রাজশাহী
নওগাঁয় বাসচাপায় মোটরসাইকেল মেকানিকের নিহত
নওগাঁ শহরের বালুডাঙ্গায় বাসের চাপায় সোহেল রানা নামে এক মোটরসাইকেল মেকানিক নিহত হয়েছেন।
রবিবার (১৯ মে) বিকাল সাড়ে ৬টার দিকে বালুডাঙ্গা বাসস্ট্যান্ডের পাশে নজিপুর হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার পর ঘাতক বাসটি জব্দ করেছে নওগাঁ সদর মডেল থানা পুলিশ।
নিহত সোহেল রানা নওগাঁ সদর উপজেলার দুবলহাটি এলাকার বাসিন্দা।
আরও পড়ুন: মেহেরপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ শিক্ষার্থী নিহত
স্থানীয় সূত্রে জানা গেছে, নওগাঁ শহরের জেলা পরিষদ গেটের সামনে সোহেল রানার একটি মোটরসাইকেল মেরামতের দোকান রয়েছে। রবিবার বিকালে একটি মোটরসাইকেল মেরামতের পর সেটি পরীক্ষামূলকভাবে চালিয়ে তিনি বালুডাঙ্গা বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন। এ সময় বাসস্ট্যান্ডের পাশে তিনি ইউটার্ন নেওয়ার চেষ্টা করেন। সে সময় প্রায় ৪০০ ফুট দূরের ওই বাসস্ট্যান্ড থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি দ্রুতগামী বাস তাকে চাপা দেয়। বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর ঘাতক বাসটি পাশে থাকা বলাকা ট্রেডার্স পেট্রোল পাম্পে রেখে পালিয়ে যান চালক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
নওগাঁ সদর থানার ইন্সপেক্টর (অপারেশন) খোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠিয়েছি। ঘাতক বাস ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল থানায় নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
২৯১ দিন আগে
রাজশাহীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ কিশোর নিহত
রাজশাহীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই কিশোর নিহত হয়েছে। শনিবার (১৭ মে) সন্ধ্যায় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) সংলগ্ন মেহেরচণ্ডি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই কিশোর হলো—নগরীর চকপাড়া এলাকার আজিজুর রহমানের ছেলে নাহিয়ান হাসান (১৭) ও মেহেরচণ্ডি উত্তরপাড়া মহল্লার পিয়ারুল ইসলামের ছেলে পিয়াসুর রহমান পিয়াস (১৭)।
আরও পড়ুন: সিলেটে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
দুজনেই রাজশাহীর খড়খড়ি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।
নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বলেন, ‘দ্রুতগতিতে ওভারব্রিজ থেকে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি সড়ক বিভাজকে ধাক্কা দেয়। এ সময় দুই আরোহী নাহিয়ান ও পিয়াস গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।’
২৯২ দিন আগে
চাঁপাইনবাবগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পাথরবোঝাই একটি ট্রাকের চাপায় কাবিরুল ইসলাম নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শনিবার (১৭ মে) রাত ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের হাজী মোড়-সহড়াতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কাবিরুল শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের হরিপুর গ্রামের মো. মজিবুর রহমানের ছেলে।
আরও পড়ুন: নরসিংদীতে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া বলেন, ‘রাত ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে মোটরসাইকেলযোগে নিজ বাড়ি ফিরছিলেন কাবিরুল। এ সময় শিবগঞ্জ পৌরসভার হাজী মোড়-সহড়াতলা এলাকায় পৌঁছালে সোনামসজিদ স্থলবন্দর থেকে ছেড়ে আসা একটি পাথরবোঝাই ট্রাক তাকে চাপায় দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান কাবিরুল।’
