চট্টগ্রাম
ভাঙা সেতুর ওপর কাঠের পাটাতনই ভরসা ৭ গ্রামের মানুষের
কুমিল্লার দেবিদ্বার উপজেলার মোহনপুর ইউনিয়নে একটি সেতু ভেঙেছে প্রায় দুই মাস আগে। কিন্তু এখনও তা মেরামত না করায় সেতুর ভাঙা অংশের ওপর কাঠের পাটাতন বিছিয়ে চলাচল করছে ৭ গ্রামের মানুষ। সেতুটির অবস্থা এতটাই খারাপ যে, যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তবে স্থানীয়দের যোগাযোগের একমাত্র মাধ্যম হওয়ায় ঝুঁকি নিয়েই চলাচল করতে বাধ্য হচ্ছেন তারা।
মোহনপুর-ছোটনা গ্রামের ভেতর দিয়ে প্রবাহিত দোয়াইর খালের ওপর ১৯৯২ সালে সেতুটি নির্মাণ করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। মোহনপুর ইউনিয়নের এই সেতুটি সংযুক্ত করেছে কুরুইন, মোহনপুর, ছোটনা, দিঘীরপাড়, বিহারমন্ডল, নোয়াপাড়া ও বুড়িচংয়ের আবিদপুর গ্রামকে। তবে গত প্রায় দুই মাস ধরে সেতুটির বেহাল অবস্থা। নির্মাণের পর দীর্ঘ ৩৩ বছরে আর কোনো সংস্কার না করায় সেতুটির আস্তে আস্তে জীর্ণ দশা হয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সেতুর মাঝ বরাবর ভেঙে বেরিয়ে পড়েছে লোহার রড, হয়েছে বড় আকারের গর্ত। সেতুর নিচের অংশের পলেস্তরা খসে পড়ছে। ভারী কোনো যানবাহন উঠলেই সেতুটি কেঁপে ওঠে।
স্থানীয়রা জানান, চলাচল বন্ধ হয়ে যাতে খালের দুপাড়ের বাসিন্দাদের যোগাযোগ ও অন্যান্য কর্মকাণ্ড যাতে থেমে না যায়, তাই ভাঙা স্থানে কাঠের পাটাতন বিছিয়ে তাৎক্ষণিক সমাধান বের করেছিলেন তারা। কিন্তু জনগুরুত্বপূর্ণ এই সেতুটি মেরামতে কর্তৃপক্ষ গা করছে না বলে অভিযোগ তাদের।
আরও পড়ুন: কাজ সম্পন্ন হওয়ার আগেই ভেঙে ফেলতে হলো সেতু
ছোটনা গ্রামের কলেজশিক্ষার্থী ইউসুফ ও মোহনপুর গ্রামের মাসুদ রানা বলেন, এ সেতু দিয়ে চলাচল ঝুঁকিপূর্ণ। প্রতিদিন অসংখ্য ছোট যানবাহন ও লোকজন পারাপার হয়। সেতুটি পার হয়ে কোমলমতি শিক্ষার্থীরা যখন বিদ্যালয়ে যায়, তখন ভয় লাগে। যেকোনো মুহূর্তে প্রাণহানি হতে পারে।
মোহনপুর ইউনিয়ন পরিষদ সদস্য কামাল হোসেন বলেন, ‘কিছুদিন আগে স্থানীয় লোকজন বিষয়টি আমাকে জানায়। ব্যক্তিগত উদ্যোগে আমি সেতুটির সংস্কার করতে চেয়েছিলাম। কিন্তু সেতুটি অনেক পুরনো, সংস্কার করলেও কাজে আসবে না।’
দেবিদ্বার উপজেলা নির্বাহী প্রকৌশলী সবুজ চন্দ্র সরকার বলেন, ‘সেতুটি নতুন করে নির্মাণের জন্য আমাদের হাতে কোনো প্রকল্প নেই। তবে কিছুদিনের মধ্যে আমরা সেটি মেরামত করে দেব।’
২৯৫ দিন আগে
চাঁদপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
চাঁদপুর সদর উপজেলায় বেপরোয়া গতির মোটরসাইকেল দুর্ঘটনায় রুবেল হোসেন শিশির (১৮) নামের এক যুবক নিহত হয়েছেন।
রবিবার (১০ আগস্ট) দুপুরে চাঁদপুর সদর উপজেলার বাবুরহাট-পেন্নাই সড়কের কাছে ময়দান খোলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত রুবেল ৩ নম্বর কল্যাণপুর ইউনিয়নের আমানুল্লাহপুর গ্রামের দিঘিরপাড় এলাকার নজরুল ইসলাম স্বপনের ছেলে।
নিহতের স্বজনরা জানান, রুবেল সম্প্রতি বাবুরহাট স্কুল থেকে এসএসসি পাস করেছেন। গতকাল (রবিবার) নানার কাছ থেকে মোটরসাইকেল নিয়ে বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনার শিকার হয়। এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল (রবিবার) দুপুরে রুবেল তার নানার মোটরসাইকেলে করে সদরের লালদিয়া এলাকা থেকে বাবুরহাট যাওয়ার পথে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে একটি ডাববোঝাই ভ্যানের সঙ্গে সজোরে ধাক্কা খেলে তিনি ছিটকে পড়ে যান। মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার তীব্রতায় তার মস্তিষ্ক বের হয়ে আসে।
