চট্টগ্রাম
চট্টগ্রামে পানিভর্তি গর্তে পড়ে দুই শিশু নিহত
চট্টগ্রামের ফটিকছড়িতে ইটভাটার মাটি কাটার পানিভর্তি গর্তে পড়ে সাকি (৮) ও সানজিদা (১১) নামে দুই শিশু নিহত হয়েছে।
শনিবার (৫ এপ্রিল) উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নে সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাকি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কলিম বাপের বাড়ির হাবিবুর রহমানের মেয়ে। নিহত সানজিদা একই বাড়ির জাকির হোসেনের মেয়ে।
এ বিষয়ে হারুয়ালছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী জানান, বাড়ির পাশে ইটভাটার মাটি কাটার পানিভর্তি গর্তে পড়ে দুই শিশু নিহত হয়েছে। একজন পানিতে পড়ে গেলে অন্যজন তাকে বাঁচাতে গিয়ে দুজনই মারা যায়।
৬০ দিন আগে
৩৪ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে মালয়েশিয়ার জাহাজ
৩৪ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে এসেছে মালয়েশিয়ার তেলবাহী ট্যাংকার জাহাজ ‘শান গ্যাং ফা জিয়ান’।
শুক্রবার (৩ এপ্রিল) রাতে জাহাজটি বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেলে পৌঁছে বলে জানান চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম।
জাহাজের স্থানীয় এজেন্ট প্রাইড শিপিং লাইনস জানায়, আজ (শনিবার) সকালে এটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এসেছে।
এর আগে, শুক্রবার দুপুর ২টার দিকে ২৭ হাজার ৩০০ টন ডিজেল নিয়ে সিঙ্গাপুর থেকে আগত ‘ইয়ান জিং হে’ নামের আরেকটি জাহাজ পদ্মা অয়েলের ডলফিন জেটি-৬-এ বার্থিং করেছিল (ঘাটে এসে বেঁধে রাখা)। এই জাহাজটির স্থানীয় এজেন্টও প্রাইড শিপিং লাইনস।
প্রাইড শিপিং লাইনসের ম্যানেজিং পার্টনার নজরুল ইসলাম বলেছেন, ‘শান গ্যাং ফা জিয়ান’ ইতোমধ্যেই কুতুবদিয়ায় পৌঁছেছে এবং এতে ৩৪ হাজার টনের কিছু বেশি ডিজেল রয়েছে। আজ শনিবার জাহাজটি বার্থিং করার কথা রয়েছে।
৬১ দিন আগে
ফেনীতে মোটরসাইকেলের তেল আনতে গিয়ে তরুণের মৃত্যু
দাগনভূঞা-ফেনী আঞ্চলিক মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মো. অন্তর (২০) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে নোয়াখালীর কোম্পানীগঞ্জ থেকে মোটরসাইকেলের জন্য তেল আনতে বের হলে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত অন্তর নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের টেকের বাজার-সংলগ্ন মিদ্দাবাড়ির একরামুল হকের ছেলে।
স্থানীয়রা জানান, চলমান পরিস্থিতির কারণে কোম্পানীগঞ্জের তেলের দোকানগুলোতে অকটেন ও পেট্রোল সংকট চলছে। এ কারণে অন্তর মোটরসাইকেলের জন্য তেল আনতে বিকেলে বাড়ি থেকে ফেনীর উদ্দেশে বের হন। তেল সংগ্রহ করে ফেরার পথে এনায়েতভূঞা এলাকায় অজ্ঞাত একটি যানবাহনের সঙ্গে তার মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই তিনি নিহত হন। এ সময় আরও এক মোটরসাইকেলআরোহী গুরুতর আহত হন।
নোয়াখালীর চরকাঁকড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য (মেম্বার) হুমায়ন কবির বলেন, এ ঘটনায় নিহতের পরিবারে শোকের মাতম চলছে। স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে। নিহতের স্বজনেরা দুর্ঘটনার সঠিক কারণ ও জড়িত যানবাহন শনাক্তে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন।
এ বিষয়ে ফেনী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. সাখায়েত হোসেন বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে এ বিষয়ে খোঁজখবর নেওয়া হবে।
৬২ দিন আগে
ভোলায় ২ হাজার লিটার অবৈধ জ্বালানি তেলসহ আটক ২
