খুলনা
মতলবে স্ট্যান্ডে থাকা তিন বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মুন্সীরহাট বাস স্ট্যান্ডে জৈনপুর এক্সপ্রেস নামক দাঁড়িয়ে থাকা ৩টি বাসে অগ্নিকাণ্ড ঘটেছে। এ যাত্রীবাহী বাসগুলো নিয়মিত চাঁদপুর-ঢাকা রুটে চলাচল করে।শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত সোয়া ৮টার দিকে এই অগ্নিকাণ্ড ঘটনা ঘটে।খবর পেয়ে মতলব দক্ষিণের ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে ছুটে এসে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে একটি বাস সম্পূর্ণ এবং অপর ২টি বাস আংশিক পুড়ে গেছে । এছাড়া মতলব দক্ষিণ থানা পুলিশও অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায়। স্থানীয়রা জানান, উপজেলার প্রাচীন ও ব্যস্ত মুন্সীরহাট দক্ষিণ বাজারে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা জৈনপুর এক্সপ্রেস বাসে আগুন দেখতে পান পথচারীরা। সঙ্গে সঙ্গে তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে।এরইমধ্যে স্থানীয় লোকজন মতলব দক্ষিণ উপজেলা ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে ছুটে গিয়ে আধা ঘণ্টা চেষ্টা করে রাত ৯টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে আসে। মতলব দক্ষিণ উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. ইউসুফ আলী ইউএনবিকে বলেন, তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনে জৈনপুর এক্সপ্রেসের একটি বাস পুড়ে গেছে এবং আরও দুটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এই অগ্নিকাণ্ডে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।তবে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে সুনির্দিষ্ট কিছু বলতে পারেননি এই কর্মকর্তা।বাস মালিক কামাল হোসেনের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, ‘আমি ঢাকায় আছি, না এসে কিছু বলা যাচ্ছে না।’ তবে এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থার নেওয়ার দাবি জানান তিনি।
৭ দিন আগে
খুলনায় ব্যবসায়ীকে গুলি করে হত্যা
খুলনায় শেখ সোহেল (৪৫) নামে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৪টার দিকে নগরীর খানজাহান আলী থানাধীন আফিল গেট এলাকার একটি পেট্রোল পাম্প-সংলগ্ন গ্যারেজে এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হোসেন মাসুম।
তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা এখনও জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, চাঁদাবাজি-সংক্রান্ত কোনো বিষয় এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারে।
৮ দিন আগে
নাটোরে শিক্ষার্থী হত্যার দায়ে ২ যুবকের যাবজ্জীবন
নাটোরের সিংড়ায় শিক্ষার্থী আব্দুল কাহার হত্যা মামলায় মাসুদ রানা ও মিজানুর রহমান নামে ২ যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ১০ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে নাটোরের অতিরিক্ত দায়রা জজ আদালত-৪-এর বিচারক মো. দেলোয়ার হোসেন আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।
আদালত সূত্র জানায়, ২০১৪ সালের ২৪ ডিসেম্বরে সিংড়া উপজেলার বড়গ্রাম এলাকার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া মেধাবী শিক্ষার্থী আব্দুল কাহারকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করেন অভিযুক্তরা। এ ঘটনায় নিহতের পিতা আব্দুর রশিদ বাদি হয়ে মামলা দায়ের করেছিলেন।
বাদীপক্ষের আইনজীবী মাহাবুবুর রহমান জানান, প্রথমে এজাহারে কিছু আসামির নাম উল্লেখ করেছিলেন বাদী, যারা কাহারকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়েছিলেন। পরে পুলিশের তদন্তে প্রকৃত হত্যাকারীদের নাম বেরিয়ে আসে। সে অনুযায়ী অভিযোগপত্র দাখিল করে পুলিশ। পরে দীর্ঘ শুনানি ও সাক্ষ্য প্রামণ শেষে বিচারক আজ এ রায় দেন।
