বৈদেশিক-সম্পর্ক
মাইলস্টোনের আহতদের পাশে চীনা মেডিকেল টিম
বাংলাদেশের আহতদের চিকিৎসায় পূর্ণ সহায়তার আশ্বাস দিয়েছে ঢাকায় সফররত চীনের উহান থার্ড হাসপাতালের একটি মেডিকেল টিম।
শনিবার (২৬ জুলাই) চীনা দূতাবাস জানায়, বাংলাদেশ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে কাজ চালিয়ে যাচ্ছে দলটি। আহতদের চিকিৎসায় যা যা প্রয়োজন, তার সবকিছুই করতে চায় তারা।
বাংলাদেশি চিকিৎসকদের সঙ্গে আলাপ করে দলটি ক্ষতস্থানে সংক্রমণ রোধ এবং আহতদের নিয়মিত যত্ন নেওয়ার পদ্ধতি নিয়ে পরামর্শ দিয়েছে।
আরও পড়ুন: দগ্ধদের চিকিৎসা সহায়তা দিতে ভারতীয় মেডিকেল টিম ঢাকায়
তারা আহতদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ, ক্ষতস্থান পরিষ্কার, ড্রেসিং পরিবর্তন, ধমনীতে পাংচার এবং অস্ত্রোপচারে সহায়তা প্রদানসহ নানা কাজে অংশ নেন।
এ ছাড়া, সিঙ্গাপুর ও ভারতের চিকিৎসকদের সঙ্গেও বাংলাদেশের চিকিৎসকদের যৌথ পরামর্শে অংশ নেয় চীনা মেডিকেল দলটি।
২২৩ দিন আগে
মাইলস্টোনের নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে লন্ডনে অবস্থিত একাধিক বিদেশি মিশন
উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় বহু শিশুর প্রাণহানির ঘটনায় লন্ডনে অবস্থিত বিভিন্ন কূটনৈতিক মিশন গভীর শোক ও সমবেদনা জানিয়েছে।
দুর্ঘটনায় নিহতদের শ্রদ্ধা জানাতে এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা ও সংহতি প্রকাশের অংশ হিসেবে ২৩ ও ২৪ জুলাই বাংলাদেশ হাইকমিশনে একটি শোকবই খোলা হয়।
বাংলাদেশ হাইকমিশন জানায়, যেসব দেশ আনুষ্ঠানিকভাবে শোকবার্তা পাঠিয়েছে তার মধ্যে রয়েছে— সৌদি আরব, তুরস্ক, কাতার, ভারত, পাকিস্তান, ব্রাজিল, স্পেন, শ্রীলঙ্কা, মাল্টা, হন্ডুরাস, পোল্যান্ড, হাঙ্গেরি, ত্রিনিদাদ ও টোবাগো, গুয়েতেমালা, গ্রিস, মেক্সিকো, আজারবাইজান, কলম্বিয়া, ঘানা, বাহরাইন, মালদ্বীপ, টোগো এবং আলজেরিয়া।
এ ছাড়া কমনওয়েলথের ডেপুটি সেক্রেটারি-জেনারেল এবং ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপও শোক প্রকাশ করেছে।
দূতাবাসগুলো নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বাংলাদেশের সরকার ও জনগণের পাশে থাকার বার্তা দিয়েছে।
এই গভীর শোকের সময়ে যেসব দেশ ও সংস্থা তাদের সমবেদনা ও সহায়তা জানিয়েছে, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে বাংলাদেশ হাইকমিশন।
২২৪ দিন আগে
ঢাকা সবসময় দিল্লির সঙ্গে ভালো কর্মসম্পর্ক চায়: পররাষ্ট্র উপদেষ্টা
বাংলাদেশে ভারতের মেডিকেল টিমের উপস্থিতিকে ইতিবাচকভাবে গ্রহণ করা হয়েছে উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, অন্তর্বর্তী সরকার সর্বদা পারস্পরিক শ্রদ্ধা ও সম্মানের ভিত্তিতে ভারতের সঙ্গে ভালো কর্মসম্পর্ক চায়।
তিনি বলেন, ‘আমরা সবসময় চেয়েছিলাম যে... প্রথম দিন থেকেই আমরা বলেছিলাম, আমরা পারস্পরিক শ্রদ্ধা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে ভারতের সঙ্গে ভালো কর্মসম্পর্ক চাই। আমাদের অবস্থান অপরিবর্তিত রয়েছে।’
