বৈদেশিক-সম্পর্ক
থাইল্যান্ড-কম্বোডিয়া যুদ্ধবিরতি: স্বাগত জানাল বাংলাদেশ
চারদিনের রক্তক্ষয়ী সংঘাতের পর থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে ঘোষিত যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ।
মঙ্গলবার (২৯ জুলাই) এক আনুষ্ঠানিক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, কোনো শর্ত ছাড়াই উভয় দেশ যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার এই পদক্ষেপকে ইতিবাচকভাবে দেখছে বাংলাদেশ।
বিবৃতিতে আরও বলা হয়, যুদ্ধবিরতির ক্ষেত্রে আসিয়ান চেয়ার মালয়েশিয়ার মধ্যস্থতা ও সর্বোচ্চ রাজনৈতিক স্তরে আলোচনাকে বাংলাদেশ গভীরভাবে প্রশংসা করছে। পাশাপাশি থাইল্যান্ড-কম্বোডিয়া শান্তি প্রতিষ্ঠায় অবদান রাখা অন্যান্য বন্ধুপ্রতিম দেশগুলোকেও ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ।
আরও পড়ুন: অবশেষে নিঃশর্ত যুদ্ধবিরতিতে সম্মত থাইল্যান্ড-কম্বোডিয়া
থাইল্যান্ড এবং কম্বোডিয়া সংলাপ ও কূটনৈতিক পথে শতবর্ষের পুরোনো সীমান্ত বিরোধের শান্তিপূর্ণ সমাধান করবে বলে আশা ব্যক্ত করা হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই বিবৃতিতে।
একইসঙ্গে, সীমান্ত অঞ্চলের সাধারণ জনগণের জীবন ও জীবিকাকে স্থিতিশীল রাখতে দুই দেশ যথাযথ পদক্ষেপ নেবে বলে প্রত্যাশা করে ঢাকা।
শত বছরের বেশি পুরোনো সীমান্ত বিরোধের জেরে গত বৃহস্পতিবার শুরু হয় থাইল্যান্ড-কম্বোডিয়া সংঘাত। সংঘাত চলাকালে থাইল্যান্ড ও কম্বোডিয়ায় নিহত হয়েছেন অন্তত ৩৬ জন।
২২০ দিন আগে
যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক আলোচনায় ইতিবাচক ফল প্রত্যাশা করছে সরকার: শফিকুল আলম
বাংলাদেশি রপ্তানি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত বাড়তি শুল্ক হ্রাসে মার্কিন বাণিজ্য প্রতিনিধির (ইউএসটিআর) সঙ্গে তৃতীয় দফার আলোচনায় বাংলাদেশ সরকার ইতিবাচক ফল প্রত্যাশা করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
সোমবার (২৮ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফিংকালে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ কথা জানান।
শফিকুল আলম জানান, অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ স্টেট গেস্ট হাউস যমুনায় ঢাকাস্থ মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে বৈঠক করেন।
বৈঠকে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ শুল্ক আলোচনা, সন্ত্রাসবিরোধী উদ্যোগ, নির্বাচন প্রস্তুতি এবং জাতীয় ঐকমত্য কমিশনের চলমান সংলাপসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয় বলে জানান প্রেস সচিব।
তিনি জানান, আগামীকাল মঙ্গলবার (২৯ জুলাই) ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে তৃতীয় দফার শুল্ক আলোচনা শুরু হচ্ছে। এ লক্ষ্যে বাংলাদেশ প্রতিনিধি দল আজ রাতেই যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দিচ্ছে।
পড়ুন: বাংলাদেশে জঙ্গিবাদের কোনো স্থান নেই: প্রধান উপদেষ্টা
শফিকুল জানান, আলোচনার ইতিবাচক ফলাফলের ব্যাপারে সরকার আশাবাদী।
