চট্টগ্রাম
চট্টগ্রামে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু
চট্টগ্রামে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে পটিয়া উপজেলার আশাই ইউনিয়নের একটি বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সোলাইমান চৌধুরীর ছেলে মো. নাজিম (২৪) এবং আব্দুল আলীমের ছেলে মো. তারেক (২০)।
তারা উপজেলার আশাই ইউনিয়নের বাসিন্দা এবং পেশায় রাজমিস্ত্রি।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় চাচাতো ভাইয়ের কোপে বাবা-ছেলের মৃত্যু
স্থানীয়রা জানিয়েছেন, সকাল ৯টার দিকে ইউনিয়নের দক্ষিণ আশিয়া এলাকার ডিলার আহমেদের বাড়িতে দীর্ঘক্ষণ পরিত্যক্ত অবস্থায় ট্যাংকটি পরিষ্কার করতে তারা দুজনে নেমেছিলেন।
দীর্ঘক্ষণ ট্যাংকের ভেতর থেকে কোনো সাড়া না পাওয়ায় স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেন এবং তারা লাশগুলো উদ্ধার করেন।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
২৮২ দিন আগে
ভারতে অনুপ্রবেশ করা ৫ বাংলাদেশিকে হস্তান্তর করল বিএসএফ
অবৈধভাবে ভারতে প্রবেশ করা পাঁচ বাংলাদেশিকে ফেনী সীমান্তে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। কাজের সন্ধানে ভারতে যাওয়ার পর ওই দেশের পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে বিভিন্ন মেয়াদে কারাগারে ছিলেন তারা।
সোমবার (২৫ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বিজিবির নিকট হস্তান্তর করা হয়। পরে রাতে তাদের ফেনী মডেল থানায় হস্তান্তর করে বিজিবি।
সীমান্তে অপমানজনক পুশইনের ঘটনা জাতীয় ও আন্তর্জাতিকভাবে সমালোচিত হওয়ায় এবার পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশি নাগরিকদের হস্তান্তর করেছে বিএসএফ।
হস্তান্তর করা বাংলাদেশিরা হলেন— ফেনীর পরশুরাম উপজেলার উত্তর গুথুমা গ্রামের খায়েজ আহাম্মদের ছেলে সাইদুজ্জামান ভূঞা (২৯), একই উপজেলার নিজকালিকাপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে মো. এমদাদ হোসেন (২৭), ফেনীর ছাগলনাইয়া উপজেলার দূর্গাপুর সিংহ নগরের ফয়েজ আহাম্মদের ছেলে মো. গিয়াস উদ্দিন (২৯), নওগা জেলার আবু জাফরের ছেলে মো. রাফি (২৫) ও চাঁদপুর জেলার কদরা গ্রামের হেদায়েত উল্লাহর ছেলে আবুল বাশার (৫৫)।
আরও পড়ুন: মেহেরপুর সীমান্তে ৩৯ নারী পুরুষকে হস্তান্তর বিএসএফের
পুলিশ ও বিজিবি সূত্র জানিয়েছে, ওই পাঁচজনের মধ্যে সাইদুজ্জামান, এমদাদ, গিয়াস ও রাফিকে ১২ এপ্রিল ভারতের মনুমুখ এলাকা থেকে আটক করে দেশটির পুলিশ। ভারতের অবৈধভাবে প্রবেশের দায়ে আটকের পর তারা ৩ মাস যাবৎ সেখানে কারাগারে ছিলেন। মুক্তির পর ১৬ আগস্ট পর্যন্ত তাদের কোয়ারেন্টাইনে রাখা হয়, পরে বিএসএফের কাছে তাদের হস্তান্তর করা হয়।
অন্যদিকে, আবুল বাশারকে ৯ জুন ভারতের উদয়পুর থেকে অবৈধ অনুপ্রবেশের দায়ে গ্রেপ্তার করে পুলিশ। তিনি ১ মাস যাবৎ ভারতীয় কারাগারে বন্দি ছিলেন।
ফেনী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুজ্জামান বলেন, বিজিবির মাধ্যমে ৫ জন বাংলাদেশি নাগরিককে থানায় সোপর্দ করা হয়েছে। আমরা তাদের নাম ঠিকানা যাচাই করে দেখছি। তাদের স্বজনদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। এ বিষয়ে পরবর্তী নির্দেশনা অনুযায়ী কাজ করা হবে।
এর আগে, ফেনীর বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে আইনবহির্ভূতভাবে ৪ দফায় ৬৭ জন বাংলাদেশি নাগরিককে পুশইন করে বিএসএফ।
২৮৩ দিন আগে
