খুলনা
ঘরে ঝুলছিল গৃহবধূর দেহ, দ্বিতীয় স্ত্রী নিয়ে উধাও স্বামী
নড়াইল সদর উপজেলার নিজ ঘর থেকে মাধবী বিশ্বাস (৩৪) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে নিহতের স্বামী হীরামন বিশ্বাস ও তার দ্বিতীয় স্ত্রী সুদেবী পলাতক রয়েছেন।
বুধবার (২৩ জুলাই) সন্ধ্যায় সদর উপজেলার বাগডাঙ্গা এলাকা থেকে লাশটি উদ্ধার করে সদর থানা পুলিশ।
স্থানীয়রা জানান, নিহত মাধবী বিশ্বাস কালিয়া উপজেলার শুক্ত গ্রামের অরবিন্দু বিশ্বাসের মেয়ে এবং হীরামন বিশ্বাসের প্রথম স্ত্রী। ১৮ বছর আগে তাদের বিয়ে হয় এবং সংসারে দুটি সন্তান রয়েছে। সাত-আট মাস আগে হীরামন দ্বিতীয় স্ত্রী সুদেবীকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসেন, এরপর থেকেই পারিবারিক কলহ বাড়তে থাকে।
বুধবার বিকালে হীরামন তার চাচাতো ভাই মিঠুনকে ফোন করে জানান, তিনি ছোট বউকে বাপের বাড়িতে দিতে যাচ্ছেন।
এ সময় বড় বউ মাধবীকে মারধর করেছেন জানিয়ে মিঠুকে তিনি আরও বলেন, বাড়িতে গিয়ে যেন তিনি দেখেন যে বড় বউ গলায় ফাঁস নিয়েছেন কি না। পরে সন্ধ্যায় মাধবীর ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পরিবারের সদস্যরা পুলিশে খবর দেন। এরপর পুলিশ ঘর থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
আরও পড়ুন: গোলাপগঞ্জে জঙ্গল থেকে ঝুলন্ত লাশ উদ্ধার
মাধবীর ফুফাতো ভাই শ্মশান বিশ্বাস অভিযোগ করে বলেন, ‘আমার বোনকে নিয়মিত তার স্বামী হীরামন মারধর করত। দ্বিতীয় বিয়ে করে আনার পর থেকে বোনের ওপর অত্যাচার বাড়িয়ে দেয়। আমার বোনকে পিটিয়ে মেরে ঝুলিয়ে দিয়ে দ্বিতীয় স্ত্রী নিয়ে পাালয়ে গেছে। এর দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই।’
তবে মাধবীকে ‘হালকা’ মারধরের কথা স্বীকার করলেও হত্যার অভিযোগ অস্বীকার করেছে হীরামনের পরিবারের সদস্যরা। তাদের দাবি, হত্যা নয় মাধবী আত্মহত্যা করেছেন।
তবে ঘটনার পর থেকে হীরামন ও তার দ্বিতীয় স্ত্রী সুদেবী পলাতক থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।
নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ছাড়া তদন্ত সাপেক্ষে এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
২২৫ দিন আগে
কুষ্টিয়ায় অস্ত্রের মুখে প্রবাসীর বাড়িতে ভাঙচুর, লুটপাটের অভিযোগ
কুষ্টিয়ার কুমারখালীতে চাঁদার দাবিতে অস্ত্রের মুখে বাড়ির সবাইকে জিম্মি করে হংকং প্রবাসী মো. শরিফুল ইসলামের (৪২) বাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।
বুধবার (২৩ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার শিলাইদহ ইউনিয়নের কসবা গ্রামের আতিয়ার রহমান বালিকা মাধ্যমিক বিদ্যালয় এলাকায় এ ঘটনা ঘটে।
প্রবাসী শরিফুল ওই এলাকার মৃত মাহমুদ আলীর ছেলে। খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে কুমারখালী থানা পুলিশ।
শরিফুল ইসলাম জানান, তিনি প্রায় ১১ বছর হংকংয়ে ছিলেন। বছরখানেক হলো দেশে ফিরেছেন। বিদ্যালয়ের সামনের নিজস্ব তিনতলা ভবনে তিনি পরিবার নিয়ে বসবাস করেন।
আরও পড়ুন: লালমনিরহাটে চাঁদাবাজির সময় দুই ভুয়া মেজর আটক
তার দাবি, দেশে ফেরার পর থেকে এলাকার কয়েকজন চিহ্নিত সন্ত্রাসী তার কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিলেন। তা না দেওয়ায় গতকাল (বুধবার) রাত ৯টার দিকে ১৫ থেকে ২০ জন দেশীয় ও আগ্নেয়াস্ত্রসহ তার পাকা বাড়ির তিনতলায় ঢুকে পড়েন। বাড়িতে ঢুকেই তারা প্রথমে শরিফুলকে মারধর করেন। এরপর অস্ত্রের মুখে জিম্মি করে ঘরের আসবাবপত্র ভাঙচুর করে নগদ প্রায় ১৫ লাখ টাকা ও ১০ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যায়।
