি করে রাখা’ ব্রিটেন ও এর মিত্র দেশগুলোর জন্য হুমকিস্বরূপ।
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় সরাসরি অংশ না নিলেও যুক্তরাজ্য তাদের ঘাঁটি ব্যবহার করে মার্কিন বোমারু বিমানকে ইরানের ক্ষেপণাস্ত্র স্থাপনায় হামলার সুযোগ দিয়েছে।
শুক্রবার ব্রিটিশ সরকার জানায়, হরমুজ প্রণালিতে জাহাজে ইরানের হামলা প্রতিরোধের উদ্দেশ্যে যেসব অভিযান পরিচালিত হবে, তাতে দিয়েগো গার্সিয়াসহ যুক্তরাজ্যের ঘাঁটিগুলো ব্যবহার করতে পারবে মার্কিন বোমারু বিমান।
তার আগেই ওই ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় ইরান।
হামলা আরও বাড়াবে ইসরায়েল
এদিকে, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, আগামী সপ্তাহে ইরানের বিরুদ্ধে হামলার মাত্রা ‘উল্লেখযোগ্যভাবে’ বাড়ানো হবে।
শনিবার দেওয়া এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘চলতি সপ্তাহে আইডিএফ এবং যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের সন্ত্রাসী শাসন ও তাদের নির্ভরশীল অবকাঠামোর বিরুদ্ধে হামলার তীব্রতা উল্লেখযোগ্যভাবে বাড়াবে।’
তার কয়েক ঘণ্টা আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি মধ্যপ্রাচ্যে সামরিক অভিযান ‘গুটিয়ে আনার’ বিষয়টি বিবেচনা করছেন।
নাতানজ পারমাণবিক স্থাপনায় হামলা
শনিবার ইরানের নাতানজ পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্রে বিমান হামলা হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা। তবে এতে কোনো তেজস্ক্রিয়তা ছড়ায়নি বলে দাবি করা হয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, রাজধানী তেহরানে রাতভর ভারী বিমান হামলার শব্দ শোনা গেছে।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানায়, তেহরান থেকে প্রায় ২২০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত নাতানজ স্থাপনায় হামলার পর বাইরে তেজস্ক্রিয়তার মাত্রা বাড়েনি।
জাতিসংঘের পারমাণবিক সংস্থা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা জানিয়েছে, তারা এ হামলার বিষয়ে অবগত হয়েছে এবং তেজস্ক্রিয়তার মাত্রা বৃদ্ধি পায়নি বলে ইরান তাদের জানিয়েছে। তবে বিষয়টি পর্যবেক্ষণ করছে সংস্থাটি।
উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের চতুর্থ সপ্তাহে এই হামলাগুলো ঘটল। এর আগে যুদ্ধের প্রথম সপ্তাহেও নাতানজ স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল।
অন্যদিকে, ইরাকের রাজধানী বাগদাদে দেশটির গোয়েন্দা সংস্থার সদর দপ্তরে ড্রোন হামলায় একজন কর্মকর্তা নিহত হয়েছেন। এ হামলার দায় তাৎক্ষণিকভাবে কেউ স্বীকার করেনি।
এ ছাড়াও ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র নাদাভ শোশানি জানান, ইরানের একটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ একটি খালি কিন্ডারগার্টেনে আঘাত হানে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
১৬ দিন আগে
