ঢাকা
খিলগাঁওয়ে বাসা থেকে ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজধানীর খিলগাঁওয়ের নিজ বাসায় শাহানুর রহমান (৪৫) নামে এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। তিনি সোনালী ব্যাংকের জ্যেষ্ঠ কর্মকর্তা ছিলেন।
শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় খিলগাঁওয়ের নিজ বাসার তৃতীয় তলায় এ ঘটনাটি ঘটে।
পরে অচেতন অবস্থায় শাহানুরকে রাত পৌনে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ি ভারপ্রাপ্ত পরিদর্শক মো. ফারুক।
নিহত শাহানুর রহমান রাজবাড়ীর পাংশা উপজেলার বিল গজারিয়া গ্রামের আব্দুর রহমানের ছেলে।
নিহতের ভাই মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমার ভাই সোনালী ব্যাংকের মতিঝিল শাখায় জ্যেষ্ঠ কর্মকর্তা ছিলেন। তিনি পারিবারিক কারণে কিছুদিন যাবত মানসিক বিষণ্নতায় ভুগছিলেন। আজ সন্ধ্যার দিকে কাউকে কিছু না বলে ঘরে গিয়ে তিনি দরজা বন্ধ করে রাখেন। বেশ কিছু সময় পেরিয়ে গেলেও কোনো সাড়া না পাওয়ায় আমরা পরিবারের সদস্যরা ঘরের দরজা ভেঙে দেখি সিলিং ফ্যানের সঙ্গে প্যান্টের কাপড় গলায় পেঁচিয়ে তিনি ঝুলে আছেন। পরে আমরা দ্রুত তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক জানান আমার ভাই আর বেঁচে নেই।’
মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি খিলগাঁও থানা পুলিশকে অবহিত করা হয়েছে।
৪০ দিন আগে
বিয়ের দাওয়াত খেয়ে বাসায় ফেরা হলো না দুই বন্ধুর
রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়ায় ট্রাকচাপায় মোটরসাইকেআরোহী খাইরুল হোসাইন (২২) ও মো. ইয়াসিন (২৭) নামের দুই যুবক নিহত হয়েছেন।
শনিবার (২৪ জানুয়ারি) রাত ১১টার দিকে গুরুতর আহত অবস্থায় খাইরুলকে এবং রাত সাড়ে ১২টার দিকে ইয়াসিনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত খাইরুল কিশোরগঞ্জ সদরের মাহিন্দ্রা গ্রামের মো. হারুন মিয়ার ছেলে। তিনি ভাষানটেক সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। অন্যদিকে, একই ঘটনায় মোটরসাইকেলচালক ইয়াসিন লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চর বংশী গ্রামের ফয়েজ উদ্দিনের ছেলে। পেশায় তিনি একজন মোটরসাইকেল মেকানিক ছিলেন। দুই বন্ধু ভাষানটেক এলাকায় থাকতেন।
নিহত খাইরুল হোসাইনের ভগ্নিপতি মহসিন জানান, ওরা দুই বন্ধু মিলে গতকাল (শনিবার) সকালে মোটরসাইকেলে করে নোয়াখালীতে গিয়েছিল এক বন্ধুর বিয়ের অনুষ্ঠানে। সেখান থেকে ফেরার সময় শনির আখড়ায় দুর্ঘটনাটি ঘটে। এতে কিছুক্ষণের ব্যবধানেই ঢামেক হাসপাতালে দুই বন্ধুর মৃত্যু হয়। এ ঘটনার পর ট্রাকটি যাত্রাবাড়ী থানা পুলিশ জব্দ করে হেফাজতে নিয়েছে বলে জানতে পেরেছি।
পুলিশ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ দুটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি যাত্রাবাড়ী থানা পুলিশকে অবহিত করা হয়েছে বলে জানান তিনি।
৪০ দিন আগে
গাজীপুরে অটোরিকশা চালকদের মহাসড়ক অবরোধ প্রত্যাহার
গাজীপুরের শ্রীপুরে অটোরিকশা চলাচলের অনুমতি ও পুলিশি হয়রানি বন্ধের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন অটোরিকশা চালকরা। পুলিশের চেষ্টায় প্রায় দেড় ঘণ্টা পর সকাল ১০টার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
রবিবার (২৫ জানুয়ারি) সকালে শ্রীপুর উপজেলার নতুন বাজার এলাকায় ২০০ থেকে ২৫০ জন অটোরিকশাচালক একত্র হয়ে এই অবরোধ শুরু করেন।