তিনি বলেন, সরকারের এই প্রতিনিধিদলের সঙ্গে একটি ব্যবসায়ী দলও যুক্ত থাকছে, যদিও তারা সরাসরি আলোচনায় অংশ নেবে না।বৈঠকে জঙ্গিবিরোধী লড়াইকে প্রধান অগ্রাধিকার হিসেবে তুলে ধরেন প্রধান উপদেষ্টা।
শফিকুল বলেন, ‘প্রধান উপদেষ্টা পরিষ্কারভাবে জানিয়েছেন, তার সরকার সন্ত্রাস ও জঙ্গিবাদের বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। কোনো অবস্থাতেই জঙ্গিবাদ বা উগ্রপন্থাকে বরদাস্ত করা হবে না।’
প্রেস সচিব আরও জানান, যুক্তরাষ্ট্রে এই তৃতীয় দফার আলোচনা ২৯ ও ৩০ জুলাই অনুষ্ঠিত হবে এবং ১ আগস্টের আগে একটি ইতিবাচক সমঝোতায় পৌঁছানোর আশা করছে সরকার।
২২১ দিন আগে
ঢাকায় যুদ্ধবিমান বিধ্বস্ত: আলজেরিয়ার রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক
রাজধানী ঢাকায় সামরিক বিমান যুদ্ধবিমান বিধ্বস্তের বহু প্রাণহানি ও আহতের ঘটনায় গভীর শোক ও সংহতি প্রকাশ করেছে আলজেরিয়া।
সোমবার (২৮ জুলাই) ঢাকাস্থ আলজেরিয়ান দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানায়, আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেলমাজিদ তেববুনে ও প্রধানমন্ত্রী নাদির লারবাউই বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে গভীর সমবেদনা জানিয়েছেন।
শোকবার্তায় আলজেরিয়ার দুই নেতা নিহতদের স্বজনদের প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। একইসঙ্গে এই জাতীয় শোকের সময়ে বাংলাদেশ সরকারের ও জনগণের প্রতি সংহতি জানিয়েছেন তারা।
প্রেসিডেন্ট তেববুনে ও প্রধানমন্ত্রী লারবাউই বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যকার দীর্ঘস্থায়ী বন্ধুত্বের সম্পর্কের কথা স্মরণ করিয়ে দেন এবং এই বিপর্যয় কাটিয়ে ওঠার জন্য বাংলাদেশের জনগণের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
২২১ দিন আগে
জুলাইয়ের বর্ষপূর্তি উপলক্ষে মঙ্গলবার জাতিসংঘের স্মরণানুষ্ঠান
২০২৪ সালের জুলাইয়ে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ‘স্মরণ ও সংলাপ’ শীর্ষক একটি অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছে জাতিসংঘের মানবাধিকার মিশন।
মঙ্গলবার (৩০ জুলাই) বিকেলে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠেয় এ অধিবেশনে সভাপতিত্ব করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস।
সোমবার (২৮ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ আয়োজনে অংশ নেবেন দেশের জ্যেষ্ঠ রাজনৈতিক নেতা, নাগরিক সমাজের প্রতিনিধি, তরুণ প্রতিনিধি ও আন্তর্জাতিক অংশীদাররা।
প্রধান উপদেষ্টার অনুরোধে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের কার্যালয় (ওএইচসিএইচআর) ২০২৪ সালের জুলাই-আগস্টের ঘটনাবলি নিয়ে একটি স্বাধীন তথ্য-উদ্ধার মিশন পরিচালনা করে।
২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি প্রকাশিত ওই প্রতিবেদনে ঘটনাগুলোর বিস্তৃত অনুসন্ধান তুলে ধরা হয় এবং এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে গুরুত্বপূর্ণ সুপারিশ উপস্থাপন করা হয়।
২২১ দিন আগে
আইকনিক মসজিদ নির্মাণে ২৪৪ কোটি টাকা দেবে সৌদি সরকার