দীর্ঘ সময় রাস্তার পাশে রুবেলের মরদেহ পড়ে থাকলেও স্থানীয়রা কেউ তাকে হাসপাতালে নিতে সাহস পাননি।
পরে এক সিএনজি অটোরিকশাচালক মানবিক কারণে তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান।
আরও পড়ুন: দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত ১
এরপর চিকিৎসক ডা. মাহমুদুল হাসান সুমন জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই রুবেলের মৃত্যু হয়েছে। খবর পেয়ে স্বজনরা হাসপাতালে গিয়ে আহাজারি শুরু করেন।
চাঁদপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ মহসিন বলেন, ‘হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে।’
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার মিয়া ইউএনবিকে জানান, পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই শেষ বিকালে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
২৯৭ দিন আগে
দেবিদ্বারে সেতু ভাঙা, কাঠের পাটাতন বিছিয়ে ৭ গ্রামের চলাচল
কুমিল্লার দেবিদ্বার উপজেলার মোহনপুর ইউনিয়নের একটি ভাঙা সেতু দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে সাতটি গ্রামের মানুষ। সেতুটির অবস্থা এতটাই খারাপ, যে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। কিন্তু ঝুঁকিপূর্ণ সেতুটি ব্যবহার করতে বাধ্য হচ্ছেন গ্রামবাসী, কারণ এটিই তাদের যোগাযোগের একমাত্র মাধ্যম।
মোহনপুর ইউনিয়নের এই ভাঙা সেতুটি সংযোগ করেছে কুরুইন, মোহনপুর, ছোটনা, দিঘীরপাড়, বিহারমণ্ডল, নোয়াপাড়া ও বুড়িচংয়ের আবিদপুর গ্রামকে। প্রায় দুই মাস ধরে সেতুটির বেহাল অবস্থার কারণে চলাচলে সমস্যায় পড়েছে তারা।
মোহনপুর-ছোটনা গ্রাম দিয়ে প্রবাহিত দোয়াইর খালের উপর ১৯৯২ সালে সেতুটি নির্মাণ করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। দীর্ঘ ৩৩ বছরেও কোনো সংস্কার না করায় সেতুটির এ অবস্থা হয়েছে। স্থানীয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
সেতুর মাঝ বরাবর ভেঙে বেরিয়ে পড়েছে লোহার রড, হয়েছে বড় আকারের গর্ত। চলাচলের জন্য ভাঙা স্থানে কাঠের পাটাতন বিছিয়ে রাখা হয়েছে। সেতুর নিচের অংশের পলেস্তরা খসে পড়ছে। ভারী কোনো যানবাহন উঠলেই সেতুটি কেঁপে ওঠে। সরজমিনে গিয়ে এসব চিত্র দেখা গেছে।
আরও পড়ুন: জামালগঞ্জে পরিত্যক্ত সেতু দিয়ে ঝুঁকিতে চলাচল, দুর্ভোগে ৩৫ গ্রামের মানুষ
ছোটনা গ্রামের কলেজপড়ুয়া শিক্ষার্থী ইউসুফ ও মোহনপুর গ্রামের মাসুদ রানা বলেন, এ সেতু দিয়ে চলাচল ঝুঁকিপূর্ণ। প্রতিদিন অসংখ্য ছোট যানবাহন ও লোকজন পারাপার হয়। সেতুটি পার হয়ে কোমলমতি শিক্ষার্থীরা যখন বিদ্যালয়ে যায়, ভয় লাগে। যেকোনো মুহূর্তে প্রাণহানির ঘটনা ঘটতে পারে।
মোহনপুর ইউনিয়ন পরিষদ সদস্য কামাল হোসেন বলেন, কিছুদিন আগে স্থানীয় লোকজন বিষয়টি আমাকে জানিয়েছিলেন। ব্যক্তি উদ্যোগে সংস্কার করার চেষ্টা করেছিলাম, কিন্তু সেতুটি পুরাতন হওয়ায় সংস্কার করেও কাজ হবে না।
দেবিদ্বার উপজেলা নির্বাহী প্রকৌশলী সবুজ চন্দ্র সরকার বলেন, এই সেতুটি নতুন করে নির্মাণের জন্য আমাদের হাতে কোনো প্রকল্প নেই। তবে কয়েক দিনের মধ্যে কিছু অংশ মেরামত করে দেওয়া হবে।
২৯৮ দিন আগে
নোয়াখালীতে অগ্নিকাণ্ডে ৩০টি ব্যবসায়ী প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত
নোয়াখালীর সেনবাগে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে দুটি কারখানাসহ মোট ৩০টি ব্যবসায়ী প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে।
