সিলেট
জাল প্রবেশপত্র নিয়ে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে গিয়ে পরীক্ষার্থী ধরা
সিলেটে জাল প্রবেশপত্রে এইচএসসি পরীক্ষা দিতে গিয়ে এক পরীক্ষার্থী আটক হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ জুন) সিলেট সরকারি কলেজ কেন্দ্রে এই ঘটনা ঘটে।
কলেজ কর্তৃপক্ষ জানায়, আজ সিলেট সরকারি কলেজে এইচএসসি পরীক্ষা শুরুর দিন পরীক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশের সময় দেখা যায়, দুজনের একই প্রবেশপত্র। দুজনই সিলেট মদনমোহন কলেজের পরীক্ষার্থী।
বিষয়টি টের পাওয়ার পর কেন্দ্র কর্তৃপক্ষ সিলেট শিক্ষা বোর্ড ও মদনমোহন কলেজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে জানতে পারেন, মোছা. তাহমিনা আক্তার নামের পরীক্ষার্থীর প্রবেশপত্রটি জাল। পরে আসল প্রবেশপত্রটি নিয়ে আসা ফয়জিয়া আক্তার নামের অপর পরীক্ষার্থীকে কেন্দ্রে প্রবেশের অনুমতি দিয়ে তাহমিনাকে আটক করে রাখা হয়।
এ সময় জিজ্ঞাসাবাদে তাহিমানা জানান, পরীক্ষার ফি প্রদানের নির্ধারিত সময় শেষ হয়ে যাওয়ায় তার ভাই এক দালালের কাছে টাকা জমা দেন এবং ওই দালাল একটি প্রবেশপত্র তাদের সরবরাহ করেন। কিন্তু আজ কেন্দ্রে এসে জানতে পারেন এটি জাল।
অভিযুক্ত পরীক্ষার্থী জানান, তার ভাই বর্তমানে অসুস্থ, হাসপাতালে ভর্তি। তাই তিনি কেন্দ্রে আসতে পারবেন না। বিপাকে পড়া শিক্ষার্থী এ সময় কেঁদেও ফেলেন।
আরও পড়ুন: হবিগঞ্জে নিয়োগ পরীক্ষাকেন্দ্র থেকে ভুয়া পরীক্ষার্থী আটক, কারাদণ্ড
সিলেট সরকারি কলেজের অধ্যক্ষ এ জেড এম মাঈনুল হোসেন বলেন, ‘জাল প্রবেশপত্র তৈরির বিষয়ে ওই পরীক্ষার্থী বা তার ভাইয়ের হাত থাকলে আমাদের উচিৎ তাদের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া। কিন্তু পরীক্ষার্থী শিক্ষার্থী হওয়ায় এখানে মানবিকতারও একটি বিষয় আছে। তাই তাকে পরিবারের জিম্মায় দিয়ে দেওয়া হবে।’
তবে তারা যদি প্রতারণার শিকার হয়ে থাকেন, তাহলে যে দালালের মাধ্যমে এটি করিয়েছেন, তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে পারেন বলেও জানান তিনি।
২৫৩ দিন আগে
সিলেটে তুলে নিয়ে প্রাইভেটকারে গৃহ পরিচারিকাকে ধর্ষণের অভিযোগ
সিলেটে এক গৃহ পরিচারিকাকে প্রাইভেটকারে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। ওই ঘটনায় ধর্ষণকারীর সঙ্গে জড়িত অপর এক নারী সহযোগিসহ চার জনের নামে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) দক্ষিণ সুরমা থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
রবিবার (২২ জুন) রাতে অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন এসএমপির দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।
তিনি জানান, ২১ জুন রাতে চারজনকে অভিযুক্ত করে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ওই নারী।
অভিযুক্তরা হলেন— সিলেটের বিশ্বনাথ উপজেলার নভাগ কামালবাজার গ্রামের বাসিন্দা। একই গ্রামের মতিউর রহমান নাজমুল, ফাহিম, কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর মাহমুদা বেগম।
পুলিশ সূত্রে জানা যায়, সুনামগঞ্জের হতদরিদ্র পরিবারের পাঁচ সন্তানের জননী ওই নারী। স্বামী পঙ্গু হওয়ার কারণে মাহমুদার সঙ্গে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার একই বাসায় গৃহ পরিচারিকার কাজ করতেন তিনি।
