বিস্ফোরক উদ্ধার
সিলেটে জঙ্গল থেকে অস্ত্র-বিস্ফোরক উদ্ধার
সিলেট নগরীর খাদিমনগরে জঙ্গল থেকে বিদেশি আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক, গোলাবারুদ ও পুলিশের লুণ্ঠিত একটি সাউন্ড গ্রেনেড উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
রবিবার (২৫ অক্টোবর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান এসআরবি-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।
এর আগে গতকাল (শনিবার) দিবাগত রাত পৌনে ১টার দিকে খাদিমনগর ইউনিয়নের পীরেরগাঁও এলাকার একটি জঙ্গল থেকে এগুলো উদ্ধার করা হয়।
এসআরবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, মাদক কেনাবেচার উদ্দেশ্যে পীরেরগাঁও এলাকার একটি জঙ্গলে কয়েকজন অবস্থান করছেন। পরে আশপাশের এলাকায় তল্লাশি চালানো হয়।
এ সময় জঙ্গলে পড়ে থাকা পলিথিনের ব্যাগ থেকে যুক্তরাষ্ট্রে তৈরি একটি ওয়ান শুটার পাইপগান, চারটি পাওয়ার জেল, চারটি নন-ইলেকট্রিক ডেটোনেটর, একটি সেফটি ফিউজ, চারটি শটগানের কার্তুজ ও একটি অবিস্ফোরিত সাউন্ড গ্রেনেড উদ্ধার করা হয়।
পরবর্তী আইনি ব্যবস্থার জন্য উদ্ধার হওয়া আলামতগুলো সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। তবে তদন্ত চলছে বলে জানিয়েছে এসআরবি।
৫ ঘণ্টা আগে