রাজশাহী
রাজশাহীতে ভ্যানচালককে পিটিয়ে হত্যা
রাজশাহীর মোহনপুর উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক ভ্যানচালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
শুক্রবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বেলগাছি পূর্বপাড়া এলাকায় পাঠক ক্লাবের সামনে এ ঘটনা ঘটে।
নিহত আলম আলী (৪৩) উপজেলার বেলগাছি গ্রামের বাসিন্দা মো. আশরাফের ছেলে।
স্থানীয়রা জানান, অভিযুক্ত মজিবর রহমান আলম আলীর চলন্ত ভ্যান থামানোর জন্য সংকেত দেন। তবে ভ্যানচালক আলম কিছুটা সামনে গিয়ে ভ্যান থামালে এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন তিনি। একপর্যায়ে মজিবর ইট দিয়ে আলমের মাথার পেছনে কয়েকটি আঘাত করেন। এতে গুরুতর আহত হয়ে ভ্যান থেকে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর এলাকাবাসী অভিযুক্ত মজিবরকে পাঠক ক্লাবে আটক করে রাখে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মজিবরকে উদ্ধার করতে যায় পুলিশ। এ সময় উত্তেজিত জনতা তাকে পিটুনি দেওয়ার চেষ্টা করে। সে সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বেলালউদ্দিনসহ দুই সদস্য সামান্য আহত হন। বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
মোহনপুর থানার উপপরিদর্শক (এসআই) মোদাস্সের হোসেন খাঁন জানান, এ বিষয়ে অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
৫৫ দিন আগে
সিরাজগঞ্জে জ্বালানি তেল মজুদের দায়ে ৪ জনের জেল-জরিমানা
সিরাজগঞ্জে পৃথক চারটি অভিযান চালিয়ে জ্বালানি তেল মজুদ করে অতিরিক্ত মূল্যে বিক্রি করায় ৪ জনকে জেল ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) জেলা প্রশাসনের নেতৃত্বে এ অভিযানগুলো পরিচালনা করা হয়।
অভিযানের বিষয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. আসসাদিকুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল (বৃহস্পতিবার) জেলার বিভিন্ন স্থানে পৃথক ৪টি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জ্বালানি তেলের অবৈধ মজুদ ও অতিরিক্ত মূল্যে বিক্রির অভিযোগে ৪ জনকে আটক করা হয়।
তিনি আরও জানান, অভিযোগ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের মধ্যে দুইজনকে দুই মাস করে কারাদণ্ড দেওয়া হয়। অপর দুইজনকে ২০০ টাকা করে জরিমানা করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে অবৈধভাবে মজুদ করা ৭০৯ লিটার ডিজেল ও ৫ লিটার মবিল উদ্ধার করা হয়।
অভিযানের সময় সংশ্লিষ্ট কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
৫৫ দিন আগে
রামেকে হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও তিনটি শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালের হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা ৪৬ জনে দাঁড়িয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর ১২টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় এই তিনজনের মৃত্যু হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস জানান, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন রোগী ভর্তি হয়েছে ২৩ জন। একই সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১০ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১৩৩। হামের সংক্রমণ শুরুর পর এ পর্যন্ত হাসপাতালে মোট ৪৫২ জন রোগী ভর্তি হয়েছেন, যাদের মধ্যে মারা গেছেন ৪৬ জন।
এদিকে, রামেকে শিশু নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) সংকট ভয়াবহ রূপ নিয়েছে। শয্যা না পেয়ে অপেক্ষারত অবস্থায় গত এক মাসে ৯১টি শিশুর মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালে ১৮টি শিশু আইসিইউ শয্যা রয়েছে। এর মধ্যে ১২টি হামে আক্রান্ত শিশুদের জন্য রাখা হয়েছে। বাকি ছয়টি রাখা হয়েছে অন্য রোগীদের জন্য।