গত বুধবার (১৮ জুন) কাজ শেষে ভাড়া বাসায় ফেরার পথে অন্য একটি বাসায় কাজের কথা বলে মাহমুদা অপর তিন ব্যক্তির সঙ্গে ভুক্তভোগী নারীকে তুলে দেন প্রাইভেট কারে।
পুলিশ আরও জানায়, প্রাইভেটকারের ভেতরই ওই নারীকে আপক্তিকর প্রস্তাবসহ তার শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে জোর-পূর্বক কয়েক দফা শ্লীলতাহানী ঘটায় ওই তিন আরোহী। প্রায় ঘণ্টা খানেক প্রাইভেটকার চালিয়ে দক্ষিণ সুরমা উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাথরুমের পাশে ওই নারীকে জোরপূর্বক নামানো হয়।
আরও পড়ুন: শাবিপ্রবি ছাত্রীকে ধর্ষণের ঘটনায় তদন্ত কমিটি গঠন
এরপর, দুই সহযোগীকে পাহারায় রেখে আবু সালমান ওরফে আবুল ওই নারীকে হত্যার ভয় দেখিয়ে ধর্ষণ করেন।
এক পর্যায়ে পাহারায় থাকা অপর দুজন ফের ধর্ষণের চেষ্টা করলে ওই নারী কান্নাকাটি, চিৎকার শুরু করলে নারীকে বিদ্যালয়ের বাথরুমের পাশে ফেলে রেখে আবু সালমান ওরফে আবুল তার সহযোগীদের নিয়ে চলে যান।
পরে বাসায় ফিরে পরিবারের লোকজন ও স্থানীয় লোকজনকে ধর্ষণের ঘটনাটি অবহিত করেন ভুক্তভোগী নারী।
এরপর, শুক্রবার (২০ জুন) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ান স্টপ ক্রাইসিজ সেন্টারে চিকিৎসার জন্য তাকে ভর্তি করান পরিবারের লোকজন।
চিকিৎসা গ্রহণ ও ডাক্তারি পরীক্ষা-নিরীক্ষার পর শনিবার হাসপাতাল থেকে ছাড়পত্র দিলে ওই দিনই থানায় অভিযোগ করেন ওই নারী।
ওসি মিজানুর রহমান জানান, অভিযোগে একাধিক ব্যক্তির নাম থাকায় তদন্তে সম্পৃক্ততা পেলে পরবর্তীতে থানায় মামলা রুজু করা হবে।
২৫৬ দিন আগে
দাফনের আগে জানা গেল ‘মৃত ব্যক্তি’ জীবিত
সিলেটে এক ব্যক্তিকে দাফনের আগমুহূর্তে জানা গেছে যে তিনি জীবিত; হাসপাতাল থেকে যে লাশ নিয়ে আসা হয়েছে সেটি তার নয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
রবিবার (২২ জুন) সকালে সিলেটের জকিগঞ্জ উপজেলার ৬ নম্বর সুলতানপুর ইউনিয়নের ব্রাহ্মণগ্রাম (এতিছানগর) গ্রামে এ ঘটনা ঘটে।
যে ব্যাক্তির দাফন নিয়ে এ ঘটনা ঘটেছে তার নাম সাবু আহমদ। তিনি জকিগঞ্জ জেলার বাসিন্দা।
পরিবার সূত্রে জানা যায়, শনিবার (২১ জুন) রাতে ফেসবুকে ছবি দেখে সাবুর ছোট ভাই বাবুল আহমদ জানতে পারেন, তার ভাইয়ের লাশ জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। এরপর ভাইয়ের লাশ মনে করে অজ্ঞাতনামা ওই লাশ বাড়িতে নিয়ে আসেন বাবুল। এরপর তিনি লাশের দাফন ও কবর খোড়ার ঠিক আগমুহূর্তে জানতে পারেন সাবু জীবিত আছেন।
বাবুল বলেন, আমার বড় ভাই সাবু একজন মানসিক রোগী। গত এক সপ্তাহ ধরে তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে রাতে (শনিবার) ফেসবুকে ছবি দেখে মনে হয়েছিল সে মারা গেছে। তাই আমরা হাসপাতালে গিয়ে লাশটি নিয়ে এসে দাফনের প্রস্তুতি নিচ্ছিলাম।ৎ
আরও পড়ুন: মৌলভীবাজারে ট্রেনের নিচে কাটা পড়ে যুবক নিহত
তিনি বলেন, তবে শনিবার দিবাগত গভীর রাতে আমাদের এক পরিচিতজন জানান, আমার ভাই বেঁচে আছেন এবং স্থানীয় গঙ্গাজল বাজারে আছেন।
