রাজশাহী
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নারী নিহত, শিশুসহ আহত ৬
নওগাঁয় বেক্সিমকো ঔষধ কোম্পানির গাড়ি ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে পারভীন আক্তার (৫৭) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় এক শিশুসহ আরও অন্তত ৬ জন আহত হয়েছেন।
বুধবার (১৮ জুন) সকাল সাড়ে ৯টার দিকে শহরের পুলিশ লাইনের সামনে এই ঘটনাটি ঘটে। নিহত পারভিন আক্তার জেলার সাপাহার উপজেলার রসুলপুর গ্রামের সাজির উদ্দিনের স্ত্রী।
আহতরা হলেন- উপজেলার রসুলপুর গ্রামের সিরাজুল ইসলাম ও তার স্ত্রী ইসমত আরা, সিরাজুলের ছোট ভাই সাজির উদ্দীন ও তার ছেলে আরিফ ও তার স্ত্রী সাদিকা এবং সিরাজুল ইসলামের নাতি রাফিউল (৬)।
স্থানীয়রা জানান, সিএনজিতে করে সাপাহার উপজেলা থেকে মামলার হাজিরা দেওয়ার জন্য সাজির উদ্দিনের পরিবারের ছয়জন সদস্য নওগাঁ জজকোর্টে আসছিলেন। সাপাহার থেকে ছেড়ে আসা সিএনজি নওগাঁ পুলিশ লাইনের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বেক্সিমকো ঔষধ কোম্পানির গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
আরও পড়ুন: কুষ্টিয়ায় ছাত্রাবাসে পলিটেকনিক শিক্ষার্থীর মৃত্যু
এতে সিএনজিতে থাকা চালক ও শিশুসহ ছয়জন গুরুতর আহত হয়। এ ঘটনায় স্থানীয়রা তাদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক পারভীন আক্তারকে মৃত ঘোষণা করেন।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় বেক্সিমকো ঔষুধ কোম্পানির গাড়ি ও ড্রাইভারসহ দুর্ঘটনা কবলিত সিএনজি থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। এছাড়া নিহত ব্যক্তির লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলমান।’
২৬১ দিন আগে
মাসুদপুর সীমান্ত দিয়ে আরও ২০ জনকে পুশইন
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ২০ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বুধবার (১৮ জুন) ভোর পৌনে ৫টার দিকে ভারত থেকে তাদের বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেওয়া হয়। এরপর মাসুদপুর বিজিবি ক্যাম্পের একটি টহল দল তাদের আটক করে।
বিষয়টি নিশ্চিত করেছেন ৫৩ বিজিবি ব্যাটালিনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ।
তিনি জানান, আটকদের মধ্যে ৩ জন পুরুষ, ৭ জন মহিলা ও ১০টি শিশু রয়েছে। তারা কুড়িগ্রামের বাসিন্দা বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।
আরও পড়ুন: নেত্রকোণা সীমান্তে ৩২ জনকে পুশ ইন বিএসএফের
এ ছাড়া আটকদের নাম ও ঠিকানা যাচাইয়ের কাজ শেষে তাদের শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হবে বলে জানান তিনি।
কর্নেল ফাহাদ বলেন, ‘এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে বিএসএফের কাছে জোর প্রতিবাদ জানানো হয়েছে।’
এর আগে, গত ৩ জুন জেলার ভোলাহাট উপজেলার চাঁনশিকারি সীমান্ত দিয়ে ৮ জনকে ও ২৭ মে গোমস্তাপুর উপজেলার বিভীষণ সীমান্ত দিয়ে ১৭জনকে পুশইন করে বিএসএফ।
২৬১ দিন আগে
জয়পুরহাটে তিন যানবাহনের সংঘর্ষে নিহত ১
জয়পুরহাটে ট্রাক, ট্রাক্টর ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে ইদ্রিস আলী নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় নারী ও শিশুসহ অটোরিকশার আরও পাঁচ যাত্রী আহত হয়েছেন।
রবিবার (১৫ জুন) দিবাগত রাত ১২টার দিকে জয়পুরহাট পৌর শহরের খঞ্জনপুর মিশন এলাকায় দুর্ঘটনাটি ঘটে। জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ইদ্রিস আলী (৪১) জয়পুরহাট পৌর শহরের আদর্শ পাড়া মহল্লার একরাম আলীর ছেলে।
আহতরা হলেন— অটোরিকশা যাত্রী (আরোহী) শামীম হোসেন (৪৮), তার স্ত্রী মোছা. মিনু খাতুন (৪২), মাসুদ রানা (৪৯), মোছা. নাজনীন খাতুন (২১) ও তার মেয়ে নিহা খাতুন (২)। তাদের বাড়ি জয়পুরহাট সদর উপজেলার ভাদসা জলিল পাড়া ও চককামাল গোপালপুর গ্রামে।
