বরিশাল
মেঘনা নদীতে সাঁতার কাটতে গিয়ে শিক্ষার্থী নিখোঁজ, দুই দিনেও মেলেনি সন্ধান
ভোলার মেঘনা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া মাদরাসা শিক্ষার্থী মো. হাসিবের দুই দিনেও কোনো সন্ধান মেলেনি। নিখোঁজ শিক্ষার্থীর সন্ধানে কোস্টগার্ড, নৌপুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা যৌথভাবে উদ্ধার অভিযান চালাচ্ছেন।
বুধবার (৩ জুন) দুপুরে ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের তুলাতুলি মাছঘাট-সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।
১১ বছর বয়সী হাসিব ওই এলাকার বাসিন্দা। সে স্থানীয় একটি মসজিদের ইমাম মো. হাফিজুল্লাহর একমাত্র ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের ছুটিতে গ্রামে আসা আশপাশের ১০-১১ জন শিশুর সঙ্গে মেঘনা নদীতে গোসল করতে যায় হাসিব। এ সময় বন্ধুদের সঙ্গে মেঘনা নদীর মাঝের একটি চরে সাঁতরে যাওয়ার পর তীরে ফেরার পথে তীব্র স্রোতে পড়ে নিখোঁজ হয় হাসিব। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস, নৌ পুলিশ ও কোস্ট গার্ড।
নিখোঁজ শিশুটির বাবা মো. হাফিজুল্লাহ বলেন, ‘আমার ছেলে অন্য শিশুদের সঙ্গে নদীতে গোসল করতে গিয়েছিল। সবাই তীরে ফিরলেও হাসিব আর ফিরতে পারেনি। খবর পেয়ে কোস্ট গার্ড, নৌপুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান শুরু করেছে। একজন বাবা হিসেবে আমি আমার ছেলেকে জীবিত ফিরে পাওয়ার আশা প্রায় ছেড়ে দিয়েছি। প্রশাসনের কাছে অনুরোধ, অন্তত আমার ছেলের মরদেহটি যেন খুঁজে দেয়।’
কোস্ট গার্ড জানিয়েছে, নিখোঁজ শিশুকে উদ্ধারে তাদের অভিযান এখনো অব্যাহত রয়েছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত হাসিবের কোনো খোঁজ পাওয়া যায়নি।
ভোলা সদরের ইলিশা নৌপুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান জানান, নিখোঁজ শিশুটির সন্ধানে নদীতে যৌথ উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় হাসিবের পরিবার ও স্বজনদের মধ্যে উৎকণ্ঠা বিরাজ করছে।
২০ ঘণ্টা আগে
কুয়াকাটার গভীর সমুদ্রে ভেসে এল বিশালাকৃতির বেলিন তিমির মরদেহ
পটুয়াখালীর কুয়াকাটা-সংলগ্ন বঙ্গোপসাগরে বিশাল আকৃতির একটি মৃত তিমি ভেসে এসেছে।
বুধবার (৩ জুন) সকাল সাড়ে ১০টার দিকে খবর পেয়ে উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের সদস্যরা গভীর সমুদ্রে গিয়ে তিমিটির অস্তিত্ব নিশ্চিত করেন।
জানা গেছে, কুয়াকাটা সমুদ্র সৈকতের জিরো পয়েন্ট থেকে প্রায় ২ কিলোমিটার গভীর সমুদ্রে তিমিটি ভাসমান অবস্থায় রয়েছে। প্রাথমিকভাবে এটিকে বেলিন প্রজাতির তিমি বলে ধারণা করা হচ্ছে। তিমিটির দৈর্ঘ্য আনুমানিক ৪০ থেকে ৪৫ ফুট।
খবর পেয়ে ঘটনাস্থলে যান উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের (উপরা) আহ্বায়ক কেএম বাচ্চু। তিনি বলেন, ‘ওয়াটার বাইক চালকদের মাধ্যমে সংবাদ পাওয়ার পর আমরা স্পিডবোট নিয়ে ঘটনাস্থলে যাই। তিমিটি কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে প্রায় ২ কিলোমিটার গভীর সমুদ্রে ভাসছিল। এর দৈর্ঘ্য প্রায় ৪০ থেকে ৪৫ ফুট হবে। ধারণা করা হচ্ছে, এটি প্রায় ৫ থেকে ৬ দিন আগে মারা গেছে। স্রোতের কারণে তীরে পৌঁছাতে আরও সময় লাগতে পারে।’
এ বিষয়ে মহিপুর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মনির হোসেন বলেন, ‘বিষয়টি আমাদের নজরে এসেছে। বন বিভাগের বিট কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