তিনি আরও জানান, ভাই জীবিত আছেন জানতে পেরে তিনি হাসপাতালে ওই লাশটি ফেরত দিতে চান। তবে জকিগঞ্জ জামায়াতে ইসলামীর যুব বিভাগের নেতা মিজানুর রহমানের অনুরোধে সেটি দাফনের জন্য নিয়ে আসেন।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন, ‘একজন অজ্ঞাত-পরিচয়ের লোক চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা গেছেন। পুলিশ আইনানুগ ব্যবস্থা নেওয়ার আগেই ওই ব্যক্তির পরিচয় শনাক্ত করে তাকে নিয়ে যাওয়া হয়েছে।
তিনি আরও বলেন, বাড়িতে নিয়ে লাশের দাফন-কাফন ও কবর খোঁড়ার ঠিক আগমুহূর্তে মৃত সাবু আহমদ জীবিত আছেন বলে আমরা শুনেছি।
এদিকে, জানাজার ইমাম মাওলানা জালাল উদ্দিন জানান, রবিবার বেলা ১১টার দিকে স্থানীয় এতিছানগর জামে মসজিদে জানাজা শেষে বাবুর বাজার-সংলগ্ন কবরস্থানে লাশটি দাফন করা হয়েছে।
আরও পড়ুন: সিলেটে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
তিনি আরও বলেন, ‘আমি থানার ওসি সাহেবের সঙ্গে কথা বলে মানবিক দিক বিবেচনা করে লাশের জানাজা পড়াই এবং দাফনের জন্য বলি।’
এ বিষয়ে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শেখ মো. আব্দুল আহাদ বলেন, ‘অজ্ঞাত পরিচয়ে চিকিৎসাধীন ওই ব্যক্তি মৃত্যুবরণ করার পর আমরা নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় লাশ সিলেটে পাঠানোর উদ্যোগ নেই। ঠিক তখনই তার ভাই ও আত্মীয়স্বজন পরিচয়ে লোকজন এসে লাশটি নিয়ে যান। এখন শুনছি ওই ব্যক্তি নাকি তাদের কেউ নন।’
২৫৬ দিন আগে
হবিগঞ্জে নিয়োগ পরীক্ষাকেন্দ্র থেকে ভুয়া পরীক্ষার্থী আটক, কারাদণ্ড
ভুয়া পরিচয়ে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করার দায়ে হবিগঞ্জে প্রণব চন্দ্র দেব নামে এক যুবককে আটক করা হয়েছে।
শুক্রবার (২০ জুন) হবিগঞ্জ শহরের বিয়াম ল্যাবরেটরি স্কুল কেন্দ্রে এ ঘটনাটি ঘটে।
আটক প্রনব চন্দ্র দেব বানিয়াচং উপজেলার যাত্রাপাশা গ্রামের বাসিন্দা।
আরও পড়ুন: সাভারে এসএসসি পরীক্ষায় অনিয়মের দায়ে কেন্দ্র সচিবসহ ৭ শিক্ষক বহিষ্কার
জানা গেছে, জেলা প্রশাসকের কার্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষায় নির্ধারিত পরীক্ষার্থীর পরিবর্তে ভুয়া পরিচয়ে অংশগ্রহণ করেন প্রণব। এ সময় তাকে হাতেনাতে আটক করা হয়।
এরপর ভ্রামম্যাণ আদালতের মাধ্যমে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরীক্ষা সুষ্ঠু ও স্বচ্ছ রাখতে এমন জালিয়াতির বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।
২৫৯ দিন আগে
জাফলংয়ে উপদেষ্টাদের গাড়ি আটকে বিক্ষোভ, যুবদল নেতাসহ ১৫৯ জনের বিরুদ্ধে মামলা
সিলেটের জাফলংয়ে দুই উপদেষ্টার গাড়িবহরে গতিরোধ ও বিক্ষোভের ঘটনায় সদ্য বহিষ্কৃত যুবদল নেতা জাহিদ খানকে প্রধান আসামি করে ১৫৯ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। এদের মধ্যে ৯ জনের নাম উল্লেখ করা হয়েছে, বাকিদের অজ্ঞাতনামা হিসেবে মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
রবিবার (১৫ জুন) রাতে গোয়াইনঘাট থানার উপপরিদর্শক ওবায়দুল্লাহ বাদি হয়ে মামলাটি করেছেন বলে জানানো হয়েছে।
এ বিষয়ে সিলেটের পুলিশ সুপার মাহবুবুর রহমান বলেন, ঘটনার পর বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তদের শনাক্তে কিছুটা সময় লেগেছে। ইতোমধ্যে পুলিশ অভিযানে নেমেছে বলেও জানান তিনি।
