ক্রিকেট
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ: টানা দ্বিতীয় জয়ে যুবাদের প্রধান উপদেষ্টার অভিনন্দন
ভারতকে ৫৯ রানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। দেশের যুবাদের এই জয়ে তাদের অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
রবিবার (৮ ডিসেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে প্রথমে ব্যাট করতে নেমে ৪৯.১ ওভারে ১৯৮ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। ১৯৯ রানের লক্ষ্য তাড়ায় নেমে ৩৫.২ ওভারেই সাঙ্গো হয় ভারতের ইনিংস। মাত্র ১৩৯ রান তুলতে হয় তারা। ফলে ৫৯ রানের জয় পায় বাংলাদেশ।
আরও পড়ুন: এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতল বাংলাদেশ
এই প্রতিযোগিতার প্রথম ৯ আসরে একবারও শিরোপা জয় করতে না পারলেও ২০২৩ সাল থেকে টানা দুবার চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেল বাংলাদেশ। গত বছর এই মাঠেই স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে ফাইনালে হারায় বাংলাদেশের যুবারা।
দেশের জন্য গৌরব অর্জন করায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের উদ্দেশে অভিনন্দন বার্তায় প্রধান উপদেষ্টা বলেছেন, ‘বিজয়ের মাসে আন্তর্জাতিক বিজয়ের জন্য গর্বিত জাতির পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি।’
৪৫৩ দিন আগে
কিংস্টন টেস্ট: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১০১ রানে ঐতিহাসিক জয় বাংলাদেশের
ক্যারিবীয় অঞ্চলের সাবিনা পার্কে দ্বিতীয় টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ১০১ রানে হারিয়ে দুই ম্যাচের সিরিজে ১-১ সমতা এনেছে বাংলাদেশ।
২০০৯ সালের পর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে এটি বাংলাদেশের প্রথম টেস্ট জয়। এই সিরিজে বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম এবং ব্যাটার জাকের আলী তারকা খেলোয়ার হিসাবে আবির্ভূত হন।
চতুর্থ ইনিংসে ৫০ রানে ৫ উইকেট নিয়ে ২৮৭ রানের লক্ষ্য অর্জন করতে নেমে ১৮৫ রানে গুটিয়ে যাওয়া ওয়েস্ট ইন্ডিজকে গুঁড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তাইজুল।
টেস্টে এটি তাইজুলের ১৫তম এবং ক্যারিবিয়ান মাটিতে তার প্রথম পাঁচ উইকেট শিকার। তাকে সমর্থন করেন পেসার হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও নাহিদ রানা। তারা সম্মিলিতভাবে আরও উইকেট নেন।
দ্বিতীয় ইনিংসে জাকের আলীর দ্রুত করা ৯১ রান ইনিংসে বাংলাদেশকে এগিয়ে দেয়।
৫ উইকেটে ১৯৩ রানে চতুর্থ দিন শুরু করা জাকের সকালের সেশনে দলের ৭৫ রানের মধ্যে ৬২ রান নেন। দিনের শুরুতে আলজারি জোসেফের হেলমেটে আঘাত পেলেও পাঁচটি ছক্কা ও আটটি বাউন্ডারির সাহায্যে পাল্টা আক্রমণাত্মক ইনিংস খেলেন জাকের। তার প্রচেষ্টায় বাংলাদেশকে ২৬৮ রানে পৌঁছিয়ে চ্যালেঞ্জিং টার্গেট নির্ধারণ করা হয়।
