রাজশাহী
আধিপত্য বিস্তার নিয়ে পাবনায় দুপক্ষের সংঘর্ষ, যুবদল নেতা নিহত
পাবনা সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় মেহেদী মাসুদ পাভেল মোল্লা (৪০) নামে এক যুবদল নেতা নিহত হয়েছেন এবং গুরুতর আহত হয়েছেন তার চাচাতো ভাই ইমরান সজিব মোল্লা (২৫)।
শনিবার (২৩ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের ইসলামপুর ব্রিজের সামনে এ ঘটনা ঘটে।
নিহত পাভেল ইসলামপুর গ্রামের মৃত মুসলেম মাস্টারের ছেলে এবং গয়েশপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। আহত ইমরান একই গ্রামের আব্দুর সবুর মোল্লার ছেলে।
আরও পড়ুন: কিশোরগঞ্জে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, দুই নেতা বহিষ্কার
স্থানীয়রা জানান, মাদক ব্যবসা ও পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের জনি, জুয়েল, নজরুল, মফিজ উদ্দিন, ময়েজ উদ্দিন প্রামানিক, তৌফিক উদ্দিন, আশরাফ আলী, লিয়াকত ও দুলালদের সঙ্গে বিরোধ চলছিল পাভেলদের। শনিবার রাত ১০টার দিকে ইসলামপুর ব্রিজের সামনে তাদের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন পাভেল ও ইমরানকে কুপিয়ে জখম করে। পরে আশপাশের স্থানীয়রা তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পাভেলকে মৃত ঘোষণা করেন। পরে আশঙ্কাজনক অবস্থায় ইমরানকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, পূর্ব বিরোধের জেরে এই সংঘর্ষ হয়েছে। এতে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
১৯৪ দিন আগে
নাটোরে বাসের ধাক্কায় দুইজন নিহত
নাটোরে বাসের ধাক্কায় ভ্যানচালকসহ দুইজন নিহত হয়েছেন।
শনিবার (২৩ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার বারুরহাট এলাকায় নাটোর-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— ভ্যানচালক মোজাম্মেল হক (৪০) ও যাত্রী আখতার হোসেন (৪৮)। তাদের বাড়ি জেলার সিংড়া উপজেলার বড় বাড়ইহাটী গ্রামে।
আরও পড়ুন: কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় এক পরিবারের ৪ জন নিহত
ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্তা কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান জানান, বগুড়া থেকে দক্ষিনাঞ্চলগামী যাত্রীবাহী একটি নৈশকোচ বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানকে ধাক্কা দিলে সেটি চুর্ণবিচুর্ণ হয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে। এ ঘটনায় গুরুতর আহত হন ভ্যানচালক মোজাম্মেল হক ও যাত্রী আখতার হোসেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
এ ঘটনার পর পাবনা সীমান্ত থেকে বাসটি আটক করলেও চালক ও হেলপার পলাতক রয়েছে বলে জানিয়েছেন ওসি।
১৯৫ দিন আগে
আত্রাইয়ে লাঠির আঘাতে চাচা নিহত, ২ ভাতিজা গ্রেপ্তার
নওগাঁর আত্রাইয়ে লাঠির আঘাতে চাচা আজিজার রহমান (৬৮) নিহতের ঘটনায় দুই ভাতিজাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৯ আগষ্ট) ভোরে নাটোরের সিংড়া উপজেলার কালিগঞ্জ থেকে তাদের গ্রেপ্তার করে আত্রাই থানা পুলিশ। এদিন দুপুরের পর তাদের আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তাররা হলেন- আত্রাই উপজেলার তেজনন্দী ভাটো পাড়া গ্রামের মৃত আলাউদ্দিনের দুই ছেল বাবু ও আলিম। তারা দুজনেই নিহতের ভাতিজা।
এর আগে গত সোমবার (১৮ আগষ্ট) সন্ধ্যায় বাঁশ কাটাকে কেন্দ্র করে ভাতিজার লাঠির আঘাতে চাচা আজিজার রহমানের মৃত্যু হয়।
আরও পড়ুন: সাভারে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার ১