যুদ্ধ শিথিলের ইঙ্গিতের মধ্যেই মধ্যপ্রাচ্যে আরও সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্যে সামরিক অভিযান ‘ধীরে ধীরে গুটিয়ে আনার’ কথা বিবেচনা করছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে একই সময়ে ওই অঞ্চলে আরও তিনটি উভচর যুদ্ধজাহাজ এবং প্রায় আড়াই হাজার অতিরিক্ত মেরিন সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র।
স্থানীয় সময় শুক্রবার (২০ মার্চ) বিশ্বব্যাপী বিনোদন ও পর্যটন স্পটগুলোতে ইরান হামলার হুমকি দেয়। এর পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্পের এ মন্তব্য আসে। একইসঙ্গে ট্রাম্প প্রশাসন ইতোমধ্যে জাহাজে তোলা ইরানি তেলের ওপর নিষেধাজ্ঞা শিথিলের ঘোষণা দিয়েছে, যা জ্বালানি তেলের দামের লাগাম টেনে ধরার পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
হরমুজ প্রণালিতে তেহরানের নিষেধাজ্ঞার কারণে বিশ্বজুড়ে তেলের দাম বাড়ায় যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে যখন ধস নেমেছে, ঠিক সেই সময়ে ট্রাম্প প্রশাসনের এ দ্বিমুখী বার্তা এল।
গত তিন সপ্তাহ ধরে চলা এই যুদ্ধে উত্তেজনা কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। ইসরায়েল জানিয়েছে, শনিবার ভোরেও ইরান তাদের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়েছে। অন্যদিকে, সৌদি আরব বলেছে, দেশটির পূর্বাঞ্চলে কয়েক ঘণ্টার মধ্যে ২০টি ড্রোন ভূপাতিত করা হয়েছে।
এর একদিন আগে পারস্য নববর্ষ নওরোজ উদযাপন চলাকালে ইরানের রাজধানী তেহরানে বিমান হামলা চালায় ইসরায়েল।
লক্ষ্যের সন্নিকটে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
ইরানের বিরুদ্ধে যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অবস্থান সময়ের সঙ্গে পরিবর্তিত হয়েছে। কখনও ইরানের শাসনব্যবস্থার পতন ঘটাতে বিদ্রোহ উসকে দেওয়ার কথা বলা হয়েছে, আবার কখনও তেহরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি ধ্বংসের উদ্দেশ্যের কথা বলা হয়েছে। তবে এ ধরনের উদ্দেশ্য সাধনের কোনো লক্ষণ প্রকাশ্যে দেখা যায়নি। সেই সঙ্গে ইরান যেভাবে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পাল্টা জবাব দিয়ে যাচ্ছে, তাতে যুদ্ধের অবসান কবে হবে, সে বিষয়টিও অনিশ্চিত।
সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প বলেন, ‘মধ্যপ্রাচ্যে আমাদের সামরিক কার্যক্রম গুটিয়ে আনার বিষয়টি বিবেচনা করার পাশাপাশি আমরা আমাদের লক্ষ্য অর্জনের খুব কাছাকাছি পৌঁছে গেছি।’
তবে তার এই বক্তব্য বর্তমান মার্কিন প্রশাসনের সামরিক শক্তি বৃদ্ধি এবং যুদ্ধে ব্যয়ের জন্য কংগ্রেসের কাছে অতিরিক্ত ২০০ বিলিয়ন ডলার চাওয়ার মতো পদক্ষেপের সঙ্গে সাংঘর্ষিক।
এ বিষয়ে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে আরও তিনটি উভচর যুদ্ধজাহাজ এবং প্রায় ২ হাজার ৫০০ নৌসেনা মোতায়েন করছে। নাম প্রকাশে অনিচ্ছুক আরও দুই মার্কিন কর্মকর্তা যুদ্ধজাহাজ মোতায়েনের কথা নিশ্চিত করেছেন। তবে সেগুলো রওনা হয়েছে কিনা, সে বিষয়ে কিছু বলেননি তারা।
এর আগে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে আড়াই হাজার নৌসেনার একটি বহর সরিয়ে আনা হয়। মধ্যপ্রাচ্যে পাঠানে ওই নৌসেনারা বর্তমানে ওই অঞ্চলে অবস্থান করা ৫০ হাজারের বেশি মার্কিন সেনার সঙ্গে যুক্ত হবে।