তিনি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে গেছে পুলিশ । ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ট্রাক চালক ও সহকারী পালিয়ে গেছেন।
২৯২ দিন আগে
নাটোরে সাবেক ছাত্রলীগ নেতাকে পিটিয়ে পুলিশে সোপর্দ
নাটোর জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগের সদস্য আব্দুল্লাহ আল মামুনকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।
শনিবার (১৭ মে) রাতে তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।
মামুন সদর উপজেলার লক্ষিপুর খোলাবাড়িয়া ইউনিয়নের সানেক চেয়ারম্যান আব্দুল বাতেন ভুঁইয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাত ৯টার দিকে সদর উপজেলার আমীরগঞ্জ বাজার এলাকায় মামুনকে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয়রা তাকে পিটুনি দিয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ তকে সদর হাসপাতালে ভর্তি করে।
আরও পড়ুন: সিলেটে আ.লীগ নেতাকে গণপিটুনি, পুলিশে সোপর্দ
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান বলেন, ‘পুলিশ ঘটনাস্থল থেকে মামুনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।’
এ ছাড়া, অভিযোগ পেলে তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি মাহাবুর রহমান।
২৯২ দিন আগে
নিখোঁজ হওয়ার ২০ দিন পর যুবকের বস্তাবন্দি হাড়গোড় উদ্ধার
রাজশাহীর তানোরে নিখোঁজের ২০ দিন পর শিব নদ থেকে এক যুবকের বস্তাবন্দি হাড়গোড় উদ্ধার করা হয়েছে। শনিবার (১৭ মে) উপজেলার হাবিবনগর এলাকায় কচুরিপানার ভেতর লাশের বস্তাটি দেখতে পেয়ে থানায় খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে তা উদ্ধার করে।
নিহতের নাম চিত্তরঞ্জন পাল (২৬)। তিনি হাবিবনগর পালপাড়া গ্রামের বাসিন্দা।
পরিবারের সদস্যরা জানান, লুঙ্গি ও গেঞ্জি দেখে তারা লাশ শনাক্ত করেন। তার পরিবারের দাবি, একই গ্রামের কলেজছাত্রী কামনা পালের সঙ্গে প্রেমের সম্পর্কের জেরে তাকে হত্যা করা হয়েছে।
চিত্তরঞ্জনের বাবা মনোরঞ্জন পাল বলেন, কামনার পরিবারের সদস্যরা এই সম্পর্ক মেনে নিতে না পেরে তাকে হত্যার হুমকি দিয়েছিলেন। এমনকি কামনা পাল একটি চিঠিতে চিত্তরঞ্জনকে আগেই হত্যার পরিকল্পনার কথা জানিয়েছিলেন বলে দাবি করেন তিনি।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ের ৮ দিনের মাথায় স্বামীকে খুন, স্ত্রী আটক
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, ‘অভিযোগের প্রেক্ষিতে প্রাথমিকভাবে এটি প্রেমঘটিত হত্যাকাণ্ড বলেই ধারণা করা হচ্ছে। লাশের হাড়গোড় সম্বলিত বস্তাটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।
কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে এবং হত্যা মামলা প্রক্রিয়াধীন।’
২৯৩ দিন আগে
নাটোরে চলন্ত ট্রেন থেকে পড়ে যাত্রীর পা বিচ্ছিন্ন
নাটোরের লালপুরে চলন্ত ট্রেন থেকে পড়ে রাহাত আলী নামে এক যাত্রীর পা বিচ্ছিন্ন হয়ে গেছে।
বৃহস্পতিবার (১৫ মে) রাত ৯টার দিকে উপজেলার করিমপুর রেলগেট এলাকায় রাজশাহীগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনের একটি বগির দরজা থেকে পড়ে এ দুর্ঘটনা ঘটে।
আহত রাহাত আলী (২৪) পাবনার ঈশ্বরদী উপজেলার ফতে মোহাম্মদপুর গ্রামের করম আলীর ছেলে।
