ময়মনসিংহ-ধোবাউড়া সড়ক
ট্রাকসহ সেতু ভেঙে নদীতে, ময়মনসিংহ-ধোবাউড়া সড়ক যোগাযোগ বন্ধ
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার কংস নদীর ওপর নির্মিত স্টিলের বেইলি সেতু পারাপারের সময় বালুবাহী একটি ট্রাকসহ ভেঙে নিচে পড়ে যায়। ফলে ধোবাউড়ার সঙ্গে জেলা সদরের সরাসরি সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
রবিবার (৭ জুন) ভোরে গোয়াতলা এলাকায় সেতুটি ধসে ট্রাকসহ নদীতে পড়ে যায়। এতে চরম দুর্ভোগে পড়েছেন ধোবাউড়া ও গোয়াতলা এলাকার বাসিন্দারা।
স্থানীয়রা বলেন, ধোবাউড়া-ময়মনসিংহ আঞ্চলিক সড়কের গোয়াতলা বাজার-সংলগ্ন কংস নদীর ওপর নির্মিত বেইলি সেতুটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। বাঁশ ও কাঠ দিয়ে বারবার জোড়াতালি দিয়ে যান চলাচল সচল রাখা হচ্ছিল। অবশেষে আজ (রবিবার) ভোর ৪টার দিকে বালুভর্তি একটি ট্রাক সেতুটি পার হওয়ার সময় সেটি ভেঙে নদীতে পড়ে যায়।
দুর্ঘটনায় ট্রাকের চালক ও সহকারী আহত হয়েছেন বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
সেতুটি ভেঙে পড়ার ফলে ময়মনসিংহ-ধোবাউড়া সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে কর্মজীবী মানুষ, শিক্ষার্থী, ব্যবসায়ীসহ সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। বিকল্প পথে যাতায়াত করতে অতিরিক্ত সময় ও খরচ গুনতে হচ্ছে তাদের।
ধোবাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোশাররফ হোসাইন বলেন, আজ ভোর ৪টার দিকে ধোবাউড়া থেকে ময়মনসিংহগামী একটি বালুভর্তি ট্রাকের চাপে গোয়াতলা কংস নদীর ওপর নির্মিত বেইলি সেতুটি ভেঙে নদীতে পড়ে যায়। এতে সড়ক যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। উপজেলা প্রকৌশলীকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, গত তিন দিন ধরে সেতুটির মেরামত কাজ চলছিল। তবে ভারী যানবাহনের চাপের কারণে শেষ পর্যন্ত সেতুটি ধসে পড়ে।
১ দিন আগে