ঢাকা
চাঁদপুরে ইলিশ ধরার অপরাধে ৩০ জনকে জেলে প্রেরণ
চাঁদপুরের হাইমচরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে মেঘনা নদীতে যৌথ অভিযান চালিয়ে ৩২ জেলেকে আটক করেছে উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও কোস্টগার্ড। আটকদের মধ্যে ৩০ জনকে ১৮ দিন করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যা থেকে রাত পৌনে ১১টা পর্যন্ত উপজেলার মেঘনা নদীর বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়। অপ্রাপ্তবয়স্ক হওয়ায় দুজন ছেলেকে মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
হাইমচর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মাহবুব রশীদ জানান, অভিযানের পর উপজেলা সদরে ফিরে এসে গভীর রাতেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম।
তিনি জানান, অভিযান চলাকালে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অভিযোগে হাতেনাতে মোট ৩২ জেলেকে আটক করা হয়। আটক জেলেদের মধ্যে ৩০ জনকে ১৮ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। আজ শুক্রবার এদেরকে জেলে পাঠানো হয়েছে।
তাছাড়া, অভিযানের সময় জব্দ করা প্রায় এক লাখ মিটার অবৈধ কারেন্ট জাল নদীর পাড়েই আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এছাড়া জব্দ করা ২৪ কেজি মা ইলিশ আজ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে ।
ইউএনও নজরুল ইসলাম আরও বলেন, মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখতে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা বাস্তবায়নে নদীতে অভিযান অব্যাহত রয়েছে।
২ দিন আগে
ফরিদপুরে ইজিবাইকচালক হত্যা মামলায় অজ্ঞান পার্টির ৩ সদস্য গ্রেপ্তার
ফরিদপুরে চেতনানাশক দিয়ে ইজিবাইকচালককে অজ্ঞান করে রাস্তার পাশে ফেলে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনায় সংঘবদ্ধ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
শুক্রবার (১৬ অক্টোবর) বেলা ১১টায় পিবিআই ফরিদপুর জেলা কার্যালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন সংস্থাটির পুলিশ সুপার মো. রবিউল ইসলাম।
গ্রেপ্তার মুরাদ শেখ ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মানিকদাহ ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা। এর আগে এ ঘটনায় গ্যারেজ মালিক কামাল ও ছিনতাইকারী সুমন আহমেদ নামে আরও দুই আসামিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়।
পুলিশ সুপার জানান, গত ১৪ অক্টোবর রাতে ফরিদপুর শহরের ফলপট্টি এলাকা থেকে মুরাদ শেখকে গ্রেপ্তার করা হয়। পরদিন আদালতে পাঠানো হলে তিনি ইজিবাইক ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
পিবিআই আরও জানায়, ২০২২ সালের ১৬ জুলাই রাত সাড়ে ৮টার দিকে পাঁচ সদস্যের একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র ফরিদপুর শহরের গোয়ালচামট পুরাতন বাসস্ট্যান্ড থেকে ২০০ টাকা ভাড়ায় তালমা যাওয়ার কথা বলে একটি ইজিবাইক ভাড়া করে।
ফরিদপুর-বরিশাল মহাসড়কের বাখুন্ডা এলাকায় পৌঁছালে চক্রের সদস্যরা রুমালের মধ্যে চেতনানাশক মিশিয়ে চালক বিশ্বনাথ সরকারকে অজ্ঞান করেন। সে সময় তাকে অজ্ঞান অবস্থায় রাস্তার পাশে ফেলে ইজিবাইকটি নিয়ে পালিয়ে যান তারা।
পরে স্থানীয়রা বিশ্বনাথকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে পরদিন সকালে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ছেলে রবি কুমার সরকার বাদী হয়ে কোতোয়ালি থানায় হত্যা ও ছিনতাইয়ের মামলা করেন।