শরিফুল ইসলাম বলেন, ‘চাঁদার টাকা না পেয়ে মাত্র ১৫ থেকে ২০ মিনিটেই ভাঙচুর করে সবকিছু নিয়ে চলে যায় চাঁদাবাজ-সন্ত্রাসীরা। অনেকেরই মুখ কাপড় দিয়ে বাঁধা থাকলেও কয়েকজনকে আমি চিনতে পেরেছি। তবে এখনই নাম-পরিচয় প্রকাশ করতে চাই না। মামলার পরে সবাই জানতে পারবেন।’
খবর পেয়ে বাহিনী নিয়ে ঘটনাস্থলে যান কুমারখালী থানার উপপরিদর্শক বিল্লাল হোসেন খান। তিনি বলেন, ‘ঘরের ভেতরে ব্যাপক ভাঙচুরের আলামত রয়েছে। শরিফুল ইসলাম ভাঙচুর ও নগদ টাকা, স্বর্ণালঙ্কার লুটপাটের অভিযোগ মৌখিকভাবে জানিয়েছেন।’
থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিরুল ইসলাম বলেন, ‘চাঁদা না পেয়ে এক প্রবাসীর বাড়িতে রাতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে জেনেছি। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
২২৬ দিন আগে
নওগাঁয় নিজ বাড়ি থেকে দম্পতির লাশ উদ্ধার
নওগাঁর পোরশায় নিজ বাড়ি থেকে এক দম্পতির লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৩ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার নিতপুর ইউনিয়নের শীতলী ফকিরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন— শীতলী ফকিরপাড়া গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে আব্দুল হাই বাবু (৫৫) ও তার স্ত্রী মোমেনা বেগম (৪৫)।
স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার রাতেও দম্পতি তাদের দুই মেয়েকে নিয়ে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। সকালে ঘুম থেকে উঠে ছোট মেয়ে দেখে তার মা বিছানায় পড়ে আছেন এবং বাবা গলায় রশি দিয়ে ঝুলছেন।
আরও পড়ুন: পুলিশের ভয়ে নদীতে লাফ, দুদিন পর কিশোরের লাশ উদ্ধার
এই দৃশ্য সে তাৎক্ষণিকভাবে আশপাশের প্রতিবেশীদের খবর দেয়। প্রতিবেশীরা ঘরে ঢুকে দুজনকেই মৃত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।
পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।’
তিনি বলেন, ‘ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে রাতের কোনো একসময় স্ত্রী মোমেনা খাতুনকে শ্বাসরোধ করে হত্যা করেন তার স্বামী। পরে আব্দুল হাই বাবু নিজে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।’
এ ঘটনায় পোরশা থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করা হয়েছে বলেও জানান ওসি মিন্টু রহমান।
২২৬ দিন আগে
মেহেরপুরে মৃত গরুর মাংস বিক্রির চেষ্টা, কসাইয়ের ৩ মাসের কারাদণ্ড
মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রামে মরা গরু জবাই ও মাংস বিক্রির চেষ্টার অভিযোগে মো. হামজা নামের এক মাংস বিক্রেতাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে পিরোজপুর গ্রামে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত এই দণ্ড দেয়। মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্ত ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খায়রুল ইসলাম এই আদালত পরিচালনা করেন।
সাজাপ্রাপ্ত মো. হামজা সদর উপজেলার পিরোজপুর পশ্চিমপাড়া গ্রামের বরকত আলীর ছেলে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক জানান, গোপন সংবাদের ভিত্তিতে পিরোজপুর গ্রামে অভিযান চালিয়ে মরা গরু জবাই ও মাংস শহরে সরবরাহের প্রস্তুতির সময় মাংস বিক্রেতা মো. হামজাকে মাংসহ আটক করা হয়। পরে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১-এর ২৪(১) ধারায় তাকে ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় মেহেরপুর সদর উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর তরিকুল ইসলাম ও সদর থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
২২৭ দিন আগে
খুলনায় করোনায় আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু
খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দীপ রায় (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ বছরের মধ্যে খুলনায় করোনা আক্রান্ত হয়ে এটিই প্রথম মৃত্যু।
