বুড়িমারী স্থলবন্দর
ঈদুল আজহা উপলক্ষে ৮ দিনের ছুটিতে বুড়িমারী স্থলবন্দর
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা ৮ দিন বন্ধ থাকছে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরের সকল ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম।
রবিবার (২৪ মে) বুড়িমারী স্থলবন্দরের সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নিয়াজ নাহিদ স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে এ তথ্য জানা গেছে।
আগামীকাল (সোমবার) থেকে ছুটিতে যাচ্ছে ত্রিদেশীয় বাণিজ্যিক কেন্দ্র খ্যাত বুড়িমারী স্থলবন্দর।
চিঠিতে উল্লেখ করা হয়, ধর্মপ্রাণ মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদ উল আজহার ছুটির বিষয়ে বুড়িমারী স্থলবন্দর ও ভারতের চ্যাংড়াবান্ধা স্থালবন্দরের ব্যবসায়ীদের সকল সংগঠনের নেতাদের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক আগামী ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত টানা ৮ দিন বন্ধ থাকবে বুড়িমারী স্থলবন্দরের সকল ধরনের আমদানি রপ্তানি কার্যক্রম। আগামী ২ জুন মঙ্গলবার যথারীতি বন্দরের সকল কার্যক্রম স্বাভাবিক থাকবে। তবে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়ত স্বাভাবিক থাকবে। উভয় দেশের কাস্টমস, বন্দর কর্তৃপক্ষ ও ব্যবসায়ী সংগঠনগুলোর মাঝে ছুটির পত্র বিনিময় করা হয়েছে।
বুড়িমারী স্থলবন্দরের সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক হোসেন বলেন, দুই দেশের ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা সাপেক্ষে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বুড়িমারী স্থলবন্দরের শুল্ক স্টেশন ও সিএনএফ কার্যক্রম সাপ্তাহিক ছুটিসহ ৮ দিন বন্ধ থাকবে। আগামী ২ জুন (মঙ্গলবার) হতে বুড়িমারী স্থলবন্দরের কার্যক্রম স্বাভাবিক হবে।
বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন ভারপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সাইফুর রহমান বলেন, আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্টধারীদের যাতায়ত স্বাভাবিক থাকবে।
বুড়িমারী স্থলবন্দর কর্তৃপক্ষের সহকারী পরিচালক (ট্রাফিক) মাহমুদুল হাসান বলেন, ঈদ উপলক্ষে বুড়িমারী স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানিসহ ব্যবসায়ী কার্যক্রম ৮ দিন বন্ধ রাখা হবে জানিয়ে চিঠি দিয়েছে বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন।
৩৩ দিন আগে
ভারতে নির্বাচন: ৪ দিন বন্ধ থাকছে বুড়িমারী স্থলবন্দর
ভারতের বিধান সভার নির্বাচনকে কেন্দ্র করে টানা ৪দিন বন্ধ থাকছে ‘ত্রিদেশীয় বাণিজ্যিক কেন্দ্র’ খ্যাত লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম।
সোমবার (২০ এপ্রিল) বিকেলে এক বিজ্ঞপ্তিতে বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এএসএম নিয়াজ নাহিদ এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারতের বিধান সভার নির্বাচন উপলক্ষ্যে ভারতের পশ্মিমবঙ্গের কুচবিহার জেলা ম্যাজিস্ট্রেট একটি আদেশ জারি করে গতকাল (সোমবার) পত্র পাঠান।
পত্রে বলা হয়েছে, বিধান সভার নির্বাচন উপলক্ষে মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) পর্যন্ত ভারতের চ্যাংরাবান্ধা ও বাংলাদেশের বুড়িমারী স্থলবন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।