মামলার তিন মাস পর তদন্তের দায়িত্ব পায় পিবিআই। একটি গ্যারেজ থেকে ছিনতাই হওয়া ইজিবাইকের হুটের সূত্র ধরে দীর্ঘ অনুসন্ধান ও তদন্তের পর একে একে তিন আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।
এ ঘটনায় জড়িত চক্রের অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান চলছে বলেও জানিয়েছেন পুলিশ সুপার।
২ দিন আগে
নরসিংদীতে পৃথক সড়ক দুঘর্টনায় শিশুসহ নিহত ৩
নরসিংদী, ১৫ অক্টোবর (ইউএনবি)— নরসিংদীতে পৃথক সড়ক দুঘর্টনায় শিশুসহ তিনজন নিহত ও ১১ জন আহত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জেলার রায়পুরা, শিবপুর ও বেলাব উপজেলায় দুর্ঘটনাগুলো ঘটে।
এদিন দুপুরে রায়পুরা আঞ্চলিক সড়কের মাহমুদনগর এলকায় দুটি সিএনজিচালিত অটোরিকশার সংর্ঘষে একজন নিহত হন। এ সময় চালকসহ আরও ১১ জন আহত হন।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, দুপুর ২টার দিকে নরসিংদীর আরশিনগর স্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা রায়পুরায় যাচ্ছিল। অটোরিকশাটি মাহমুদনগর ১০ নম্বর সেতুর কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সংর্ঘষ হয়ে। এতে একটি অটোরিকশা সড়কের পাশের খাদে পড়ে যায় এবং অপরটি রাস্তার পাশে উল্টে যায়। এতে দুটি অটোরিকশাই দুমড়ে-মুচড়ে যায়।
পরে আশপাশের লোকজন আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে তাদের মধ্যে উজ্জ্বল শীল (৩৫) নামের এক যাত্রীকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত উজ্জ্বল রায়পুরা উপজেলার মেথীকিন্দা গ্রামের নারায়ন চন্দ্র শীলের ছেলে।
নরসিংদী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. ফরিদা গুলশান আরা কবির জানান, দুপুরে সড়ক দুর্ঘটনার ১২ জন রোগী আমাদের কাছে আসে। এর মধ্যে একজনকে মৃত অবস্থায় পাই। অহতদের মধ্যে একজনকে ঢাকায় পাঠানো হয়েছে। বাকিরা এখানেই চিকিৎসা নিচ্ছেন।
এর আগে সকালে শিবপুর উপজেলার শিবপুর কলেজ গেট এলাকায় চলন্ত ইটবাহী ট্রলি থেকে ছিটকে পড়ে চাকার নিচে পিষ্ট হয়ে মো. ছাব্বির মিয়া (১৯) নামের এক শ্রমিক নিহত হয়েছেন।
নিহত ছাব্বির মিয়া উপজেলার মাছিমপুর ইউনিয়নের ধানুয়া গ্রামের মো. মাসুদ মিয়ার ছেলে।
এছাড়া সকালে বেলাব উপজেলার পাটুলি নদীপাড় এলাকায় আলিশা আক্তার নোহা (৩) নামের এক শিশু ইটবাহী ট্রলির চাপায় মারা যায়। সে পাটুলি গ্রামের কাশেম মিয়ার মেয়ে।
মৃত্যুর ঘটনাগুলো নিশ্চিত করেছেন রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান, শিবপুর মডেল থানার ওসি মোহাম্মদ কোহিনূর মিয়া ও বেলাব থানার ওসি এস এম আমানউল্লাহ।
৩ দিন আগে
ফরিদপুরে স্কুলে যাওয়ার পথে শিশুকে ধর্ষণ, যুবকের মৃত্যুদণ্ড
ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছর বয়সী শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মো. আবুল বাশার মিঞা এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আকিদুল শেখ (২৫) আলফাডাঙ্গা উপজেলার নওয়াপাড়া গ্রামের বাসিন্দা। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে পুলিশ পাহারায় কারাগারে পাঠানো হয়।
মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, ২০২১ সালের ২০ জুন সকালে আকিদুল শিশুটিকে রাস্তা পার করে বিদ্যালয়ে পৌঁছে দেওয়ার কথা বলে পাশের বাঁশবাগানে নিয়ে যান। পরে সেখানে শিশুটিকে ধর্ষণ করে পালিয়ে যান তিনি।