ট্রাম্প বলেছেন, ইরানে স্থলবাহিনী পাঠানোর কোনো পরিকল্পনা তার নেই, তবে সব ধরনের বিকল্প খোলা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
মধ্যপ্রাচ্যের বাইরে হামলার হুমকি ইরানের
ইরানের শীর্ষ সামরিক মুখপাত্র জেনারেল আবোলফজল শেখারচি শুক্রবার সতর্ক করে বলেন, বিশ্বের ‘পার্ক, বিনোদন এলাকা ও পর্যটনস্থল’গুলোও শত্রুদের জন্য নিরাপদ থাকবে না।
তার ওই মন্তব্যের পর তেহরান চাপ সৃষ্টির কৌশল হিসেবে যে মধ্যপ্রাচ্যের বাইরেও সশস্ত্র হামলার পথ বেছে নিতে পারে, সেই আশঙ্কা দেখা দিয়েছে।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি নওরোজ উপলক্ষে দেওয়া এক লিখিত বার্তায় যুদ্ধের মুখে দেশটির জনগণের দৃঢ়তার প্রশংসা করেন, যদিও ইসরায়েলি হামলায় তার বাবা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত এবং তিনি নিজে আহত হওয়ার পর থেকে তিনি জনসমক্ষে আসেননি।
ইরান থেকে খুব কম তথ্য বাইরে আসায় দেশটির সামরিক, পারমাণবিক বা জ্বালানি স্থাপনাগুলোর ক্ষয়ক্ষতির পরিমাণ স্পষ্ট নয়। তবে ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পরও ইরানের পাল্টা হামলা বিশ্ববাজারে তেলের সরবরাহ ব্যাহত করছে। এতে করে খাদ্য ও জ্বালানির দাম বাড়ছে হুঁ হুঁ করে।
হিজবুল্লাহর ওপর ইসরায়েলের হামলা অব্যাহত
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, শনিবার ভোরে তারা বৈরুতের দক্ষিণাঞ্চলে ইরান-সমর্থিত হিজবুল্লাহ যোদ্ধাদের লক্ষ্য করে নতুন করে হামলা শুরু করেছে।
বৈরুত শহরের বিভিন্ন এলাকায় ধোঁয়া, আগুন ও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর কয়েক ঘণ্টা আগে ওই অঞ্চলের সাতটি এলাকা থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার সতর্কতা জারি করে ইসরায়েলি বাহিনী।
লেবানন সরকারের তথ্য অনুযায়ী, দেশটিতে হিজবুল্লাহকে লক্ষ্য করে ইসরায়েলের হামলায় এক হাজারের বেশি মানুষ নিহত এবং ১০ লাখের বেশি মানুষ এরই মধ্যে বাস্তুচ্যুত হয়েছে।
চলমান যুদ্ধে ইরানে ১ হাজার ৩০০ জনের বেশি মানুষ নিহত হয়েছে। অন্যদিকে, ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ১৫ জন এবং অধিকৃত পশ্চিম তীরে আরও চারজন নিহত হয়েছেন। তেহরানের হামলায় নিহত হয়েছেন অন্তত ১৩ জন মার্কিন সেনা।
ইরানি তেলে নিষেধাজ্ঞা শিথিল করল যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক বাজারে তেলের মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম যুদ্ধের কারণে বেড়ে ব্যারেলপ্রতি প্রায় ১০৬ ডলারে পৌঁছেছে, যা যুদ্ধ শুরুর আগে ছিল ৭০ ডলারের মতো।
যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণায় শুক্রবার পর্যন্ত জাহাজে তোলা ইরানি তেলের ওপর নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল করা হয়েছে, যা ১৯ এপ্রিল পর্যন্ত কার্যকর থাকবে।
তবে এই সিদ্ধান্ত উৎপাদন বাড়তে সহায়ক হবে না। ফলে দামের ঊর্ধ্বগতি কতাট নিয়ন্ত্রণে আসবে, তা অনিশ্চিত।
দীর্ঘদিন ধরেই ইরান যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এড়িয়ে তেল রপ্তানি করে আসছে, ফলে তাদের অধিকাংশ তেল আগেই ক্রেতাদের কাছে পৌঁছে যায় বলে ধারণা করা হয়।