ব্লু অ্যাকশন ফান্ডের অর্থায়নে পরিচালিত ডাব্লিউসিএস (WCS) ও ওয়ার্ল্ডফিশের সমন্বয়ে বাস্তবায়িত ‘সুস্থ সাগর’ প্রকল্পের গবেষণা সহকারী মো. বখতিয়ার রহমান বলেন, ‘প্রাথমিক পর্যবেক্ষণে মনে হচ্ছে তিমিটি প্রায় ৫ থেকে ৬ দিন আগে মারা গেছে। তবে কেবল বাহ্যিক অবস্থা দেখে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নির্ধারণ করা সম্ভব নয়।’
তিনি আরও বলেন, ‘জাহাজের ধাক্কা, মাছ ধরার জালে আটকে যাওয়া, রোগের সংক্রমণ, সামুদ্রিক দূষণ, খাদ্য সংকট, বার্ধক্যজনিত দুর্বলতা কিংবা অন্যান্য প্রাকৃতিক কারণেও তিমিটির মৃত্যু হতে পারে। প্রকৃত কারণ জানতে নেক্রোপসি (ময়নাতদন্ত) এবং বিস্তারিত বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন।’
এদিকে, স্থানীয় পরিবেশকর্মীরা মৃত তিমিটি সংরক্ষণ এবং এর মৃত্যুর কারণ উদঘাটনে বৈজ্ঞানিক গবেষণার উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন। তাদের মতে, এ ধরনের সামুদ্রিক প্রাণীর মৃত্যু উপকূলীয় জীববৈচিত্র্য ও সামুদ্রিক পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ বার্তা বহন করে।
১ দিন আগে
বরিশালে লঞ্চ থেকে পড়ে কিশোর নিখোঁজ
বরিশাল, ২ জুন (ইউএনবি)— বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় কালাবদর নদীতে লঞ্চ থেকে পড়ে মো. রানা (১৭) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে।
মঙ্গলবার (২ জুন) সকালে সোয়া ৭টার দিকে উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের চরপশ্চিম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ রানা বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি গ্রামের বাবুল হাওলাদারের ছেলে। বাবা-মায়ের সঙ্গে জাঙ্গালিয়া ইউনিয়নে আত্মীয়ের বিয়ের দাওয়াতে গিয়েছিল ছেলেটি। সেখান থেকে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দুই দিন আগে রানার পরিবার জাঙ্গালিয়া ইউনিয়নের কামরুল মোল্লার মেয়ের বিয়ের অনুষ্ঠানে অংশ নেয়। অনুষ্ঠান শেষে আজ (মঙ্গলবার) সকালে তারা লঞ্চে করে বরিশালের উদ্দেশে রওনা দেন। লঞ্চে ওঠার কিছুক্ষণ পর অসাবধানতাবশত রানা পা পিছলে নদীতে পড়ে যান। সাঁতার না জানায় মুহূর্তেই তিনি স্রোতের টানে তলিয়ে যান।
স্থানীয় বাসিন্দা মো. রাসেল বলেন, ঘটনার পরপরই আমরা জাল ও নৌকা নিয়ে তাকে খোঁজার চেষ্টা করি। কিন্তু দ্রুত স্রোতের কারণে তাকে আর পাওয়া যায়নি।
এ ঘটনার পর নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে কালীগঞ্জ নৌ পুলিশ এবং ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযানে অংশ নেয়।
কালীগঞ্জ নৌ পুলিশের পরিদর্শক মো. এনামুল বলেন, ‘নৌ পুলিশ, ফায়ার সার্ভিসের ডুবুরি দল এবং স্থানীয় জেলেরা যৌথভাবে নিখোঁজ কিশোরকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।’
এ ঘটনায় লঞ্চটির চলাচলের সময়সূচি স্থগিত করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ। নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ সলেমান স্বাক্ষরিত একটি চিঠি মেসার্স মোল্লা ট্রান্সপোর্ট কোম্পানির মালিক আব্দুস সালাম মোল্লার কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, মেসার্স মোল্লা ট্রান্সপোর্ট কোম্পানির এমএল লিমা এক্সপ্রেস ৪ লঞ্চটি মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে লেঙ্গুটিয়া থেকে বরিশালের উদ্দেশে যাওয়ার সময় ভোলাইবাড়ির সামনে লঞ্চের ছাদে অবস্থানরত এক যাত্রী নদীতে পড়ে নিখোঁজ হয়। লঞ্চের ছাদে যাত্রী পরিবহনে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও সেখানে যাত্রী বহন করায় এ দুর্ঘটনা ঘটেছে।