শনিবার (৯ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার সেবারহাটে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল মধ্যরাতে সেবারহাটের দক্ষিণ অংশে পলি প্লাইউড কারখানায় প্রথমে ধোঁয়া ও পরে আগুন দেখা যায়। স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করলেও তীব্রতা বেড়ে যাওয়ায় দ্রুতই আগুন পাশের দোকান ও কারখানাগুলোতে ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে সেনবাগ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
সেনবাগ ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বেলাল হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যে ওই কারখানার বয়লার অতিরিক্ত হিট হওয়ায় সেখান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।
আরও পড়ুন: নারায়ণগঞ্জ হকার্স মার্কেটে অগ্নিকাণ্ড, পুড়ে গেছে ৩০ দোকান, আহত ৫
স্থানীয় ব্যবসায়ী আবুল বাশার বলেন, বাজারের মধ্যে বিভিন্ন দোকান রয়েছে। সেখানে এ ধরনের কারখানা বাজারের বাইরে পরিবেশবান্ধব এবং নিরাপদ স্থানে স্থাপন করা প্রয়োজন।
ফায়ার সার্ভিস ও ডিফেন্স নোয়াখালীর সহকারী পরিচালক ফরিদ উদ্দিন জানান, আগুন নিয়ন্ত্রণে সেনবাগ ছাড়া ও চৌমুহনী এবং মাইজদী স্টেশন থেকে পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ সময় স্থানীয়দের পাশাপাশি পুলিশ ও সেনা সদস্যরাও সহায়তা করেন।
তিনি জানান, ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের মধ্যে একটি প্লাইউড ও একটি মেটাল কারখানা ছাড়াও বিভিন্ন ধরনের মোট ৩০টি ব্যবসায়ী প্রতিষ্ঠান মালামালসহ ক্ষতিগ্রস্থ হয়েছে। তদন্ত শেষে মোট ক্ষয়ক্ষতি পরিমাণ জানা যাবে।
২৯৮ দিন আগে
ব্রাহ্মণবাড়িয়ায় নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নদীতে ডুবে তানিশা মনি (৫) ও তাবাসসুম (৪) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (৯ আগস্ট) সন্ধায় উপজলার গোয়লনগর ইউনিয়নের কদমতলী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
তানিশা মনি কদমতলী গ্রামের জুনায়েদ মিয়ার এবং তাবাসসুম একই গ্রামের দুলাল মিয়ার মেয়ে।
আরও পড়ুন: চাঁদপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশু নিহত
পরিবার সূত্রে জানা যায়, বর্ষা মৌসুম হওয়ায় কদমতলী গ্রামের নদীতে এখন থৈ থৈ পানি। শনিবার বিকেলে দুই শিশু বাড়ির পাশে খেলা করছিল। পরিবারের অজান্তেই তারা বাড়ির পাশে নদীর পানিতে পড়ে যায়। সন্ধ্যা ঘনিয়ে এলেও দুজনকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু হয়। পরে বাড়ির পাশে নদীতে তাদের মরদেহ পাওয়া যায়।
নাসিরনগরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনা নাছরীন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
২৯৯ দিন আগে
নির্বাচন নিয়ে দেশের মানুষের মনে সংশয় রয়েছে: ঊষাতন তালুকদার
বাংলাদেশে আদৌ নির্বাচন হবে কিনা, মানুষের মনে সেই প্রশ্ন জেগেছে বলে মন্তব্য করেছেন জনসংহতি সমিতির (জেএসএস) সহসভাপতি ও সাবেক সংসদ সদস্য ঊষাতন তালুকদার।
তিনি বলেন, পরাশক্তি আমেরিকা ও রাশিয়ার দৃষ্টি এখন পড়েছে বাংলাদেশের বঙ্গোপসাগর ও মিয়ানমারে। তাইতো আমাদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলছে।
ঊষাতন তালুকদার বলেন, প্রধান উপদেষ্টা সিইসিকে চিঠি লিখেছেন, ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু চিঠি লিখলেও মানুষের মনে প্রশ্ন রয়ে গেছে আদৌ নির্বাচন হবে কিনা।