ইরান যুদ্ধের মধ্যে বৈশ্বিক তেলের সরবরাহ বাড়ানোর উপায় খুঁজতে গিয়ে ট্রাম্প প্রশাসন এর আগে রাশিয়ার কিছু তেল চালানের ওপরও ৩০ দিনের জন্য নিষেধাজ্ঞা শিথিল করেছিল। সমালোচকদের মতে, এতে মস্কো লাভবান হলেও বাজারে এর প্রভাব ছিল সীমিত।
১৭ দিন আগে
সৌদিতে নিহত মোশাররফের দুই সন্তানের পড়ালেখার দায়িত্ব নিল সরকার
সৌদি আরবে ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত মোশাররফ হোসেনের দুই সন্তানের পড়ালেখার খরচ বহন করবে সরকার বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
শুক্রবার (২০ মার্চ) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মোশাররফ হোসেনের মরদেহ গ্রহণ শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, নিহতের পরিবারকে সরকারিভাবে প্রাপ্য সব সুবিধা দেওয়া হবে। পাশাপাশি দুই সন্তানের শিক্ষার ব্যয় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বহন করবে। এছাড়া পরিবারটির জন্য প্রয়োজনীয় আর্থিক সহায়তাও দেওয়া হবে।
মরদেহ হস্তান্তরের সময় দাফন কার্য সম্পন্নের জন্য নিহতের পরিবারকে ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়। এছাড়া ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পক্ষ থেকে ঈদের পর ৩ লাখ টাকা আর্থিক অনুদানও দেওয়া হবে বলে জানান তিনি।
এ সময় মন্ত্রী বলেন, ‘মধ্যপ্রাচ্যে যুদ্ধকালীন পরিস্থিতিতে আমরা সব সময় প্রবাসীদের পাশে ছিলাম, প্রবাসীদের পাশে আছি এবং ভবিষ্যতেও সব সময় আমরা প্রবাসীদের পাশে থাকব।’
ব্রিফিংয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান বলেন, নিহতের পরিবারকে সরকারের পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের আর্থিক সহায়তা দেওয়া হবে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, মধ্যপ্রাচ্যের বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার নিরলসভাবে কাজ করছে। বিভিন্ন দেশে থাকা বাংলাদেশ মিশনগুলো প্রবাসীদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে এবং প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে।
তিনি আরও বলেন, পরিস্থিতি অনুযায়ী যারা দেশে ফিরতে চান, তাদের ফিরিয়ে আনতে সরকারের প্রস্তুতি রয়েছে।
উল্লেখ্য, সৌদি আরবের আলখারাজ এলাকায় ইরান থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত হন মোশাররফ হোসেন। আজ (শুক্রবার) ভোরে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার মরদেহ ঢাকায় পৌঁছায়।
নিহতের বাড়ি টাঙ্গাইলের সখীপুর উপজেলার কীর্তনখোলা গ্রামে। বিমানবন্দরে মরদেহ গ্রহণের সময় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
১৭ দিন আগে
বন্ধ হরমুজ দিয়েই ৯০ জাহাজ পারাপার, লাখ লাখ ব্যারেল তেল রপ্তানি করছে ইরান
সামুদ্রিক ও বাণিজ্য তথ্য প্ল্যাটফর্মগুলোর মতে, ইরানে যুদ্ধ শুরুর পর থেকে তেলবাহী ট্যাঙ্কারসহ প্রায় ৯০টি জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করেছে। বিশ্বখ্যাত এ জলপথটি কার্যত বন্ধ থাকলেও ইরান এখনও এর মধ্য দিয়ে লাখ লাখ ব্যারেল তেল রপ্তানি করে যাচ্ছে।