এ সময় তারা মহাসড়কে অটোরিকশা চলাচলের বৈধ অনুমতি প্রদান এবং অযৌক্তিক পুলিশি হয়রানি বন্ধের দাবিতে বিক্ষোভ করেন। অবরোধের কারণে দীর্ঘ যানজটে পড়ে কর্মজীবী মানুষ, শিক্ষার্থীসহ সাধারণ যাত্রী ও পথচারীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছির উদ্দিন জানান, খবর পেয়ে থানা পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করে। মহাসড়ক থেকে অবরোধকারীদের সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে দেড় ঘণ্টা সময় লাগে তাদের।
৪১ দিন আগে
ফরিদপুরে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ২, আহত ১০
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১০ জন আহত হয়েছেন।
শনিবার (২৪ জানুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার ঢাকা- বরিশাল মহাসড়কে নয়াপাড়া প্রাণিসম্পদ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বরিশাল থেকে ঢাকাগামী একটি বাসের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ট্রাকের সহকারী নিহত হন। এ সময় আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সেখানে আরও একজনের মৃত্যু হয়।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, ঘটনাস্থলে একজন ও হাসপাতালে নেওয়ার পরে আরও একজনের মৃত্যু হয়। প্রাথমিকভাবে তাদের নাম পরিচয় শনাক্ত করা যায়নি। নিহত দুইজনের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
৪১ দিন আগে
ফরিদপুরে যৌথবাহিনীর অভিযানে অবৈধ অস্ত্র উদ্ধার, আটক ১
ফরিদপুরের মধুখালীতে অবৈধভাবে দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরির একটি কারখানায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার ডুমাইন গ্রামে এ অভিযান পরিচালনা করে যৌথবাহিনী।
মধুখালী আর্মি ক্যাম্পের নেতৃত্বে ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন এবং স্থানীয় পুলিশের সমন্বয়ে অভিযানটি পরিচালিত হয়।
অভিযানে আটক হন ওই গ্রামের বাদল সরকার (৫২)।
অভিযানে বাদলের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি সিঙ্গেল ব্যারেল পাইপ গান, একটি ১২ গেজের কার্তুজ, ১৪টি রিকয়েল স্প্রিং, ২টি হ্যামার, একটি ড্রিল মেশিন, প্লায়ার্স, ব্লোয়ার ও হ্যাকসহ অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে যৌথবাহিনী।
সেনা সূত্রে জানা যায়, ডুমাইন এলাকায় দীর্ঘদিন ধরে দেশীয় অবৈধ অস্ত্র তৈরি ও সরবরাহের অভিযোগ পাওয়া যাচ্ছিল। সেনাবাহিনী গোয়েন্দা তথ্যে খবর পায়, বাদল নিজস্ব ওয়ার্কশপে নিয়মিতভাবে অস্ত্র তৈরি করতেন এবং এসব অস্ত্র ফরিদপুরের বিভিন্ন এলাকার দুর্বৃত্তদের কাছে সরবরাহ করতেন। সম্প্রতি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে অস্ত্রের চাহিদা বেড়েছে বলেও জানান সেনাবাহিনীর এক সদস্য।
সেনা ক্যাম্প সূত্র আরও জানায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাদক, চাঁদাবাজি ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে সেনাবাহিনী জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। এ ধরনের অপরাধ দমনে সাধারণ জনগণকে তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানিয়েছে সেনাবাহিনী।
আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র জানায়, বাদলের বিরুদ্ধে আগে থেকেই অস্ত্র সংক্রান্ত একাধিক মামলা রয়েছে এবং তিনি পুলিশের নজরদারিতে ছিলেন। অভিযানের পর উদ্ধার অস্ত্র ও সরঞ্জামসহ তাকে মধুখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুর রহমান জানান, পুলিশ বাদী হয়ে অস্ত্র নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে বাদলের বিরুদ্ধে। তাকে আজ (শনিবার) আদালতে পাঠানো হবে।
৪১ দিন আগে