জানা যায়, জমি-জমা সংক্রান্ত পারিবারিক বিরোধকে কেন্দ্র করে এদিন সন্ধ্যা আনুমানিক ৭টায় ভাতিজাদের সঙ্গে বাঁশ কাটাকে কেন্দ্র করে চাচা আজিজার রহমানের কথা কাটাকাটি হয়। এ সময় ভাতিজাসহ কয়েকজন ব্যক্তির মধ্যে তর্কাতর্কি শুরু হয়। কথাকাটাকাটির এক পর্যায়ে ভাতিজার লাঠির আঘাতে ঘটনাস্থলেই চাচা আজিজার রহমান নিহত হন। পরে নিহতের ছেলে মুকুল হোসেন বাদী হয়ে আত্রাই থানায় ৭ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পরপরই ভাতিজারা পালিয়ে যায়।
মামলার প্রেক্ষিতে আত্রাই থানা পুলিশের একটি দল গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে নাটোর জেলার কালিগঞ্জ বাজার এলাকা থেকে অভিযুক্ত দুই ভাতিজা বাবু ও আলিমকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান মুঠোফোনে বলেন, আজিজার রহমান নিহতের ঘটনায় গ্রেপ্তাররা মূল আসামি। এ ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে। বাবু ও আলিমকে নওগাঁ জেল হাজতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে জোর চেষ্টা চলছে।
১৯৯ দিন আগে
চাঁপাইয়ে পদ্মার পানি সরলেও দুর্ভোগ কমেনি
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীর পানি কমতে শুরু করলেও এখনো পরিস্থিতির তেমন উন্নতি হয়নি।
গত ২৪ ঘণ্টায় নদীর পানি ১৭ সেন্টিমিটার কমে আজ রবিবার (১৭ আগস্ট) বিপৎসীমার ৫৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে কিছুটা স্বস্তি ফিরেছে বন্যা উপদ্রুত এলাকাগুলোর মানুষের মধ্যে। কোথাও কোথাও উঁচু এলাকায় পানি নেমে যাওয়ায় অনেকে ঘরে ফিরতে শুরু করেছেন।
তবে পানি নামার গতি ধীর হওয়ায় এখনো সদর উপজেলার আলাতুলী ও নারায়ণপুর ইউনিয়ন এবং শিবগঞ্জ উপজেলার পাঁকা, উজিরপুর, দুর্লভপুর ও মনাকষা ইউনিয়নের বিস্তীর্ণ নিম্নাঞ্চল প্লাবিত রয়েছে। ফলে এসব এলাকার মানুষ এখনো চরম দুর্ভোগে রয়েছেন।
শিবগঞ্জ উপজেলার চরাঞ্চল পাঁকা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড সদস্য রফিকুল ইসলাম জানান, নদীতে পানি কমায় মানুষের মনে কিছুটা স্বস্তি এলেও বন্যায় ধানসহ বিভিন্ন ফসল ডুবে নষ্ট হয়ে যাওয়ায় তারা দুশ্চিন্তায় আছেন।
আরও পড়ুন: বন্যার পানি নামছে, জেগে উঠছে ক্ষত
তিনি বলেন, ‘যেভাবে পানি নামছে, তাতে পরিস্থিতি স্বাভাবিক হতে আরও অন্তত ৭ থেকে ১০ দিন সময় লাগবে।’
পাঁকা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মালেক বলেন, ‘পানি কমছে, তবে খুব ধীরগতিতে। এখনো অনেক নিম্নাঞ্চল প্লাবিত। মানুষ খাবারের কষ্টে আছে। সরকারিভাবে কিছু ত্রাণ বিতরণ করা হলেও তা প্রয়োজনের তুলনায় খুবই কম।’
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানো হয়েছে বলেও জানান তিনি।
চাঁপাইনবাবগঞ্জ জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, ‘সদর ও শিবগঞ্জ উপজেলার পানিবন্দি মানুষের জন্য ২৮ মেট্রিক টন চাল এবং কিছু শুকনো খাবার বরাদ্দ দেওয়া হয়েছে।’
তিনি বলেন, ‘ত্রাণের কোনো সমস্যা নেই। উপজেলা প্রশাসন তালিকা তৈরির কাজ করছে। তাদের কাছ থেকে চাহিদাপত্র পাওয়া গেলে আবারও বরাদ্দ দেওয়া হবে।’
চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আহসান হাবিব বলেন, ‘গত ২৪ ঘণ্টায় পদ্মা নদীর পানি ১৭ সেন্টিমিটার কমে আজ (রবিবার) বিপৎসীমার ৫৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।’
আরও পড়ুন: কুড়িগ্রামের বন্যাকবলিত চরাঞ্চলে জনপ্রিয় হয়ে উঠছে ‘গুচ্ছ বসতভিটা’