আরও পড়ুন: শেরপুরে সড়ক দুর্ঘটনায় সাবেক সেনাসদস্য নিহত, বাসে আগুন
আহতদের বরাত দিয়ে পুলিশ জানায়, রবিবার রাতে যাত্রীবাহী অটোরিকশাটি খঞ্জনপুর থেকে ভাদসার দিকে যাচ্ছিল। একই সময়ে একটি ট্রাক দুর্গাদহ বাজার থেকে জয়পুরহাট শহরের দিকে আসছিল। এরপর খঞ্জনপুর মিশন মোড়ে পৌঁছালে একটি ট্রাক্টরসহ তিনটি যানবাহনের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশাচালক ইদ্রিস আলী নিহত হন এবং অন্যরা আহত হন।
দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স কর্মী ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তাদের মধ্যে গুরুতর আহত শামীম হোসেন ও মিনু খাতুনকে উন্নত চিকিৎসার জন্য রাতেই বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়।
২৬৩ দিন আগে
শিয়াল মারার বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে যুবকের মৃত্যু
রাজশাহীর বাগমারা উপজেলায় শিয়াল মারার বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবদুল মমিন (৩৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আবদুল মমিন ওই একই গ্রামের বাসিন্দা ছিলেন।
শনিবার (১৪ জুন) সকালে উপজেলার মোহনপুর গ্রামের একটি পোলট্রি খামার থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে, গতকাল শুক্রবার রাতের কোনো এক সময়ে এ দুর্ঘটনা ঘটে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ‘মানসিকভাবে অসুস্থ মমিন প্রায়ই রাতের বেলায় একা একা ঘুরতে বের হতেন। শুক্রবার (১৩ জুন) রাতেও খাবার খেয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি।’
সকালে স্থানীয়রা খামারের পাশে একটি বৈদ্যুতিক তারে তার নিথর দেহ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশকে খবর দেওয়া হলে বাগমারা থানার একটি দল গিয়ে লাশ উদ্ধার করে।
আরও পড়ুন: নিজের তৈরি শিয়াল মারার ফাঁদে প্রাণ গেল বৃদ্ধের
পোলট্রি খামারের মালিক ইউসুফ আলী বলেন, ‘ঈদের আগে এলাকায় শিয়ালের উপদ্রব বেড়ে যায়। প্রতি রাতেই খামারে হামলা দিয়ে মুরগি খায় প্রাণীগুলো। এক দিনে ৫০টি মুরগি পর্যন্ত খেয়েছে শিয়াল। এ জন্য খামারের পাশে খোলা তার দিয়ে রাত ১২টার পর থেকে শিয়াল মারার ফাঁদ পেতে রাখতেন।’
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, ‘লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।’
২৬৫ দিন আগে
চাঁপাইয়ে ভাতিজার বিরুদ্ধে চাচাকে হত্যার অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জমি নিয়ে দ্বন্দ্বের জেরে ভাতিজার ছুরির আঘাতে চাচাকে হত্যা করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হয়েছেন স্থানীয় ইউপি সদস্য।
শুক্রবার (১৩ জুন) রাত ৮টার দিকে উপজেলার মোবারকপুর ইউনিয়নের ধোবপুকুর বাজারে এ ঘটনা ঘটে।
নিহত নজরুল ইসলাম (৫৫) মোবারকপুর ইউনিয়নের উপরটোলা গ্রামের সিদ্দিক বিশ্বাসের ছেলে। আহত ইউপি সদস্য সবুজ আলী সুজন (৩২) একই গ্রামের বাসিন্দা ও ৫ নম্বর ওয়ার্ডের নির্বাচিত সদস্য।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া জানান, নজরুল ইসলাম ও তার ভাই আরফাজুল বিশ্বাসের মধ্যে জমির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শুক্রবার রাতে ধোবপুকুর বাজারে কাজলের হোটেলের সামনে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে আরফাজুলের ছেলে আনাস বিশ্বাস (১৮) ধারাল অস্ত্র দিয়ে চাচা নজরুল ইসলামকে পেটে একাধিকবার ছুরিকাঘাত করেন। চাচাকে রক্ষা করতে গিয়ে ইউপি সদস্য সবুজ আলী সুজনও ছুরিকাঘাতে আহত হন। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক নজরুল ইসলামকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: পারিবারিক কলহের জেরে ঈদের দিন স্ত্রীকে গলাকেটে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে
আহত সুজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