রায়ে সন্তোষ প্রকাশ করেছেন শিক্ষার্থীর পিতা আব্দুর রশিদ। তিনি রায় কার্যকর দেখতে চান বলে জানিয়েছেন।
৮ দিন আগে
কুষ্টিয়ায় অরক্ষিত রেলক্রসিংয়ে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
কুষ্টিয়ায় অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে এক মোটরসাইকেলের আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে শহরের পূর্ব মজমপুর নাসির ডাক্তার গলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত ব্যক্তির নাম শাহ জামাল (৪৫)। তিনি পেশায় একজন ঠিকাদার ছিলেন। তিনি কুড়িগ্রাম জেলার ওলিপুর থানার চরসিতায়জাহ এলাকার আব্দুর সাত্তার ছেলে। ঠিকাদারি কাজের সুবাদে কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে ভাড়া বাসায় থাকতেন তিনি।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানিয়েছেন, সকালে শহরের সাদ্দাম বাজার থেকে উদিবাড়ি যাওয়ার পথে ওই রেলক্রসিং পার হওয়ার সময় রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী মধুমতি এক্সপ্রেস ট্রেনটি এসে মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই শাহ জামালের মৃত্যু হয়। আহত হন আরও একজন।
স্থানীয়দের অভিযোগ, রেলক্রসিংটি অরক্ষিত হওয়ায় প্রায় দুর্ঘটনা ঘটছে। এ ঘটনার পর এলাকাবাসী বিক্ষোভ করে সেখানে দ্রুত গেট ও গেটম্যান নিয়োগের দাবি জানান।
পোড়াদহ জিআরপি থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) নাছির উদ্দীন জানান, ট্রেনের ধাক্কায় একজন নিহত ও একজন আহত হওয়ার খবর পেয়েছি। আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
৮ দিন আগে
নড়াইলে বীরশ্রেষ্ঠ নূর মোহম্মদ শেখের ৯০তম জন্ম বার্ষিকী পালিত
নড়াইলে স্বাধীনতা যুদ্ধের বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহম্মদ শেখের ৯০ তম জন্ম বার্ষিকী পালিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) নড়াইল সদরের চণ্ডীবরপুর ইউনিয়নের নূর মোহম্মদ নগরে তার জন্ম বার্ষিকী দিবস পালন উপলক্ষে জেলা প্রশাসন ও বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ট্রাস্ট্রের উদ্যোগে কোরআনখানি, র্যালি, স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি, গার্ড অব অনার প্রদান, আলোচনা সভা এবং দোয়া মাহফিল এর আয়োজন করা হয়।
এ উপলক্ষে মোহম্মদ নগরে একটি র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নূর মোহাম্মদের বসতভিটায় নির্মিত স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয়। পরে স্মৃতিস্তম্ভে নড়াইল জেলা প্রশাসন, জেলা পরিষদ, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ ট্রাস্ট, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ মহাবিদ্যালয়, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
অনুষ্ঠানে জেলা পুলিশের একটি চৌকস বাহিনীকে রাষ্ট্রীয় সম্মাননা গার্ড অব অনার প্রদান করা হয়। পরে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মুহাম্মদ আবদুল ছালাম ।
এছাড়া জেলা পরিষদের প্রধান নির্বাহী অফিসার মো. আছাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ ) মো. নূর-ই-আলম সিদ্দিকী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আহসান মাহমুদ রাসেল, বীরশ্রেষ্ঠ নূর মোহম্মদের ছেলে মোস্তফা কামাল, বীরশ্রেষ্ঠ শহীদ নূর মোহাম্মদ শেখের পরিবারের সদস্য, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
নূর মোহাম্মদ শেখ ১৯৩৬ সালের ২৬ ফেব্রুয়ারি নড়াইল সদর উপজেলার মহিষখোলা গ্রামে জন্মগ্রহণ করেন (বর্তমানে নূর মোহাম্মদ নগর)। বাবা মোহাম্মদ আমানত শেখ ও মা জেন্নাতুন্নেছা।
১৯৭১ সালের ৫ সেপ্টেম্বর যশোর জেলার ঝিকরগাছার গোয়ালহাটিতে পাকবাহিনীর সঙ্গে সম্মুখ যুদ্ধে মৃত্যুবরণ করেন নূর মোহাম্মদ। যশোরের শার্শা উপজেলার কাশিপুর গ্রামে তাকে সমাহিত করা হয়।
