ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা
ইরান সরাসরি আলোচনা নাকচ করলেও ইসলামাবাদে প্রতিনিধি পাঠাচ্ছেন ট্রাম্প
তেহরানের সঙ্গে শান্তি আলোচনা পুনরায় শুরু করার জন্য মার্কিন প্রতিনিধিরা শনিবার পাকিস্তানে যাবেন। তবে ইরানের শীর্ষ কূটনীতিক ইসলামাবাদে পৌঁছানোর পর মার্কিন প্রতিনিধিদের সঙ্গে সরাসরি আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন।
চুক্তি সম্পাদনের এই সর্বশেষ প্রচেষ্টা এমন এক সময়ে শুরু হচ্ছে যখন একটি অনির্দিষ্টকালের যুদ্ধবিরতি অধিকাংশ লড়াই থামিয়ে রেখেছে। তবে হরমুজ প্রণালি বন্ধ থাকার ফলে বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ায় এর অর্থনৈতিক ক্ষয়ক্ষতি বেড়েই চলেছে।
যুক্তরাষ্ট্র ও ইরানকে আলোচনার টেবিলে ফেরাতে পাকিস্তানের তৎপরতা
চলতি সপ্তাহে কূটনৈতিক তৎপরতার জন্য ইসলামাবাদের অতিরিক্ত সময়ের অনুরোধ রক্ষা করে ইরানের সঙ্গে অনির্দিষ্টকালের জন্য যুদ্ধবিরতি ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর থেকে পাকিস্তান উভয় পক্ষকে আলোচনার টেবিলে ফেরানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।
হোয়াইট হাউস শুক্রবার জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে বৈঠকের জন্য স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনারকে পাঠাবেন। কিন্তু আরাঘচি ইসলামাবাদে পৌঁছানোর পরপরই তার মন্ত্রণালয় জানায় যে, যেকোনো আলোচনা হবে ‘পরোক্ষ’, যেখানে পাকিস্তানি কর্মকর্তারা দুই পক্ষের মধ্যে বার্তা আদান-প্রদান করবেন।
এর আগে, গত ২৭ ফেব্রুয়ারি তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে জেনেভায় আরাঘচি এবং ট্রাম্পের এই দুই প্রতিনিধির মধ্যে কয়েক ঘণ্টা ধরে পরোক্ষ আলোচনা হয়েছিল। কিন্তু কোনো চুক্তি ছাড়াই তা শেষ হয়। এর পরদিনই ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট ফক্স নিউজকে বলেছেন, উইটকফ ও কুশনারকে পাকিস্তানে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট যাতে তারা ইরানিদের কথা শুনতে পারেন।
লেভিট বলেন, আমরা গত কয়েক দিনে ইরানের কাছ থেকে কিছু অগ্রগতি লক্ষ করেছি। তবে মার্কিন কর্মকর্তারা ঠিক কী শুনছেন, সে বিষয়ে তিনি কোনো বিস্তারিত তথ্য দেননি।
‘জোনস অ্যাক্ট’ মওকুফের মেয়াদ ৯০ দিন বাড়ালেন ট্রাম্প
এদিকে, হোয়াইট হাউস শুক্রবার জানিয়েছে, ট্রাম্প ‘জোনস অ্যাক্ট’ মওকুফের মেয়াদ আরও ৯০ দিন বাড়িয়েছেন। এর ফলে অ-মার্কিন জাহাজগুলোর জন্য তেল ও প্রাকৃতিক গ্যাস পরিবহন করা সহজ হবে।
হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে যাওয়ার পর জ্বালানির দাম স্থিতিশীল করতে এবং যুক্তরাষ্ট্রে তেল-গ্যাস সরবরাহ সহজ করতে তিনি গত মার্চ মাসে প্রথম ৬০ দিনের জন্য এই আইন মওকুফ করেছিলেন। উল্লেখ্য, যুদ্ধোত্তর সময়ে বিশ্বের এক-পঞ্চমাংশ তেল এই কৌশলগত জলপথ দিয়ে পরিবাহিত হতো।
এই প্রণালির ওপর নিজেদের নিয়ন্ত্রণ বজায় রেখেছে তেহরান। চলতি সপ্তাহের শুরুতে তিনটি জাহাজে হামলা চালিয়েছে তারা। অন্যদিকে, যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোর ওপর অবরোধ অব্যাহত রেখেছে। সামরিক বাহিনীকে মাইন স্থাপন করতে পারে এমন ছোট নৌকাগুলো দেখামাত্র গুলি করার নির্দেশ দিয়েছেন ট্রাম্প।