উল্লেখ্য, টানা সাতদিন ধরে পদ্মায় পানি বাড়ায় সদর ও শিবগঞ্জ উপজেলার নদীতীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়। এতে প্রায় সাড়ে আট হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়ে এবং দুই হাজার হেক্টর জমির আউশ, আমন ও সবজিসহ বিভিন্ন ফসল পানিতে নিমজ্জিত হয়।
২০১ দিন আগে
সোনামসজিদ দিয়ে দেশে ঢুকল ১০০ টন ভারতীয় পেঁয়াজ
প্রায় ৮ মাস পর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) সন্ধ্যায় ভারত থেকে চারটি ট্রাক ১০০ টন পেঁয়াজ নিয়ে দেশে প্রবেশ করে।
বিষয়টি নিশ্চিত করেছেন সোনামসজিদ স্থলবন্দর পরিচালনায় নিয়োজিত বেসরকারি প্রতিষ্ঠান পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের ব্যবস্থাপক মাইনুল ইসলাম।
তিনি জানান, ৮ মাস আগে ভারত সরকার সোনামসজিদ স্থলবন্দর দিয়ে পেঁয়াজ রপ্তানি বন্ধ করেছিল। তবে দীর্ঘ ৮ মাস পরে বৃহস্পতিবার ভারত থেকে চারটি ট্রাকযোগে ১০০ টন পেঁয়াজ সোনামসজিদ স্থলবন্দর দিয়ে দেশে এসেছে।
ব্যবসায়ীরা জানিয়েছেন, আমদানি শুরু হওয়ায় দেশের বাজারে পেঁয়াজের দাম কিছুটা কমে আসবে।
পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে গত মঙ্গলবার (১২ আগস্ট) পেঁয়াজ আমদানির ঘোষণা দিয়েছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
আরও পড়ুন:
খুলনায় পেঁয়াজের কমতি নেই, তবুও দাম বাড়তি
হিলি স্থলবন্দরে পেঁয়াজের দামে ঊর্ধ্বগতি
ফরিদপুরের পাইকারি বাজারে পেঁয়াজের ঝাঁজ
২০৩ দিন আগে
রাজশাহীতে এক পরিবারের চারজনের মরদেহ উদ্ধার
রাজশাহীর পবা উপজেলায় ঋণের চাপে এবং অভাবের তাড়নায় দুই সন্তানসহ স্ত্রীকে হত্যার পর আত্মহত্যা করেছেন মিনারুল ইসলাম (৩০) নামের এক ব্যক্তি।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) দিবাগত রাতে পারিলা ইউনিয়নের বামনশেখর এলাকায় এ ঘটনা ঘটে। আজ (শুক্রবার) সকাল ৯টার দিকে নিজ বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন— মিনারুল ইসলাম এবং তার স্ত্রী সাধিনা বেগম (২৮), ছেলে মাহিম (১৩) ও মেয়ে মিথিলা (দেড় বছর)। মাহিম খড়খড়ি উচ্চ বিদয়ালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।
রাজশাহী নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
আরও পড়ুন: সিলেটে স্ত্রীকে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার অভিযোগ, স্বামী গ্রেপ্তার
স্থানীয় সূত্রে জানা যায়, মনিরুল ইসলাম কৃষি কাজ করতেন। তার ঋণ রয়েছে ছিল জানা গেছে। তারা মাটির ঘরে বসবাস করতেন।
পুলিশ জানায়, পরিবারের চারজন সদস্যই মারা গেছেন। এর মধ্যে এক ঘরে মা ও মেয়ে এবং অন্য ঘরে ছেলে ও বাবা মিনারুল ফ্যানের সঙ্গে ঝুলছিলেন। এ সময় একটি চিরকুট উদ্ধার করা হয়েছে।
চিরকুটে মিনারুল লিখেছেন, ‘আমি নিজ হাতে সবাইকে মারলাম। এই কারণে যে আমি যদি মরে যাই, তাহলে আমার ছেলেমেয়ে কার আশায় বেঁচে থাকবে। কষ্ট আর দুঃখ ছাড়া কিছুই পাবে না। আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে। তাই আমরা বেঁচে থাকার চেয়ে মরে গেলাম সেই ভালো।’
‘কারো কাছে কিছুই চাইতে হবে না। আমার জন্য কাউকে কারো কাছে ছোট হতে হবে না। আমার জন্য আমার বাবা অনেক লোকের কাছে ছোট হয়েছে। আর হতে হবে না। চিরদিনের জন্য চলে গেলাম। আমি চাই সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।’
২০৩ দিন আগে
সরকার বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে প্রযুক্তিনির্ভর কার্যক্রম হাতে নিয়েছে: যুব ও ক্রীড়া উপদেষ্টা