৮ দিন আগে
মাগুরায় বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত ১৫
মাগুরায় সরকারি চাল বিতরণকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের শিবরামপুর ও বাটিকাডাঙ্গা এলাকায় এ সংঘর্ষ ঘটে।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান জানান, ঈদ উপলক্ষে সরকারি বরাদ্দের চাল বিতরণকে কেন্দ্র করে ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি তারিকুল শেখ ও একই ওয়ার্ডের বিএনপি নেতা আবু মিয়ার মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে তাদের সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ বাঁধে।
সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়ে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ সময় বিএনপি ওয়ার্ড সভাপতির কার্যালয়ে ভাঙচুরের ঘটনাও ঘটে বলে জানিয়েছে পুলিশ।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার শাহ শিবলী সাদিক জানান, পৌর এলাকার বাটিকাডাঙ্গা পাকার মাথায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় মাগুরা থানায় মামলা হয়েছে। তবে এখনও পর্যন্ত কাউকে আটক করা হয়নি।
৮ দিন আগে
নিখোঁজের ৪ দিন পর লোকটিকে পাওয়া গেল শিকলবন্দি অবস্থায়
চুয়াডাঙ্গা সদর এলাকা থেকে নিখোঁজ হওয়ার ৪ দিন পর আলমডাঙ্গার এক ব্যক্তিকে দর্শনা থেকে হাত–পায়ে শিকল বাঁধা অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
উদ্ধার হওয়া ব্যক্তির নাম মো. বিপুল (৪৫)। তিনি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর ইউনিয়নের বটিয়াপাড়া গ্রামের বাসিন্দা ও আব্দুল সাত্তার মন্ডলের ছেলে।
তার পরিবারের অভিযোগ, শনিবার (২১ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে তিনি চুয়াডাঙ্গা সদর পোস্ট অফিস এলাকায় ছিলেন। সেখান থেকেই অজ্ঞাত ব্যক্তিরা তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। এরপর থেকেই তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে তার পরিবারের পক্ষ থেকে আলমডাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
এরপর গতকাল (মঙ্গলবার) রাত ১০টার দিকে দর্শনা পৌরসভার হঠাৎপাড়া এলাকার পাকা রাস্তার পাশে হাত-পায়ে শিকল দিয়ে বাঁধা অবস্থায় এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। প্রথমে দূর থেকে দেখে তারা ভেবেছিলেন কোনো ভবঘুরে পড়ে আছেন। কাছে গিয়ে হতবাক হয়ে যান তারা।
স্থানীয়রা বলেন, রাতের অন্ধকারে রাস্তার পাশে একজন মানুষ পড়ে থাকতে দেখে আমাদের সন্দেহ হয়। কাছে গিয়ে দেখি হাত-পায়ে লোহার শিকল বাঁধা। তখনই আমরা পুলিশে খবর দেই। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে দর্শনা থানা পুলিশ তাকে উদ্ধার করে।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, দর্শনা হঠাৎপাড়া এলাকা থেকে হাত-পায়ে শিকল বাঁধা অবস্থায় এক ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। আলমডাঙ্গা থানায় তার নিখোঁজ-সংক্রান্ত একটি জিডি ছিল। বিষয়টি জানার পর তাকে আলমডাঙ্গা থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বলেন, ৪ দিন আগে তার পরিবারের পক্ষ থেকে একটি জিডি করা হয়েছিল। আমরা দর্শনা থানার সঙ্গে যোগাযোগ করে বিষয়টি নিশ্চিত হয়েছি। এ বিষয়ে নিখোঁজ হওয়া ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হবে। এরপরই প্রকৃত ঘটনা জানা যাবে।
১০ দিন আগে
কুমারখালীর কাপড়ের হাটের সিন্ডিকেট ভেঙে ফেলার ঘোষণা এমপি আফজালের
কুষ্টিয়ার কুমারখালীর ঐতিহ্যবাহী কাপুড়িয়া হাট পরিদর্শন করেছেন কুষ্টিয়া-৪ (খোকসা–কুমারখালী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো. আফজাল হোসেন।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে তিনি হাটে গিয়ে ব্যবসায়ীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন।
