সিলেটের জৈন্তাপুরে চা বাগান থেকে ৫০টি উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক জেল, ৪৮টি নন-ইলেকট্রিক ডেটোনেটর ও ৫৯ ফুট ডেটোনেটিং কর্ড উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (১৮ নভেম্বর) বিজিবির সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নুরুদ্দিন আহমাদ এ তথ্য জানান।
এর আগে মঙ্গলবার রাত ১০টার দিকে জৈন্তাপুর উপজেলার শ্রীপুর চা বাগানের খরমপুর এলাকায় অভিযান চালিয়ে এসব বিস্ফোরক উদ্ধার করা হয়।
বিজিবি অধিনায়ক জানান, সীমান্ত থেকে প্রায় ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিজিবির একটি বিশেষ দল ডগ স্কোয়াডসহ অভিযান চালায়। এ সময় পরিত্যক্ত অবস্থায় বিস্ফোরকসামগ্রীগুলো উদ্ধার করা হয়।
তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে বিস্ফোরক বহনকারীরা চা বাগানের ভেতর দিয়ে পালিয়ে যায়। তাদের শনাক্ত ও আটকের জন্য তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন বিজিবি কর্মকর্তা।
তিনি বলেন, সীমান্ত দিয়ে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন অবৈধভাবে যাতায়াত করতে না পারে, সে বিষয়ে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবসস্থায় রয়েছে।
সীমান্তে যেকোনো অবৈধ তৎপরতা প্রতিরোধে নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এদিকে সীমান্ত এলাকায় অপরিচিত বা সন্দেহভাজন ব্যক্তির চলাচল, অবৈধভাবে সীমান্ত পার হওয়ার চেষ্টা কিংবা যেকোনো সন্দেহজনক কর্মকাণ্ড চোখে পড়লে দ্রুত বিজিবিকে জানানোর আহ্বান জানানো হয়েছে।