২ দিন আগে
পটুয়াখালীতে বিয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে কিশোরকে হত্যা, আটক ৩
পটুয়াখালীর কলাপাড়ায় বিয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে তাজুল ইসলাম (১৬) নামের এক কিশোরকে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বত্তরা। এ ঘটনায় তিন যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
শনিবার (৩০ মে) রাত সাড়ে ১১টার দিকে কলাপাড়া উপজেলার চম্পাপুর ইউনিয়নের মাছুয়াখালী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত তাজুল ওই গ্রামের ফারুক হাওলাদারের ছেলে ছিল। আটকরা হলেন— ওই গ্রামের রিয়াদ (১৭), সজীব খান (১৭) ও হৃদয় মোল্লা (১৮)
স্থানীয়দের বরাত পুলিশ জানায়, রাতে ওই এলাকার কামাল মৃধার বাড়িতে তার মেয়ের বিয়ের অনুষ্ঠান চলছিল। ওই অনুষ্ঠান থেকে তাজুলকে বাড়ির পেছনের বিলে ডেকে নিয়ে তলপেটে ছুরিকাঘাত করে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। এ সময় তার চিৎকার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করেন। পরে তাকে আমতলী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর পরই স্থানীয়রা সন্দেহভাজন হিসেবে ওই তিন যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দেন।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। ওই তিন যুবককে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ চলছে এবং হত্যার রহস্য উদঘাটনে পুলিশি তদন্ত চলছে।
৪ দিন আগে
পটুয়াখালীতে মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে নিহত ২
পটুয়াখালীতে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৮ মে) গলাচিপার গ্রামীণ ব্যাংকের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।
গলাচিপা পুলিশ জানায়, উপজেলার কালিকাপুর থেকে গলাচিপার উদ্দেশে বেপরোয়া গতিতে চলা মোটরসাইকেলটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা অটোরিকশাটির সংঘর্ষ হয়। মোটরসাইকেলে গতি অতিরিক্ত থাকার কারণে চালক তামিম নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ফলে অটোরিকশার সঙ্গে সংঘর্ষের পর পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে পুনরায় সজোরে ধাক্কা লাগে সাইকেলটির।
এতে মোটরসাইকেলচালক তামিম হাওলাদার ঘটনাস্থলেই এবং আরোহী মন্নান হাওলাদার (২৫) গুরুতর আহত হয়ে বরিশাল মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে বলে জানায় পুলিশ।
৭ দিন আগে
মুসলমানদের বিরুদ্ধে আর্ন্তজাতিক ষড়যন্ত্র চলছে: স্পিকার
দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম বলেছেন, মুসলিম বিশ্বের রাষ্ট্রসমূহ পরাশক্তির নির্যাতনের কারণে পিষ্ট। মুসলমানদের বিরুদ্ধে আর্ন্তজাতিক ষড়যন্ত্র চলছে।
বৃহস্পতিবার (২৮ মে) সকালে ভোলার লালমোহন ঈদগাহে ঈদুল আযহার নামাজ আদায় শেষে গণমাধ্যমে তিনি এসব কথা বলেন।
স্পিকার বলেন, এই মহান ঈদুল আজহা আমাদের জন্য ত্যাগের বাণী নিয়ে উপস্থিত হয়েছে। অনেক ত্যাগ-তীতিক্ষার পর আজকে গণতান্ত্রিক অবস্থা ফিরে পেয়েছি। তিনি আশা প্রকাশ করে বলেন, আগামী দিনগুলোতে অর্থনৈতিক মুক্তি আমাদের কাছাকাছি আসবে। তারেক রহমানের নেতৃত্বে সরকার এদেশের সাধারণ মানুষের কল্যাণে আত্মনিয়োগ করবে এটাই কামনা করি।
বিগত দিনের কথা উল্লেখ করে হাফিজ উদ্দিন আহমদ বলেন, দীর্ঘ দিনের দুঃশাসনের অবসান ঘটিয়েছে ছাত্র-জনতা, রাজনৈতিক কর্মীরা। যার ফলে দেশে ভয়ের আবহ কেটে গেছে। একটি গণতান্ত্রিক সরকার জনগণের আশা আকাঙ্খার প্রতিফলন ঘটাতে সক্ষম হবে।