ঘটনার পর শিশুটি রক্তাক্ত অবস্থায় বিদ্যালয়ে পৌঁছায়। শিক্ষকরা তার শারীরিক অবস্থা দেখে ও ঘটনার কথা শুনে পরিবারের সদস্যদের খবর দেন। পরে শিশুটিকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার পরদিন শিশুটির বাবা আকিদুল শেখের বিরুদ্ধে আলফাডাঙ্গা থানায় ধর্ষণ মামলা করেন। এরপর পুলিশ তদন্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করলে বিচারিক প্রক্রিয়া শুরু হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা এবং এ ধরনের অপরাধের অভিযোগ পাওয়ার পর দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন আদালত।
৩ দিন আগে
গাজীপুরে বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ
গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সি স্টেজ বিডি লিমিটেড কারখানার শ্রমিকরা। প্রায় এক ঘণ্টা পর সাউন্ড গ্রেনেড ছুড়ে মহাসড়ক থেকে তাদের সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করে পুলিশ।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে শ্রীপুরের মুলাইদ গ্রামের এমসি বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন তারা।
আন্দোলনরত শ্রমিক তরিকুল, মাহফুজ ও হাসমত আলী জানান, গত ১০ অক্টোবরের আন্দোলনের পর কর্তৃপক্ষ ১৩ অক্টোবর সেপ্টেম্বর মাসের বকেয়া বেতন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু নির্ধারিত দিনে বেতন না পাওয়ায় তারা আবারও আন্দোলনে নামেন।
তাদের অভিযোগ, গতকাল (বুধবার) বেতন দেওয়ার তারিখ থাকলেও বেতন না দিয়ে টালবাহানা করতে থাকে কর্তৃপক্ষ। পরে আজকে (বৃহস্পতিবার) সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এর জেরে সকাল সাড়ে ৮টা থেকে মহাসড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন শ্রমিকরা।
শিল্প পুলিশ যান চলাচল স্বাভাবিক করতে ও কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করতে শ্রমিকদের প্রস্তাব দেয়। কিন্তু তারা প্রস্তাব উপেক্ষা করে আন্দোলন চালিয়ে যান। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। একপর্যায়ে পুলিশ সাউন্ড গ্রেনেড ছুঁড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, শ্রমিকরা সেপ্টেম্বর মাসের বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করেছিলেন। পরে তাদের মালিকপক্ষের সঙ্গে আলোচনা করার প্রস্তাব জানিয়ে সরে যাওয়ার অনুরোধ করি। তারা সাড়া না দিয়ে অবরোধ অব্যাহত রাখেন। এরপর তাদের সরিয়ে দেওয়া হয়েছে।
মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে বেতনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানিয়েছেন পুলিশ সুপার।
৩ দিন আগে
বেড়াতে যাওয়ার পথে সড়কে ঝরল দুই বন্ধুর প্রাণ
শ্রীমঙ্গলে বন্ধুর বাড়িতে বেড়াতে যাওয়ার পথে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলআরোহী নরসিংদীর দুই ব্যক্তি নিহত হয়েছেন।
বুধবার (১৪ অক্টোবর) সকাল ৮টার দিকে সরাইল উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের বৈশামুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন নরসিংদী শহরের বৌয়াকুড় মহল্লার প্রয়াত ক্ষিতীশ দাসের ছেলে অনুপ কুমার দাস (৫৭) এবং একই শহরের শিববাগ মহল্লার বাসিন্দা ও গাজীপুরের পূবাইল আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজের ইসলামি ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক আনোয়ারুল আজিম (৫৮)। তারা সম্পর্কে বন্ধু ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ (বুধবার) সকালে দুই বন্ধু মোটরসাইকেলে করে ঢাকা-সিলেট মহাসড়কের বৈশামুড়া এলাকায় পৌঁছালে একটি মালবাহী ট্রাক তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তারা সড়কের পাশে ছিটকে পড়েন।