ফরিদগঞ্জে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যু, হাসপাতাল ভাঙচুর
চাঁদপুরের ফরিদগঞ্জে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে প্রাইভেট হাসপাতালে ভাঙচুরের ঘটনা ঘটেছে। স্বজনদের অভিযোগ, চিকিৎসকের অবহেলায় ওই রোগীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২২ আগস্ট) সকালে উপজেলার কেরোয়া এলাকায় অবস্থিত ফরিদগঞ্জ ডায়াবেটিক ও জেনারেল (প্রাইভেট) হাসপাতালে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গত (বৃহস্পতিবার) রাতে ফরিদগঞ্জের কেরোয়া গ্রামের ইসহাক মিয়ার স্ত্রী কোহিনুর বেগম (৬৫) অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হন। শনিবার সকালে তিনি মারা যান। স্বজনদের দাবি, চিকিৎসকের অবহেলার কারণেই কোহিনুর বেগমের মৃত্যু হয়েছে।
এ নিয়ে রোগীর স্বজনদের সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের বাগ্বিতণ্ডা হয়। এক পর্যায়ে হাসপাতালের কিছু কর্মচারী স্বজনদের সঙ্গে স্বজনদের গায়ে হাত তোলে বলে অভিযোগ ওঠে। এতে উত্তেজিত স্বজনরা ও স্থানীয় কিছু লোক মিলে হাসপাতাল ভাঙচুর করেন।
খবর পেয়ে ফরিদগঞ্জ থানা পুলিশ, সাবেক পৌর মেয়র মঞ্জিল হোসেন এবং স্থানীয় জনপ্রতিনিধিরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ঘটনার সময় হাসপাতালের ভেতরে প্রায় দুই শতাধিক রোগী ও স্বজন আটকা পড়েন এবং আতঙ্কিত হয়ে পড়েন।
আরও পড়ুন: বরিশালে চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার
মৃত রোগীর বাবা বিল্লাল হোসেনও আক্রমনকারীদেরকে নিবৃত্ত করতে ব্যর্থ হন বলে জানান।
মৃত কোহিনুর বেগমের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করে বলেন, ‘রোগীকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেওয়া হলেও হাসপাতাল কর্তৃপক্ষ তাতে অনুমতি দেয়নি। একাধিকবার অনুরোধ করা হলেও হাসপাতালের অন্যতম পরিচালক ও সিনিয়র চিকিৎসক ডা. সাদিক হাসপাতালে আসেননি। চিকিৎসকের এসব অবহেলায় আমাদের রোগী মারা গেছেন।’
হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. হুমায়ুন কবীর ইউএনবিকে বলেন, ‘আমি কয়েকবার রোগীকে দেখেছি। আমাদের কোনো অবহেলা ছিল না। উপজেলা পর্যায়ে যতটুকু সম্ভব আমরা চিকিৎসা সেবা দিয়েছি। শুক্রবার সকালে এই রোগীকে ঢাকায় রেফার করা হয়েছিল কিন্তু তিনি সকালেই মারা যান।’
ফরিদগঞ্জ থানার ওসি (তদন্ত) রাজিব চক্রবর্তী ইউএনবিকে বলেন, ‘খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। সেখানে আমাদের পুলিশ সদস্যরা রাজনৈতিক নেতৃবৃন্দের সাহায্যে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।’
২৮৬ দিন আগে
কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় এক পরিবারের ৪ জন নিহত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় এক পরিবারের ৪ জন নিহত হয়েছেন। সিমেন্ট বোঝাই একটি লরি উল্টে প্রাইভেট কারের ওপর পড়লে এই দুর্ঘটনা ঘটে। এ সময়ে কভার্ড ভ্যানের চাপায় একটি সিএনজি অটোরিকশার আরও দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (২২ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে পদুয়ার বাজার বিশ্বরোডের পল্লী বিদ্যুৎ সমিতির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— কুমিল্লার বরুড়া উপজেলার হোসেনপুর গ্রামের মোহাম্মদ ওমর আলী (৮০), তার স্ত্রী নুরজাহান বেগম (৬৫), বড় ছেলে আবুল হাশেম (৫০) এবং ছোট ছেলে আবুল কাশেম (৪৫)। প্রাইভেট কারটি চালাচ্ছিলেন আবুল হাশেম।
ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমান ইউএনবিকে এসব তথ্য নিশ্চিত করেন।
আরও পড়ুন: মাওয়া এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, নিহত ৩
উদ্ধার কাজে অংশ নেওয়া পুলিশের কনস্টেবল সাইফুল ইসলাম বলেন, দুপুর সাড়ে বারোটার দিকে মহাসড়কের পদুয়ার বাজার ইউটার্নে ঢাকামুখী লেনে একটি যাত্রীবাহী বাস উল্টো পথে এসে রাস্তা পার হওয়ার চেষ্টা করছিল। তখন বিপরীত দিক থেকে আসা সিমেন্টবোঝাই লরিটি বাসটিকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় বাসের পেছনে থাকা একটি প্রাইভেট কার ও একটি সিএনজি অটোরিকশাকে চাপা দেয় লরিটি।
তিনি আরও জানান, এতে ঘটনাস্থলেই প্রাইভেট কারের চালকসহ চারজন নিহত হন। এ ছাড়া সিএনজিতে থাকা তিন যাত্রী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার জানান, এই দুর্ঘটনায় একই পরিবারের চারজন নিহত হয়েছেন। পুলিশ মরদেহ ও দুর্ঘটনাকবলিত প্রাইভেট কারটি উদ্ধার করে থানায় নিয়ে গেছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
২৮৬ দিন আগে
নিরপেক্ষ নির্বাচন আদায়ে প্রয়োজনে আন্দোলনে যেতে হবে: এটিএম মা’ছুম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম বলেছেন, জনগণ এবার কোনো ভোট ডাকাত ও লুটেরাদের ভোট দেবে না। কোনো চক্রান্ত বা ষড়যন্ত্রের কাছে মাথানত করা যাবে না।
বুধবার (২০ আগস্ট) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আল হেরা কমপ্লেক্সে জেলা জামায়াতের নির্বাচনী দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি বলেন, নিরপেক্ষ নির্বাচন আদায়ে প্রয়োজনে আন্দোলনে যেতে হবে। আগামী নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে জুলাই ঘোষণা ও জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে। জামায়াতের ঘোষিত ৭ দফা মেনে নিতে অর্ন্তবর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, বাকশালের বুলেটিনখ্যাত সংবিধান দিয়ে দেশ চলতে পারে না। জনগণের প্রত্যাশা অনুযায়ী নির্বাচন করতে হলে নির্বাচন কমিশন ও আইন-শৃঙ্খলা বাহিনীতে সংস্কার আনতে হবে। একই সঙ্গে অতীত স্বৈরাচার আমলে দায়িত্ব পালন করা কর্মকর্তাদের বাদ দিয়ে দেশপ্রেমিক কর্মকর্তাদের নির্বাচন পরিচালনার দায়িত্ব দিতে হবে। কাউকে আনুকূল্য বা কাউকে পাশ কাটালে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হবে।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কুমিল্লা অঞ্চল টিম সদস্য আব্দুস সাত্তার এবং কুমিল্লা জেলা উত্তরের আমীর অধ্যাপক আব্দুল মতিন।
জেলা আমীর মাওলানা মোবারক হোসেন আকন্দের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মাওলানা আমিনুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের প্রার্থী অধ্যাপক জোনায়েদ হাসান, ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের প্রার্থী আতাউর রহমান সরকার, ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের প্রার্থী অ্যাডভোকেট আব্দুল বাতেন, ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের প্রার্থী অধ্যাপক মো. নকিবুল হুদা ও ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের প্রার্থী অধ্যাপক আমিনুল ইসলাম।
দায়িত্বশীল সম্মেলনে জেলা আসন কমিটির সদস্য, উপজেলা ও পৌরসভা কমিটির নারী-পুরুষ সদস্যরা অংশগ্রহণ করেন। এছাড়াও উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক ফায়জুল করিম মনোয়ার, কাজী সিরাজুল ইসলাম, রাজিফুল হাসান বাপ্পী, আবুল বাশার ভূঁইয়া, মো. রোকন উদ্দিন প্রমুখ।