তিনি আরও বলেন, মুসলিম বিশ্বের রাষ্ট্র সমূহ পরাশক্তির নির্যাতনের কারণে পিষ্ট। মুসলমানদের বিরুদ্ধে আর্ন্তজাতিক ষড়যন্ত্র চলছে।
ঈদের নামাজ শেষে স্পিকার তার নির্বাচনি এলাকার রাজনৈতিক দলের নেতারা, সাধারণ জনপ্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় লালমোহন উপজেলা বিএনপির সভাপতি জাফর ইকবাল সম্পাদক শফিকুল ইসলাম বাবুলসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
৭ দিন আগে
মেঘনায় ঝড়ের কবলে সি-ট্রাক, অল্পের জন্য রক্ষা পেল ৫ শতাধিক যাত্রী
ঈদুল আজহার আগে বাড়ি ফেরার পথে উত্তাল মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে অল্পের জন্য রক্ষা পেয়েছেন বিআইডব্লিউটিসির একটি সি-ট্রাকের পাঁচ শতাধিক যাত্রী। প্রায় এক ঘণ্টা ঝড় ও ঢেউয়ের সঙ্গে লড়াই শেষে জীবিত তীরে ফিরে এসে অনেকে পন্টুনে সেজদা দেন এবং আবেগে কান্নায় ভেঙে পড়েন।
বুধবার (২৭ মে) সকাল সাড়ে ৯টার দিকে ভোলা সদর উপজেলার বিভিন্ন এলাকায় দমকা বাতাসের সঙ্গে ঝড়ো বৃষ্টি শুরু হয়। ঝড়ের প্রভাবে মেঘনা নদী উত্তাল হয়ে ওঠে এবং বড় বড় ঢেউ আঘাত হানতে থাকে।
এ সময় লক্ষ্মীপুরের মজু চৌধুরীর ঘাট থেকে কয়েকশ যাত্রী নিয়ে বিআইডব্লিউটিসির সি-ট্রাক ‘সাঙ্গু’ ভোলার ইলিশা ঘাটের উদ্দেশে রওনা দেয়। সি-ট্রাকটি ইলিশা ঘাটের কাছাকাছি পৌঁছালেও প্রবল ঝড় ও উত্তাল ঢেউয়ের কারণে পন্টুনে ভিড়তে পারেনি।
পরিস্থিতি বেগতিক দেখে সি-ট্রাকটি মাঝনদীতে একটি বোরিং বয়ার সঙ্গে বেঁধে রাখা হয়। প্রায় ৪৫ মিনিট ধরে ঝড় ও প্রবল ঢেউয়ের সঙ্গে লড়াই করতে হয় নৌযানটিকে।
ঢেউয়ের পানিতে সি-ট্রাকের ভেতরে থাকা প্রায় সব যাত্রী ভিজে যান। এ সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দীর্ঘ সময় উৎকণ্ঠা ও ভয়ের মধ্যে কাটান তারা।
পরে ঝড়ের তীব্রতা কমে এলে সি-ট্রাকটি ইলিশা ঘাটের পন্টুনে ভেড়ে। জীবিত অবস্থায় তীরে ফিরতে পেরে অনেক যাত্রী আবেগাপ্লুত হয়ে পড়েন। কেউ পন্টুনে নেমেই সেজদা করেন, কেউ কান্নায় ভেঙে পড়েন। এ সময় তারা মহান সৃষ্টিকর্তার দরবারে শুকরিয়া আদায় করেন।
অন্যদিকে, ঝড়ের তাণ্ডবে ভোলার বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। জেলার বিভিন্ন স্থানে অসংখ্য গাছপালা উপড়ে পড়েছে এবং ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।
ভোলা সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের মাঝেরচর এলাকায় অন্তত ১২টি ঘর বিধ্বস্ত হয়েছে বলে জানা গেছে।
এছাড়া জেলার বিভিন্ন এলাকায় উপড়ে পড়া গাছ বিদ্যুৎ সঞ্চালন লাইনের ওপর পড়ে ক্ষতিগ্রস্ত হওয়ায় ভোলার অনেক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
৮ দিন আগে
বরিশালে কোথায় কখন ঈদের জামাত
বরিশালে আগামীকাল বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে নগরীর কেন্দ্রীয় হেমায়েত উদ্দিন ঈদগাহ মাঠে। সকাল ৮টায় এ জামাতে বিভাগীয় ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতাকর্মীসহ সর্বস্তরের মুসল্লিরা অংশ নেবেন।
এই ঈদ জামাতে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন অংশগ্রহণ করবেন বলে জানা গেছে। এখানে মহিলাদের নামাজ আদায়ের জন্য বিশেষ ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন।
বরিশাল কেন্দ্রীয় জামে কসাই মসজিদে ঈদের দুটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৮টায় এবং দ্বিতীয় জামাত সকাল ৯টায়।
জামে এবাদুল্লাহ মসজিদে প্রথম জামাত সকাল ৮টায় এবং দ্বিতীয় জামাত সকাল ৯টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।