ওয়েস্টইন্ডিজ লক্ষ্য অর্জনের প্রতিশ্রুতিবদ্ধ চেষ্টায় শুরু করে অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট ৪৩ ও কাভেম হজ ৫৫ রান করেন।
আরও পড়ুন: উন্মোচিত হলো বিপিএলের মাসকট ‘ডানা ৩৬’
কিন্তু তাইজুলের স্পিন ওয়েস্টইন্ডিজের প্রধান ব্র্যাথওয়েট ও কামেভ হজের গুরুত্বপূর্ণ মিডল অর্ডার ভেঙে দেয়।
বাংলাদেশের বোলাররা সাবিনা পার্কের পিচের অসম বাউন্স এবং টার্নকে পুঁজি করায় মাত্র ৪২ রানে স্বাগতিক দলের শীর্ষ ছয় উইকেটের পতন ঘটে।
প্রথম টেস্টে বড় ব্যবধানে হারের পর বাংলাদেশের জয়টি ছিল উল্লেখযোগ্য পরিবর্তন।
মেহেদী বলেন, ‘প্রথম ইনিংসে নাহিদ, তাসকিন ও হাসান মাহমুদ অসাধারণ ভূমিকা রাখেন। দ্বিতীয় ইনিংসে তাইজুল অসাধারণ পারফর্ম করেন।’
ওয়েস্ট ইন্ডিজের জন্য পরাজয় তাদের ক্রমাগত ব্যাটিং দুর্বলতাই সামনে উঠে আসে। রানের লক্ষ্য অর্জন করতে নেমে ভালো সূচনা করলেও সুশৃঙ্খল বাংলাদেশের বোলিংয়ের বিপক্ষে লড়াই করে তারা।
ব্র্যাথওয়েট বলেন, 'ব্যাটিং গ্রুপের ধারাবাহিকতা ও কঠোর পরিশ্রম দরকার।’
চলতি ২০২৪ সালে এটি বাংলাদেশের চতুর্থ টেস্ট জয়। এটি টেস্ট ক্রিকেটে তাদের সেরা বছর হিসেবে পরিগণিত। এটি অতীতের অবস্থার তুলনায় তাদের ক্রমবর্ধমান আত্মবিশ্বাসও প্রমাণ করেছে। জাকের এবং রানার মতো উভয় তরুণ ও জ্যেষ্ঠ খেলোয়াড়দের অবদান রয়েছে।
দুই দলই এখন টেস্ট সিরিজে তিনটি করে ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে।
আরও পড়ুন: বাংলাদেশ দৃষ্টিহীন ক্রিকেট দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
৪৫৭ দিন আগে
ব্র্যাডম্যানের বিখ্যাত ‘ব্যাগি গ্রিন’ টুপি নিলামে
সর্বকালের সেরা ব্যাটার অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার স্যার ডন ব্র্যাডম্যানের বিখ্যাত ব্যাগি গ্রিন টুপিটি নিলামে উঠেছে। নিলামে টুপিটে বিক্রি হয়েছে ৪ লাখ ৭৯ হাজার ৭০০ অস্ট্রেলিয়ান ডলারে বাংলাদেশি মুদ্রায় যা ৩ কোটি ৭২ লাখ টাকার কিছু বেশি।
বিখ্যাত ব্রিটিশ নিলামকারী প্রতিষ্ঠান বোনহ্যামস টুপিটি নিলামে তোলে। নিলাম অনুষ্ঠানে টুপিটিকে ‘সূর্যে রং জ্বলে যাওয়া ও জীর্ণ’ বলে উপস্থাপন করা হয়। তবে তা বিশেষ এই টুপিটির মূল্য নির্ধারণে কোনো প্রভাব ফেলেনি। নিলামের ওঠার ১০ মিনিটের মধ্যেই সেটি বিক্রি হয়ে যায়।
৩ লাখ ৯০ হাজার অস্ট্রেলিয়ান ডলারে টুপিটি বিক্রি হয়। এর সঙ্গে নিলামঘরের ফি যুক্ত করে মোট মূল্য নির্ধারণ করা হয়।
১৯৪৭-৪৮ সালে ভারতের অস্ট্রেলিয়া সফরের সময় টুপিটি পরেছিলেন স্যার ব্র্যাডম্যান। ওই সিরিজে তিনি প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের শততম সেঞ্চুরি করেন। ঘরের মাঠে সেটিই ছিল তার শেষ সিরিজ।
৪৫৮ দিন আগে
বাংলাদেশ দৃষ্টিহীন ক্রিকেট দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
পাকিস্তানে অনুষ্ঠিত টি-টোয়েন্টি ব্লাইন্ড ক্রিকেট বিশ্বকাপে রানার্সআপ হওয়ায় বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