সাভারে সরঞ্জামসহ ৩ জুয়াড়ি আটক
সাভারের হেমায়েতপুর কাঁচাবাজার এলাকায় অবৈধভাবে জুয়া পরিচালনা ও চাঁদাবাজির বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে সেনাবাহিনী।
মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে হেমায়েতপুর আর্মি ক্যাম্পের নিয়মিত টহল কার্যক্রমের অংশ হিসেবে ওই এলাকায় এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তাররা হলেন— অলিয়ার, সাজু মিয়া ও খলিল মিয়া।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, এ সময় আটকদের কাছ থেকে ভুয়া পুরস্কারের বিভিন্ন সামগ্রী, জুয়ার টিকিট, জুয়ার লেনদেন-সংক্রান্ত কাগজপত্র, নগদ অর্থ, একাধিক মোবাইল ফোন এবং ভয়ভীতি প্রদর্শনে ব্যবহৃত ধারালো ও লোহার তৈরি অস্ত্র উদ্ধার করা হয়। সন্ধ্যায় তাদের সাভার মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী জানান, আটকদের বিরুদ্ধে মামলা হয়েছে।
৪৪ দিন আগে
মেঘনা সেতুর ওপর ট্রাকচাপায় অটোরিকশার যাত্রী নিহত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা সেতুর ওপর জরুরি লেনে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে অটোরিকশার এক যাত্রী নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
মঙ্গলবার (২০ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে মেঘনা সেতুর মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার জামালদি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত যাত্রী সুরমা আক্তার (২১) ওই উপজেলার বালুয়াকান্দী ইউনিয়নের আড়ালিয়া গ্রামের জাকির হোসেনের মেয়ে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়।
নিহতের স্বজনরা জানান, নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও এলাকায় এক আত্মীয়ের বাড়ি থেকে অটোরিকশায় চড়ে সেতুর জরুরি লেন দিয়ে গ্রামে যাচ্ছিলেন ওই নারী। সে সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দিলে তিনি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন।
তাৎক্ষণিকভাবে স্থানীয়রা ট্রাকসহ চালক ও সহকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে বলে জানান নিহতের স্বজনরা।
ভবেরচর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম আখন্দ জানান, ট্রাকের চালক ও সহকারীকে আটক করে স্থানীয় জনতা। ট্রাকটিও জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
৪৪ দিন আগে
মুন্সীগঞ্জে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, স্বামী নিখোঁজ
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় রাজানগর ইউনিয়নের দক্ষিণ রাজানগর গ্রামে মা ও মেয়ে হত্যার শিকার হয়েছেন।
সোমবার (১৯ জানুয়ারি) এ হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনার পর থেকে গৃহবধূর স্বামী নিখোঁজ রয়েছেন।
নিহতরা হলেন— আমেনা বেগম (৩২) ও তার মেয়ে মরিয়ম (৮)।
নিহত আমেনার স্বামীর নাম মিজান মিয়া। তিনি কাঠমিস্ত্রী কাজ করেন। তারা ওই গ্রামের নুরুজ্জামান সরকারের বাড়িতে ভাড়া থাকতেন।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, চার মাস ধরে আমেনা ও তার পরিবার ওই এলাকার ভাড়া বাসায় থাকেন। আজ (সোমবার) দুপুর ১২টার দিকে স্থানীয়রা তাদের বাসায় গিয়ে ডাকাডাকি করা হয়। তবে কারো সাড়া না পেয়ে দরজা ধাক্কা দিয়ে খুলে ভেতরে মা ও মেয়ের মরদেহ দেখতে পান তারা।