বিধান সভার নির্বাচনের ছুটির সঙ্গে শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় স্থলবন্দর টানা ৪ দিন বন্ধ থাকবে। শনিবার (২৫ এপ্রিল) থেকে বন্দরের সকল কার্যক্রম পুনরায় চালু করা হবে।
এ ব্যাপারে এএসএম নিয়াজ নাহিদ বলেন, ভারতের বিধান সভা নির্বাচন ঘিরে মঙ্গলবার থেকে টানা ৪ দিন বুড়িমারী স্থলবন্দরে সকল ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। এই নোটিশটি ইতোমধ্যে সংশ্লিষ্ট সবাইকে পাঠানো হয়েছে।
বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশনের দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) সাইফুর রহমান বলেন, এই অবরুদ্ধ সময়ে ভারতে অবস্থানরত বাংলাদেশি শিক্ষার্থীরা যাতায়াত করতে পারবেন না। তবে যারা চিকিৎসাসেবা নিতে যাতায়াত করবেন, তাদের জন্য শিথিল করা হবে। এর মধ্যে ভুটান ও নেপালগামীরাও অর্ন্তভুক্ত বলে জানান তিনি।
৬৬ দিন আগে
১১ দিনের ছুটিতে বুড়িমারী স্থলবন্দর
পবিত্র শবে কদর, ঈদুল ফিতর ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরে টানা ১১ দিন আমদানি-রপ্তানিসহ সব ধরনের ব্যবসায়িক কার্যক্রম বন্ধ থাকবে। তবে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বৈধ পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক থাকবে।
বুড়িমারী কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্ট অ্যাসোসিয়েশন নিজেদের মধ্যে আলোচনা করে ছুটির এ সিদ্ধান্ত নিয়েছে। রবিবার (১৫ মার্চ) অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
সিদ্ধান্ত অনুযায়ী, সাপ্তাহিক ছুটিসহ আগামী ১৭ মার্চ থেকে শুরু হয়ে এই ছুটি চলবে ২৭ মার্চ পর্যন্ত। টানা ১১ দিন আমদানি-রপ্তানিসহ সব ধরনের ব্যবসায়িক কার্যক্রম বন্ধ থাকার পর ২৮ মার্চ থেকে বন্দরের বাণিজ্যিক কার্যক্রম পুনরায় শুরু হবে।
সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন সূত্রে জানা গেছে, দীর্ঘ এই ছুটির বিষয়টি আনুষ্ঠানিকভাবে দুই দেশের সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে জানানো হয়েছে। অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এএসএম নিয়াজ নাহিদ স্বাক্ষরিত একটি চিঠি বুড়িমারী স্থল শুল্ক স্টেশন, স্থলবন্দর কর্তৃপক্ষ, জেলা ও পুলিশ প্রশাসন, বিজিবি, ভারতের চ্যাংড়াবান্ধা কাস্টমস, বিএসএফ এবং ভুটানের সংশ্লিষ্ট শুল্ক কর্তৃপক্ষসহ উভয় দেশের পরিবহন ও শ্রমিক সংগঠনকে দেওয়া হয়েছে।
ফারুক হোসেন বলেন, পবিত্র শবে কদর, ঈদুল ফিতর এবং স্বাধীনতা দিবস উপলক্ষে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা সাপেক্ষে ১১ দিন বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও দুই দেশের মানুষের যাতায়াতে কোনো বিঘ্ন ঘটবে না।
বুড়িমারী স্থলবন্দর পুলিশ অভিবাসন চৌকির (ইমিগ্রেশন) ভারপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সাইফুর রহমান জানান, আমদানি-রপ্তানি বন্ধের চিঠি তারা পেয়েছেন। তবে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বৈধ পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীদের পারাপার অন্যান্য দিনের মতোই স্বাভাবিক থাকবে।
বুড়িমারী স্থলবন্দর কর্তৃপক্ষের সহকারী পরিচালক (ট্রাফিক) মাহমুদুল হাসান বলেন, ঈদকে কেন্দ্র করে ১১ দিন ব্যবসায়িক কার্যক্রম বন্ধ রাখার বিষয়ে সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন আমাদের চিঠি দিয়েছে। মূলত ব্যবসায়ীরা কাজ না করলে বন্দরের কার্যক্রমও স্বাভাবিকভাবেই বন্ধ থাকে।