পাকিস্তানে গত ২১ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত এই সিরিজটি অনুষ্ঠিত হয়।
দলকে পাঠানো এক বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, তাদের অর্জনে গোটা জাতি গর্বিত।
আরও পড়ুন: সার্ক পুনরুজ্জীবিত হলে মানুষ সুফল পাবে: প্রধান উপদেষ্টা ড. ইউনূস
মঙ্গলবার (৩ ডিসেম্বর) মুলতানে স্বাগতিক পাকিস্তানের কাছে ১০ উইকেটে হেরেছে বাংলাদেশ। লাহোর ও মুলতানে অনুষ্ঠিত টুর্নামেন্টের চতুর্থ আসরে ছয়টি দেশ- পাকিস্তান, বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, নেপাল, শ্রীলঙ্কা ও আফগানিস্তান অংশ নেয়।
২০২২ সালে ভারতে অনুষ্ঠিত আগের আসরেও রানার্সআপ হয়েছিল বাংলাদেশ।
৪৫৮ দিন আগে
উন্মোচিত হলো বিপিএলের মাসকট ‘ডানা ৩৬’
জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে বিপিএলের আসন্ন আসর নিয়ে মহাপরিকল্পনা সাজিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই উদ্যোগের অংশ হিসেবে রবিবার (০১ ডিসেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘তারুণ্যের উৎসব ২০২৫’ শীর্ষক এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়।
তরুণ ও যুব সমাজকে উদ্বুদ্ধ করতে দেশব্যাপী এই আয়োজনের মিডিয়া লঞ্চিং প্রোগ্রামে তারুণ্যের উৎসব ২০২৫-এর লোগো এবং আসন্ন বিপিএলের অফিশিয়াল মাসকট ‘ডানা ৩৬’ উন্মোচন করেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
এসময় উপদেষ্টা বলেন, জাতীয় ঐক্য বজায় রেখে দেশ পুনর্গঠন ও রাষ্ট্রসংস্কারে এগিয়ে যাওয়াই এই তারুণ্যের উৎসবের মূল লক্ষ্য। এই আয়োজন সফল করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই।
তিনি বলেন, শোককে শক্তিতে রূপান্তর করার জন্য ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শীর্ষক স্লোগান নিয়ে আয়োজিত হতে যাচ্ছে তারুণ্যের উৎসব ২০২৫, যা অনুষ্ঠিত হবে এ বছরের ৩০ ডিসেম্বর থেকে আগামী বছরের ৮ ফেব্রুয়ারি পর্যন্ত।
আরও পড়ুন: বিপিএলের সূচি প্রকাশ
আসিফ মাহমুদ বলেন, আমরা সুখে-দুঃখে, আনন্দ-বেদনায় সবসময় জুলাই বিপ্লবের শহীদদের স্মরণ করতে চাই। তাদের ত্যাগের স্পৃহা বাস্তবায়নে কাজ করে যেতে চাই। খেলাধুলা আমাদের ঐক্যবদ্ধ করে, বিশেষ করে ক্রিকেট আমাদের ঐক্যবদ্ধ করে। ভিন্ন ক্ষেত্রে যতই মতভেদ থাকুক না কেন, খেলাধুলার ক্ষেত্রে আমরা সবাই একত্রিত হয়ে যাই।
‘ডানা ৩৬’ মাসকটটি সাম্প্রতিক ছাত্র-জনতার আন্দোলন ও রাজনৈতিক পরিবর্তনের প্রতীক হিসেবে ডিজাইন করা হয়েছে। এটি বাংলাদেশের স্বাধীনতার চেতনা ও ক্রীড়ামোদীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার প্রতীক হিসেবে চিত্রিত করা হয়েছে।