দীপ রায় খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার স্বপ্নপুরী এলাকার বাসিন্দা।
রবিবার (২০ জুলাই) দিবারাত ৩টা ২০ মিনিটে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেন খুমেক হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) এবং ডেঙ্গু-করোনার ফোকাল পার্সন ডা. খান আহমেদ ইশতিয়াত।
আরও পড়ুন: করোনা: ২৪ ঘণ্টায় আক্রান্ত ১
ডা. খান আহমেদ ইশতিয়াত জানান, করোনা আক্রান্ত অবস্থায় দীপ খুলনার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। অবস্থার অবনতি হলে রবিবার বিকালে তাকে খুমেক হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টা ২০ মিনিটে তার মৃত্যু হয়।
২২৮ দিন আগে
বিজিবি দেখে মোটরসাইকেল ফেলে পালাল চোরাকারবারি, প্রায় ৩২ লাখ টাকার স্বর্ণ জব্দ
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে বিজিবির উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল ফেলে পালিয়ে যায় এক স্বর্ণ চোরাকারবারি। পরে সেখান থেকে দুটি স্বর্ণের বার জব্দ করেছেন বিজিবি সদস্যরা, যার বাজারমূল্য প্রায় ৩২ লাখ টাকা।
ঘটনাটি শুক্রবারের (১৮ জুলাই)। দুপুরে উপজেলার গয়েশপুর কাদাবাগান এলাকায় এই অভিযান পরিচালনা করেন মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সদস্যরা। অভিযানে নেতৃত্ব দেন মেদিনীপুর বিওপির নায়েব সুবেদার মো. ফারুক হোসেন।
মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।
আরও পড়ুন: ফুলবাড়ী সীমান্তে বিএসএফের বুলেটে ভারতীয় চোরাকারবারি নিহত
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্ত থেকে প্রায় ৩ কিলোমিটার বাংলাদেশের ভেতরে বিজিবির টহল দলটি গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন একটি মোটরসাইকেলকে থামতে বললে চালক দ্রুত মোটরসাইকেল ফেলে পালিয়ে যান। পরে মোটরসাইকেলটি তল্লাশি করে সিটের নিচ থেকে বের করা হয় ২৩২ গ্রাম ওজনের দুই পিস স্বর্ণের বার।
উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৩১ লাখ ৫৬ হাজার ৭০৮ টাকা। জব্দ করা মোটরসাইকেলসহ এই মূল্য মোট প্রায় ৩৩ লাখ টাকা দাঁড়ায় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
জব্দ করা স্বর্ণের বারদুটি চুয়াডাঙ্গা জেলা ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
২৩১ দিন আগে
গাংনীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২, আহত ১
মেহেরপুরের গাংনীতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন।
শুক্রবার (১৮ জুলাই) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার মেহেরপুর–কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের তেরাইল ওলিনগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— গাংনী উপজেলার ওলিনগর গ্রামের কাতর মোল্লার ছেলে মন্টু মোল্লা (৫০) এবং তেরাইল গ্রামের পূর্বপাড়া এলাকার রতন আলির ছেলে রনি (১৮)।আহত হয়েছেন— ছাতিয়ান গ্রামের মকবুল হোসেনের ছেলে মোস্তাক হোসেন (২০)। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বনি ইসরাইল জানান, মন্টু মোল্লা একটি দোকান থেকে চা পান করে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় মেহেরপুরগামী একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় তিনি গরুবোঝাই একটি ইঞ্জিনচালিত ট্রলির নিচে পড়ে গুরুতর আহত হন। মোটরসাইকেলে থাকা তিনজনই গুরুতর আহত হন।
আরও পড়ুন: গাইবান্ধায় ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, চালক-হেলপার আটক
স্থানীয়রা তাদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মন্টু মোল্লাকে মৃত ঘোষণা করেন। পরে রনি ও মোস্তাককে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে রাত সাড়ে ১০টার দিকে রনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