২৮৮ দিন আগে
নোয়াখালীতে পুকুরের ঘাটে শামুক কুড়াতে গিয়ে ২ বোনের মৃত্যু
নোয়াখালীর সেনবাগে পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) সাড়ে ৬টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের দক্ষিণ রাজারামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন একই গ্রামের বেলাল হোসেনের মেয়ে বিবি মরিয়ম অহি (১০) ও সিদরাতুল মুনতাহা ছহির (৬)।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানিয়েছে, তারা উভয়ই স্থানীয় একটি মাদরাসার শিক্ষার্থী। সকাল সাড়ে ৬টার দিকে দুই বোন একসঙ্গে ঘরের পাশের পুকুর ঘাটে যায়। সে মুহূর্তে তারা ঘাটে একটি শামুক দেখতে পায়। বাড়িতে থাকা সিসি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করে দেখতে পায় বড় বোন অহি পুকুরে ঘাটে থাকা শামুক কুড়াতে গিয়ে পানিতে পড়ে যায়। পরবর্তীতে তাকে উদ্ধার করতে গিয়ে তার ছোট বোন বড় বোন ছহির ও পুকুরে ডুবে যায়।
আরও পড়ুন: চাঁদপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশু নিহত
পরে সকাল ৭টার দিকে দুই বোনকে অচেতন অবস্থায় পুকুরে ভাসতে দেখে তাদের বাড়ির এক চাচা উদ্ধার করে। এরপর স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাদের মৃত ঘোষণা করেন।
সেনবাগ থানার উপরিদর্শক (এসআই) আব্দুর রউফ জানান, পুকুরের ঘাটলায় শামুক কুড়াতে গিয়ে বড় বোন পানিতে পড়ে যায়। তাকে উদ্ধার করতে গিয়ে ছোট বোনও পানিতে পড়ে ডুবে মারা যায়। কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
২৮৯ দিন আগে
চট্টগ্রামে কাভার্ডভ্যানে পিকআপের ধাক্কা, নিহত ৫
চট্টগ্রামে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানে দ্রুতগামী পিকআপ ভ্যানের ধাক্কায় পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত তিনজন।
ভোর ৪টা ৫৫ মিনিটের দিকে চট্টগ্রামের আকবর শাহ সিটি গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪
আগ্রাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. আলমগীর হোসেন জানান, ভোরে একটি পিকআপ ভ্যান পেছন থেকে কাভার্ডভ্যানটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই চারজন নিহত হন এবং চারজন আহত হন। খবর পেয়ে আগ্রাবাদ স্টেশন থেকে একটি উদ্ধার দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান।
আকবর শাহ থানা পুলিশ জানায়, পিকআপ ভ্যানে থাকা মৎস্যজীবীরা ফৌজদারহাট সমুদ্রসৈকতে মাছ ধরতে যাচ্ছিলেন। তবে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
২৯১ দিন আগে
কক্সবাজার বিমানবন্দরে ক্রিকেট ব্যাটের ভেতরে ইয়াবা, আটক ২
কক্সবাজার বিমানবন্দরে ক্রিকেট ব্যাটের ভেতরে করে ইয়াবা বহনের অভিযোগে দুই পর্যটককে আটক করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। এ সময় একটি ক্রিকেট ব্যাট কেটে এর ভেতর থেকে ৫ হাজার ১০০ পিস ইয়াবা জব্দ করা হয়।
রোববার (১৭ আগস্ট) সকাল সোয়া ১০টার দিকে বিমানবন্দরের নিরাপত্তা তল্লাশির সময় এ ঘটনা ঘটে, জানান কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান।
আটক ব্যক্তিরা হলেন—মাদারীপুর জেলার জাকির হোসেন (২৬) এবং বরিশাল জেলার তানভীর আহমদ (৩০)। এদের মধ্যে তানভীর কক্সবাজার বিমানবন্দরের চাকরিচ্যুত কর্মী বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্টরা।
আরও পড়ুন: যৌথবাহিনী অভিযানে লক্ষ্মীপুরে বিভিন্ন অস্ত্রসহ মাদকদ্রব্য জব্দ, আটক ৩