তিনি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
২৬৫ দিন আগে
পাবনায় সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ নিহত ৩
পাবনার ঈশ্বরদীর দাশুড়িয়ায় কাভার্ড ভ্যানচাপায় মোটরসাইকেলের দুই আরোহী ও এক পথচারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
বুধবার (১১ জুন) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের মুন্নার মোড়ের তেল পাম্পের পাশে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন— নাটোর সদর উপজেলার অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য মফিজুল ইসলামের স্ত্রী সুবর্ণা খাতুন (৩০) ও মেয়ে পূর্ণতা এবং উপজেলার ছলিমপুর ইউনিয়নের মিরকামারী মুন্নার মোড় এলাকার মৃত আবেদ আলী মণ্ডলের ছেলে আনিছুর রহমান।
হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা গেছে, পরিবার নিয়ে শ্বশুরবাড়ি কুষ্টিয়া থেকে নিজের বাড়ি নাটোরে ফিরছিলেন মফিজুল ইসলাম। মাঝপথে ঈশ্বরদীর মিরকামারী মুন্নার মোড় এলাকায় সড়কের পাশে লিচু কেনার উদ্দেশ্যে দাঁড়ালে পেছন থেকে আসা কাভার্ড ভ্যান মফিজুল ইসলাম ও তার স্ত্রী-কন্যাসহ লিচু বিক্রেতাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।
আরও পড়ুন: নাটোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে আহত মফিজুল ইসলামকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়।
ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর নূর বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার বিষয়ে পুলিশ কাজ করছে। এ ব্যাপারে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।
২৬৮ দিন আগে
চাঁপাইনবাবগঞ্জে ছোট ভাইয়ের ছুরির আঘাতে বড় ভাই নিহত
চাঁপাইনবাবগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের ছুরির আঘাতে বড় ভাই আব্দুর রশিদ নামের এক ব্যক্তি নিহত হওয়ার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (১০ জুন) রাত ৮টার দিকে জেলা পৌরসভার চরমোহনপুর লাহাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আব্দুর রশিদ (৪৮) ওই এলাকার মৃত বেলাল উদ্দিনের ছেলে। এ ঘটনার পর থেকে অভিযুক্ত ছোট ভাই বিকাশ আলী পলাতক রয়েছেন।
আরও পড়ুন: মাদক নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে যুবক নিহত
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, জমিজমা নিয়ে দুই ভাইয়ের মধ্যে বেশ কিছুদিন থেকে বিরোধ চলছিল। এর জের ধরে মঙ্গলবার রাত ৮টার দিকে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ছোট ভাই বিকাশ আলী বড় ভাই আব্দুর রশিদকে ছুরি দিয়ে আঘাত করলে তিনি আহত হন। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে গেল চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি জানান, লাশ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্ত করা হবে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
২৬৮ দিন আগে
পাবনায় মাদরাসার নৈশ প্রহরীকে কুপিয়ে হত্যা
পাবনায় ওসমান গনি মোল্লা (৫৮) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। তিনি উপজেলার খানমরিচ ইউনিয়নের চন্ডিপুর বাজারে অবস্থিত সিকেবি রুস্তমিয়া আলিম মাদরাসার নৈশ প্রহরী ছিলেন।
মঙ্গলবার (১০ জুন) সকাল ১০টায় বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে, সোমবার (৯ জুন) দিবাগত রাত ১টার দিকে মাদরাসার কক্ষ থেকে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, ওসমান গনি মোল্লা সোমবার সন্ধ্যায় মাদরাসায় দায়িত্ব পালন করতে আসেন। একপর্যায়ে রাত ১টার দিকে কেউ বা কারা মাদরাসায় প্রবেশ করে তাকে কুপিয়ে জখম করে। এ সময় স্থানীয় বাসিন্দারা আহত অবস্থায় ওসমানকে দেখতে পেয়ে থানায় খবর দেয় এবং তাকে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আরও পড়ুন: খুলনার আঠারো বেকী নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