ভোলায় অভিযান চালিয়ে প্রায় ২ হাজার লিটার অবৈধ জ্বালানি তেলসহ দুইজনকে আটক করেছে কোস্টগার্ড।
শুক্রবার (৩ এপ্রিল) কোস্টগার্ডের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন রাতে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল (বৃহস্পতিবার) বিকেল ৫টার দিকে কোস্টগার্ড বেইস ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ফেরিঘাট-সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় একটি স্টিল বডির নৌকায় অবৈধভাবে জ্বালানি তেল পরিবহনের সময় প্রায় ২ লাখ টাকা মূল্যের ২ হাজার লিটার তেলসহ দুইজনকে আটক করা হয়।
পরে জব্দ করা তেল ভোলা সদর উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে এ রহমান অ্যান্ড সন্স ফিলিং স্টেশনে বাজারমূল্যে বিক্রি করা হয়। আটক ব্যক্তিদের কাছ থেকে ৭০ হাজার টাকা জরিমানা আদায় করে বোটসহ ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান কোস্টগার্ডের এ কর্মকর্তা।
বিক্রয় ও জরিমানার অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে বলে জানান তিনি।
৬২ দিন আগে
চাঁদপুরে ১৩ বছর আগের মামলায় যুবদল-ছাত্রদলের ৬ নেতা-কর্মী কারাগারে
চাঁদপুরের মতলব দক্ষিণ থানায় ১৩ বছর আগের একটি মামলায় যুবদল ও ছাত্রদলের ছয় নেতা-কর্মীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার (১ এপ্রিল) দুপুরে চাঁদপুরের অতিরিক্ত জেলা জর্জকোর্ট-২ আদালতে যুবদল ও ছাত্রদলের ছয় নেতা-কর্মী হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
কারাগারে পাঠানো নেতা-কর্মীরা হলেন— মতলব উত্তর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদুজ্জামান টিপু, মতলব পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শরীফ উল্লাহ টিটু, মতলব দক্ষিণ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিরাজ মাহমুদ জিসান এবং হাসান, জুয়েল ও আদর।
মামলার বিবাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাদ্দাম হোসেন জানান, ২০১৩ সালের ২৯ অক্টোবর মতলব দক্ষিণ থানায় বাইশপুর গ্রামের লাল মিয়ার ছেলে শরীফ হোসেন বাদী হয়ে মিরাজ মাহমুদ জিসান, রাশেদুজ্জামান টিপু, শরীফ উল্লাহ টিটু, রেহান উদ্দিন রাজন, হাসান, জুয়েল, আদরসহ ১২/১৩ জনকে আসামি করে একটি মামলা করেন। ওই মামলায় ১১ জনের বিরুদ্ধে চূড়ান্ত প্রতিবেদন (চার্জশিট) আদালতে দাখিল করেন মামলায় তদন্তকারী কর্মকর্তা এসআই দীপক।
মামলাটি চলমান থাকা অবস্থায় আসামিরা আদালতে হাজিরা না দেওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
গতকাল (বুধবার) দুপুরে চাঁদপুরের অতিরিক্ত জেলা জর্জকোর্ট-২ আদালতে মামলার ছয় আসামি হাজির হয়ে জামিনের জন্য আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
এদিকে, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে—এমন অভিযোগ তুলে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদল, মতলব পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকার এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সফিকুল ইসলাম সাগর। এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা গ্রেপ্তার নেতা-কর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি জানান।
৬৩ দিন আগে
লক্ষ্মীপুরে বিদ্যুতায়িত হয়ে ২ ইটভাটা শ্রমিক নিহত