শনিবার (৯ আগষ্ট) সকালে রাঙ্গামাটি পৌরসভা প্রাঙ্গণে এক আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠা ও ভবিষ্যৎ গঠনে কৃত্রিম বুদ্ধিমত্তার সার্থক প্রয়োগ' প্রতিপাদ্যে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন কমিটি এই অনুষ্ঠানের আয়োজন করে।
তিনি বলেন, আমেরিকা কি চায় সেটার উপর নির্ভর করছে। তবে ভারতেরও তো খেয়াল ও ইচ্ছা রয়েছে। তারাও ভিতরে ভিতরে পরাশক্তি। তাদের উপর এখন আমাদের ভাগ্য নির্ভর করছে। পুরো বাংলাদেশ এখন খেলার পুতুল হিসেবে পরিণত হয়েছে, বলেন তিনি।
আরও পড়ুন: সংস্কারের নামে নির্বাচন বিলম্বিত করা যাবে না: গয়েশ্বর চন্দ্র রায়
ঊষাতন তালুকদার আরও বলেন, পার্বত্য অঞ্চলের মানুষ আজো নিপীড়ন নির্যাতনের মধ্যে রয়েছে। তারুণ্যের জয়গানের মধ্যদিয়ে নতুন বাংলাদেশ রচিত হলেও পাহাড়ের আদিবাসী জনগোষ্ঠী এখনো শোষণ বঞ্চনা ও লাঞ্ছনার শিকার হচ্ছে।
আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন কমিটির আহবায়ক প্রকৃতি রঞ্জন চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ মানবাধিকার কমিশনের সাবেক সদস্য নিরূপা দেওয়ান। আদিবাসী দিবসের আলোচনা সভার উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন, শিক্ষক ও লেখক গবেষক শিশির চাকমা।
আলোচনা সভার পর রাঙ্গামাটি পৌরসভা প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। আদিবাসী জনগোষ্ঠী তাদের নিজেদের ঐতিহ্যবাহী পোশাকে এই বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। শোভাযাত্রাটি রাঙ্গামাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাঙ্গামাটি শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।
অনুষ্ঠানে আদিবাসী নেতারা অবিলম্বে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতির পাশাপাশি জাতিসংঘ ঘোষিত আদিবাসী বিষয়ক ঘোষণাপত্রে সই করার আহ্বান জানান। বর্তমান সময়ের মধ্যে বাংলাদেশের আদিবাসীরা যদি তাদের অধিকারসহ আদিবাসী স্বীকৃতি না পায়, তাহলে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেওয়া হয়।
২৯৯ দিন আগে
ফেনী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার
ফেনীর মহিপালে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হত্যা মামলায় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খায়রুল বাশার মজুমদার তপনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৮ আগস্ট) রাত ১০টার দিকে রাজধানীর শান্তি নগরের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার খায়রুল বশর মজুমদার তপন ফেনীর পরশুরাম উপজেলার ধনিকুন্ডা গ্রামের আবুল বশরের ছেলে।
গ্রেপ্তার তপনের স্ত্রী সাদিয়া ইসলাম শিমু বলেন, ডিবি পুলিশের সদস্যরা রাত ১০টার দিকে বাসায় এসে তাকে আটক করে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যান। তিনি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ নানা রোগে অসুস্থ হওয়ায় গত কদিন ধরে বাসায় অবস্থান করছিলেন।
জানা গেছে, গত বছরের ৫ আগস্টে গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর খায়রুল বশর মজুমদার তপন আত্মগোপনে চলে যান।