অন্যদিকে, বুড়িমারী স্থল শুল্ক স্টেশনের উপকমিশনার মুহাম্মদ মহি উদ্দিন জানান, ১৭ থেকে ২৭ মার্চ পর্যন্ত আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকার বিষয়টি তারা লিখিতভাবে জেনেছেন। তবে এ সময়ে যাত্রী পারাপার চালু থাকার পাশাপাশি কাস্টমসের অভ্যন্তরীণ দাপ্তরিক কার্যক্রম সীমিত পরিসরে চালু থাকবে।
১০২ দিন আগে
টানা ৩ দিন বন্ধ বুড়িমারী স্থলবন্দর
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আজ বুধবার থেকে টানা ৩ দিন বন্ধ থাকবে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম। বুধবার ও বৃহস্পতিবার নির্বাহী আদেশে ছুটির সঙ্গে শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় টানা ৩ দিন বন্দরের কার্যক্রম বন্ধ থাকবে।
বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক হোসেন ও সাধারণ সম্পাদক এ এস এম নিয়াজ নাহিদ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন।
ফারুক হোসেন জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সরকারি নির্দেশনা মোতাবেক বুড়িমারী স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম ২ দিন ও সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারসহ মোট ৩ দিন বন্ধ রাখা হবে। আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম যথারীতি চলবে।
স্থলবন্দর সূত্র জানিয়েছে, ৯ ফেব্রুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি চিঠির বরাত দিয়ে বুড়িমারী স্থলবন্দরের প্রধান সমন্বয়কারী সংগঠন সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন একটি চিঠি ইস্যু করেছে। এতে জানানো হয়, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ১১ ও ১২ ফেব্রুয়ারি বিশেষ ছুটি থাকবে। এ কারণে বুড়িমারী স্থল শুল্ক স্টেশনের সিঅ্যান্ডএফ কার্যক্রম বন্ধ থাকবে।
এই বিশেষ ছুটির বিষয় চিঠিতে উল্লেখ করে ভারতের চ্যাংড়াবান্ধা, ভুটান ও বাংলাদেশের বুড়িমারীর কাস্টমস, বন্দর কর্তৃপক্ষ, বিজিবি-বিএসএফ কমান্ডার, আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশন, চালক, কর্মচারী ও শ্রমিক অ্যাসোসিয়েশন এবং বুড়িমারীর স্থানীয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক, বিভিন্ন গোয়েন্দা সংস্থা, বুড়িমারী পুলিশ ইমিগ্রেশনকে জানিয়েছে বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন।
অপরদিকে বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন সূত্র জানায়, একই দিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বহিরাগমন শাখা থেকে একটি চিঠি জারি করা হয়েছে। এতে নির্বাচন কার্যক্রম নির্বিঘ্ন করতে ১২ ফেব্রুয়ারি ভোর ৬টা থেকে ১৩ ফেব্রুয়ারি ভোর ৬টা পর্যন্ত স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বহির্গমনাগমন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
বুড়িমারী স্থলবন্দর পুলিশ ইমিগ্রেশনের উপপরিদর্শক (এসআই) সাইফুর রহমান নির্বাচন উপলক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি পাওয়ার কথা নিশ্চিত করেছেন।
১৩৬ দিন আগে
ভারতের অনুমতি মেলেনি, বুড়িমারীতে আটকে ভুটানের ট্রানশিপমেন্ট চালান
বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে থাইল্যান্ড থেকে আনা ভূটানের প্রথম পরীক্ষামূলক চালান ভারতের অনুমতি না পাওয়ার কারণে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে আটকা পড়ে আছে।