হাসপাতাল সূত্রে জানা যায়, মার্চ মাসে শিশু আইসিইউতে ভর্তি ছিলেন ১১৯ জন এবং অপেক্ষমাণ তালিকায় ছিলেন ৩৮৬ জন। এদের মধ্যে ৯১টি শিশুর মৃত্যু হয়েছে। চিকিৎসকদের মতে, হামের পাশাপাশি নিউমোনিয়ার প্রকোপ বেড়ে যাওয়ায় শিশুদের স্বাস্থ্য জটিলতা দ্রুত বাড়ছে। ফলে আইসিইউয়ের চাহিদাও অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে।
সঙ্কট নিরসনে হাসপাতাটিতে অতিরিক্ত অক্সিজেন লাইন স্থাপনের কাজ চলছে বলে জানিয়েছেন ডা. শংকর কে বিশ্বাস। তিনি বলেন, আগে শিশু আইসিইউ শয্যা ছিল ১২টি, যা বাড়িয়ে ১৮টি করা হয়েছে। এছাড়া, এই হাসপাতালের তিনটি শিশু ওয়ার্ডের অনুমোদিত শয্যা সংখ্যা ১৬০ হলেও প্রতিদিন গড়ে প্রায় সাড়ে তিন হাজার রোগী ভর্তি থাকেন। এতে চিকিৎসা ব্যবস্থায় অতিরিক্ত চাপ তৈরি হচ্ছে।
হাসপাতাল সূত্র আরও জানায়, রাজশাহী বিভাগের বাইরের বিভিন্ন জেলা থেকেও রোগীরা এখানে চিকিৎসা নিতে আসেন। এ অঞ্চলে শিশু আইসিইউ সুবিধা সীমিত থাকায় প্রতিদিন গড়ে ৩০টির বেশি শয্যার চাহিদা থাকে। তবে মার্চ মাসে হাম ও নিউমোনিয়ার প্রকোপ বেড়ে যাওয়ায় এই চাহিদা দৈনিক প্রায় ৫০টিতে পৌঁছেছে।
৫৭ দিন আগে
ফ্যাক্ট চেকিং ছাড়া অনুমাননির্ভর সংবাদ প্রকাশ করা যাবে না: তথ্যমন্ত্রী
ফ্যাক্ট চেকিং ছাড়া অনুমাননির্ভর কোনো সংবাদ প্রকাশ করা যাবে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
তিনি বলেছেন, ‘এখন সামাজিক যোগাযোগমাধ্যম, ইউটিউবসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে নানাবিধ সংবাদ ও তথ্য পরিবেশন করা হচ্ছে, যা অনেক সময় বিভ্রান্তি তৈরি করে। এজন্য সঠিক তথ্য তুলে ধরতে ফ্যাক্ট চেকিং করে সংবাদ প্রকাশ করতে হবে। অনুমাননির্ভর কোনো সংবাদ প্রকাশ কোনোভাবেই ঠিক হবে না।’
শুক্রবার (৩ এপ্রিল) রাতে পাবনা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘পাবনা প্রেসক্লাব দেশের মধ্যে একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। তাদের ভাতৃপ্রতিম সম্পর্ক সারা দেশের জন্য দৃষ্টান্ত হতে পারে।’ তিনি জানান, সাংবাদিকদের ঐক্যবদ্ধ রাখতে প্রতিটি জেলায় একটি করে প্রেসক্লাব রাখার বিষয়ে সরকার কাজ করছে।
তিনি আরও বলেন, ‘গণমাধ্যমের গঠনমূলক সমালোচনা সরকার গ্রহণ করে এবং সেসব বিষয়ে কাজ করছে।’
পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পাবনা সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, প্রেসক্লাবের সাবেক সভাপতি শিবজিত নাগ ও এ বি এম ফজলুর রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মাসুদ খন্দকার, খালেদ হোসেন পরাগ, এস এম আলাউদ্দিন, উৎপল মির্জা, রাজিউর রহমান রুমী ও ড. নরেশ মধু প্রমুখ।
পাবনা প্রেসক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ইয়াদ আলী মৃধা পাভেলের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম।
এর আগে, গতকাল (শুক্রবার) সন্ধ্যায় তথ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে আটদিনব্যাপী ‘পাবনা বইমেলা’র উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি বলেন, ‘গণমাধ্যমের দায়িত্বশীল স্বাধীনতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব অংশীদারের সঙ্গে আলোচনা শুরু হয়েছে। ফ্যাসিবাদের আমলে গণমাধ্যমকর্মীদের ওপর নির্যাতনের তালিকাও তৈরি করা হচ্ছে।’
পাবনা জেলা জাসাসের আহ্বায়ক খালেদ হোসেন পরাগের সভাপতিত্বে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান ও সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার, বইমেলা উদযাপন পরিষদের সদস্য সচিব ডা. আহমেদ মোস্তফা নোমানসহ অন্যান্যরা।
৬১ দিন আগে
চাঁপাইনবাবগঞ্জে বিষ দিয়ে কৃষকের ধানখেত নষ্ট
