ডিসি সারওয়ার
বিদায় বেলায় শাহজালালের মাজারে ৫ লাখ টাকা দিলেন ডিসি সারওয়ার
সিলেট থেকে বিদায়ের আগে জেলা প্রশাসনের তহবিল থেকে হযরত শাহজালাল (রহ.) মাজারের ব্যাংক হিসাবে ৫ লাখ টাকা অনুদান দিয়েছেন সদ্যবিদায়ী জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলম।
সোমবার (২২ জুন) বিকেলে জামিয়া কাসিমুল উলুম দরগাহ হযরত শাহজালাল (রহ.) মাদরাসা কার্যালয়ে এ সংক্রান্ত চেকে স্বাক্ষর করা হয় বলে নিশ্চিত করেছেন সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (সাধারণ শাখা) তানভীর হোসাইন সজীব।
তিনি জানান, হযরত শাহজালাল (রহ.)-এর নামে মাজারের সোনালী ব্যাংকের হিসাবে দানবাক্স থেকে পাওয়া ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকার সঙ্গে জেলা প্রশাসক আরও ৫ লাখ টাকার চেক প্রদান করেছেন। ফলে ওই হিসাবে বর্তমানে মোট ২২ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা জমা হয়েছে।
সোমবার হযরত শাহজালাল (রহ.) মাজারের চারটি এবং জেলা প্রশাসনের স্থাপন করা আরও চারটিসহ মোট আটটি দানবাক্স খোলা হয়। এসব দানবাক্স থেকে নগদ ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা পাওয়া যায়।
এছাড়া সাত আনা স্বর্ণালঙ্কার এবং দুটি সৌদি রিয়ালও পাওয়া গেছে। উদ্ধার হওয়া অর্থ ও অন্যান্য মূল্যবান সামগ্রী পরবর্তীতে হযরত শাহজালাল (রহ.)-এর নামে সোনালী ব্যাংকের করপোরেট শাখার হিসাবে জমা করা হয়।
১ দিন আগে