এই খবরে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী অপরিশোধিত তেলের দাম কিছুটা কমেছে। ব্যারেল প্রতি ১০৩ থেকে ১০৭ ডলারের মধ্যে ওঠানামা করছে, যা এখনও ২৮ ফেব্রুয়ারির (যুদ্ধ শুরুর দিন) তুলনায় প্রায় ৫০ শতাংশ বেশি। হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের এই সংকট এখন বিশ্বের অর্ধেক পথ দূরের পানামা খালসহ বৈশ্বিক সামুদ্রিক বাণিজ্যে প্রভাব ফেলছে।
৭ দিন আগে
ইসরায়েল নয়, ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতে যুক্তরাষ্ট্রের মনোযোগ দেওয়া উচিত: ইরান
ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরিফ বলেছেন, ইসলামাবাদে চলমান মার্কিন-ইরান উচ্চপর্যায়ের আলোচনার ফলাফল সম্পূর্ণভাবে নির্ভর করছে যুক্তরাষ্ট্রের অগ্রাধিকারের ওপর।
শনিবার (১১ এপ্রিল) আল জাজিরার বরাত দিয়ে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এ তথ্য জানিয়েছে।
আরিফ সামজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, যদি মার্কিন প্রতিনিধিরা তাদের ‘আমেরিকা ফার্স্ট’ (আগে আমেরিকা) নীতির দিকে মনোনিবেশ করেন, তবে একটি পারস্পরিক সুবিধাজনক চুক্তিতে পৌঁছানো সম্ভব।
তিনি আরও বলেন, তবে, যদি আমরা ‘ইসরায়েল ফার্স্ট’ (আগে ইসরায়েল) নীতি অনুসরণকারী প্রতিনিধিদের মুখোমুখি হই, তবে কোনো চুক্তি হবে না। সেক্ষেত্রে আমরা অনিবার্যভাবে আগের চেয়ে আরও জোরালোভাবে আমাদের প্রতিরক্ষা বজায় রাখব এবং বিশ্ব আরও বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবে।
যুদ্ধবিরতি নিয়ে টেলিভিশনে ভাষণ না দেওয়ার সিদ্ধান্ত হোয়াইট হাউসের
এদিকে, তিনজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে গত মঙ্গলবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি জাতীয় টেলিভিশন ভাষণ দেওয়ার কথা ভাবা হলেও শেষ পর্যন্ত তা বাতিল করেছে হোয়াইট হাউস। এর কারণ হিসেবে জানা গেছে, ট্রাম্পের কিছু সহকারী ও উপদেষ্টা ব্যক্তিগতভাবে উদ্বেগ প্রকাশ করেছেন যে, প্রাথমিক পর্যায়ের চুক্তিটি নিয়ে এখনই অতিরিক্ত প্রচারণা হিতে বিপরীত হতে পারে।
সূত্রগুলো জানায়, ট্রাম্পকে এই ভাষণ না দেওয়ার জন্য বুঝিয়ে রাজি করানো হয়েছিল। তবে হোয়াইট হাউস এক বিবৃতিতে এই আলোচনার বিষয়টি অস্বীকার করে বলেছে, এটি একটি ভুয়া খবর। প্রেসিডেন্টের সঙ্গে এ ধরনের কোনো বিষয় নিয়ে কখনোই আলোচনা হয়নি।
এই সিদ্ধান্তটি ট্রাম্প প্রশাসনের এক ধরনের ভারসাম্য রক্ষার প্রচেষ্টাকেই ইঙ্গিত করে। প্রশাসন একদিকে লড়াই থামানো এবং হরমুজ প্রণালি খুলে দেওয়ার এই চুক্তির বিষয়ে আত্মবিশ্বাস দেখাতে চেয়েছিল, আবার অন্যদিকে উপদেষ্টারা আলোচনার ব্যর্থতা সম্পর্কেও সচেতন ছিলেন। ট্রাম্পের এই জাতীয় ভাষণের আলোচনার বিষয়টি এর আগে সংবাদমাধ্যমে আসেনি।
২১ দিন আগে
শান্তি আলোচনার উদ্দেশ্যে পাকিস্তানে পৌঁছেছেন জেডি ভ্যান্স
ইরানি কর্মকর্তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে অস্থিতিশীল যুদ্ধবিরতি রক্ষা এবং স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের পথ প্রশস্ত করতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে একটি প্রতিনিধিদল পাকিস্তানে পৌঁছেছে। গত ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরু হওয়ার পর এটিই এ ধরনের প্রথম বৈঠক।
শনিবার (১১ এপ্রিল) থেকে শুরু হওয়া পাকিস্তানের মধ্যস্থতায় এই যুদ্ধবিরতি আলোচনা বেশকিছু বাধার সম্মুখীন হয়েছে। কারণ, দক্ষিণ লেবানন সীমান্তে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে পাল্টাপাল্টি বোমাবর্ষণ অব্যাহত রয়েছে এবং ইরান আলোচনার আগে কিছু শর্ত জুড়ে দিয়েছে।
