উচ্চশিক্ষার কে
আন্তর্জাতিক উচ্চশিক্ষার কেন্দ্র হবে বাংলাদেশ: শিক্ষামন্ত্রী
বাংলাদেশকে একটি আন্তর্জাতিক উচ্চশিক্ষা হাবে পরিণত করার লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
বুধবার (২৫ নভেম্বর) ঢাকায় মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির কাউন্সিলের ২৩তম সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা জানান।
শিক্ষামন্ত্রী বলেন, যুগের চাহিদার সঙ্গে সংগতিপূর্ণ শিক্ষাব্যবস্থার আলোকে প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় কেবল সনদ বিতরণের প্রতিষ্ঠান নয়, বরং হতে হবে উৎকর্ষের কেন্দ্র। শিক্ষা হতে হবে দক্ষতাভিত্তিক ও কর্মমুখী।
সততা, নিষ্ঠা, নৈতিক মূল্যবোধ ও দেশপ্রেমে উজ্জীবিত আগামীর প্রজন্ম গড়ে তুলতে সরকার কাজ করছে বলেও জানান তিনি।
এহছানুল হক মিলন বলেন, ‘আমরা বাংলাদেশকে একটি আন্তর্জাতিক উচ্চশিক্ষা হাবে পরিণত করার লক্ষ্যে কাজ করছি।’
দেশের বিশ্ববিদ্যালয়গুলো উৎকর্ষের কেন্দ্র হয়ে উঠবে এবং বিদেশি শিক্ষার্থীরাও এখানে পড়তে আসবে বলে তিনি আকাঙ্ক্ষা প্রকাশ করেন।
চতুর্থ শিল্পবিপ্লবের পথে এগিয়ে যেতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি), বিগ ডেটা ও রোবোটিকসের মতো ক্ষেত্রে জ্ঞানার্জন ও গবেষণার ওপরও গুরুত্বারোপ করেন শিক্ষামন্ত্রী।
এ লক্ষ্যে ইনস্টিটিউটটি অগ্রণী ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।
১ ঘণ্টা আগে