অন্তর্বর্তীকালীন সরকার বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে প্রযুক্তিনির্ভর কার্যক্রম হাতে নিয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
শনিবার (৯ আগস্ট) দুপুরে নাটোরে শহরের ঐতিহ্যবাহী কানাইখালী স্টেডিয়াম উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা আসিফ মাহমুদ দেশের ১৪টি উপজেলায় ভার্চুয়ারি মিনি স্টেডিয়ামের উদ্বোধন করেন।
জেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া বলেন, ‘বাকি বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার জন্য প্রযুক্তিনির্ভর কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।’
আরও পড়ুন: বেকারত্ব লাঘবে কাজ করছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়: আসিফ মাহমুদ
তিনি বলেন, উদ্যোক্তাবান্ধব পরিবেশ তৈরি করা হচ্ছে। এজন্য সামনের দিনে তরুণ উদ্যোক্তাদের আর্থিকসহ সকল সহায়তা দেওয়া হবে। যথাযথ অবকাঠামো উন্নয়ন ও সমন্বয়ের মাধ্যমে ক্রীড়া ক্ষেত্রে আরও সাফল্য বয়ে আনা সম্ভব হবে।
এসময় জুলাই যোদ্ধারা তাদের নানা বিষয় তুলে ধরেন।
এসময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহাবুব উল আলম, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকছুদ জাহেদীসহ জাতীয় ক্রীড়া পরিষদ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
২০৯ দিন আগে
তারেক রহমানের শ্বশুরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বগুড়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
সাবেক নৌবাহিনী প্রধান, সাবেক মন্ত্রী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শ্বশুর রিয়ার অ্যাডমিরাল (অব.) মাহবুব আলী খানের ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বগুড়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ আগস্ট) বাদ জোহর শহরের বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে পরিবারের পক্ষ থেকে আয়োজিত এ দোয়া মাহফিলে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া মাহফিলে অংশ নেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, বিএনপির কেন্দ্রীয় সদস্য ভিপি সাইফুল ইসলাম, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, এম আর ইসলাম স্বাধীন, অ্যাডভোকেট একেএম সাইফুল ইসলাম, ফজলুল বারী তালুকদার বেলাল, অ্যাডভোকেট আব্দুল বাসেদ, মাহবুবুর রহমান বকুল, শেখ তাহা উদ্দিন নাহিন, তৌহিদুল আলম মামুন, সহিদুন্নবী সালাম, কেএম খায়রুল বাশার, বিএনপি মিডিয়া সেলের বিভাগীয় সমন্বয়কারী কালাম আজাদ, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান, জিয়া পরিবারের পক্ষ থেকে সৈয়দ আমিনুল হক দেওয়ান সজলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
২১২ দিন আগে
কোচ পছন্দ না হওয়ায় বিক্ষোভ, রাজশাহী থেকে ১ ঘণ্টা পর ছাড়ল বিশেষ ট্রেন
জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য বরাদ্দ দেওয়া বিশেষ ট্রেনের কোচ পছন্দ না হওয়ায় রাজশাহী রেল স্টেশনে বিক্ষোভ করেছেন অনুষ্ঠানে যোগ দিতে আগ্রহীরা। তার প্রায় এক ঘণ্টা বিলম্বের পর ঢাকার উদ্দেশে স্টেশন ছাড়ে ওই বিশেষ ট্রেনটি।
মঙ্গলবার (৫ আগস্ট) সকাল সোয়া ৭টার দিকে বিশেষ ট্রেন যাত্রা উপযোগী নয় দাবি করে স্টেশনের এক নম্বর প্লাটফর্মের রেলপথে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে যোগ দিতে আগ্রহীরা। বিশেষ ট্রেন পছন্দ না হওয়ায় তারা রাজশাহী রেল স্টেশনে রাজশাহী থেকে ঢাকাগামী সিল্কসিটি ট্রেনটি আটকে দেন।