রবিবার (৩০ নভেম্বর) সকালে পর্যন্ত সড়কপথ ব্যবহার করে ভুটানে ট্রানশিপমেন্ট পণ্য পরিবহনের অনুমতি দেয়নি ভারতীয় কর্তৃপক্ষ। ফলে থাইল্যান্ড থেকে সমুদ্রপথে আসা ভুটানের পরীক্ষামূলক ট্রানশিপমেন্ট চালান বন্দরে আটকে রয়েছে।
জানা যায়, থাইল্যান্ডের ব্যাংক গত ৮ সেপ্টেম্বর ভুটানের আমদানিকারক প্রতিষ্ঠান আবিত ট্রেডিংয়ের মাধ্যমে কন্টেইনারে করে ছয় ধরনের পণ্য (ফল, জুস, জেলি, শুকনো ফল, লিচু স্বাদের ক্যান্ডি ও শ্যাম্পু) পাঠায়। ল্যাম চ্যাবাং বন্দর থেকে ছাড়ানো এসব পণ্য ২২ সেপ্টেম্বর চট্টগ্রাম সমুদ্রবন্দরে এসে পৌঁছায়। প্রথম কন্টেইনারটি সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান এনএম ট্রেডিং করপোরেশন ২৮ নভেম্বর বিকেল ৪টায় বুড়িমারী স্থলবন্দরে নিয়ে আসে।
বড়িমারী স্থলবন্দর সূত্রে জানা যায়, বাংলাদেশ থেকে ভারতের সড়কপথ হয়ে ভুটানে পৌঁছানোর জন্য যে অনুমোদন দরকার, চ্যাংড়াবান্ধা স্থলবন্দর কর্তৃপক্ষ তা পায়নি। ফলে ট্রানশিপমেন্ট কন্টেইনারটি বুড়িমারী বন্দরের ইয়ার্ডে গাড়িসহ অবস্থান করছে।
বুড়িমারী সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সদস্য ও বেনকো লিমিটেডের সত্ত্বাধিকারী ফারুক হোসেন জানান, চট্টগ্রাম থেকে আনা ভুটানের পরীক্ষামূলক ট্রানশিপমেন্ট চালান এখনও বুড়িমারীতেই আছে। ভারত অনুমোদন দেয়নি, তাই পাঠানো সম্ভব হয়নি। অনুমতি পেলে চালানটি ভুটানে পাঠানো হবে।
এ বিষয়ে বুড়িমারী স্থল শুল্ক স্টেশনের সহকারী কমিশনার (এসি) দেলোয়ার হোসেন বলেন, ‘ভুটানের চালানের কাস্টমস আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। ভারতীয় কাস্টমস থেকে অনুমতি পেলে পণ্য ভুটানের দিকে পাঠাতে পারব।’
উল্লেখ্য, বাংলাদেশ ও ভুটানের মধ্যে ২০২৩ সালের ২২ মার্চ একটি প্রটোকল চুক্তি সই হয়। পরে গত বছরের এপ্রিলে ভুটানে দুই দেশের বাণিজ্য সচিব পর্যায়ে বৈঠক হয়। সেখানে সিদ্ধান্ত হয়, বাংলাদেশের সমুদ্রবন্দর ও সড়কপথ এবং ভারতের সড়কপথ ব্যবহার করে ভুটানে পরীক্ষামূলকভাবে দুটি ট্রানশিপমেন্ট চালান পাঠানো হবে। এই সিদ্ধান্ত বাস্তবায়নে চট্টগ্রাম বন্দরে পৌঁছানো প্রথম কন্টেইনারটি সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান এনএম ট্রেডিং করপোরেশন গত ২৮ নভেম্বর বিকেল ৪টায় বুড়িমারী স্থলবন্দরে নিয়ে আসে। এরপর ২৮ ও ২৯ নভেম্বর বুড়িমারীর সিঅ্যান্ডএফ এজেন্ট বেনকো লিমিটেড কয়েকবার চেষ্টা করলেও ভারতের চ্যাংড়াবান্ধা স্থলবন্দর দিয়ে কন্টেইনারটি প্রবেশের অনুমতি পায়নি।
২০৯ দিন আগে
ঈদুল আজহা উপলক্ষে বুড়িমারী স্থলবন্দরে ১০ দিন আমদানি-রপ্তানি বন্ধ
লালমনিরহাট পাটগ্রাম উপজেলার পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বুড়িমারী স্থলবন্দরে ১০ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। তবে এ সময় আমদানি-রপ্তানি সকল কার্যক্রম বন্ধ থাকলেও পুলিশ অভিবাসন চৌকি (ইমিগ্রেশন) দিয়ে পাসপোর্টধারী মানুষ পারাপার ও বন্দরের অন্যান্য সরকারি কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে।
সোমবার (২ জুন) সকালে বুড়িমারী স্থলবন্দরের সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ এস এম নিয়াজ নাহিদ এ তথ্য নিশ্চিত করেছেন।
আগামী ৫ থেকে ১৪ জুন পর্যন্ত বুড়িমারী স্থলবন্দরের সিঅ্যান্ডএফের কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বুড়িমারী কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশন (সিঅ্যান্ডএফ)।