এ ছাড়া, গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদ জানান, অভিযুক্তদের বিরুদ্ধে বেআইনিভাবে সংঘবদ্ধ হয়ে সরকারি কাজে বাধা দেওয়া ও অবরোধ সৃষ্টি করার অভিযোগ আনা হয়েছে।
আরও পড়ুন: আজও সচিবালয়ে বিক্ষোভ, দুই উপদেষ্টাকে স্মারকলিপি দিল আন্দোলনকারীরা
তিনি আরও বলেন, ‘সদ্য বহিষ্কৃত যুবদল নেতা জাহিদ খানকে মামলার প্রধান আসামি করা হয়েছে, দ্বিতীয় আসামি হিসেবে রয়েছেন ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ও আজির উদ্দিন। এ ছাড়াও মামলায় আরও সাতজনের নাম উল্লেখ রয়েছে।’
গত শনিবার (১৪ জুন) জাহিদ খান ও আজিরের নেতৃত্বে জাফলংয়ে বিক্ষোভের ঘটনা ঘটে। এতে বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের গাড়িবহরের গতিরোধ করা হয়। ঘটনার প্রায় ৩০ ঘণ্টা পর এ মামলা দায়ের করে পুলিশ।
২৬৪ দিন আগে
মৌলভীবাজারে ট্রেনের নিচে কাটা পড়ে যুবক নিহত
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটমুখী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে শাহিন মিয়া (৩০) নামে যুবক নিহত হয়েছেন।
বুধবার (১১ জুন) সন্ধ্যায় উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে এ ঘটনা ঘটে। নিহত শাহিন মিয়া কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের আধকানী গ্রামের বাজিদ মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ‘ঢাকা থেকে ছেড়ে আসা জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন লাউয়াছড়া উদ্যান অতিক্রম করার সময় হঠাৎ ওই যুবক রেললাইনের ওপর চলে আসেন। এ সময় তিনি ট্রেনের নিচে কাটা পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
আরও পড়ুন: ঘুমের মধ্যেই কুড়ালের আঘাতে প্রাণ গেল ব্যবসায়ীর
শাহিনের লাশের সঙ্গে থাকা রাসেল মিয়া বলেন, ‘শাহিন লাউয়াছড়ায় ঘুরতে এসে ট্রেনের নিচে পড়ে গুরুতর আহত হয়। সে সময় অন্যদের সঙ্গেও আমিও তাকে হাসপাতালে নিয়ে যাই। কিন্তু পথেই শাহিনের মৃত্যু হয়।’
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) (তদন্ত) শামীম আকনজি বলেন, ‘ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠিয়েছি। কিভাবে তিনি রেল লাইনে চলে আসেন, সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’
২৬৭ দিন আগে
জাফলংয়ে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং পর্যটনকেন্দ্রে পানিতে ডুবে এক পর্যটকের মৃত্যু হয়েছে। বুধবার (১১ জুন) দুপুর ২টার দিকে জাফলং জিরোপয়েন্ট এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত পর্যটক মাহি (১৫) চট্টগ্রামের বায়োজিদ থানাধীন আমতৈল শহীদপাড়া এলাকার জামিল আহমদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ২টার দিকে জাফলং জিরো পয়েন্ট এলাকায় একজন পর্যটক পানিতে নেমে গোসল করছিলেন। এসময় পানির নিচে অচেতন অবস্থায় এক কিশোরকে দেখতে পান। পরে পর্যটক ও স্থানীয় স্বেচ্ছাসেবকরা মৃত অবস্থায় তাকে পানি থেকে তুলেন।
আরও পড়ুন: সিলেটের সাদাপাথরে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু
মাহি তার বন্ধুদের সঙ্গে চট্টগ্রাম থেকে সিলেটের জাফলংয়ে বেড়াতে এসেছিলেন।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার মোহাম্মদ তোফায়েল আহমেদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি বলেন দুপুর ২টার দিকে জাফলং জিরোপয়েন্টে পানি থেকে এক পর্যটকের লাশ উদ্ধার করা হয়েছে। তার বাড়ি চট্টগ্রামে। লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে।