ওসি ইলিয়াস খান বলেন, ‘আটক হওয়া দুই যুবক বেলা ১১টা ২৫ মিনিটের কক্সবাজার থেকে ঢাকাগামী ইউএস বাংলা বিমানের যাত্রী ছিলেন। তারা ফ্লাইটের সময় অনুযায়ী সকাল সোয়া ১০টার দিকে বিমানবন্দরে আসেন। এ সময় বিমানবন্দরের কর্মীরা যাত্রীদের মালামাল তল্লাশি চালাচ্ছিলেন। এতে ব্যাগ ও মালামাল স্ক্যানিং করার সময় ক্রিকেট ব্যাটের ভিতরে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় পাঁচ হাজার ১০০টি ইয়াবা পাওয়া যায়।’
তিনি জানান, আটকদের কক্সবাজার সদর থানায় নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে কক্সবাজার সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।
২৯১ দিন আগে
দীঘিনালায় বজ্রপাতে যুবকের মৃত্যু
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় বজ্রপাতে শরীফুল ইসলাম (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (১৬ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার কবাখালি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শরীফুল ওই এলাকার নজরুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, শনিবার সন্ধ্যায় গরু নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতের শিকার হন শরীফুল। এতে তিনি গুরুতর আহত হন। পরে দ্রুত তাকে উদ্ধার করে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তবে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে বলে জানান চিকিৎসকরা।
আরও পড়ুন: সিলেটের গোয়াইনঘাটে বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু
এ বিষয়ে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রঞ্জন বড়ুয়া রাজন বলেন, বজ্রপাতে শরীফুল ইসলামের মৃত্যু হয়েছে। হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মারা গিয়েছিলেন।
২৯২ দিন আগে
কুমিল্লায় স্কুল পালাতে গিয়ে ছাত্রের হাতে ঢুকে গেল রড
কুমিল্লায় ক্লাস ফাঁকি দিয়ে স্কুলের পেছনের দেওয়াল টপকাতে গিয়ে আরমান (১৪) নামের এক শিক্ষার্থীর হাতে রড ঢুকে যাওয়ার ঘটনা ঘটেছে। পরে সহপাঠী ও স্কুলের কর্মচারীরা তাকে উদ্ধার করেন।
বুধবার (১৩ আগস্ট) নগরীর কুমিল্লা হাইস্কুলে এ ঘটনা ঘটে।
আহত আরমান ওই স্কুলের নবম শ্রেণির ছাত্র। তার বাসা নগরীর শুভপুর এলাকায়। এই ঘটনার একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়লে নগরজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
গণিত ক্লাস চলাকালে ক্লাস ফাঁকি দিয়ে স্কুলের পেছনের দেওয়াল টপকাতে গিয়ে এ ঘটনা বলে স্কুল সূত্রে জানা গেছে।
আরও পড়ুন: কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে ফি আছে, চিকিৎসা নেই!
প্রত্যক্ষদর্শীরা জানান, স্কুলের ফটক বন্ধ থাকায় আরমান পাশের নির্মাণাধীন গেটের অংশের মধ্য দিয়ে পালানোর চেষ্টা করে। সেখানে একটি বেরিয়ে থাকা মরিচা ধরা রড তার বাঁ হাতের তালু ভেদ করে বেরিয়ে যায়। এ সময় তার চিৎকার শুনে সহপাঠী ও স্কুলের কর্মচারীরা এগিয়ে আসেন।
স্কুলের শিক্ষক ওয়াজেদ আলী জানান, ছেলেটির হাত থেকে রডটি বের করা যাচ্ছিল না, তাই বাজার থেকে কাটার মেশিন এনে রড কেটে ফেলা হয়। পরে আহত আরমানকে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে নিয়ে ভর্তি করায় তার পরিবার ।
এ বিষয়ে জানতে চাইলে স্কুলের প্রধান শিক্ষক হুমায়ুন কবির জানান, তিনি ছুটিতে আছেন। এমন ঘটনার কথা শুনেছেন, তবে বিস্তারিত বলতে পারবেন না।
২৯৪ দিন আগে