বৃহস্পতিবার (২৪ জুলাই) ঢাকায় সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘আমরা অন্তর্বর্তী সরকারের কেউই কখনও বলেনি আমরা ভারতের সঙ্গে ভালো সম্পর্ক চাই না।’
বাংলাদেশে ভারতীয় মেডিকেল টিমের উপস্থিতি দুই প্রতিবেশীর মধ্যে উন্নত সম্পর্কের জন্য ইতিবাচক সূচক হিসেবে দেখছেন কিনা এমন প্রশ্নের উত্তরে পররাষ্ট্র উপদেষ্টা এই মন্তব্য করেন।
বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসার জন্য ভারত থেকে প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা নিয়ে বুধবার রাতে ঢাকায় পৌঁছেছেন একটি চিকিৎসক দল।
এই বিশেষায়িত দলে রয়েছেন রাম মনোহর লোহিয়া হাসপাতাল এবং দিল্লির সফদরজং হাসপাতালের চিকিৎসক এবং নার্সরা। পোড়া ও প্লাস্টিক সার্জারি চিকিৎসায় ভারতের শীর্ষস্থানে রয়েছে হাসপাতাল দুটি।
পড়ুন: দগ্ধদের চিকিৎসা সহায়তা দিতে ভারতীয় মেডিকেল টিম ঢাকায়
বৃহস্পতিবার সকাল থেকে তারা এই রোগীদের চিকিৎসার জন্য একটি নির্ধারিত হাসপাতালে তাদের কাজ শুরু করেছেন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই দুর্ঘটনার পর বাংলাদেশকে সম্ভাব্য সকল সহায়তা ও সহযোগিতা দেওয়ার আশ্বাস দেওয়ার পর তারা বাংলাদেশে আসেন।
তারা রোগীদের অবস্থা মূল্যায়ন করছেন এবং প্রয়োজনে ভারতে আরও চিকিৎসা এবং বিশেষায়িত সেবার জন্য সুপারিশ করছেন।
প্রাথমিক মূল্যায়ন এবং চিকিৎসার উপর নির্ভর করে অতিরিক্ত মেডিকেল টিমও পাঠানো হতে পারে।
২১ জুলাই ঢাকায় মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শোক প্রকাশ করেছেন এবং সহযোগিতা ও সহায়তার আশ্বাস দিয়েছেন।
এর আগে, ঢাকায় ভারতীয় হাইকমিশন আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সরকারকে চিঠি দিয়ে এই মর্মান্তিক ঘটনায় আহতদের জন্য ভারতের পক্ষ থেকে প্রয়োজনীয় যেকোনো জরুরি চিকিৎসা সহায়তার ব্যবস্থা করার জন্য তথ্য জানাতে অনুরোধ করেছে।
মঙ্গলবার ভারতীয় হাইকমিশন জানিয়েছে, তারা প্রয়োজনীয় সকল সহযোগিতা দেবেন।
মাইলস্টোন স্কুল বিমান দুর্ঘটনায় ভারতের প্রধানমন্ত্রীর শোক প্রকাশ ও সম্ভাব্য সকল সহায়তা দেওয়ার বার্তার ধারাবাহিকতায় এই বার্তাটি পাঠানো হয়েছে।
গত সোমবার এক বার্তায় ভারতের প্রধানমন্ত্রী মোদি বলেন, ‘ভারত বাংলাদেশের সঙ্গে সংহতি প্রকাশ করে এবং সকল প্রকার সহায়তা দিতে প্রস্তুত।’
২২৫ দিন আগে
আইওএম’র সহযোগিতায় তিউনিশিয়া থেকে দেশে ফিরলেন ১৯ বাংলাদেশি
আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম)সহযোগিতায় তিউনিশিয়া থেকে দেশে ফিরেছেন ১৯ বাংলাদেশি। তারা দেশটিতে অবৈধভাবে বসবাস করছিলেন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ৮টা ৪০ মিনিটে ইকে-৫৮২ ফ্লাইটে তাদের দেশে ফিরিয়ে আনা হয় বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