আরও পড়ুন: ময়মনসিংহে ট্রেনে কাটা পড়ে রিকশাচালক নিহত
জানা গেছে, ট্রেনের দরজার কাছে দাঁড়িয়ে ছিলেন তিনি। চলন্ত অবস্থায় হঠাৎ পা ফসকে নিচে পড়ে গেলে ট্রেনের চাকায় কেটে তার ডান পা বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
আব্দুলপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার জিয়া উদ্দিন বলেন, ‘সচেতনতাই এ ধরনের দুর্ঘটনা রোধের একমাত্র উপায়। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে ট্রেনের দরজার কাছে দাঁড়াতে নিরুৎসাহিত করা হয়। ট্রেন ভ্রমণের সময় যাত্রীদের আরও বেশি সতর্ক থাকা উচিত।’
২৯৪ দিন আগে
নওগাঁয় ১২০ টাকায় পুলিশের চাকরি পেল ৩৬ জন
নওগাঁয় মাত্র ১২০ টাকা খরচ করে পুলিশের কনস্টেবল পদে চাকরি পেয়েছেন ৩৬জন। উত্তীর্ণ প্রার্থীদের অভিনন্দন জানিয়ে সততা, নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে দেশসেবার মনোভাব নিয়ে বাংলাদেশ পুলিশ বাহিনীতে কাজ করার আহ্বান জানিয়েছেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার।
বৃহস্পতিবার (১৫ মে) রাতে আনুষ্ঠানিকভাবে পুলিশ লাইন্স ড্রিল শেডে এ ফলাফল ঘোষণা করেন তিনি। ফলাফল ঘোষণা শেষে প্রাথমিকভাবে উত্তীর্ণ প্রার্থীদের শুভেচ্ছা জানান নওগাঁর পুলিশ সুপার। এ সময় বাংলাদেশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্যগণও উপস্থিত ছিলেন।
শারীরিক মাপ, কাগজপত্র ও শারীরিক সক্ষমতা যাচাই শেষে ৪৪৫ জন প্রার্থীর লিখিত পরীক্ষা শেষে উত্তীর্ণ ৬৯ জন প্রার্থী মৌখিক ও মনস্তাত্ত্বিক পরীক্ষায় অংশগ্রহণ করেন। তার মধ্যে ৩৬ জনকে প্রাথমিকভাবে উত্তীর্ণ ঘোষণা করে নওগাঁ জেলা টিআরসি নিয়োগ বোর্ড।
সাফিউল সারোয়ার জানান, ‘সেবার ব্রতে চাকরি’— এই শ্লোগানে শতভাগ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে টিআরসি পদে নিয়োগ পরীক্ষায় সরকারি কোষাগারে ১২০ টাকা জমা দিয়ে চাকরি পেয়েছেন প্রার্থীরা।
ফলাফল প্রকাশের পর উত্তীর্ণ প্রার্থীরা তাৎক্ষণিকভাবে আবেগঘন অনুভূতি ব্যক্ত করেন।
সাফিউল সারোয়ার জানান, এই নিয়োগ প্রক্রিয়া চলাকালীন তিনজন প্রতারককে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা করা হয়েছে।
তিনি বলেন, ‘এই প্রতারক চক্র বিভিন্ন প্রার্থীকে চাকরি দেওয়ার নামে মোটা অংকের টাকা চুক্তি করেছিল। আটকের পর তাদের কাছ থেকে নগদ টাকা, চুক্তিনামা, ব্যাংকের চেকসহ অন্যান্য ডকুমেন্ট উদ্ধার করে পুলিশ।’
২৯৪ দিন আগে
রাজশাহীতে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১০
রাজশাহীর পুঠিয়ায় আধিপত্য বিস্তার এবং স্থানীয় পুকুরের টেন্ডার নিয়েই সংঘর্ষে জড়িয়েছে বিএনপির দুই গ্রুপ। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।
বুধবার (১৪ মে) রাতে পুঠিয়া উপজেলা চত্বরে এ ঘটনা ঘটে। এ সময় ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় স্থানীয় বিএনপির কার্যালয় এবং তিনটি মোটরসাইকেল।
স্থানীয়রা জানান, ওই দিন বিকালে টেন্ডার নিয়ে শুরু হওয়া উত্তেজনা রাত পর্যন্ত গড়ায়। একপর্যায়ে পুঠিয়া বাজারে দুপক্ষ দেশীয় অস্ত্রসহ সংঘর্ষে জড়ায়। দীর্ঘ সময় ধরে চলে এ ধাওয়া-পাল্টা ধাওয়া সংঘর্ষ।
এক পর্যায়ে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানায়। পরে পুলিশ এসে শুরুতে পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়। পরে সেনা সদস্য এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আহতরা চিকিৎসা নিয়েছেন পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