মেরিন ডেটা ফার্ম লয়েডস লিস্ট ইন্টেলিজেন্স জানিয়েছে, প্রণালি অতিক্রম করা জাহাজগুলোর মধ্যে অনেকগুলোই ছিল তথাকথিত ডার্ক ট্রানজিট বা ছায়া জাহাজ, যারা পশ্চিমা নিষেধাজ্ঞা ও নজরদারি এড়িয়ে চলাচল করে। সম্প্রতি বিভিন্ন দেশের সরকারের মধ্যে আলোচনার ফলে ভারত ও পাকিস্তানের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজগুলোও সফলভাবে এ প্রণালি অতিক্রম করেছে।
অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেল ১০০ ডলার ছাড়িয়ে যাওয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেলের দাম কমানোর আশায় মিত্র ও বাণিজ্যিক অংশীদারদের যুদ্ধজাহাজ পাঠিয়ে এই প্রণালি পুনরায় খুলে দেওয়ার জন্য চাপ দিচ্ছেন।
বিশ্বের মোট অপরিশোধিত তেলের প্রায় এক-পঞ্চমাংশ সরবরাহকারী প্রণালিটি দিয়ে অধিকাংশ জাহাজ চলাচল মার্চ মাসের শুরুতে যুদ্ধ শুরুর পর থেকেই বন্ধ রয়েছে। এ অঞ্চলে এখন পর্যন্ত প্রায় ২০টি জাহাজ হামলার শিকার হয়েছে।
তবে বাণিজ্য বিশ্লেষণধর্মী প্ল্যাটফর্ম কেপলারের হিসাব অনুযায়ী, মার্চ মাসের শুরু থেকে এ পর্যন্ত ইরান ১৬ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল রপ্তানি করতে সক্ষম হয়েছে। পশ্চিমা নিষেধাজ্ঞা ও সংশ্লিষ্ট ঝুঁকির কারণে চীন এখন ইরানি তেলের সবচেয়ে বড় ক্রেতা।
পরামর্শক প্রতিষ্ঠান রেডডালের ক্লায়েন্ট ডিরেক্টর কুন কাও বলেন, এ গুরুত্বপূর্ণ জলপথটির ওপর নিয়ন্ত্রণ বজায় রেখে ইরান যেমন তেলের বাজার থেকে মুনাফা লুটছে, তেমনি নিজের রপ্তানি পথটিও সচল রাখতে সক্ষম হয়েছে।
লয়েডস লিস্ট ইন্টেলিজেন্সের তথ্যমতে, ১ থেকে ১৫ মার্চের মধ্যে কমপক্ষে ৮৯টি জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করেছে, যার মধ্যে ১৬টি ছিল তেলের ট্যাঙ্কার। যুদ্ধের আগে এই পথে প্রতিদিন ১০০ থেকে ১৩৫টি জাহাজ চলাচল করত। এই ৮৯টি জাহাজের মধ্যে এক-পঞ্চমাংশই ইরান-ঘনিষ্ঠ বলে ধারণা করা হচ্ছে; বাকি জাহাজের মধ্যে চীন ও গ্রিসের জাহাজও রয়েছে। এছাড়া অন্যান্য দেশের জাহাজও এই পথ দিয়ে যাতায়াত করছে।
পাকিস্তান ন্যাশনাল শিপিং করপোরেশনের নিয়ন্ত্রণাধীন করাচি নামক একটি তেলের ট্যাঙ্কার গত রবিবার (১৫ মার্চ) এই প্রণালি অতিক্রম করে। অন্যদিকে, ভারতের রাষ্ট্রীয় মালিকানাধীন শিপিং করপোরেশন অব ইন্ডিয়ার শিভালিক এবং নন্দা দেবী নামক দুটি এলপিজিবাহী জাহাজও ১৩ বা ১৪ মার্চের দিকে এই পথ দিয়ে যাতায়াত করেছে।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামানিয়াম জয়শঙ্কর ফাইন্যান্সিয়াল টাইমসকে জানিয়েছেন, ইরানের সঙ্গে আলোচনার পর জাহাজ দুটি পার হতে পেরেছে। ইরাকও তাদের তেলের ট্যাঙ্কারগুলো চলাচলের অনুমতি পেতে ইরানের সঙ্গে আলোচনা করছে।
লয়েডস লিস্টের এডিটর-ইন-চিফ রিচার্ড মিড বলেন, জাহাজগুলো কূটনৈতিক হস্তক্ষেপের মাধ্যমে যাতায়াত করছে। এর ফলে ইরান কার্যকরভাবে একটি নিরাপদ করিডোর তৈরি করেছে যেখানে কিছু জাহাজ ইরানি উপকূলের খুব কাছ দিয়ে যাতায়াত করছে।
তবে বিশ্লেষণে এ-ও দেখা গেছে, কিছু জাহাজ হামলার ঝুঁকি কমাতে নিজেদের চীন-সংশ্লিষ্ট বা সম্পূর্ণ চীনা ক্রুচালিত হিসেবে ঘোষণা করছে। বিশ্লেষকরা মনে করছেন, চীনের সঙ্গে ইরানের ঘনিষ্ঠ সম্পর্কের সুযোগ নিচ্ছে এই জাহাজগুলো।