পরিদর্শনকালে বাজারের সার্বিক পরিস্থিতি, অবকাঠামোগত সীমাবদ্ধতা ও নিরাপত্তা-সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে ব্যবসায়ীরা তাদের বক্তব্য তুলে ধরেন। বিশেষ করে বাজারে অনিয়ম ও সিন্ডিকেট কার্যক্রমের অভিযোগ সামনে আসে। এসব বিষয়ে এমপি ব্যবসায়ীদের উদ্বেগ মনোযোগ দিয়ে শোনেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন।
তিনি বলেন, বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করা হবে এবং কোনো ধরনের সিন্ডিকেট বা অস্বাস্থ্যকর প্রভাব বিস্তার বরদাশত করা হবে না। স্থানীয় ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ ও একটি সুশৃঙ্খল বাজারব্যবস্থা গড়ে তুলতে প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি। আসন্ন ঈদকে সামনে রেখে ব্যবসায়ীরা যাতে নির্বিঘ্নে বাণিজ্য পরিচালনা করতে পারেন, সে দিকেও গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করেন এ সংসদ সদস্য।
এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমারখালী পৌরসভা শাখার নেতা ও বাজার কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা বাজার উন্নয়নে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
১০ দিন আগে
রাতে শপিং মলে আগুন, খুলনায় পুড়েছে পাঁচ দোকান
খুলনা নিউমার্কেট-সংলগ্ন বায়তুন নুর শপিং কমপ্লেক্সে আগুন লেগেছে। আগুনে ওই মার্কেটের ৫টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, আগুন লাগার সঙ্গে সঙ্গে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। দুই ঘণ্টার চেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি সেনা ও নৌবাহিনীর সদস্যসহ স্থানীয়রা আগুন নেভানোর কাজে অংশ নেন।
ফায়ার সার্ভিসের খুলনা বিভাগের উপপরিচালক আব্দুল মালেক বলেন, বায়তুন নুর শপিং সেন্টারে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান। বয়রা থেকে ৪টি এবং টুটপাড়া থেকে ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। মার্কেটের আগুন নিয়ন্ত্রণে আসে রাত ১টা ১০ মিনিটের দিকে। এ ঘটনায় ওই মার্কেটের ৫টি দোকানে ব্যপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ২টি দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
মার্কেটের সামনে বৈদ্যুতিক ও ইন্টারনেটের তার পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে তিনি প্রাথমিকভাবে নিজের ধারণার কথা বলেছেন। তবে ক্ষতির পরিমাণ নিশ্চিত করে বলতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
১১ দিন আগে
নড়াইলে আধিপত্যের জেরে সংঘর্ষ, নিহত ৪
নড়াইল সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে বাবা-ছেলেসহ ৪ জন নিহত হয়েছেন। এতে অন্তত ৬ থেকে ৭ জন গুরুতর আহত হয়েছেন।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার বড়কুলা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহতরা হলেন— উপজেলার বড়কুলা গ্রামের খলিল গ্রুপের রহমান খলিল, তার ছেলে তাহাজ্জুদ হোসেন, একই গ্রুপের ফেরদৌস হোসেন এবং সাবেক চেয়ারম্যান খায়ের গ্রুপের ওসিবুর মিয়া।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, সদর উপজেলার সিঙ্গাশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়ের ও খলিলের লোকজনের মাঝে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে আজ (সোমবার) ভোরে বড়কুলা এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে দেশীয় অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই খলিল গ্রুপের রহমান খলিল, তার ছেলে তাহাজ্জুদ হোসেন ও একই পক্ষের ফেরদৌস হোসেন নিহত হন। এ সময় গুরুতর আহত খায়ের গ্রুপের ওসিবুরকে আহত অবস্থায় উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া বলেন, এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
১২ দিন আগে