পুলিশ জানান, দীর্ঘদিন ধরে পুঠিয়ায় বিএনপির দুই গ্রুপের মধ্যে রাজনৈতিক বিরোধ চলছিল। একপক্ষের নেতৃত্বে রয়েছেন সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আল মামুন খানের অনুসারীরা এবং অপরপক্ষের নেতৃত্বে আছেন বিএনপি নেতা ফারুক রায়হানের অনুসারীরা।
আরও পড়ুন: সিলেটের দুপক্ষের সংঘর্ষে যুবলীগ নেতার মৃত্যু
তারা আরও জানান, পুকুর টেন্ডার ঘিরেই সংঘর্ষের সূত্রপাত। বিকালের পর থেকেই উত্তেজনা বাড়তে থাকে, সন্ধ্যার দিকে দুই পক্ষই দেশীয় অস্ত্র নিয়ে মিছিল ও মহড়া শুরু করে, যা সংঘর্ষে রূপ নেয়। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হন।
পুঠিয়া বাজারের ব্যবসায়ী আজিজুল হক বলেন, ‘সন্ধ্যার পরে হঠাৎ দেখি দুই দিক থেকে লোকজন লাঠিসোটা, রড, দেশীয় অস্ত্র নিয়ে এগিয়ে আসছে। বাজারের সব দোকানপাট বন্ধ হয়ে যায়। কেউ কেউ আমাদের দোকানে আশ্রয় নেয়। দুই ঘণ্টার বেশি সময় ধরে মারামারি চলে। পরে সেনা সদস্য এলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের লোকজন গিয়ে বিএনপির পার্টি অফিসের আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগে পার্টি অফিসের আসবাবপত্র পুড়ে যায়।’
স্থানীয় বাসিন্দা রোকেয়া বেগম জানান, আমার ছেলে মোটরসাইকেল নিয়ে দোকানে যাচ্ছিল, ওর মোটরসাইকেলটা আগুনে পুড়ে গেছে। পুরো এলাকা এখন আতঙ্কে আছে।’
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার করা হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।’
২৯৫ দিন আগে
রাজশাহীতে আমবাগানে ঝুলছিল যুবকের লাশ
রাজশাহীতে পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন মনিরুল ইসলাম (৩০) নামের এক যুবক। মঙ্গলবার (১৪ মে) বিকালে আমবাগানে ঝুলন্ত লাশ দেখেন স্থানীয়রা।
মনিরুল উপজেলার তালন্দ ইউনিয়নের লালপুর গ্রামের বাসিন্দা ও আব্দুস সাত্তারের ছেলে।
স্থানীয়রা জানান, প্রতিবেশী সাত্তারের স্ত্রী বেবী পাশের সিরাজুল ইসলামের আমবাগানে ছাগল আনতে গিয়ে একটি আমগাছে মনিরুলের লাশ ঝুলতে দেখতে পান।
আরও পড়ুন: লক্ষ্মীপুরে বৃদ্ধাকে গলা কেটে হত্যার অভিযোগ
পরে তিনি বিষয়টি গ্রামবাসী ও নিহতের পরিবারকে জানান। এ ঘটনায় রাত ৯টার দিকে তানোর থানার উপপরিদর্শক (এসআই) হাসমত আলী ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে থানায় নিয়ে যান।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ইউডি (অপমৃত্যু) মামলা দায়ের করা হয়েছে।’
২৯৬ দিন আগে
চাঁপাইয়ে বজ্রপাতে ছেলের মৃত্যু, আহত মা
চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে মিজানুর রহমান মিজান নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ মে) সন্ধ্যার দিকে শহরের শিবতলা-গুলবাগ মহল্লায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় তার মা সুফিয়া খাতুন আহত হয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি হয়েছেন। হাসপাতালের চিকিৎসক উম্মে হাবিবা বলেন, ‘সুফিয়া খাতুনের অবস্থাও গুরুতর।’
আরও পড়ুন: বজ্রপাত নিয়ে সতর্কবার্তা দিল আবহাওয়া অধিদপ্তর
নিহত মিজানুর রহমান শিবতলা-গুলবাগের মনোয়ার হোসেনের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ঝড়-বৃষ্টির সময় মিজান ও তার মা বাড়ির সামনের একটি আমগাছের নিচে দাড়ান। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই মিজান মারা যান ও তার মা আহত হন।’
২৯৬ দিন আগে