যুদ্ধ শুরুর পর তেলের দাম ৪০ শতাংশেরও বেশি বেড়ে এখন ব্যারেল প্রতি ১০০ ডলারের উপরে অবস্থান করছে। ইরান হুমকি দিয়েছে যে, তারা যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের মিত্রদের এক লিটার তেলও এই পথ দিয়ে যেতে দেবে না।
তবে যুক্তরাষ্ট্র জানিয়েছে, তেলের বাজার স্থিতিশীল করতে তারা ইরানি তেলের ট্যাঙ্কারগুলোকে প্রণালি পার হতে দিচ্ছে। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট সোমবার সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ইরানি জাহাজগুলো আগে থেকেই বের হচ্ছিল। বিশ্বের বাকি অংশে তেলের সরবরাহ ঠিক রাখতে আমরা তা হতে দিচ্ছি।
যুক্তরাষ্ট্র ইরানের তেল নেটওয়ার্কের জন্য গুরুত্বপূর্ণ খার্গ দ্বীপের সামরিক স্থাপনায় বোমা হামলা চালালেও প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন যে, তিনি আপাতত দেশটির তেলের অবকাঠামোতে আঘাত হানছেন না।
কুন কাওয়ের মতে, হরমুজ প্রণালির বর্তমান পরিস্থিতি বলছে এটি পুরোপুরি বন্ধ নয়, বরং এটি কিছু নির্দিষ্ট দেশের জন্য বেছে বেছে বন্ধ রাখা হয়েছে। ইরানের রপ্তানি এবং তাদের পছন্দের কিছু দেশের চলাচলের জন্য এটি এখনও সচল রয়েছে।
ডাচ ব্যাংক আইএনজির কৌশলবিদ ওয়ারেন প্যাটারসন ও ইভা ম্যান্থি একটি গবেষণা নোটে লিখেছেন, যদি জ্বালানির দাম বাড়িয়ে যন্ত্রণা দেওয়াই ইরানের পরিকল্পনা হয়, তাহলে হরমুজ প্রণালি দিয়ে তারা যে সংখ্যক ট্যাঙ্কারকে যেতে দেবে, তা খুবই সীমিত হবে।
১৯ দিন আগে
ঈদের ছুটিতেও মধ্যপ্রাচ্যে প্রবাসীদের জন্য নিয়ন্ত্রণ কক্ষ চালু থাকবে
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে প্রবাসীদের কল্যাণ নিশ্চিত করতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ঈদের ছুটিতেও নিয়ন্ত্রণ কক্ষ সচল রাখছে।
সোমবার (১৬ মার্চ) মন্ত্রণালয়ের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আদেশের একটি কপি আজ (বুধবার) ইউএনবির হাতে এসেছে।
মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব রোজলিন শহীদ চৌধুরী স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, আগামী ২৪ মার্চ পর্যন্ত সপ্তাহে ৭ দিন ২৪ ঘণ্টা নিয়ন্ত্রণ কক্ষের কার্যক্রম চালু থাকবে। তিনটি শিফটে ২০ জন কর্মকর্তা ও ২৪ জন কর্মচারী পর্যায়ক্রমে দায়িত্ব পালন করবেন।
নিয়ন্ত্রণ কক্ষ স্থাপিত হয়েছে প্রবাসী কল সেন্টার, লিফট-৭, প্রবাসী কল্যাণ ভবন, ইস্কাটন, ঢাকায়। নিয়ন্ত্রণ কক্ষের হটলাইন নম্বর হলো: দেশ থেকে ১৬১৩৫ এবং বিদেশ থেকে +৮৮০৯৬১০১০২০৩০।
নিয়ন্ত্রণ কক্ষের সার্বিক ব্যবস্থাপনায় থাকবেন ওয়েজ আর্নারস কল্যাণ বোর্ডের মহাপরিচালক ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া, আর ফোকাল পয়েন্ট কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কর্মসংস্থান-১ শাখার উপসচিব মো. হেদায়েতুল ইসলাম মন্ডল।
আদেশে আরও বলা হয়েছে, নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্ব পালনকারী কর্মকর্তারা প্রয়োজনে বিদেশস্থ শ্রমকল্যাণ উইংয়ের সঙ্গে যোগাযোগ রাখবেন এবং তথ্যাদি ফোকাল পয়েন্ট কর্মকর্তার কাছে জমা দেবেন।