আইকনিক মসজিদ নির্মাণে ২৪৪ কোটি টাকা দেবে সৌদি সরকার। আটটি আইকনিক মসজিদ নির্মাণে সৌদি সরকারের রাজকীয় অনুদান থেকে এ অর্থ দেওয়া হবে। রবিবার (২৭ জুলাই) সচিবালয়ে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎকালে সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহ এ তথ্য জানান।
ধর্ম উপদেষ্টা জানান, সৌদি অর্থায়নে আইকনিক মসজিদ নির্মাণের কাজ যত দ্রুত সম্ভব শুরু করা হবে। এরই মধ্যে কয়েকটি বিভাগ থেকে মসজিদ নির্মাণের জন্য জমির প্রস্তাব পাওয়া গেছে। বাকিগুলোর বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করা হচ্ছে।
‘বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক অত্যন্ত নিবিড় ও বন্ধুত্বপূর্ণ। বর্তমানে এ দেশের প্রায় ৩২ লাখ লোক সৌদি প্রবাসী। তারা রেমিট্যান্স পাঠিয়ে দেশের উন্নয়নে বিশেষ অবদান রাখছে,’ যোগ করেন তিনি।
একইভাবে সৌদি সরকারের ভিশন–২০৩০ বাস্তবায়নে সেদেশে কর্মরত বাংলাদেশিরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন, আগামীতে দু’দেশের মধ্যকার সম্পর্ক আরও দৃঢ় হবে বলে উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করেন।
এ বছর অত্যন্ত সুন্দর ও সাবলীল হজ ব্যবস্থাপনার জন্য ধর্ম উপদেষ্টা সৌদি সরকার ও সে দেশের হজ ও ওমরাহ মন্ত্রণালয়কে ধন্যবাদ জানান। একই সঙ্গে তিনি আগামী বছরের হজ ব্যবস্থাপনার ক্ষেত্রে কিছু বিষয়ে সৌদি সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।
মিনা, আরাফা ও মুজদালিফায় শৌচাগারের সংখ্যা বৃদ্ধি, নিরবিচ্ছিন্ন পানি ও বিদ্যুৎ সরবরাহ এবং মিনার তাঁবুতে বিছানার আকার বাড়ানোর অনুরোধ জানান উপদেষ্টা।
রাষ্ট্রদূত এসব প্রস্তাবের বিষয়ে তার দেশের সরকার এবং হজ ও ওমরাহ মন্ত্রণালয়কে অবহিত করার আশ্বাস দেন। এছাড়া, তিনি বাংলাদেশের উন্নয়নে সৌদি সরকারের সহযোগিতা আরও বৃদ্ধিতে ভূমিকা রাখার প্রতিশ্রুতি দেন।
সাক্ষাৎকালে তারা দু’দেশের মধ্যকার বিদ্যমান সম্পর্ক আগামীতে আরও মজবুত ও সুসংহত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এছাড়া হজযাত্রীদের লাগেজ পরিবহনে আরএফআইডি ট্যাগ সংযোজন, ঢাকায় অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট স্থাপনসহ দু’দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।
এ সময় ধর্ম সচিব একেএম আফতাব হোসেন প্রামানিক ও হজ অনুবিভাগের যুগ্ম সচিব ড. মো. মঞ্জুরুল হক উপস্থিত ছিলেন।
২২২ দিন আগে
মাইলস্টোন ট্র্যাজেডি: বিদেশি চিকিৎসক দলের প্রতি ড. ইউনূসের কৃতজ্ঞতা
সিঙ্গাপুর, চীন ও ভারত থেকে আগত ২১ সদস্যের চিকিৎসক ও নার্সের একটি প্রতিনিধিদল রবিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময়ে দ্রুত সাড়া দিয়ে মানবিক সহায়তা প্রদানের জন্য চিকিৎসক ও নার্সদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।
এই আন্তর্জাতিক মেডিকেল টিম মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সাম্প্রতিক বিমান দুর্ঘটনায় আহতদের বিশেষায়িত চিকিৎসা সেবা দিতে ঢাকায় অবস্থান করছে।
জাতীয় সংকটের সময়ে তাদের পেশাদারিত্ব, সহানুভূতি ও সংহতির প্রশংসা করে প্রধান উপদেষ্টা জরুরি স্বাস্থ্যসেবায় আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।