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ঘাসমারার বিষ প্রয়োগ করে এক কৃষকের প্রায় এক বিঘা জমির ধান নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (৩১ মার্চ) রাতে উপজেলার কসবা ইউনিয়নের বিজলীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, জমির মালিক ইসরাফিল ইসলাম তার প্রায় ১ বিঘা জমিতে ধান চাষ করেছিলেন। কিন্তু ধানে শীষ আসার আগমূহূর্তে ধানখেতে বিষ দিয়ে তা নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা।
এ ঘটনায় থানায় মামলা করবেন বলে জানিয়েছেন ইসরাফিল।
এ বিষয়ে নাচোল থানার পরিদর্শক (তদন্ত) এসএম নূরুল কাদির সৈকত বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
৬৪ দিন আগে
নাটোরে জ্বালানি সংকট ঘিরে বিশৃঙ্খলা: পাম্প ব্যবস্থাপককে মারধর, মহাসড়ক অবরোধ, সাংবাদিক লাঞ্ছিত
জ্বালানি সংকট ঘিরে নাটোরে একাধিক বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তেল সংগ্রহকে কেন্দ্র করে একটি পেট্রোল পাম্পের ব্যবস্থাপককে মারধর করে আহত করা হয়েছে, তেল না পেয়ে মহাসড়ক অবরোধ করেছেন একদল মোটরসাইকেল-চালক এবং পৃথক ঘটনায় পেট্রোল মজুদের ছবি তুলতে গিয়ে লাঞ্ছিত হয়েছেন এক সাংবাদিক।
মঙ্গলবার (৩১ মার্চ) রাতের বিভিন্ন সময় নাটোর শহরের বিভিন্ন স্থানে এসব ঘটনা ঘটে।
গতকাল (মঙ্গলবার) ৯টার দিকে নাটোর শহরের হাফরাস্তা এলাকায় অবস্থিত নাটোর পেট্রোলিয়াম এজেন্সিতে জারকিনে পেট্রোল না দেওয়ায় পাম্প ম্যানেজার সানু সাহাকে পিটিয়ে জখম করেছেন শাহীন নামে স্থানীয় এক যুবক। পরে জনতার ধাওয়ায় পালিয়ে যায় ওই যুবক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ওই ঘটনার প্রায় একই সময়ে শহরতলীর মোকরামপুর এলাকায় রিভু পেট্রোল পাম্পে তেল শেষ হয়ে যাওয়ায় নাটোর-ঢাকা মহাসড়ক অবরোধ করেন মোটরসাইকেল-চালকরা। এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে ঝলমলিয়া হাইওয়ে থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান ওসি মাহাবুর রহমান।
এছাড়া, গতকাল রাতেই লালপুর উপজেলার সাদিয়া পেট্রোল পাম্পে ড্রামে পেট্রোল মজুদের ছবি তুলতে গেলে ওমর ফারুক নামে এক স্থানীয় সাংবাদিককে মারধর করেছে দুর্বৃত্তরা। ওমর ফারুক অভিযোগ করেন, হামলাকারীরা একটি রাজনৈতিক দলের কর্মী।
৬৪ দিন আগে
পাবনা সফর শেষে আগামীকাল ঢাকায় ফিরবেন রাষ্ট্রপতি
চার দিনের সরকারি সফর শেষে আগামীকাল মঙ্গলবার নিজ জেলা পাবনা থেকে ঢাকায় ফিরবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর ১২টায় পাবনা ক্যাডেট কলেজ থেকে হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তার।
সফরকালে রাষ্ট্রপতি গতকাল (রবিবার) সকাল ১১টা ১০ মিনিটে আরিফপুর সদর কবরস্থানে গিয়ে তার বাবা-মায়ের কবর জিয়ারত করেন। পরে সন্ধ্যা ৭টায় তিনি পাবনা প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।
এছাড়া আজ তিনি ভবানীপুর মসজিদ পরিদর্শন করেন এবং সন্ধ্যায় জুবিলী ট্যাংক এলাকায় নিজের বাসভবনে স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে তার।
গত ২৮ মার্চ চার দিনের সফরে পাবনা যান রাষ্ট্রপতি। সেদিন দুপুরে বঙ্গভবন থেকে হেলিকপ্টারে রওনা হয়ে পাবনার শহিদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে অবতরণ করেন তিনি। সেখানে তাকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
এ সময় পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, রাজশাহী বিভাগীয় কমিশনার আ ন ম বজলুর রশিদ, রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. শাহজাহান, পাবনার জেলা প্রশাসক ড. শাহেদ মোস্তফা, পুলিশ সুপার আনোয়ার জাহিদ, জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আঁখিনূর ইসলাম রেমন প্রমুখ উপস্থিত ছিলেন।