পায়রার আকৃতির ৩৬টি রঙিন পালকবিশিষ্ট এই মাসকটটি শান্তি, স্থিতিস্থাপকতা এবং জাতির শক্তি ও ঐক্যের প্রতীক।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক মিজ্ লামিয়া মোরশেদ, বিসিবি সভাপতি ফারুক আহমেদ, বাংলাদেশ জাতীয় দলের বর্তমান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, সাবেক অধিনায়ক তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। তাদের পাশাপাশি নারী ক্রিকেট দলের সদস্য এবং ফুটবলসহ অন্যান্য ক্রীড়া ফেডারেশনের কর্মকর্তারা ও খেলোয়াড়রা অনুষ্ঠানটিকে রঙিন করে তোলেন।
আরও পড়ুন: বিপিএলে সাকিবকে পাওয়া নিয়ে সংশয়ে রংপুর
৪৬০ দিন আগে
নওগাঁয় অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতা শুরু
বিসিবি আয়োজিত ২০২৪-২৫ সালের রাজশাহী বিভাগের ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতার বি গ্রুপের খেলার উদ্বোধন করা হয়েছে।
রবিবার (১ ডিসেম্বর) সকালে নওগাঁ জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় নওগাঁ স্টেডিয়ামে এ খেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ আব্দুল আউয়াল।
বি-গ্রুপে রয়েছে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ ও জয়পুরহাট জেলা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন, জেলা ক্রীড়া কর্মকর্তা আরিফুজ্জামান, জাতীয় দলের সাবেক ফুটবলার এনামুল হক, জেলা ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, আম্পায়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও বিসিবির টিকিট কোচ সেলিম হোসেন সাবু, সাবেক ফুটবলার গোলাম রাব্বানী সাজ্জু, সাবেক ক্রিকেট খেলোয়ার রুহুল কুদ্দুস পলাশ, শামীনুর রহমান শামীম, ছাত্র সমন্বয়ক ফজলে রাব্বি, মেহেদীসহ উভয় দলের খেলোয়াড়, কোচ, ম্যানেজার ও বিভিন্ন অতিথিরা।
আঞ্চলিক পর্যায়ের এ ক্রিকেট খেলার প্রথম দিন রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলার মধ্যে ম্যাচ অনুষ্ঠিত হয়।
৪৬০ দিন আগে
এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতল বাংলাদেশ
আয়ারল্যান্ডকে টানা দুই ম্যাচ হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতেছে বাংলাদেশের মেয়েরা। প্রথম ওয়ানডেতে ১৫৪ রানের বড় ব্যবধানে জয়ের পর ৫ উইকেটে দ্বিতীয় ওয়ানডে জিতেছেন নিগার সুলতানারা।
শনিবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরুতে ব্যাট করে ৬ উইকেটে ১৯৩ রান করেন আইরিশ মেয়েরা। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে এটাই তাদের সর্বোচ্চ সংগ্রহ।
দলের হয়ে ৮৮ বলে সর্বোচ্চ ৬৮ রান করেন অধিনায়ক এমি হান্টার। এছাড়া ওরলা প্রেন্ডেরগাস্ট ৩৭ ও লাউরা ডেলানি ৩৩ রান করেন।
বাংলাদেশের পক্ষে সুলতানা খাতুন ১০ ওভারে ৩২ রান দিয়ে দুটি উইকেট নেন।
১৯৪ রানের লক্ষ্য তাড়ায় নেমে ৪৩.৫তম ওভারে পাঁচ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছায় বাংলাদেশ।