শনিবার ভোরে ইরানের প্রতিনিধিদলটি দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের কালিবাফের নেতৃত্বে ইসলামাবাদে পৌঁছায়। কালিবাফ এক্সে জানিয়েছেন, লেবাননে ইসরায়েলের যুদ্ধবিরতি এবং ইরানের আটকে থাকা সম্পদ ফেরত দিলেই কেবল আলোচনা সম্ভব।
কয়েক ঘণ্টা আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভ্যান্সের সাফল্য কামনা করে বলেন, দেখা যাক কী হয়। ওরা (ইরান) সামরিকভাবে পরাজিত।
আজ (শনিবার) ইসলামাবাদের ব্যস্ত সড়কগুলো জনশূন্য ছিল। কারণ আলোচনার আগে পাকিস্তানের নিরাপত্তাবাহিনী রাস্তাগুলো বন্ধ করে দিয়েছে।
মার্কিন প্রতিনিধি দলকে স্বাগত জানিয়েছে পাকিস্তান
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি মার্কিন প্রতিনিধিদল ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে অভ্যর্থনা জানিয়েছেন।
ইসহাক দার আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতায় মার্কিন প্রতিশ্রুতির প্রশংসা করেন। তিনি আশা প্রকাশ করেন যে, পক্ষগুলো গঠনমূলকভাবে আলোচনায় বসবে। সেই সঙ্গে সংঘাতের একটি স্থায়ী ও টেকসই সমাধানের লক্ষ্যে প্রচেষ্টা সহজতর করার জন্য পাকিস্তানের আকাঙ্ক্ষা পুনর্ব্যক্ত করেন তিনি।
লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৩
লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, দক্ষিণ লেবাননের নাবাতিহ প্রদেশের মাইফাদুন শহরে একটি আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৩ জন নিহত হয়েছেন।
অন্যদিকে, হিজবুল্লাহ উত্তর ইসরায়েলের একটি সামরিক স্থাপনা লক্ষ্য করে রকেট ছোড়ার দাবি করেছে।
ইসলামাবাদে জেডি ভ্যান্সের আগমন
জেডি ভ্যান্সের নেতৃত্বাধীন প্রতিনিধি দলে রয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জামাতা জ্যারেড কুশনার।
পাকিস্তানে রওনা হওয়ার আগে ইরানকে সতর্ক করে ভ্যান্স বলেছিলেন, তারা যেন আমেরিকার সঙ্গে খেলা না করে।
জবাবে কালিবাফ শর্ত দিয়েছেন যে, লেবাননে যুদ্ধবিরতি না হলে আলোচনা হবে না।
অন্যদিকে, ইরানি প্রতিনিধিদলটির আজ দুপুরে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে।
এর আগে, শুক্রবার রাতে তারা সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে বৈঠক করেছেন। এই উচ্চপর্যায়ের আলোচনার মূল লক্ষ্য হলো মধ্যপ্রাচ্যে যুদ্ধের স্থায়ী সমাপ্তি ঘটানো।
অত্যাধুনিক মিডিয়া সেন্টার স্থাপন
পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানিয়েছেন, ইসলামাবাদে অনুষ্ঠিত শান্তি আলোচনা প্রচার করতে আসা দেশি-বিদেশি সাংবাদিকদের জন্য জিন্নাহ কনভেনশন সেন্টারে উচ্চগতির ইন্টারনেটসহ একটি অত্যাধুনিক মিডিয়া সেন্টার স্থাপন করা হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরান থেকে আসা সাংবাদিক ও কর্মকর্তাদের জন্য ‘ভিসা-অন-অ্যারাইভাল’ সুবিধাও ঘোষণা করেছে পাকিস্তান।
যুদ্ধ বন্ধের এই আলোচনার আগে ইসলামাবাদের রাস্তাঘাট পুরোপুরি জনশূন্য। কর্তৃপক্ষ বাসিন্দাদের বাড়ির ভেতরে থাকার পরামর্শ দেওয়ায় শহরটিতে অনেকটা কারফিউর মতো পরিবেশ বিরাজ করছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, সংঘাতটি একটি কঠিন পর্যায়ে প্রবেশ করছে। কারণ পক্ষগুলো লড়াইয়ের সাময়িক বিরতি থেকে একটি আরও স্থায়ী সমাধানের দিকে এগোচ্ছে। তিনি এই সময়টিকে ‘হয় জয়, না হয় পরাজয়’ হিসেবে বর্ণনা করেছেন।
২১ দিন আগে