বুড়িমারী কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট (সিঅ্যান্ডএফ) অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক হোসেন বলেন, ঈদ উপলক্ষে ব্যবসায়ীদের সিদ্ধান্ত অনুযায়ী বুড়িমারী স্থল বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম সাপ্তাহিক ছুটিসহ টানা ১০ দিন বন্ধ থাকবে।
আরও পড়ুন: ঈদে ৮ দিন বন্ধ থাকবে বুড়িমারী স্থলবন্দর, অব্যাহত থাকবে যাত্রী চলাচল
বুড়িমারী স্থলবন্দরের (ইমিগ্রেশন পুলিশ) ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম বলেন, ঈদে বুড়িমারী স্থলবন্দর দিয়ে আমদানি ও রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও আমাদের ইমিগ্রেশন বন্ধ থাকবে না। এ সময় পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।
এ বিষয়ে বুড়িমারী স্থল শুল্ক স্টেশনের সহকারী কমিশনার (এসি) রাহাত হোসেন বলেন, ঈদুল আজহা উপলক্ষে ব্যবসায়ীরা আমদানি ও রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন, তবে এ সময় বুড়িমারী স্থল শুল্ক স্টেশনের কাস্টমস কার্যালয় খোলা থাকবে এবং পাসপোর্টধারী যাত্রী যাতায়াত চালু থাকবে।
৩৮৯ দিন আগে
ঈদে ৮ দিন বন্ধ থাকবে বুড়িমারী স্থলবন্দর, অব্যাহত থাকবে যাত্রী চলাচল
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাপ্তাহিক ছুটিসহ আট দিনের জন্য লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর ও শুল্ক স্টেশনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে পাসপোর্টধারী যাত্রীরা স্বাভাবিকভাবে যাতায়াত করতে পারবেন।
বুধবার (১৯ মার্চ) দুপুরে বুড়িমারী স্থলবন্দরের (সিঅ্যান্ডএফ) অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নিয়াজ নাহিদের সই করা এক চিঠির মাধ্যমে বুড়িমারী স্থলবন্দর সাপ্তাহিক ছুটিসহ আট দিন বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থলবন্দর সূত্র জানায়, বুড়িমারী স্থলবন্দরের সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সব সদস্যদের মতামতের ভিত্তিতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ২৯ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত বুড়িমারী স্থলবন্দর ও ভারতীয় চ্যাংরাবান্ধা স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। উভয় দেশের কাস্টমস, বন্দর কর্তৃপক্ষ ও ব্যবসায়ী সংগঠনগুলোর মাঝে ছুটির পত্র বিনিময় করা হয়েছে।
রবিবার (৬ এপ্রিল ) থেকে যথারীতি বন্দরের কার্যক্রম স্বাভাবিক থাকবে।
আরও পড়ুন: হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু
বুড়িমারী স্থলবন্দরের (সিঅ্যান্ডএফ) অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক হোসেন বলেন, দুই দেশের ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা সাপেক্ষে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বুড়িমারী স্থল বন্দরের শুল্ক স্টেশন ও সিঅ্যান্ডএফ কার্যক্রম সাপ্তাহিক ছুটিসহ আট দিন বন্ধ থাকবে। আগামী ৬ এপ্রিল বন্দরের কার্যক্রম শুরু হবে।
বুড়িমারী স্থলবন্দর পুলিশ অভিবাসন চৌকির (ইমিগ্রেশন) ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম বলেন, বুড়িমারী স্থল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে।
৪৬৪ দিন আগে
বুড়িমারী স্থলবন্দরে ভারতীয় মালামাল জব্দ, ট্রাকচালক গ্রেপ্তার