লক্ষ্মীপুর সদর উপজেলায় একটি ইটভাটায় কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে দুই শ্রমিক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুর দেড়টার দিকে উপজেলার সুতারগোপ্টা এলাকায় মেসার্স এনবিএসি ইটভাটায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— ইটভাটা শ্রমিক রুবেল (৩০) ও আলাউদ্দিন (৩৫)। তারা দুজনই সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরভুতা গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো ইটভাটায় কাজ করার সময় হঠাৎ বিদ্যুতের সংস্পর্শে আসেন তারা। এতে উভয়ই গুরুতর আহত হন। পরে সহকর্মীরা দ্রুত তাদের উদ্ধার করে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় শ্রমিক শরাফত আলী বলেন, হঠাৎ বিদ্যুতের লাইনের সংস্পর্শে এসে পড়ে যান তারা। আমরা দ্রুত তাদের হাসপাতালে নিয়ে যাই, কিন্তু বাঁচানো যায়নি।
কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মাহবুবুর রহমান জানান, দুর্ঘটনায় আহত অবস্থায় দুই শ্রমিককে হাসপাতালে নিয়ে আসা হয়। তবে পরীক্ষা-নিরীক্ষা শেষে দেখি, তারা বেঁচে নেই।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহেদ পারভেজ বলেন, ইটভাটায় কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে দুই শ্রমিকের মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
৬৩ দিন আগে
ভোলার বিসিক শিল্পনগরী থেকে ৫ হাজার ৯৭৬ লিটার ডিজেল জব্দ
ভোলার বিসিক শিল্পনগরীতে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করায় দুই প্রতিষ্ঠান থেকে মোট ৫ হাজার ৯৭৬ লিটার অবৈধ ডিজেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানগুলোকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন।
মঙ্গলবার (৩১ মার্চ) রাত ৯টা থেকে ১২টা পর্যন্ত কারখানা দুটিতে অভিযান চালান ভ্রাম্যমান আদালত।
অভিযান চলাকালে দুই প্রতিষ্ঠান থেকে মোট ৫ হাজার ৯৭৬ লিটার অবৈধ ডিজেল জব্দ করা হয়। এর মধ্যে খান ফ্লাওয়ার মিল থেকে ৩ হাজার ৯৭৬ লিটার এবং তৃষ্ণা বেকারির কারখানা থেকে ২ হাজার লিটার ডিজেল উদ্ধার করা হয়। এ ছাড়াও খান ফ্লাওয়ার মিলের যে কক্ষে অবৈধভাবে তেল মজুদ করা হয়েছিল, সেটি সিলগালা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইয়েদ মাহামুদ বুলবুল জানান, গোপন সংবাদের ভিত্তিতে মূলত এই অভিযান পরিচালনা করা হয়। লাইসেন্স ছাড়া তেল মজুদের দায়ে পেট্রোলিয়াম আইন ২০১৬–এর ৫৬(৩) ধারা লঙ্ঘনের অভিযোগে খান ফ্লাওয়ার মিলের মালিক জামাল খানকে ১ লাখ টাকা এবং তৃষ্ণা বেকারির মালিক মো. জুয়েলকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে, জরিমানা করার কারণে দুষ্কৃতিকারীরা সড়কে প্রশাসনের গাড়ির সামনে ইট ও বালুর বস্তা ফেলে পথ অবরোধ করে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করে বলে অভিযোগ ওঠে। পরে খবর পেয়ে নৌবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
৬৪ দিন আগে
ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রাঘাতে প্রবাসফেরত যুবকের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গাছের নিচে দাঁড়িয়ে থাকা অবস্থায় বজ্রাঘাতে আব্দুর রহমান (২৪) নামে প্রবাসফেরত এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (৩০ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পত্তন ইউনিয়নের টান মনিপুর গ্রামের শিমনা-ব্রাহ্মণবাড়িয়া সড়কের সীমনা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুর রহমান ওই এলাকার হেবজু মিয়ার ছেলে। জীবিকার তাগিদে দীর্ঘদিন সৌদি আরবে প্রবাসজীবন কাটিয়ে প্রায় চার মাস আগে দেশে ফেরেন তিনি।
প্রত্যক্ষদর্শী অধ্যাপক আলী আজম মীর জানান, হঠাৎ করেই ঝড়ে আকাশ কালো মেঘে ঢেকে যায়। প্রবল ঝড়ো হাওয়ার সঙ্গে শুরু হয় বজ্রপাত। এ সময় আব্দুর রহমান সড়কের পাশে একটি গাছের নিচে আশ্রয় নিয়েছিলেন। বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য আক্তার খান জানান, দুর্ঘটনার কিছুক্ষণ আগেই আব্দুর রহমান পাশের একটি চায়ের দোকানে চা পান করে সেখানে দাঁড়িয়েছিলেন। ঝড় থামার পরই এলাকাবাসী জানতে পারেন বজ্রপাতে আব্দুর রহমান নিহত হয়েছেন।
