শ্রমিক বিরোধ
চাঁপাইনবাবগঞ্জে শ্রমিক বিরোধের সমঝোতায় বাস চলাচল স্বাভাবিক
চাঁদা আদায়কে কেন্দ্র করে শ্রমিক সংগঠনগুলোর দ্বন্দ্বে চাঁপাইনবাবগঞ্জে দূরপাল্লাসহ সব রুটে বাস চলাচল বন্ধ হওয়ার একদিন পর দুই পক্ষের সমঝোতায় পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) সকাল থেকে বাস চলাচল আবার শুরু হয়েছে।
শ্রমিক সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন এবং জেলা মোটরশ্রমিক ইউনিয়নের মধ্যে দীর্ঘদিন ধরে চাঁদা আদায় নিয়ে বিরোধ চলছিল। উভয় সংগঠনের বিরুদ্ধে জেলার বিভিন্ন রুটে চলাচলকারী বাস থেকে চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে। এই বিরোধের জেরে গতকাল (শুক্রবার) সকাল থেকে জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের ডাকা কর্মবিরতির কারণে সব ধরনের বাস চলাচল বন্ধ হয়ে যায়। পরে শুক্রবার দিবাগত রাত ১টার দিকে দুই সংগঠনের নেতারা বৈঠকে বসেন। বৈঠকে উভয় পক্ষের মধ্যে সমঝোতা হওয়ায় কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে উভয় পক্ষের মধ্যে আজ বিকেলে আবারও বৈঠক হওয়ার কথা রয়েছে।
জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম জানান, আগে দুই সংগঠন একসঙ্গে শ্রমিকদের কল্যাণে নির্ধারিত হারে চাঁদা আদায় করত। তবে সম্প্রতি মোটরশ্রমিক ইউনিয়নের একটি পক্ষ শহরের হরিপুর এলাকায় আলাদাভাবে চাঁদা আদায় শুরু করলে এই বিরোধের সূত্রপাত হয়। এর প্রতিবাদেই কর্মবিরতি পালন করা হয়েছিল। সমঝোতার পর শনিবার সকাল থেকে বাস চলাচল আবারও স্বাভাবিক হয়েছে।
২১ ঘণ্টা আগে