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর দিয়ে অবৈধভাবে আসা প্রায় লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ করা হয়েছে। এ সময় মালামালগুলো বহন করা ট্রাকচালককে গ্রেপ্তার করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (১৪ ডিসেম্বর) রাতে ৬১ বিজিবি তিস্তা-২ ব্যাটালিয়নের বুড়িমারী বিওপির টহল কমান্ডার সুবেদার আবুল কাশেম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
ভারতীয় ট্রাকচালক ফিরোজ রহমান (৩৪) কুচবিহার জেলার চ্যাংড়াবান্ধা থানার ১৫৪ নগর চ্যাংড়াবান্ধার বাসিন্দা।
আরও পড়ুন: সিলেটে প্রায় দেড় কোটি টাকার চোরাচালানের মালামাল জব্দ
বিজিবি জানায়, সীমান্তের ৮৪২/১ এস নম্বর মেইন পিলারের কাছে বাংলাদেশের অভ্যন্তরে বুড়িমারী আইসিপিতে মালামালসহ ভারতীয় ট্রাক ও ট্রাকচালক ফিরোজ রহমানকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে মদ এক বোতল, ত্বক ফর্সা করা ক্রিম ৩৯০টি, শীসা তেল ১৬টি, পোকো মোবাইল একটি, ভারতীয় সিম একটি, ভারতীয় মুদ্রা ১ হাজার ১৯০ রুপি, সৌদি মুদ্রা ৫ রিয়াল জব্দ করা হয়।
জব্দ মালামালের মূল্য প্রায় ১লাখ ৪৫ হাজার ২৩৫ টাকা হবে বলেও জানান তিনি।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান সরকার বলেন, ‘এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে থানায় একটি মামলা হয়েছে। গ্রেপ্তার ভারতীয় নাগরিককে আদালতে পাঠানো হবে।’
আরও পড়ুন: সিলেটে দুইদিনে পৌনে ২ কোটি টাকার চোরাচালানের মালামাল জব্দ
৫৫৯ দিন আগে
বুড়িমারী স্থলবন্দরে ভারত ফেরত ৩ শিক্ষার্থীর করোনা পজিটিভ
ভারতে থেকে বুড়িমারী স্থলবন্দ দিয়ে আসা বাংলাদেশি তিন শিক্ষার্থীর করোনা পজিটিভ ফলাফল এসেছে।
ওই তিন শিক্ষার্থী বুড়িমারী স্থলবন্দরে প্রতিষ্ঠানিক আবাসিক হোটেল সাম টাইমে কোয়ারেন্টাইনে রয়েছেন। উপজেলা প্রসাশন তাদের নজরদারিতে রেখেছেন।
রবিবার (১৬ মে) সন্ধ্যায় লালমনিরহাটের সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায় বলেন, তিন শিক্ষার্থীর করোনা ভারতীয় ভ্যারিয়েন্ট কি না তা পরীক্ষার জন্য নমুনা ঢাকা পাঠানো হবে।
আরও পড়ুন: ঢাকায় ১৪ দিন পর ফেরার অনুরোধ স্বাস্থ্য অধিদপ্তরের
এদিকে রবিবার দুপর ২টায় ভারত থেকে এক বাংলাদেশি বুড়িমারী স্থলবন্দর হয়ে বাংলাদেশে প্রবেশ করেছেন। বাংলাদেশি ৫ সদস্যর একটি পরিবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি না পাওয়ায় ভারতের চ্যাংরাবান্ধা থেকে ফেরত গেছেন বলে বুড়িমারী ইমিগ্রেশন পুলিশ জানিয়েছে।
জানা গেছে, করোনাভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট (ধরন) ছড়িয়ে পড়ার আশঙ্কায় ২৬ এপ্রিল বাংলাদেশ থেকে ভারতের সব সীমান্ত বন্ধ করে দেয়া হয়। এ সময় ভারতের বিভিন্ন স্কুল-কলেজে পড়াশোনা করা শিক্ষার্থী ও চিকিৎসা নিতে যাওয়া বাংলাদেশিরা আটকে যান ভারতে। পরবর্তীতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিয়ে কোয়ারেন্টাইনে থাকাসহ নানা শর্তে তারা দেশে প্রবেশের অনুমতি পান।
ভারতের সঙ্গে সীমান্ত বন্ধের পর লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর দিয়ে গত ২৬ এপ্রিল থেকে ভারতের বাংলাদেশ দূতাবাসের অনুমতি নিয়ে রবিবার বিকাল ৫টা পর্যন্ত দেশটিতে আটকে পড়া শিক্ষার্থীসহ ২০২ জন দেশে ফিরেছেন। বুড়িমারী স্থলবন্দরে বর্তমানে পাচঁটি আবাসিক হোটেলে ৮৩ জন প্রতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছেন। ১০১ জনকে লালমনিরহাট সদর হাসপাতালে প্রতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তাদের সবাইকে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। একই সময়ে ভারতে ফিরে গেছেন ১০৬ জন।