২৬৮ দিন আগে
সিলেটে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
সিলেটের গোলাপগঞ্জে জুবের আহমদ নামের এক যুবকের ঝুলন্ত রাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৯ জুন) রাত ১১টার দিকে উপজেলার লক্ষিপাশা ইউনিয়নের দক্ষিণ ঘোষগাও গ্রাম থেকে এ লাশটি উদ্ধার করা হয়।
নিহত জুবের আহমদ (৩৫) ওই গ্রামের মৃত মুজাহিদ আলীর ছেলে। তিনি পেশায় একজন পিকআপ ভ্যান চালক ছিলেন এবং প্রায় দেড় মাস আগে বিয়ে করেছিলেন।
স্থানীয়রা জানান, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পরিবারের সদস্যরা জুবের আহমদের ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। সন্দেহ হলে তারা ঘরের তীর বেয়ে উপরে উঠে দেখেন, তিনি সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলে আছেন।
আরও পড়ুন: খুবি ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
তাৎক্ষণিকভাবে বিষয়টি গোলাপগঞ্জ মডেল থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে লাশটি ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান মোল্যা।
তিনি বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
২৬৯ দিন আগে
সিলেটে প্রতিবন্ধী তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ২
সিলেট মহানগরীর দক্ষিণ সুরমার কদমতলি এলাকার একটি আবাসিক হোটেলে প্রতিবন্ধী এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ। ঈদের দিন (৭ জুন) রাতে কদমতলি এলাকার যমুনা মার্কেটের ডায়মন্ড আবাসিক হোটেলে এই ঘটনা ঘটে বলে জানানো হয়েছে।
রবিবার (৮ জুন) দুপুরে এ ঘটনায় হোটেলের ম্যানেজার ও নাইট গার্ডকে আটক করা হয়।
আটকরা হলেন—হোটেলের ম্যানেজার লুৎফুর রহমান (৪৫) ও নাইট গার্ড খিজির আহমদ (৩৫)।
আরও পড়ুন: ছেলেকে খুঁজতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার গৃহবধূ, গ্রেপ্তার ২
এ বিষয়ে কদমতলি পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সুমন চক্রবর্তী বলেন, ‘প্রতিবন্ধী ওই তরুণীকে কদমতলি এলাকায় একা পেয়ে তাকে ডায়মন্ড হোটেলে নিয়ে যাওয়া হয়। পরে হোটেলের ম্যানেজারসহ পাঁচজন তাকে ধর্ষণ করেন। খবর পেয়ে আমরা অভিযান চালিয়ে ম্যানেজার ও নাইট গার্ডকে আটক করেছি।’
তিনি আরও বলেন, ‘ভিকটিম বর্তমানে ওসমানী হাসপাতালের ওসিসিতে চিকিৎসাধীন আছেন।’
বাকি অভিযুক্তদের ধরতেও অভিযান চলছে বলে জানান এসআই সুমন চক্রবর্তী।
২৭১ দিন আগে
সিলেটের আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার
ঈদের দিন সিলেট মহানগরীর একটি আবাসিক হোটেল থেকে নিরঞ্জণ দাস নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৭ জুন) সন্ধ্যায় নগরীর বন্দরবাজার এলাকার কুটি ভবনস্থ ‘তালহা রেস্ট হাউজ’ নামক আবাসিক হোটেল থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত নিরঞ্জণ দাস সিলেটের কানাইঘাট উপজেলার চতুল এলাকার বাসিন্দা।
আরও পড়ুন: কুষ্টিয়ায় নিজ ঘর থেকে ব্যবসায়ীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুর রহমান।
২৭১ দিন আগে