খবর পেয়ে সিরাজদিখান থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান বলেন, প্রাথমিকভাবে পারিবারিক কলহ বা পরকীয়াজনিত কারণে হত্যাকাণ্ডটি ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তার স্বামীর ব্যাপারেও খোঁজখবর করা হচ্ছে। ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।
৪৬ দিন আগে
হাতিরঝিলে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজধানীর হাতিরঝিল-সংলগ্ন পশ্চিম চৌধুরী পাড়ার একটি বাসার দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে সোনিয়া (১৭) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে ওই বাড়িতে গৃহ পরিচারিকার কাজ করত।
রবিবার (১৮ জানুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। পরে আইনি প্রক্রিয়া শেষে আজ (সোমবার) সকালের দিকে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহত সোনিয়া ভোলার চরফ্যাশন উপজেলার বেপারী বাড়ির দুলাল ব্যাপারীর মেয়ে। সে হাতির ঝিলের চৌধুরী পাড়ার একটি বাসার দ্বিতীয় তলায় ইকবাল হোসেনের বাড়িতে গৃহ পরিচারিকার কাজ করত।
বাড়িওয়ালা ইকবাল হোসেনের মেয়ে নুসরাত জাহান জানান, গতরাতে তাদের কাজের মেয়ে সোনিয়া শয়নকক্ষে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে ছিল। পরে তার চিৎকারে পরিবারের অন্যান্য সদস্যরা ওই কক্ষে গিয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে হাতিরঝিল থানা পুলিশ ঘটনাস্থলে এসে আইনি প্রক্রিয়ার শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে পাঠায়।
তবে কী কারণে সোনিয়া এমন ঘটনা ঘটিয়েছে তা বাড়ির মালিকপক্ষের কেউ জানেন না বলে জানিয়েছে পুলিশ।
হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) দ্বীনবন্ধু রায় জানান, ‘রাতে খবর পেয়েই ওই বাসায় গিয়ে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করি। প্রাথমিক তদন্তে জানা যায়, নিজের ওপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে সে। এ বিষয়ে আমাদের তদন্ত শুরু হয়েছে।’
মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
৪৬ দিন আগে
মানিকগঞ্জে গরুচোর সন্দেহে দুইজনকে পিটিয়ে হত্যা
মানিকগঞ্জের সিংগাইরে গরুচোর সন্দেহে দুইজনকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
রবিবার (১৮ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের ইমাননগর গ্রামে এই ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন— উপজেলার দশআনি গ্রামের মজনু মিয়া (৩৫) এবং ছয়আনি গ্রামের দ্বীন ইসলাম (২৩)।
স্থানীয়দের বরাত দিয়ে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, রাত ২টার দিকে ইমামনগর গ্রামের শাকিলের বাড়িতে গরু চুরি করতে যান মজনু ও দ্বীন ইসলাম। এ সময় বাড়ির লোকজন ও গ্রামবাসী টের পেয়ে তাদের ধাওয়া করে ধরে ফেলেন। এরপর উত্তেজিত জনতা তাদের পিটুনি দেন। এতে গুরুতর আহত হন মজনু ও দ্বীন ইসলাম।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত দুজনকে উদ্ধার করে সিংগাইর উপজেলা হাসপাতালে নিয়ে যায় এবং সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তবে উন্নত চিকিৎসার জন্য সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাদের পঙ্গু হাসপাতালে স্থানান্তর করার পরামর্শ দেন। এরপর রাতেই তাদের ঢাকায় পাঠানো হয়। তবে আজ (সোমবার) সকাল ৬টার দিকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয় বলে জানান ওসি।
তিনি আরও জানান, লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। নিহত মজনু ও দ্বীন ইসলামের বিরুদ্ধে সিংগাইর থানায় একাধিক চুরির মামলা রয়েছে। এই ঘটনায় পুলিশের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
৪৬ দিন আগে