বিজয়নগর থানার পরিদর্শক (তদন্ত) রাজীব সরকার জানান, দুর্ঘটনার খবর জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
৬৫ দিন আগে
কুমিল্লায় জমির দ্বন্দ্বে বাড়ি ঘিরে বেড়া, আটকা পড়েছে দুটি পরিবার
কুমিল্লার চান্দিনায় জমি নিয়ে দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের বাড়ির চারপাশে বেড়া দিয়ে ঘিরে দেওয়ার ঘটনা ঘটেছে। এতে করে দুটি পরিবার অবরুদ্ধ হয়ে পড়েছে।
ঘটনাটি ঘটেছে উপজেলার শুহিলপুর ইউনিয়নের বড়ইয়াকৃষ্ণপুর গ্রামে। কয়েক মাস ধরে এই প্রতিবন্ধকতা নিয়েই দিনাতিপাত করছে পরিবার দুটি। নিজেদের টিউবওয়েল থাকা সত্ত্বেও নিতে পারছে না খাবার পানি, আরেক পরিবারের শৌচাগারে যাওয়ার পথও বন্ধ হয়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের ফরাজি বাড়ির রফিজ উদ্দিন ফরাজি এলাকার প্রভাবশালী ব্যক্তি। তার সঙ্গে একই বাড়ির বাচ্চু মিয়া ফরাজি ও জসিম উদ্দিন ফরাজির দীর্ঘদিন ধরে জমিসংক্রান্ত বিরোধ চলে আসছে। ওই বিরোধের জের ধরেই রফিজ উদ্দিন জোরপূর্বক জসিম উদ্দিনের উঠানে বেড়া দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। একইভাবে বাচ্চু মিয়া ফরাজির বেশ কিছু অংশ দখলে নিয়ে বেড়া দিয়ে তাদেরও চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন।
ভূক্তভোগী বাচ্চু মিয়ার ছেলে মিজানুর রহমান ফরাজি জানান, আমাদের দলিলকৃত বাড়ির অংশ জোরপূর্বক দখল করে নিয়েছেন রফিজ উদ্দিন। তিনি আমাদের জয়গায় বেড়া দিয়ে দখল করে রাখায় এখন পরিবারের সদস্যদের নিয়ে আমি নিজেদের শৌচাগার ব্যবহার করতে পারছি না।
তিনি বলেন, বিষয়টি নিয়ে আমরা এলাকাবাসীর কাছে একাধিকবার গিয়েছি, কিন্তু আমার কেনা জায়গা আমাকে বুঝিয়ে দিতে পারেননি তারা। অপরদিকে, রফিজ উদ্দিন তার জায়গার কাগজপত্র কোনো সালিশ দরবারেও দেখান না।
তার অভিযোগ, রফিজ উদ্দিন ফরাজি সব সময় রাজনৈতিক স্রোতে গা ভাসিয়ে চলেন। যখন যে দল ক্ষমতায় আসে, সেই দলের নাম ভাঙিয়ে এলাকায় প্রভাব বিস্তার করেন।
৬৬ দিন আগে
চাঁদপুরে বালুর ট্রাকের নিচে পিষ্ট হলো ৩ বছরের শিশু
চাঁদপুর সদরের রামপুর ইউনিয়নের দক্ষিণ মণিহার গ্রামে গুদারাঘাট সড়কে লালু মিয়ার বাড়ির সামনে লুকোচুরি খেলার সময় থেমে থাকা বালুবাহী ট্রাকের নিচে পিষ্ঠ হয়ে আরিয়ান নামের ৩ বছরের এক শিশু নিহত হয়েছে।
রবিবার (২৯ মার্চ) সকালে এই দুর্ঘটনাটি ঘটে বলে জানান নিহত শিশুটির স্বজনরা। আরিয়ান পার্শ্ববর্তী হাজীগঞ্জ উপজেলার মোহম্মদপুর গ্রামের রিপন মিয়ার ছেলে ছিল।
স্বজনরা জানান, ঈদ উপলক্ষে ২ দিন আগে সে তার মায়ের সঙ্গে খালার বাড়িতে বেড়াতে যায়। আজ (রবিবার) সকালে শিশুটি বাইরে খেলতে গেলে এ দুর্ঘটনা ঘটে। শিশুটির এই করুন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহতের মামা আ. রাজ্জাক ছৈয়াল জানান, আজ সকালে অন্য শিশুদের সঙ্গে লুকোচরি খেলতে খেলতে একপর্যায়ে ট্রাকের নিচে লুকায় আরিয়ান। এমন সময় ড্রাইভার খেয়াল না করে ট্রাক চালানোর চেষ্টা করেন। তিনি গাড়ি স্টার্ট দিয়ে এগোতে চেষ্টা করেন। সঙ্গে সঙ্গেই আশপাশের লোকজন ড্রাইভারকে চিৎকার করে থামতে বলে, কিন্তু ততক্ষণে শিশুটি চাকার নিচে পিষ্ঠ হয়ে গেছে।
পরিবারের সদস্যরা জানান, শিশুটিকে তাৎক্ষণিক উদ্ধার করে দ্রুত হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. জব্বার বলেন, মরদেহ থানায় আনা হয়েছে। বিষয়টি নিয়ে আইনি প্রক্রিয়া চলছে।
৬৭ দিন আগে