মন্ত্রণালয় জানিয়েছে, ১০ মার্চ থেকে মধ্যপ্রাচ্যে প্রবাসীদের কল্যাণ নিশ্চিতকল্পে নিয়ন্ত্রণ কক্ষ কার্যক্রম চালু রয়েছে। ঈদের ছুটিতেও প্রবাসীদের সেবা অব্যাহত রাখতে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
১৯ দিন আগে
ইসরায়েলের হামলায় ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা লারিজানি নিহতের দাবি
ইসরায়েলের রাতভর হামলায় ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলি লারিজানি নিহত হয়েছেন বলে দাবি করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। তবে এ দাবি সত্যতা এখনও নিশ্চিত করেনি ইরান।
মঙ্গলবার (১৭ মার্চ) এক বিবৃতিতে কাটজ বলেন, ইসরায়েলি বাহিনীর অভিযানে লারিজানির পাশাপাশি বাসিজ বাহিনীর কমান্ডার গোলামরেজা সোলাইমানিও নিহত হয়েছেন।
তিনি বলেন, ‘ইরানের “সন্ত্রাস ও নিপীড়ক” শাসনের নেতৃত্বকে খুঁজে বের করে অভিযান অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী (নেতানিয়াহু) ও আমি আইডিএফকে (ইসরায়েলি সামরিক বাহিনী) নির্দেশ দিয়েছি।’
তিনি আরও দাবি করেন, ইরানের নেতৃত্বে ‘দ্রুত পরিবর্তন’ ঘটছে এবং সাম্প্রতিক হামলায় শীর্ষ দুই নেতাকে হত্যার মাধ্যমে সেই প্রবণতা আরও ত্বরান্বিত হয়েছে। অভিযানে অংশ নেওয়া ইসরায়েলি বিমানবাহিনীর পাইলট ও গোয়েন্দা কর্মকর্তাদের এ সময় প্রশংসা করেন তিনি।
ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়, একটি গোপন আস্তানায় লারিজানি ও তার ছেলের উপস্থিতির খবর পেয়ে হামলা চালানো হয়। তবে এ বিষয়ে স্বাধীনভাবে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
লারিজানির নিহত হওয়া দাবিসহ বিবিসির খবরে বলা হয়েছে, আলি লারিজানি ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (এসএনএসসি) প্রভাবশালী সচিব ছিলেন। ২০২৫ সালের আগস্টে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তাকে এ পদে নিয়োগ দেন। তিনি দেশটির সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির প্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
লারিজানি ২০০৮ থেকে ২০২০ সাল পর্যন্ত টানা ১২ বছর ইরানের পার্লামেন্টের স্পিকার ছিলেন। এর আগে ২০০৫ থেকে ২০০৭ সাল পর্যন্ত তিনি দেশটির প্রধান পারমাণবিক আলোচক হিসেবে দায়িত্ব পালন করেন। একসময় পার্লামেন্টে প্রিন্সিপালিস্ট শিবিরের নেতৃত্ব দিলেও সাম্প্রতিক বছরগুলোতে তাকে ‘মধ্যপন্থী রক্ষণশীল’ হিসেবে আখ্যায়িত করা হতো।
তার ভাই সাদেক লারিজানিও ইরানের প্রভাবশালী ব্যক্তি। তিনি এক্সপিডিয়েন্সি কাউন্সিলের চেয়ারম্যান, যা ইরানের পার্লামেন্ট ও গার্ডিয়ান কাউন্সিলের মধ্যে বিরোধ নিষ্পত্তির সর্বোচ্চ সংস্থা।
গত শুক্রবার তেহরানে কুদস দিবসের সমাবেশে সর্বশেষ জনসমক্ষে দেখা গিয়েছিল লারিজানিকে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কটাক্ষ করে নিজের এক্স হ্যান্ডেলে তিনি লিখেছিলেন, ‘যুদ্ধ শুরু করা সহজ, কিন্তু কয়েকটি টুইটে (এক্স পোস্ট) তা জেতা যায় না।’