আহত মোস্তাক হোসেনের অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ওসি বনি ইসরাইল জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনায় জড়িত মোটরসাইকেল ও চালককে খুঁজে বের করার চেষ্টা চলছে।
২৩১ দিন আগে
দামুড়হুদায় ইজিবাইকের ধাক্কায় শিশু নিহত
চুয়াডাঙ্গার দামুড়হুদায় ইজিবাইকের ধাক্কায় তুষার (৮) নামে এক শিশু নিহত হয়েছে।
বুধবার (১৬ জুলাই) দুপুরে দামুড়হুদা-কার্পাসডাঙ্গা সড়কের নাপিতখালির মোড়ে (নেভি ভাটার সামনে) এ দুর্ঘটনা ঘটে।
নিহত তুষার দামুড়হুদা সদর ইউনিয়নের নাপিতখালি গ্রামের মহিদুল ইসলামের ছেলে এবং স্থানীয় একটি মাদরাসার শিক্ষার্থী ছিল।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্তে কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, আজ দুপুর ১টার দিকে তুষার একটি ইজিবাইকে করে দামুড়হুদা শহরের দিকে যাচ্ছিল। নাপিতখালির মোড়ে পৌঁছানোর পর সে ইজিবাইক থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি ইজিবাইকের ধাক্কায় সড়কে ছিটকে পড়ে। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে তাকে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
২৩৩ দিন আগে
মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
মেহেরপুর শহরের হোটেল বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় সরফরাজ খান সোনা (৪০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বুধবার (১৬ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে রনি রেস্তোরাঁর সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সরফরাজ খান সোনা মেহেরপুর শহরের পুরাতন পোস্ট অফিস পাড়ার বাসিন্দা এবং শামসুল আলম খানের ছেলে।
আরও পড়ুন: রাজধানীর বিমানবন্দর এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি দ্রুতগামী ট্রাক সরফরাজকে চাপা দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। ঘাতক ট্রাক ও চালককে শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।
২৩৩ দিন আগে
যশোরের ভবদহে জলাবদ্ধতা, পানিবন্দি শত শত পরিবার
টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পানির চাপে যশোরের অভয়নগরের ভবদহ এলাকায় ফের ভয়াবহ জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে পানিবন্দি হয়ে পড়েছে শত শত পরিবার; তলিয়ে গেছে সবজি ও ধানের খেত, ভেসে গেছে মাছের ঘের।
স্থানীয়রা জানান, উপজেলার প্রেমবাগ, সুন্দলী, চলিশিয়া ও পায়রা ইউনিয়নসহ নওয়াপাড়া পৌরসভার ৫ ও ৮ নম্বর ওয়ার্ডের বহু নিচু এলাকায় এখন জলাবদ্ধতা বিরাজ করছে।
এ ছাড়া জলাবদ্ধতার কারণ হিসেবে তারা অভিযোগ করেছেন, স্থানীয় প্রভাবশালীরা খাল ও নদীতে অবৈধ নেট, পাটা ও কারেন্ট জাল বসিয়ে পানি প্রবাহে বাধা সৃষ্টি করছেন। ফলে প্রচুর পরিমাণে কচুরিপানা জমে গেছে। আবার মৎস্যঘের মালিকরা বালুর বস্তা ফেলে মাছ আটকে রাখার চেষ্টা করছেন।
অভয়নগর উপজেলার সরখোলা গ্রামের শারমিন বেগম বলেন, ‘রাস্তা থেকে বাড়ি পর্যন্ত যেতে বাঁশের সাঁকো দিয়ে চলাচল করতে হচ্ছে। এক সপ্তাহ ধরে পানিবন্দি হয়েও সরকারি কোনো সহযোগিতা মেলেনি।’
ডুমুরতলা গ্রামের ললিতা রাণী বিশ্বাস বলেন, ‘আমাদের এই জলাবদ্ধতার স্থায়ী সমাধন হবে কি? জন্মের পর থেকে ভবদহের একই চিত্র দেখে আসছি। সরকার আসে সরকার যায়, কিন্তু ভবদহের জলাবদ্ধতা সমস্যার সমাধান হয় না।’
আরও পড়ুন: চট্টগ্রামে ব্যর্থতার মূল্য: মেগা প্রকল্পের পরও জলাবদ্ধতার দুর্ভোগ
কোটা গ্রামের মৎস্যঘের মালিক দেলবার বলেন, ‘৩০০ বিঘা জমিতে পাশাপাশি দুটি মাছের ঘের ভেসে গেছে। ঘেরে অর্ধকোটি টাকার মাছ ছিল।’
২৩৪ দিন আগে