গত বছরের ৪ আগস্ট বেলা সাড়ে ১১টা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সরকার পতনের একদফা কর্মসূচির সমর্থনে মহিপাল ফ্লাইওভারের নিচে অবস্থান নেয় ছাত্র-জনতা। দুপুর দেড়টার দিকে ট্রাংক রোড থেকে মিছিল নিয়ে আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মহিপাল ফ্লাইওভারের দিকে এগোতে থাকেন। এসময় মুহুর্মুহু গুলি, ককটেল বিস্ফোরণে শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের চারপাশ প্রকম্পিত হয়ে ওঠে। এসি মার্কেট সংলগ্ন এলাকা থেকে নিরস্ত্র ছাত্র-জনতার কর্মসূচিতে নির্বিচারে গুলি করতে করতে সামনে এগোতে থাকেন নেতা-কর্মীরা। সেদিন মহিপাল ফ্লাইওভারের নিচে থেকে শুরু করে সার্কিট হাউস রোডের পাসপোর্ট অফিসের সামনে একে একে পড়ে ছিল শ্রাবণ, শিহাব, শাহীসহ ৭ জনের রক্তাক্ত লাশ। আহত হন শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী, পথচারীসহ অন্তত চার শতাধিক মানুষ।
আরও পড়ুন: আ.লীগ নেতাকর্মীদের প্রশিক্ষণ: মেজর সাদেকের স্ত্রী গ্রেপ্তার
এ ব্যাপারে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুজ্জামান বলেন, রাজধানীর শান্তিনগর থেকে খায়রুল বাশার মজুমদার তপনকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থার প্রক্রিয়া চলছে।
ফেনীতে বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় ২২টি মামলা হয়েছে। তার মধ্যে সাতটি হত্যা ও ১৫টি হত্যাচেষ্টা মামলা। এসব মামলায় ২ হাজার ১৯৯ জন এজাহারভুক্ত এবং ৪ হাজার অজ্ঞাত আসামি রয়েছে। তাদের মধ্যে ১ হাজারের বেশি আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ১১ জন আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এরইমধ্যে একটি মামলায় অভিযোগপত্র দেওয়া হয়েছে।
২৯৯ দিন আগে
যৌথবাহিনী অভিযানে লক্ষ্মীপুরে বিভিন্ন অস্ত্রসহ মাদকদ্রব্য জব্দ, আটক ৩
লক্ষ্মীপুরে যৌথবাহিনী অভিযানে পিস্তল, দেশীয় অস্ত্র ও ইয়াবা জব্দ করা হয়েছে। এসময় তিনজনকে আটকের দাবি করেছে যৌথবাহিনী।
শুক্রবার (৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপুর পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডে অবসরপ্রাপ্ত কর্নেল মজিদের বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন—পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের মনির হোসেন মেম্বারের ছেলে আহম্মদ আল মারুফ রবিন (৩৪), আহম্মদ আল আরেফিন রিমন (২৯) এবং পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাঞ্চানগর এলাকার তোফায়েল আহম্মদের ছেলে এহসান আহম্মেদ (২৪)।
আরও পড়ুন: নাটোরে কোটি টাকার নকল যৌন উত্তেজক ওষুধ জব্দ
অভিযানের সময় তাদের কাছ থেকে দুইটি এলজি পিস্তল, তিনটি রামদা, পাঁচটি ছুরি, একটি পিস্তলের ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি, ৮৩ পিস ইয়াবা, এক সেট সেনাবাহিনীর ইউনিফর্ম, নগদ ৩৬ হাজার টাকা, মাদকের ব্যবসার হিসাব সংবলিত চারটি খাতা এবং ইয়াবা প্যাকেট করার জন্য ব্যবহৃত এক বান্ডিল ফয়েল পেপার জব্দ করা হয়।
লক্ষ্মীপুর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মো. রাহাত খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা এ অভিযান চালিয়ে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, আগ্নেয়াস্ত্র, ইয়াবা, নগদ টাকা ও মাদক ব্যবসার কাগজপত্র জব্দ করা হয়েছে। আটক তিনজনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
৩০০ দিন আগে
চট্টগ্রামে টানা বৃষ্টিতে কালভার্ট ধস, চলাচলে বিপর্যয়
চট্টগ্রামে রাতভর টানা বৃষ্টির কারণে নগরীর বায়েজিদ থানার অক্সিজেন ২ নম্বর গেট এলাকায় একটি কালভার্ট ধসে পড়েছে। এতে সড়কের এক পাশ দিয়ে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে এবং অন্য পাশ দিয়ে ঝুঁকিপূর্ণভাবে চলাচল করছে যানবাহন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল দিবাগত রাতে টানা বর্ষণের কারণে বৃহস্পতিবার (৭ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে পানির প্রচণ্ড স্রোতে কালভার্টটি ধসে পড়ে। বর্তমানে সড়কের এক পাশ দিয়ে ঝুঁকি নিয়ে যান চলাচল করছে। সড়ক ভেঙে যাওয়ায় লাল ফিতা দিয়ে নিরাপত্তাবেষ্টনী তৈরি করা হয়েছে। ধীর গতির কারণে উভয় পাশে তীব্র যানজট দেখা দিয়েছে।