বাঘিনীদের হয়ে ব্যাট হাতে ৮৯ বলে সর্বোচ্চ ৫০ করেন ফারজানা। এছাড়া সুপ্তার ব্যাট থেকে আসে ৬৩ বলে ৪৩ রান, জ্যোতি ফেরেন ৩৯ বলে ৪০ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে। শেষে ২৯ বলে ২৯ রান করে অপরাজিত ছিলেন স্বর্ণা।
মিরপুরে নারী ওয়ানডে ক্রিকেটে এটিই সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড। এর আগে ১৬৭ রানের তাড়ায় পাকিস্তানকে হারিয়েছিল বাংলাদেশ। তবে ভারতের বিপক্ষে ২২৫ রান তাড়ায় ম্যাচটি টাই হয়েছিল।
৪৬১ দিন আগে
৪২ রানে অলআউট হয়ে শ্রীলঙ্কার লজ্জার রেকর্ড
প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকাকে ১৯১ রানে থামালেও মার্কো ইয়ানসেনের আগুনে বোলিংয়ে পুড়ে ছাই হয়ে গেল শ্রীলঙ্কার ব্যাটিং লাইন আপ। আর এর ফলে দুটি লজ্জার রেকর্ড নিজেদের নাম লেখাল তারা।
ডারবানে সিরিজের প্রথম টেস্টে নিজেদের প্রথম ইনিংসে মাত্র ১৩.৫ ওভারে ৪২ রানে গুটিয়ে গেছে শ্রীলঙ্কা।
নিজেদের টেস্ট ইতিহাসে এটিই শ্রীলঙ্কার সর্বনিম্ন স্কোর। এর আগে কখনোই ৫০ রানের নিচে অলআউট হয়নি দলটি।
এর আগে টেস্টে লঙ্কানদের সর্বনিম্ন স্কোর ছিল ৭১। ১৯৯৪ সালে পাকিস্তানের বিপক্ষে গড়া এই লজ্জার রেকর্ডটি ম্লান হয়েছে আজ। এছাড়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এটিই কোনো দলের সর্বনিম্ন ইনিংস। এর আগে, ২০১৩ সালে নিউজিল্যান্ডকে ৪৫ রানে গুটিয়ে দিয়েছিল প্রোটিয়ারা।
আরও পড়ুন: ভারতের বিষয়ে আইসিসির কাছে ব্যাখ্যা চেয়েছে পিসিবি
এদিন মাত্র ১৩.৫ ওভারেই শেষ হয় শ্রীলঙ্কার ইনিংস। টেস্ট ক্রিকেটের দেড়শ বছরের ইতিহাসের এর চেয়ে ছোট ইনিংস রয়েছে আর মাত্র একটি। ১৯২৪ সালের জুনে ইংল্যান্ডের বিপক্ষে মাত্র ১২.৩ ওভারে গুটিয়ে গিয়ে টেস্ট ইতিহাসের সবচেয়ে ক্ষণস্থায়ী ইনিংসের বিব্রতকর রেকর্ডটি গড়ে এই দক্ষিণ আফ্রিকাই। ওই ইনিংসে তারা তুলেছিল ৩০ রান। সেই ঘটনার ১০০ বছর পর ঘটল অমন আরেকটি অঘটন। টেস্ট ক্রিকেটে ১৫ ওভারের আগে কেবল এই দুটি ইনিংসই শেষ হয়েছে।
৪৬৩ দিন আগে
তিন পেসার নিয়ে বোলিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের
নিজের ৫০তম টেস্টে অধিনায়কত্বের অভিষেক ম্যাচেই টস ভাগ্য গিয়েছে মেহেদী হাসান মিরাজের পক্ষে। স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুরুতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
অ্যান্টিগার স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামছে মিরাজ অ্যান্ড কোং।
প্রথম টেস্টে ক্যারিবীয়দের চার পেসারের বিপরীতে দুজন স্পিনার ও তিনজন পেসার নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। অধিনায়ক মিরাজের সঙ্গে স্পিনার হিসেবে একাদশে রয়েছেন তাইজুল ইসলাম। আর পেসার হিসেবে রয়েছেন তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও হাসান মাহমুদ।
