যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতি আরও ৬০ দিন বাড়ানো এবং স্থায়ীভাবে যুদ্ধের অবসান ঘটাতে আলোচনা শুরুর লক্ষ্যে দুপক্ষ একটি প্রাথমিক সমঝোতায় পৌঁছেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
মার্কিন সূত্রের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, প্রস্তাবিত কাঠামোটি এখনও ডোনাল্ড ট্রাম্পের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এটি চূড়ান্ত হলে কয়েক সপ্তাহের অচল কূটনীতির পর বড় ধরনের অগ্রগতি হিসেবে বিবেচিত হবে।
তবে সম্ভাব্য চুক্তির বিস্তারিত এখনও স্পষ্ট নয় বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি। ৬০ দিনের এই মেয়াদ আলোচনা শেষ করার সময়সীমা কি না, তাও পরিষ্কার নয়। কারণ বর্তমান যুদ্ধবিরতি ইতোমধ্যে অনির্দিষ্টকালের জন্য কার্যকর রয়েছে।
উপসাগরে উত্তেজনা, পাল্টাপাল্টি হামলা
গত কয়েক দিন ধরে উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বিচ্ছিন্ন সংঘর্ষ যুদ্ধবিরতি ভেঙে দেওয়ার ঝুঁকি তৈরি করেছিল। বৃহস্পতিবারও সীমিত পরিসরে পাল্টাপাল্টি হামলা চালিয়েছে উভয় পক্ষ।
ওয়াশিংটন হরমুজ প্রণালির কাছে একটি ইরানি ড্রোন অভিযান লক্ষ্য করে হামলা চালানোর পর তেহরান কুয়েতে অবস্থিত একটি মার্কিন বিমানঘাঁটিতে হামলা চালায়।
এরই মধ্যে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম অ্যাক্সিওস স্থানীয় সময় বৃহস্পতিবার প্রথম এ প্রাথমিক সমঝোতার খবর প্রকাশ করে। পরে হোয়াইট হাউস আল জাজিরার কাছে ওই প্রতিবেদনের সত্যতা নিশ্চিত করে।
খসড়া চুক্তিতে কী আছে
অ্যাক্সিওসের তথ্যমতে, ওই প্রস্তাব অনুযায়ী হরমুজ প্রণালি বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য খুলে দেওয়া হবে, ইরানি বন্দরগুলোর ওপর মার্কিন অবরোধ তুলে নেওয়া হবে এবং ইরানকে স্থগিত থাকা প্রায় ১ হাজার ২০০ কোটি ডলার সম্পদ ব্যবহারের সুযোগ দেওয়া হবে।