এ ছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেন ও নাজিরহাট রুটের ট্রেন চলাচলেও বিঘ্ন ঘটেছে বলে জানা গেছে। এ ঘটনার পর আজ (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১০টার দিকে ধসে যাওয়া সড়কটি পরিদর্শন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
তিনি বলেন, ‘নগরের জলাবদ্ধতা ইস্যুকে আমরা অগ্রাধিকার দিচ্ছি। তবে সব কালভার্ট মেরামতের পরিকল্পনা থাকলেও সরকারের পক্ষ থেকে বাজেট আসছে না।’
এলাকার বাসিন্দা জাহাঙ্গীর সাত্তার বলেন, ‘গত বছর থেকেই কালভার্টটির এক পাশ দেবে গিয়েছিল। তখন ফেসবুকে পোস্ট করার পর সিটি করপোরেশন শুধু টিন দিয়ে ঘিরে দিয়েছিল। দেবে যাওয়া জায়গায় বালু ও ইটের টুকরা ফেলে গর্ত ভরাট করে দিয়েছিল মাত্র।’
৩০১ দিন আগে
ব্রাহ্মণবাড়িয়ায় আগুন আতঙ্কে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে অর্ধশতাধিক শিক্ষার্থী আহত
ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের একটি বিদ্যালয়ে আগুন লাগার আতঙ্গে সিঁড়ি দিয়ে হুড়োহুড়ি করে নামতে গিয়ে প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়েছে।
এতে গুরুতর আহতাবস্থায় ১১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান বিধ্বংসের ঘটনা মনে করে বিদ্যালয় প্রাঙ্গণে বিপুল সংখ্যক মানুষের ভিড় জমে।
বুধবার (৬ আগস্ট) দুপুরে জেলা শহরের প্রাণকেন্দ্র নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়ের পশ্চিম ভবনের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট শিক্ষার্থী, শিক্ষক ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের তৃতীয় তলার বারান্দায় আসন্ন বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় অংশগ্রহণের প্রস্তুতি হিসেবে শিক্ষার্থীরা একটি প্রজেক্ট তৈরি করার সময় মাল্টিপ্লাগের মাধ্যমে বিদ্যুতের সংযোগ দিতে গিয়ে হঠ্যাৎ করে বিকট শব্দ হলে উপস্থিত শিক্ষার্থীরা আগুন লেগে গেছে মনে করে আতঙ্কে সিঁড়ি দিয়ে নামতে শুরু করে। এসময় অন্যান্য শিক্ষার্থীরাও আতঙ্কে তাদের পেছন পেছন সিঁড়ি দিয়ে নামতে গিয়ে প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়।এর মধ্যে ১১ জনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।
আহত শিক্ষার্থীরা হলো, আমেনা জাহানা আরিশা (৮ম),সোহামণি ইতি (৬ষ্ঠ),তাসনোভা ইসরাত (৭ম),মাকিয়া আক্তার লামিয়া (৮ম),ফারিয়া সুলতানা (৮ম),তানজিনা আক্তার(৭ম),নোহা ইসলাম (৮ম), কলি (৮ম),আরিফা (৮ম),রুহান (৭ম),ফাতেমা আক্তার মীম (৭ম)।এর মধ্যে রুহানকে নিবিড় পরিচর্চা কেন্দ্রে রাখা হয়েছে।
আহত শিক্ষার্থী সোহামণি ইতি ও ফাতেমা আক্তার মীম জানায়, আগুন লেগেছে শুনে দৌড়ে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে ধাক্কা লেগে পড়ে গিয়ে ব্যাথা পেয়েছে।
ওই বিদ্যালয়ের গণিত শিক্ষক কেশব দেবনাথা জানান, কিছু হয়নি বলার পরও শিক্ষার্থীরা আমাকে ধাক্কা মেরেই রুম থেকে বের হয়ে যায়। পরে নামতে গিয়ে যারা ব্যথা পেয়েছে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিদুল ইসলাম জানান, মাল্টিপ্লাগের শর্ট সার্কিটের শব্দ থেকে আতঙ্কে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে কিছু শিক্ষার্থী ব্যথা পেয়েছে।
৩০২ দিন আগে