লারিজানির নিহতের খবরের মধ্যেই ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম তার নামে একটি হাতে লেখা বার্তা প্রকাশ করেছে, যেখানে নৌবাহিনীর সদস্যদের প্রশংসা করা হয়েছে। যদিও বার্তাটির সময় ও তারিখ উল্লেখ নেই।
অন্যদিকে, তেহরানের হামলার পর ইরানের দিকে নতুন করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে আইডিএফ। তারা জানিয়েছে, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে তাদের প্রতিরক্ষাব্যবস্থা সক্রিয় রয়েছে।
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমও ইসরায়েলকে লক্ষ্য করে নতুন দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালানোর বিষয়টি নিশ্চিত করেছে।
উল্লেখ্য, চলতি মাসের শুরুতে শ্রীলঙ্কার দক্ষিণ উপকূলের কাছে ইরানের যুদ্ধজাহাজ আইআরআইএস ডেনা ডুবে যাওয়ার ঘটনায় নিহত নৌসেনাদের স্মরণে আজ রাষ্ট্রীয় কর্মসূচি পালনের প্রস্তুতি নিচ্ছে তেহরান।
সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে, তবে লারিজানি ও সোলেইমানির মৃত্যুর বিষয়ে এখনও আনুষ্ঠানিক নিশ্চিতকরণ দেয়নি ইরান।
২০ দিন আগে
খাদ্য, ইন্টারনেট ও কাজের সন্ধানে ইরাকে ঢুকছে ইরানিরা
ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু হওয়ার পর ইরাকের সীমান্ত খোলার প্রথম দিনই অজস্র ইরানি উত্তর ইরাকে প্রবেশ করেছেন। বর্তমানে অস্থিতিশীল পরিস্থিতির কারণে ইরানে জীবনযাত্রা কঠিন হয়ে উঠেছে। সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে পৌঁছেছে নিত্যপণ্যের দাম। তাই তুলনামূলক স্বল্পমূল্যে খাদ্যদ্রব্যসহ ইন্টারনেট পরিষেবা পেতে, আত্মীয়দের সঙ্গে দ্রুত যোগাযোগ করতে এবং কাজের অনুসন্ধানে ইরাকে প্রবেশ করছেন তারা।
স্থানীয় সময় রবিবার (১৫ মার্চ) সীমান্ত খোলার প্রথম দিন থেকেই উত্তর ইরাক সীমান্তে এ দৃশ্য দেখা যাচ্ছে।
ইরাকে পাড়ি জমানো ইরানিরা জানিয়েছেন, অনবরত বিমান হামলা এবং খাদ্যের লাগামহীন দামের কারণে জীবন চালানো কঠিন হয়েছে উঠেছিল। তাই বাধ্য হয়েই দেশ ছেড়েছি।
উচ্চ দ্রব্যমূল্যের কারণে সৃষ্ট সমস্যায় ইরানকে সহযোগিতা করতে ইরাকের কুর্দি অঞ্চল থেকে পণ্যবোঝাই অসংখ্য ট্রাক হাজি ওমেরান ক্রসিং দিয়ে ইরানে প্রবেশ করছে।
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা শুরু করার আগেও ইরানি কুর্দিরা নিয়মিতভাবে ইরান থেকে ইরাকের উত্তরাঞ্চলের কুর্দি অঞ্চলে যাতায়াত করতেন। পারিবারিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক গভীর সম্পর্ক এবং সীমান্ত জটিলতা তেমন না থাকার কারণে দুই অঞ্চলের মধ্যে নিয়মিত বাণিজ্য ও যাতায়াত চলত। তবে বর্তমানে যুদ্ধ পরিস্থিতিতে বাইরের বিশ্বের সঙ্গে যোগাযোগের জন্য ইরানিদের কাছে ইরাকের কুর্দি অঞ্চল একটি অন্যতম ভরসার জায়গা হয়ে উঠেছে।
খিদির চোমানি নামে ইরানে পণ্য পরিবহনকারী এক ট্রাকচালক বলেন, ‘এই সীমান্ত বন্ধ থাকলে ধনী-গরিব-শ্রমিক সবার ওপরই প্রভাব পড়বে।’
আঞ্চলিক সামরিক উত্তেজনা বেড়ে যাওয়ার কারণে সীমান্তটির ওপর কিছু নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। ইরাকের কুর্দি অঞ্চলের কর্তৃপক্ষ জানিয়েছে, তারা সীমান্ত পুনরায় খুলে দেওয়ার জন্য ইরানের সিদ্ধান্তের অপেক্ষায় ছিল।
২১ দিন আগে