সোহেল খান
শুটিংয়ে গিয়ে অভিনেতা সোহেল খানের মৃত্যু
বগুড়ায় ‘নসিব’ সিনেমার শুটিংয়ের প্রস্তুতি নেওয়ার সময় অভিনেতা সোহেল খানের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে তাকে বগুড়ার টিএমএসএস হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানিয়েছেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর।
তার মৃত্যু সনদে মৃত্যুর কারণ হিসেবে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ (কার্ডিয়াক অ্যারেস্ট) হওয়ার কথা উল্লেখ করা হয়েছে। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৬৬ বছর।
চ্যানেল আইয়ের পরিচালক মোহাম্মদ ইকবাল বলেন, পরিবারের সঙ্গে আলোচনা করে সোহেল খানের মরদেহ সাভারের ধামরাইয়ে তার বাড়িতে নেওয়া হবে।
‘নসিব’ সিনেমার শুটিংয়ের জন্য ১৯ নভেম্বর থেকে বগুড়ায় অবস্থান করছিলেন এই অভিনেতা। বুধবার তার দৃশ্যগুলোর শুটিং শেষ হওয়ার কথা ছিল।
শুটিং ইউনিটের সদস্যরা জানান, এদিন সকালে মেকআপ শেষ করে শুটিংয়ের সেটে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন সোহেল খান। হোটেল মম ইনের কক্ষ থেকে বের হওয়ার সময় তিনি পড়ে যান। এ সময় সেখানে উপস্থিত ব্যক্তিরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যান।
সিনেমাটির শুটিংয়ে যুক্ত অভিনেতা শারিয়ার নাজিম জয় ফেসবুক পোস্টে ঘটনার বর্ণনা দিয়েছেন।
তিনি জানান, সোহেল খান সাদা শার্ট ও সাদা প্যান্ট পরে শুটিংয়ের স্থানে যাওয়ার জন্য প্রস্তুত ছিলেন। তাকে নিতে হোটেলের নিচে গাড়িও অপেক্ষা করছিল। একজন প্রোডাকশন কর্মী তার কক্ষে গিয়েছিলেন। ওই সময় কক্ষ থেকে বের হওয়ার পথে তিনি পড়ে যান।
জয় বলেন, উপস্থিত ব্যক্তিরা প্রথমে ভেবেছিলেন, সকাল ৯টার দিকে নাশতায় ড্রাগন ফল খাওয়ার কারণে অভিনেতার হয়তো কোনো প্রতিক্রিয়া হয়েছে। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় বাংলালিংকের একটি টেলিভিশন বিজ্ঞাপনে অভিনয়ের মধ্য দিয়ে পর্দায় অভিষেক হয় সোহেল খানের। পরে ফারুকীর রাজনৈতিক ব্যঙ্গধর্মী ধারাবাহিক ‘৪২০’-এ অভিনয় করেন তিনি।
এরপর অসংখ্য টেলিভিশন নাটক, ধারাবাহিক ও টেলিফিল্মে অভিনয় করেন তিনি, যার মধ্যে রয়েছে ‘এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি’, ‘ভালোবাসার যৌথ খামার’ ও ‘নিমন্ত্রণ রইল সবার’।
এছাড়া চলচ্চিত্রে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও সহায়ক চরিত্রে অভিনয় করেছেন সোহেল খান। তার অভিনীত সিনেমার মধ্যে রয়েছে ‘নয় নম্বর বিপদ সংকেত’ ও ‘দারুচিনি দ্বীপ’ (২০০৭), ‘বউয়ের জ্বালা’ (২০০৭), ‘খোঁজ: দ্য সার্চ’ (২০১০), ‘প্রজাপতি’ (২০১১), ‘কমন জেন্ডার’ ও ‘লাল টিপ’ (২০১২), ‘ইঞ্চি ইঞ্চি প্রেম’ (২০১৩), ‘অনেক সাধের ময়না’ ও ‘দেশা: দ্য লিডার’ (২০১৪), ‘পরবাসিনী’ (২০১৭), ‘বীর’ (২০২০), ‘কেমনে কী!’ (২০২১) এবং ‘শান’ (২০২২)।
২০২৫ সালের ঈদে মুক্তি পাওয়া ‘জংলি’ সিনেমায় সর্বশেষ দেখা গেছে সোহেল খানকে।
তার মৃত্যুতে সহকর্মী শিল্পীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
২ দিন আগে