‘এই চিকিৎসক দল শুধু দক্ষতা নিয়ে আসেননি, তাদের হৃদয়ও সঙ্গে এনেছেন,’ বলেন অধ্যাপক ইউনূস। ‘তাদের উপস্থিতি আমাদের অভিন্ন মানবিকতা ও দুঃসময়ে বৈশ্বিক অংশীদারিত্বের মূল্য নতুন করে স্মরণ করিয়ে দেয়’।
এই আন্তর্জাতিক টিম স্থানীয় চিকিৎসকদের সঙ্গে যৌথভাবে দিনরাত পরিশ্রম করে আহতদের— বিশেষ করে শিশুদের— জরুরি চিকিৎসা ও ট্রমা কেয়ার নিশ্চিত করছেন।
প্রধান উপদেষ্টা বিদেশি টিমগুলোর দ্রুত আগমনে কূটনৈতিক সমন্বয়ের ভূয়সী প্রশংসা করেন এবং তাদের মিশনে সরকারের সর্বাত্মক সহায়তার আশ্বাস দেন।
তিনি এই চিকিৎসকদের বাংলাদেশে দীর্ঘমেয়াদে ভার্চুয়ালি সংযুক্ত থাকার অনুরোধ করেন, যেন মেডিকেল শিক্ষায় বিনিময়, প্রতিষ্ঠানিক সহযোগিতা এবং উদ্ভাবন ও সক্ষমতা বৃদ্ধিতে অব্যাহত অংশগ্রহণ বজায় থাকে।
পড়ুন: সৌদি আরবকে বাংলাদেশে উৎপাদন খাত গড়ার প্রস্তাব দিয়েছেন প্রধান উপদেষ্টা
তিনি বলেন, এ ধরনের অংশীদারিত্ব জনস্বাস্থ্য এবং জরুরি প্রস্তুতির ক্ষেত্রে দীর্ঘমেয়াদি সহযোগিতার ভিত্তি গড়ে তুলতে পারে।
স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম এই দুঃসময়ে সহায়তার জন্য বিদেশি চিকিৎসকদের ধন্যবাদ জানান।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক সৈয়দুর রহমান জানান, ‘বিদেশি চিকিৎসকরা দ্রুত সাড়া না দিলে অনেক জীবন রক্ষা করা যেত না।’
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের (এনআইবিপিএস) পরিচালক অধ্যাপক ডা. মো. নাসির উদ্দিন বলেন, ‘এটি আবারও প্রমাণ করলো— চিকিৎসকরা সত্যিকার অর্থে সীমান্তহীন।’
সাক্ষাতে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং সিঙ্গাপুরের রাষ্ট্রদূতও উপস্থিত ছিলেন।
ভারতীয় মেডিকেল টিম জানায়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশনায় তারা বাংলাদেশে এসেছেন এবং দুর্ঘটনায় আহতদের দ্রুত পুনর্বাসনে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত রয়েছেন।
ভারতীয় মেডিকেল দলের প্রধান চিকিৎসক বলেন, ‘বাংলাদেশে চিকিৎসা সরঞ্জাম কিংবা পুনর্বাসনে যেকোনো প্রয়োজনে ভারত সহায়তা দিতে প্রস্তুত। যেকোনো গুরুতর রোগীর চিকিৎসার প্রয়োজন হলে ভারতে দ্রুত তা নিশ্চিত করা সম্ভব।’
ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়, এনআইবিপিএস-এর ব্যবস্থাপনা ও প্রটোকল পদ্ধতিতে ভারতীয় চিকিৎসকরা সন্তুষ্ট।
২২২ দিন আগে
সৌদি আরবকে বাংলাদেশে উৎপাদন খাত গড়ার প্রস্তাব দিয়েছেন প্রধান উপদেষ্টা
বাংলাদেশে উৎপাদন খাত স্থাপনের জন্য সৌদি আরবকে বিবেচনা করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, সাশ্রয়ী শ্রমবাজার এবং প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে সৌদি আরব লাভবান হতে পারে বলে তিনি মন্তব্য করেন।
তিনি সৌদি আরবকে বাংলাদেশের জ্বালানি খাত—বিশেষ করে তেল শোধনাগার—স্বাস্থ্যসেবা, স্বাস্থ্যশিক্ষা এবং ওষুধ শিল্পে বিনিয়োগের আহ্বান জানান।
রবিবার (২৭ জুলাই) নবনিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফের বিন আবিয়া প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে স্টেট গেস্ট হাউস ‘যমুনা’য় গেলে এই আলোচনা হয়।