এদিকে দুই ধাপে ৩৫ জনের করোনা নেগেটিভ আসায় উপজেলা প্রসাশন তাদের ছাড়পত্র দিয়ে ছেড়ে দিয়েছে।
আরও পড়ুন: করোনায় ২৪ ঘণ্টায় আরও ২৫ মৃত্যু, শনাক্ত ৬.৬৯ শতাংশ
পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুর রহমান বলেন, ‘বুড়িমারী স্থলবন্দর দিয়ে ভারত থেকে ফেরত আসা তিন শিক্ষার্থীর শরীরে করোনা পজিটিভ ফল এসেছে, তারা বর্তমানে সুস্থ রয়েছেন।’
তিনি বলেন, ‘তাদের শরীরে ভারতীয় ভ্যারিয়েন্ট আছে কি না জানার জন্য তাদের নমুনা সংগ্রহ করে আইডিসিআর-এ পাঠাব। বর্তমানে তিন শিক্ষার্থী আমাদের নজরে আছেন।’
১৮৬৭ দিন আগে
বুড়িমারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন শিক্ষার্থীসহ ১২ জন
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর দিয়ে ভারতে আটকে পড়া শিক্ষার্থীসহ ১২ জন বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রী দেশে ফিরেছেন। কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন থেকে অনুমতিপত্র নিয়ে বুড়িমারী চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে তারা দেশে ফেরেন।
শুক্রবার দুপুরে ভারতে আটকে পড়া শিক্ষার্থীসহ ১২ জন বাংলাদেশিকে বুড়িমারীতে বিশেষ ব্যবস্থায় কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেন বুড়িমারী ইমিগ্রেশনের ইনচার্জ আনোয়া হোসন।
আরও পড়ুন: ভারত থেকে অবৈধ পথে বাংলাদেশে আসার সময় সাতক্ষীরা সীমান্তে আটক ৪
বুড়িমারী ইমিগ্রেশন সূত্রে জানা যায়, বুড়িমারী স্থলবন্দর দিয়ে গত বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সন্ধ্যা পর্যন্ত দুই দেশের ১৬ জন যাত্রী পারাপার হয়েছেন। এদের মধ্যে ৪ ভারতীয় নাগরিক অনুমতি নিয়ে ভারতে প্রবেশ করেন। বাংলাদেশ থেকে চিকিৎসার জন্য ভারতে আটকে পড়া ১২ বাংলাদেশি নাগরিকরা বুড়িমারী চেকপোস্ট দিয়ে দেশে প্রবেশ করেন। এদের মধ্যে দার্জিলিং থেকে আসা ঢাকার ৬ শিক্ষার্থী ও চট্রগ্রামের ৩ জন ও রংপুর হারাগাছ এলাকার ৩ জন রয়েছেন। তাদেরকে পাটগ্রাম উপজেলা প্রসাশন বুড়িমারী স্থলবন্দরের আবাসিক হোটেল সামটাইমে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
বুড়িমারীতে আটকে পড়া যাত্রী জাহিদুল ইসলাম বলেন, ভারতে চিকিৎসার জন্য গিয়ে সেখানে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় চিকিৎসা না নিয়ে ফিরত হয়েছে। তবে এই যাত্রী জানান, আর্থিক সংকটের কারণে নিজ পরিবারের অন্য দুইজনসহ প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকা তার পক্ষে সম্ভব না।
আরও পড়ুন: বাংলাদেশ-ভারত সীমান্ত বন্ধ থাকবে ১৪ দিন: পররাষ্ট্রমন্ত্রী
বুড়িমারী ইমিগ্রেশনের ইনচার্জ আনোয়ার হোসন বলেন, যারা ভারতে চিকিৎসার জন্য গিয়ে আটকে পড়েছে শুধু তারাই কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন থেকে অনুমতি নিয়ে দেশে ফিরছেন। এছাড়া সে সব পাসপোর্টধারী যাত্রীরা দেশে ফিরছেন তাদের বাধ্যতামূলক বুড়িমারী কয়েকটি আবাসিক হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হচ্ছে বলে তিনি জানান।
বুড়িমারী স্থল বন্দরের স্বাস্থ্য উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার রাসেল আহম্মেদ জানান, ভারত থেকে আসা বাংলাদেশি যাত্রীদের করোনা নেগেটিভ সার্টিফিকেট ও শরীরের তাপমাত্রা, ঠান্ডা, কাশি ও এলার্জিজনিত বিষয়গুলো আছে কিনা তা যাচাই করে তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হচ্ছে।
১৮৮৩ দিন আগে