দুর্ঘটনাস্থলেই অনুপের মৃত্যু হয়। গুরুতর আহত আনোয়ারুলকে হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান। পরে খবর পেয়ে নিহতদের স্বজনরা দেহ নরসিংদীতে নিয়ে আসেন।
অনুপের ছোট ভাই তরুণ কুমার দাস বলেন, তার ভাই একসময় প্রবাসে ছিলেন। সম্প্রতি তিনি দেশে ফিরে একটি বেসরকারি প্রতিষ্ঠানে যোগ দেন।
দুই বন্ধুর সম্পর্কের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘দুজনের মধ্যে গভীর ঘনিষ্ঠতা ছিল, চলেও গেলেন একই সঙ্গে।’
অনুপের দেহ নরসিংদীর শ্মশানে দাহ করা হয়েছে। অন্যদিকে আনোয়ারুলের দেহ তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
সরাইল খাঁটিহাতা (কুট্টাপাড়া) হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক আবদুল হালিম জানান, দুর্ঘটনার পর ট্রাক ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। মোটরসাইকেলটি চালাচ্ছিলেন আনোয়ারুল। এ সময় দুই আরোহীর মাথায় হেলমেট ছিল বলেও জানান তিনি।
৪ দিন আগে
টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনালের কারখানার আগুন ৪ ঘণ্টা পর নিয়ন্ত্রণে
গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের কারখানায় লাগা আগুন চার ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ কারখানার কাছে সাংবাদিকদের বলেন, বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টা ৫৫ মিনিটের দিকে ২১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও জানান, এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে কারখানার ভেতরে কাজ করার সময় এক ফায়ারফাইটার শ্বাসকষ্টে আক্রান্ত হয়েছেন।
মহাপরিচালক বলেন, কারখানার ভেতরে এখনও কিছু বিচ্ছিন্ন আগুন রয়েছে। পুরোপুরি নেভাতে আরও সময় লাগবে।
কারখানার চারতলা ভবনটির তৃতীয় তলা থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা পাশের একটি ভবনেও ছড়িয়ে পড়ে।
কারখানার ভেতরে বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ থাকায় আগুনের তীব্রতা বেড়ে যায় জানিয়ে মহাপরিচালক জুনাইদ বলেন, আগুন লাগা ভবনটি ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েকটি তলার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদর দপ্তরের মিডিয়া সেলের স্টেশন অফিসার তালহা বিন জসিম জানান, এদিন সকাল সোয়া ১০টার দিকে প্রতিষ্ঠানটির ইউনিট-২-এ আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস ইউনিট পাঠায়।
টঙ্গী, উত্তরা, গাজীপুর চৌরাস্তা মডার্ন, মিরপুর, কুর্মিটোলা, রাজেন্দ্রপুর ও পূর্বাচল ফায়ার স্টেশন থেকে আসা ২১টি ইউনিট আগুন পুরোপুরি নেভাতে কাজ করে।
টঙ্গী ফায়ার স্টেশনের স্টেশন অফিসার শাহিন আলম বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন।
আগুন নেভানোর কাজে সহায়তা করতে পানি নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর একটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছায়। পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশও (বিজিবি) এ কার্যক্রমে যোগ দেয়।
আগুন দ্রুত কারখানার বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। এতে ভেতরে থাকা ওষুধ, যন্ত্রপাতি ও অন্যান্য সরঞ্জাম পুড়ে গেছে বলে জানা গেছে।
৪ দিন আগে
রাজধানীতে কবুতর ধরতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু
রাজধানীর মুগদায় কবুতর ধরতে গিয়ে বাসার ছাদ থেকে নিচে পড়ে রোহিত (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় মান্ডা বড়পাড়া এলাকার শেষ মাথায় পানির পাম্প সংলগ্ন বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
শহর আলীর ছেলে রোহিত পেশায় কবুতর ব্যবসায়ী ছিলেন। তিনি পরিবারের সঙ্গে ওই বাসায় থাকতেন।
নিহতের স্বজন রিয়াদ হোসেন জানান, রোহিত পেশায় কবুতর ব্যবসায়ী হওয়ায় সারাক্ষণ কবুতর নিয়েই ব্যস্ত থাকতেন। ঘটনার দিন সন্ধ্যায় পাঁচতলায় ছাদে কবুতর ধরতে যান তিনি। এ সময় অসাবধানতাবশত তিনি নিচে পড়ে গুরুতর আহত হন।
খবর পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
৪ দিন আগে
টাঙ্গাইলে ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেপ্তার
টাঙ্গাইলে এক গৃহবধূকে ধর্ষণের মামলায় খাইরুল ইসলাম (৩৩) নামের এক মাদরাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে মামলার বিস্তারিত জানান এসআরবি-১৪-এর মিডিয়া কর্মকর্তা নাদিয়া ফারজানা। এর আগে গতকাল (সোমবার) সন্ধ্যায় কালিহাতী উপজেলার এলেঙ্গা কলেজ মোড় থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।
মাদরাসা শিক্ষক খাইরুল ইসলাম টাঙ্গাইল সদর উপজেলার গালা গ্রামের বাসিন্দা।
এসআরবি জানায়, অভিযুক্ত খাইরুল ওই গৃহবধূর মেয়েকে বাসায় গিয়ে পড়াতেন। পরে ছাত্রীর পড়াশোনার খোঁজখবর নেওয়ার অজুহাতে তিনি প্রায়ই ওই বাড়িতে যেতেন। গত ৮ আগস্ট বিকেলেও তিনি ওই বাড়িতে যান।
এ সময় ভুক্তভোগীর মেয়ে বাইরে খেলতে গেলে তিনি গৃহবধূকে ধর্ষণ করেন এবং কৌশলে কিছু আপত্তিকর ছবি তুলে রাখেন। পরে ওই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তিনি পুনরায় গৃহবধূকে ধর্ষণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী নারী গত ২ অক্টোবর টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন।
তথ্যপ্রযুক্তির সহায়তায় খাইরুলকে গ্রেপ্তারের পর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি।
৫ দিন আগে
পদ্মায় নৌ পুলিশের অভিযান, মা ইলিশ ও কারেন্ট জালসহ আটক ৭
রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে অভিযান চালিয়ে মা ইলিশ শিকারের অভিযোগে সাত জেলেকে আটক করেছে নৌ পুলিশ। এ সময় পাঁচ হাজার মিটার কারেন্ট জাল ও ১০ কেজি মা ইলিশ জব্দ করা হয়।
সোমবার (১২ অক্টোবর) রাত ২টা থেকে সকাল সাড়ে ৬টা পর্যন্ত গোয়ালন্দের মজলিশপুর ও কলাবাগান এলাকার তিনটি পয়েন্টে অভিযান চালিয়ে দৌলতদিয়া নৌ ফাঁড়ির পুলিশ তাদের আটক করে।
আটক জেলেরা হলেন ফরিদপুর সদর উপজেলার মেঝোমিয়ার ডাঙ্গি গ্রামের মো. রিপন খাঁন (৩৫) ও ইকরাম মৃধা (২৪), আছরউদ্দিন মুন্সির ডাঙ্গী গ্রামের শেখ আয়নাল (৫৭), তালেব খাঁর ডাঙ্গী গ্রামের মো. মিজান শেখ (২৭), আমিন ফকিরের ডাঙ্গী গ্রামের সোবহান শেখ (৩০) এবং রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার নইমুদ্দিন খাঁ পাড়ার জয় সরকার (২১) ও আব্দুর রহিম শেখ (১৯)।
দৌলতদিয়া নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ত্রিনাথ সাহা বলেন, মা ইলিশের নিরাপদ প্রজনন ও বংশবিস্তার নিশ্চিত করতে পদ্মা নদীতে অভিযান চালানো হয়। এ সময় অবৈধ কারেন্ট জাল ব্যবহার করে মা ইলিশ শিকারের অভিযোগে সাত জেলেকে আটক করা হয়েছে। অভিযানকালে তাদের কাছ থেকে পাঁচ হাজার মিটার কারেন্ট জাল ও ১০ কেজি মা ইলিশ জব্দ করা হয়।
তিনি আরও জানান, জব্দ করা ইলিশ স্থানীয় মাদরাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে। সেই সঙ্গে জব্দ করা কারেন্ট জাল উন্মুক্ত স্থানে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
৬ দিন আগে