এ সময় রাষ্ট্রদূত সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী কর্তৃক প্রেরিত আমন্ত্রণপত্র হস্তান্তর করেন। ওই আমন্ত্রণে আগামী অক্টোবর মাসে রিয়াদে অনুষ্ঠিতব্য ৯ম ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ ফোরামে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে বলে প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছেন।
প্রধান উপদেষ্টা বাংলাদেশ-সৌদি কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে সৌদি যুবরাজের বাংলাদেশ সফরের জন্য তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পড়ুন: বাংলাদেশের প্রধান খাতগুলোতে বিনিয়োগে আগ্রহী চীনা ব্যবসায়ীরা: বিডা
তিনি রাষ্ট্রদূতকে বাংলাদেশে দায়িত্ব পালনের জন্য শুভেচ্ছা জানান এবং আশাবাদ ব্যক্ত করে বলেন, তার সময়ে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর হবে। একইসঙ্গে তার (রাষ্ট্রদূত) দায়িত্বকালে সৌদি দূতাবাসকে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
দীর্ঘদিনের সম্পর্কের কথা উল্লেখ করে তিনি বলেন, দুই দেশের মধ্যে বিভিন্ন খাতে সহযোগিতা বাড়িয়ে সম্পর্ক আরও সম্প্রসারণ করা সম্ভব।
জবাবে সৌদি রাষ্ট্রদূত বাংলাদেশ ও সৌদি আরবের গভীর সম্পর্কের কথা পুনর্ব্যক্ত করেন এবং জানান, সৌদি বিনিয়োগকারী প্রতিষ্ঠান ‘রেড সি গেটওয়ে টার্মিনাল’ চট্টগ্রামের পতেঙ্গা কনটেইনার টার্মিনাল ও মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরে কাজ করছে।
তিনি আরও জানান, বাংলাদেশে একটি আরবি ভাষা ইনস্টিটিউট এবং ৮টি শহরে ৮টি মসজিদ নির্মাণে সৌদি সরকার ২ কোটি মার্কিন ডলার বরাদ্দ দিয়েছে।
সাক্ষাৎকালে অধ্যাপক ইউনূস রাষ্ট্রদূতের হাতে জুলাই ২০২৪ সালের গ্রাফিতি সংগ্রহ উপহার হিসেবে তুলে দেন।
এ সময় সিনিয়র সচিব ও এসডিজি বিষয়ক প্রধান সমন্বয়কারী লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।
২২২ দিন আগে
বাংলাদেশের প্রধান খাতগুলোতে বিনিয়োগে আগ্রহী চীনা ব্যবসায়ীরা: বিডা
বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতগুলোতে বিনিয়োগে চীনা ব্যবসায়ীদের ব্যাপক আগ্রহ দেখা গেছে বলে জানিয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। চিহ্নিত খাতগুলোর মধ্যে রয়েছে, নবায়নযোগ্য জ্বালানি, তৈরি পোশাক (আরএমজি), স্বাস্থ্যসেবা ও কনজ্যুমার ইলেকট্রনিকস।
চীনের সাংহাই ও গুয়াংজুতে ২০ থেকে ২৬ জুলাই পর্যন্ত বাংলাদেশের প্রতিনিধি দলের সঙ্গে অনুষ্ঠিত একাধিক দ্বিপাক্ষিক বৈঠকে এই আগ্রহ প্রকাশ করেন চীনা বিনিয়োগকারীরা।
বিডা ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এই প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। ২১ জুলাই সাংহাইয়ে বাংলাদেশ দূতাবাস ও বিডার যৌথ আয়োজনে একটি বিনিয়োগ সেমিনারে শতাধিক চীনা বিনিয়োগকারী অংশ নেন।
সেমিনারে হান্ডা ইন্ডাস্ট্রিজ ও নিউ টাইগার এনার্জি নামে দুটি চীনা কোম্পানি বাংলাদেশে তাদের বিনিয়োগ অভিজ্ঞতা তুলে ধরে এবং বিনিয়োগের সম্ভাবনা নিয়ে মতামত দেয়।বিনিয়োগ সেমিনারের পাশাপাশি বাংলাদেশ প্রতিনিধি দল ২৫টিরও বেশি দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেয়।
আশিক চৌধুরী বলেন, ‘চীনা কোম্পানিগুলোর ইতিবাচক সাড়া আমাদের উৎসাহিত করেছে।’