আন্দোলনের মুখে জুলাই যোদ্ধাদের ঢাকাগামী বিশেষ ট্রেন ৭টা ২০ মিনিটের পরিবর্তে ৮টা ১৩ মিনিটে ছেড়ে যায়। সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন ৭টা ৪০ মিনিটে ছাড়ার কথা থাকলেও আন্দোলনের মুখে ছেড়ে যায় ৮টা ২৫ মিনিটে।
রাজশাহী, পাবনা, ঈশ্বরদী, টাঙ্গাইল, সিরাজগঞ্জ স্টেশন থেকে শিক্ষার্থীদের নিয়ে ঢাকা পৌঁছানোর কথা রয়েছে ওই বিশেষ ট্রেনটির।
আরও পড়ুন: অধিকাংশ খালি আসন নিয়েই ফরিদপুর ছাড়ল স্পেশাল ট্রেন
আন্দোলনকারীদের ভাষ্য, বিশেষ ট্রেন হিসেবে বরাদ্দ দেওয়া কোচ ও ইঞ্জিন অনেক পুরনো ও লোকাল মানের। এতে গাদাগাদি করে বসার মতো পরিবেশ তৈরি হয়। দ্রুতগতিতে ঢাকায় পৌঁছানো সম্ভব নয় বুঝতে পেরে তারা ভালো মানের ট্রেনের দাবিতে রেলপথে অবস্থান নেন।
এরপর একপক্ষ রেল বিভাগের বরাদ্দ দেওয়া বিশেষ ট্রেনে চড়ে ঢাকা রওনা দেন। অন্যপক্ষ সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনে ঢাকা রওনা হন।
এ বিষয়ে রাজশাহী স্টেশন ম্যানেজার শহিদুল ইসলাম বলেন, ‘বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়। যে ট্রেন বরাদ্দ দেওয়া হয়েছে সেগুলো যথেষ্ট মানসম্মত। বিষয়টি ভুল বোঝাবুঝি ছিল।’
২১৩ দিন আগে
নাটোরে চাঁদার টাকা নিতে গিয়ে ভুয়া এনএসআই কর্মকর্তা আটক
নাটোরের গুরুদাসপুরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) কর্মকর্তা পরিচয়ে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করার সময় নাজমুল হাসান নামে এক যুবককে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আটকের পর তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।
রবিবার (৪ আগস্ট) রাত ৯টার দিকে এনএসআই, সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে উপজেলা মডেল মসজিদের সামনে থেকে নাজমুল হোসেনকে আটক করা হয়।
নাজমুল গুরুদাসপুর পৌরসভার খামারনাচকৈড় মহল্লার বাসিন্দা।
পুলিশ জানায়, নাজমুল হোসেন নিজেকে এনএসআইয়ের মাঠ কর্মকর্তা পরিচয় দিয়ে সম্প্রতি গুরুদাসপুর উপজেলা খাদ্যগুদাম কর্মকর্তার কার্যালয়ে ফোন দেন।
এ বিষয়ে জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের প্রধান সহকারী জুলহাস উদ্দিন অভিযোগ করে বলেন, নাজমুল নিজেকে এনএসআইয়ের মাঠ কর্মকর্তা পরিচয় দিয়ে দুদকের ভুয়া চিঠি তৈরি করেন। এরপর গত তিন দিন ধরে গুরুদাসপুর খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলামের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা না দিলে খাদ্যগুদামে আগুন লাগিয়ে দেওয়ার হুমকিও দেন।
আরও পড়ুন: কুষ্টিয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ‘সংঘবদ্ধ ধর্ষণ’, আটক ৫
ঘটনাটি জেলা ও উপজেলা খাদ্য কর্মকর্তারা জেলা প্রশাসকের কাছে জানালে, জেলা প্রশাসক খোঁজ নিয়ে দুদকের ওই চিঠিকে সম্পূর্ণ ভুয়া বলে নিশ্চিত করেন।
এরপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় নাজমুলকে আটকের পরিকল্পনা করে এনএসআই। পরে রবিবার রাতে তাকে চাঁদার টাকা নেওয়ার জন্য মডেল মসজিদের সামনে আসতে বলা হয়। ভুয়া এনএসআই কর্মকর্তা নাজমুল টাকা নিতে এলে সেখানে আত্মগোপনে থাকা সেনাবাহিনী, এনএসআই ও পুলিশ সদস্যরা তাকে হাতেনাতে আটক করেন।
জিজ্ঞাসাবাদে আটক নাজমুল নিজেকে প্রকৌশলী বলে দাবি করেন। তিনি জানান, এই প্রথম এমন কাজে জড়িয়েছিলেন তিনি। পরে নাজমুলকে পুলিশের কাছে হস্তান্তর করা হয় বলে নিশ্চিত করেন জেলা খাদ্য নিয়ন্ত্রক রেজাউল হক খন্দকার।
২১৪ দিন আগে