পাকিস্তানে দুই টেস্টের সিরিজে ঐতিহাসিক জয় পেলেও ভারত সফরে গিয়ে বিপরীত অভিজ্ঞতা হয় বাংলাদেশের। এরপর দেশে ফিরে দক্ষিণ আফ্রিকার বোলিং আক্রমণের সামনে টিকতেই পারেননি বাংলাদেশের ব্যাটাররা। ফলে একপ্রকার লড়াই ছাড়াই সিরিজ হারতে হয় টাইগারদের।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চলমান চক্রে এটিই বাংলাদেশের শেষ সিরিজ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিতে শেষটা নিশ্চিতভাবেই রাঙিয়ে রাখতে চাইবেন দেশের ক্রিকেটাররা।
আরও পড়ুন: মুরাদের হ্যাটট্রিকে ওয়েস্ট ইন্ডিজে প্রস্তুতি শেষ করেছে বাংলাদেশ
অবশ্য কাজটা মোটেই সহজ হবে না বাংলাদেশের জন্য। চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজ সফরে নেই অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও ব্যাটিংয়ে ভরসার নাম মুশফিকুর রহিম। এমন অবস্থায় জাকের আলী, শাহাদাত হোসেন দিপু ও মাহিদুল ইসলাম অঙ্কনের মতো তরুণদের ওপর ভরসা রাখতে হচ্ছে সফরকারীদের।
বাংলাদেশ একাদশ: মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, শাহাদাত হোসেন দিপু, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলী অনিক, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ক্রেইগ ব্রেথওয়েট (অধিনায়ক), মিকাইল লুই, আলিক আথানেজ, কেসি কার্টি, জশুয়া ডা সিলভা, জাস্টিন গ্রিভস, কাভেম হজ, আলজারি জোসেফ, শামার জোসেফ, কেমার কোচ, জেইডেন সিলস।
৪৬৯ দিন আগে
ঢাকায় পৌঁছেছে আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে শুক্রবার সকালে ঢাকায় এসে পৌঁছেছে আয়ারল্যান্ড জাতীয় নারী ক্রিকেট দল।
এই সফরে আয়ারল্যান্ড দলের নেতৃত্ব পেয়েছেন গ্যাবি লুইস। পুর্ণাঙ্গ অধিনায়ক হিসেবে এটিই তার প্রথম সফর। এছাড়া দলের বাকি ক্রিকেটাররাও বেশ তরুণ।
আগামী ২৭ নভেম্বর শুরু হবে ওয়ানডে সিরিজ। বাকি দুই ম্যাচ হবে ৩০ নভেম্বর ও ২ ডিসেম্বর। ওয়ানডে ফরম্যাটের সবগুলোই হবে মিরপুর স্টেডিয়ামে। প্রতিটি ম্যাচই শুরু হবে সকাল ১০ টায়।
ওয়ানডে সিরিজ শেষ করে দুই দল চলে যাবে সিলেটে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে তিন ম্যাচ টি–টোয়েন্টি সিরিজ। আগামী ৫, ৭ ও ৯ ডিসেম্বর মাঠে গড়াবে ম্যাচগুলো।
এই সিরিজের আগে আয়ারল্যান্ডের বিপক্ষে ছয়টি ওয়ানডে খেলে তিনটিতে জিতেছে বাংলাদেশ। দুটি ম্যাচ ফলাফল ছাড়াই শেষ হয় এবং হেরেছে একটিতে।
বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), মুর্শিদা খাতুন, ফারজানা হক পিংকি, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, রাবেয়া খান, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, জাহানারা আলম, সুলতানা খাতুন, তাজ নেহার, সানজিদা আক্তার মেঘলা।
আয়ারল্যান্ড ওয়ানডে স্কোয়াড: গ্যাবি লুইস (অধিনায়ক), আভা ক্যানিং, ক্রিস্টিয়ানা রিয়ালি, লরা দিলানি, সারাহ ফোর্বস, এমি হান্টার, আরলেনে কেলি, এইমি মাগুইরি, সারা মারে, লিহ পল, অরলা প্রেনডারজাস্ট, রেয়মন্ড হোয়ে, ফ্রেয়া সারজেন্ট, অ্যালিস টেকটর।
৪৬৯ দিন আগে