সদর রোড বায়তুল মোকাররম মসজিদে প্রথম জামাত সকাল ৮টায় এবং দ্বিতীয় জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।
চরমোনাই মাদরাসা মাঠে সকাল ৮টায়, গুঠিয়া বায়তুল আমান জামে মসজিদে সকাল ৮টায় এবং নেছারাবাদ ছারছীনা দরবার শরীফে সকাল ৮টায় ঈদের নামাজ অনুষ্ঠিত হবে।
এছাড়া, নগরীর শতাধিক মসজিদে সকাল ৮টা থেকে ১০টার মধ্যে ঈদের জামাত অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
৮ দিন আগে
মেঘনায় নৌকাডুবিতে নিখোঁজ ৩ জেলের মরদেহ উদ্ধার
বরিশালের হিজলা উপজেলায় মেঘনা নদীতে কালবৈশাখীর কবলে পড়ে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ বাবা-ছেলেসহ তিন জেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৭ মে) ভোরে মেহেন্দীগঞ্জ উপজেলার ভাসানচর এলাকা থেকে নৌ পুলিশ স্থানীয় জেলেদের সহায়তায় নিখোঁজ জেলেদের মরদেহগুলো উদ্ধার করে।
নিহতরা হলেন—নুর ইসলাম জমাদ্দার (৫২) ও তার ছেলে ইব্রাহিম জমাদ্দার (৩১) এবং হারুন বিশ্বাস (৩৫)। গতকাল (মঙ্গলবার) সকালে পুরাতন হিজলা এলাকা থেকে নিখোঁজ হন তারা।
সোমবার (২৬ মে) বিকেলে হিজলা ফেরিঘাট এলাকায় মেঘনা নদীতে কালবৈশাখীর কবলে পড়ে একটি ইঞ্জিনচালিত নৌকা ডুবে যায়। এ সময় নৌকায় থাকা ওই তিনজন নিখোঁজ হন।
হিজলা থানা নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোবিন্দ চন্দ্র দাস জানান, ওই নৌকাডুবির ঘটনায় নিখোঁজ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার মরদেহগুলো পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
৮ দিন আগে
শেবাচিমের দিঘি থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার
বরিশালে শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের দিঘি থেকে ১০ বছর বয়সী দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডুবুরি দল।
মঙ্গলবার (২৬ মে) রাত ১০টার দিকে মেডিকেল কলেজের সেন্ট্রাল মসজিদের সামনের দিঘি থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
নিহত মো. আরাফাত মল্লিক (১০) বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চৈতা রঘুনাথপুর এলাকার বিপ্লব মল্লিকের ছেলে ছিল। সে ঢাকার একটি মাদরসায় পড়াশোনা করত। অপর শিশু আকাশ (১০) ভোলার চরফ্যাশন উপজেলার বাসিন্দা মো. বেল্লালের ছেলে এবং বরিশাল নগরের ভাটারখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
আকাশের চাচা মাসুদ জানান, আকাশ তাদের সঙ্গে বরিশাল নগরের বান্দ রোডস্থ চরের বাড়ি এলাকায় বসবাস করত। দুপুরে পরিবারের সবার অজান্তে সে বাসা থেকে বের হয়। এরপর রাতে স্থানীয়দের মাধ্যমে শেবাচিমের দিঘি থেকে তার মরদেহ উদ্ধারের খবর পাই।
অপরদিকে, আরাফাত মল্লিকের মামা সুরুজ জানান, আরাফাত বাবা মায়ের সঙ্গে ঢাকায় থাকত। কোরবানির ঈদ উপলক্ষে গতকাল (মঙ্গলবার) ঢাকা থেকে বরিশালে তার (মামা) বাড়িতে বেড়াতে এসেছে। দুপুরে আকাশের ডাকে সাড়া দিয়ে সে বাসা থেকে বের হয়। এরপর খোঁজাখুঁজি করে জানতে পারি, দুপুরে তারা গোসলের জন্য মেডিকেল কলেজের দীঘিতে গিয়েছিল। এরপর সেই দিঘি থেকেই তাদের মরদেহ উদ্ধার করা হয়।
বরিশাল নদী ফায়ার স্টেশনের লিডার নজরুল ইসলাম জানান, রাত সাড়ে ৯টার দিকে খবর পেয়ে বরিশাল শেবাচিমের দিঘির ঘাটে যান তারা। এরপর ডুবুরি শাহিনের নেতৃত্বে তল্লাশি অভিযান চালিয়ে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধারের পর স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
৮ দিন আগে