পড়ুন: শুল্ক নিয়ে আলোচনায় সোমবার যুক্তরাষ্ট্র যাচ্ছেন বাণিজ্য উপদেষ্টা
তিনি জানান, এসব আলোচনায় বাংলাদেশে সাম্প্রতিক নীতিগত অগ্রগতি—বিশেষ করে মুদ্রা স্থিতিশীলতা ও বিনিয়োগ প্রক্রিয়া সহজীকরণ—তুলে ধরা হয়। এ বিষয়ে চীনা বিনিয়োগকারীদের প্রতিক্রিয়াও ছিল ইতিবাচক।
বিডা ও বেজার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সিটিব্যাংক এনএ, ইবিএল, এইচএসবিসি এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের প্রতিনিধিরাও সফরে ছিলেন। চীনের শীর্ষ ব্যবসায়িক সংগঠন ও প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের সঙ্গেও ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আলোচনা হয়।
এছাড়া, পূর্ব এশিয়ায় বিনিয়োগকারীদের সেবা নিশ্চিত করতে বিডার প্রথম বিদেশি অফিস স্থাপন নিয়েও প্রাথমিক আলোচনা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
২২২ দিন আগে
বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় পূর্ণ সহায়তার প্রস্তাব চীনের চিকিৎসক দলের
সম্প্রতি রাজধানীর উত্তরার দিয়া বাড়িতে বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসায় বাংলাদেশকে পূর্ণ সহায়তা দেওয়ার প্রস্তাব দিয়েছে চীনের চিকিৎসক দল।
বর্তমানে বাংলাদেশ সফররত উহান থার্ড হাসপাতালের চীনা চিকিৎসক দল বাংলাদেশ ইনস্টিটিউট অ বার্নস অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে তাদের কাজ অব্যাহত রেখেছে।
এছাড়া দগ্ধ আহতদের চিকিৎসায় বাংলাদেশি পক্ষকে সহযোগিতা ও সহায়তা করার জন্য চীনা পক্ষ জোর দিয়েছে।
পড়ুন: মাইলস্টোনের আহতদের পাশে চীনা মেডিকেল টিম
শনিবার (২৬ জুলাই) ঢাকায় অবস্থিত চীনা দূতাবাস জানিয়েছে, চিকিৎসক ও নার্সরা ক্ষত সংক্রমণ প্রতিরোধ এবং আহতদের নিয়মিত চিকিৎসার পদ্ধতি সম্পর্কে বাংলাদেশি চিকিৎসকদের পরামর্শ দিয়েছেন।
দূতাবাস জানিয়েছে, তারা রোগীদের অবস্থা পরীক্ষা ও ক্ষত পরিষ্কারে সহায়তা করেছেন। এছাড়া রোগীদের ড্রেসিং পরিবর্তন করেছেন। ধমনীতে ছিদ্র করতে সহায়তা করেছেন এবং অস্ত্রোপচারের জন্য দিকনির্দেশনা দিয়েছেন।
চীনের চিকিৎসক দল সিঙ্গাপুর ও ভারতের চিকিৎসক দল এবং বাংলাদেশি চিকিৎসকদের সঙ্গেও পরামর্শ করেছে।
২২৩ দিন আগে
নেপালে আদালতের কোনো রায় সম্পর্কে জানে না ইউএস-বাংলা
নেপালের একটি সংবাদমাধ্যমে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিরুদ্ধে আদালতের রায় হয়েছে বলে প্রকাশিত প্রতিবেদন সম্পর্কে কোনো আনুষ্ঠানিক তথ্য বা আদালতের রায়ের অনুলিপি পায়নি সংস্থাটি।
শনিবার (২৬ জুলাই) এক বিবৃতিতে ইউএস-বাংলা এয়ারলাইন্স জানিয়েছে, আদৌ এমন কোনো রায় হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে তাদের আইন বিভাগ বিষয়টি গুরুত্বের সঙ্গে যাচাই করছে।
বিবৃতিতে আরও বলা হয়, যদি এ ধরনের কোনো রায় দিয়ে থাকে আদালত, তাহলে সেটি আইনগতভাবে বিশ্লেষণ করে যথাসময়ে গণমাধ্যম ও সংশ্লিষ্ট পক্ষকে অবহিত করা হবে।
আদালতের নির্ভরযোগ্য তথ্য বা অনুলিপি ছাড়া এ বিষয়ে আন্তর্জাতিক কোনো সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রচার না করার আহ্বান জানিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।
২২৩ দিন আগে