স্টেডিয়াম থেকে পাবনা সার্কিট হাউসে গিয়ে গার্ড অব অনার গ্রহণ করেন রাষ্ট্রপতি।
৬৬ দিন আগে
যাত্রীবেশে কাউন্টারে ইউএনও, সিরাজগঞ্জে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে জরিমানা
সিরাজগঞ্জের কাজিপুরে ঈদ-পরবর্তী ফিরতি যাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে বাস কাউন্টারের এক প্রতিনিধিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (২৭ মার্চ) বিকেলে উপজেলার সোনামুখী বাজারের বাস কাউন্টারে ছদ্মবেশে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ওই কাউন্টারে ঈদ-পরবর্তী যাত্রায় ৩৫০ টাকার ভাড়া বাড়িয়ে ৬০০ থেকে ৭০০ টাকা করে নেওয়া হচ্ছে। কিন্তু এমন অভিযোগ থাকলেও প্রমাণের অভাব ছিল। পরে ইউএনও নিজেই মুখে মাস্ক ও মাথায় ক্যাপ পরে টিকিট কাউন্টারে উপস্থিত হয়ে অভিযোগের সত্যতা পান।
অতিরিক্ত ভাড়া আদায়ে হাতেনাতে প্রমাণ পাওয়ায় কাউন্টার প্রতিনিধি রুবেল হোসেন তার অপরাধ স্বীকার করেন এবং ভবিষ্যতে আর এমন অপরাধ করবেন না বলে মুচলেকা দেন। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।
জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান।
৬৮ দিন আগে
ঈদের ছুটি শেষে সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু
ঈদুল ফিতরের ছুটি শেষে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে আজ (শনিবার) থেকে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।
বন্দর সূত্রে জানা গেছে, ঈদের ছুটি উপলক্ষে গত ১৮ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত টানা ১০ দিন বাংলাদেশ ও ভারতের মধ্যে এ বন্দর দিয়ে সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। ছুটি শেষে আজ সকাল থেকে আবারও স্বাভাবিক নিয়মে পণ্য আমদানি-রপ্তানি শুরু হয়েছে।
সোনামসজিদ স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সদস্য সচিব রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করে জানান, ছুটি শেষে ব্যবসায়িক কার্যক্রম পুরোদমে চালু হয়েছে। এতে বন্দর সংশ্লিষ্ট ব্যবসায়ী ও শ্রমিকদের মাঝে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।
তিনি আরও জানান, ছুটির সময় বন্দরের ভেতরে থাকা পণ্যের লোড-আনলোড কার্যক্রম চালু ছিল এবং ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক ছিল।
৬৮ দিন আগে
চাঁপাইনবাবগঞ্জে তেল মজুদ রেখে বিক্রি না করায় ফিলিং স্টেশনকে জরিমানা
চাঁপাইনবাবগঞ্জে জ্বালানি তেল মজুদ রেখে গ্রাহকদের কাছে বিক্রি না করার অভিযোগে একটি ফিলিং স্টেশনকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (২৭ মার্চ) দুপুরে জেলার গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের বড়দাদপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির মুন্সি। অভিযানে মেসার্স ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ফিলিং স্টেশনের বিরুদ্ধে সরকারি নির্দেশনা অমান্য করে জ্বালানি তেল বিক্রি না করার প্রমাণ পাওয়া যায়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির মুন্সি জানান, প্রতিষ্ঠানটি জ্বালানি তেল মজুদ রেখে কৃত্রিম সংকট তৈরির মাধ্যমে অনিয়মে জড়িত ছিল। পাশাপাশি তারা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘন করেছে। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ফিলিং স্টেশনটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী জ্বালানি তেল বিক্রি নিশ্চিত করতে প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে। ভবিষ্যতে এ ধরনের অনিয়ম বা কৃত্রিম সংকট সৃষ্টি করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
৬৯ দিন আগে