এ বিষয়ে মাদরাসার অধ্যক্ষ আবুল কালাম আজাদকে ফোন করলেও তার মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়।
ভাঙ্গুড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, "পূর্ব বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। হত্যাকারীকে শনাক্ত করতে একজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
২৬৯ দিন আগে
নাটোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
নাটোরের সিংড়া ও নলডাঙ্গায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন।
সোমবার (৯ জুন) রাত পৌনে ১১টার সময় নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া বাসস্ট্যান্ড এলাকা দুর্ঘটনায় নিহত হন রিকশাচালক রমজান আলী মোল্লা (৬০)। অন্যদিকে, সাড়ে ১০টার দিকে নলডাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হন তানভির রহমান (১৭)।
নিহত রমজান আলী মোল্লা সিংড়া পৌরসভার পাটকোল মহল্লার বাসিন্দা ও মৃত খাদেম আলীর ছেলে।
এ দুর্ঘটনার বিষয়ে ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান জানান, রাতে সিংড়া বাজার থেকে রিকশা নিয়ে বাড়ি ফিরছিলেন রমজান আলী। পথে সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বগুড়া থেকে নাটোরগামী ‘জেরিন পরিবহনের’ একটি বাস রিকশাটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়েন এবং বাসের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়। বাসটি আটক করা হয়েছে, তবে চালক ও হেলপার পালিয়ে গেছেন। এ ঘটনায় সিংড়া থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি মাহাবুবুর রহমান।
আরও পড়ুন: নরসিংদীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত
অন্যদিকে, নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার জাহান জানান, সোমবার রাত সাড়ে ১০টার দিকে তানভির রহমান নামে এক কিশোর মোটরসাইকেলে করে শাখাড়িপাড়া এলাকা থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে হরিদাখলসি এলাকায় পৌঁছালে সড়কের খানাখন্দের কারণে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন তিনি।
এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে দিবাগত রাত সোয়া ১২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার লাশ ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতাল মর্গে রয়েছে।
২৬৯ দিন আগে
ঢাকা–বগুড়া মহাসড়কে ট্রাক উল্টে গরু ব্যবসায়ী নিহত, আহত ১৫
ঢাকা–বগুড়া মহাসড়কে ট্রাক উল্টে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন।
শনিবার (৭ জুন) বিকালে মহাসড়কের বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুরের রাজাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফজলুর রহমান (৪৫) দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার মল্লিকপুর গ্রামের আকবর আলীর ছেলে।
স্থানীয়রা জানান, ঘটনাস্থলে একটি গরু বহনকারী মিনি ট্রাক পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং ট্রাকটি মহাসড়কের ওপর উল্টে যায়। এতে ফজলুর রহমান গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: কোরবানির মাংস বিতরণকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ২, নারীসহ আহত ৩০
এ দুর্ঘটনায় গরু ব্যবসায়ীর সহকারীসহ অন্তত আরও ১৫ জন আহত হন। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়ার পাশাপাশি গুরুতর আটজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
এ বিষয়ে শেরপুর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) নূর হোসেন বলেন, ‘স্থানীয় লোকজনের সহায়তায় আহতদের চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থাসহ আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২৭১ দিন আগে