মন্ত্রণালয় জানায়, প্রত্যাবাসিত বাংলাদেশিদের বেশিরভাগই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপের যাওয়ার পথে মানবপাচারকারীদের ফাঁদে পড়ে তিউনিশিয়ায় অনুপ্রবেশ করেন। তাদের অনেকে তিউনিশিয়াতে বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছিলেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা প্রত্যাবাসিতদের বিমানবন্দরে অভ্যর্থনা জানান এবং তাদের মতো অবৈধভাবে এই ভয়ংকর পথ পাড়ি দিয়ে আর যেন কেউ তিউনিশিয়াতে না যায়, সে বিষয়ে সবাইকে সচেতন হতে তাদের এই অমানবিক অভিজ্ঞতা সকলের সঙ্গে বিনিময় করার অনুরোধ জানান।
এসময় আন্তর্জাতিক অভিবাসন সংস্থার পক্ষ থেকে প্রত্যাবাসন হওয়া প্রত্যেককে ছয় হাজার টাকা, কিছু খাদ্যসমগ্রী উপহার, চিকিৎসা এবং প্রয়োজনে অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা হয়।
তিউনিশিয়ায় বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশি নাগরিকদের নিরাপদে প্রত্যাবাসনের ব্যবস্থা করতে পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আর্ন্তজাতিক অভিবাসন সংস্থা একসঙ্গে কাজ করছে।
২২৫ দিন আগে
শুল্ক বিষয়ে যুক্তরাষ্ট্রের জবাবের অপেক্ষায় বাণিজ্য উপদেষ্টা
আরোপিত শুল্ক কমানোর বিষয়ে যুক্তরাষ্ট্রের কাছে লেখা চিঠির জবাব এবং দেশটিতে আবার সফরের আমন্ত্রণের অপেক্ষায় রয়েছেন বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। শুক্রবার (২৫ জুলাই) যুক্তরাষ্ট্রের বাণিজ্য দপ্তরের সঙ্গে বাংলাদেশের একটি অনলাইন মিটিং হবে বলেও জানিয়েছেন উপদেষ্টা।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা এ কথা জানান।
বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের আরোপ করা ৩৫ শতাংশ পাল্টা শুল্কহার কমিয়ে আনার ব্যাপারে দুই দফা আলোচনা হলেও এখনো কোনো অগ্রগতি হয়নি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৮ জুলাই প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে পাঠানো এক চিঠিতে আগামী ১ আগস্ট থেকে নতুন শুল্কহার কার্যকরের কথা জানান। নতুন করে এই শুল্ক কার্যকর হলে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানিতে গড় শুল্কহার ৫০ শতাংশে দাঁড়াবে।
আগামী ১ আগস্ট থেকে যুক্তরাষ্ট্রের শুল্ক কার্যকর হওয়ার কথা রয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার অগ্রগতি জানতে চাইলে বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘আমরা গত পরশু যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রীকে আমাদের করণীয় সম্পর্কে একটি পত্র দিয়েছি। বর্তমানে চিঠির জবাব এবং আমন্ত্রণের অপেক্ষায় আছি। জবাব এবং আমন্ত্রণ পেলে আমাদের নেগোশিয়েশন টিমসহ সবাই একত্রে যুক্তরাষ্ট্রে যাব।’
পড়ুন: বাংলাদেশি পণ্যে শুল্ক কমাতে পারে যুক্তরাষ্ট্র: অর্থ উপদেষ্টা
১ আগস্ট তো সামনে, এর মধ্যেই জবাব আসতে হবে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটি আমাদের জন্য যেমন প্রয়োজন, তেমন যুক্তরাষ্ট্রের জন্যও প্রয়োজন। এ বিষয়ে আমাদের কর্মকাণ্ডের কোনো স্থবিরতা নেই। আমাদের কর্মকাণ্ড যথেষ্ট গতিশীলতা নিয়ে আগাচ্ছে। আমরা আমাদের অবস্থানগুলো সঠিকভাবে তুলে ধরেছি। সক্ষমতার ভিত্তিতে আমাদের যা করণীয়, সেটা তুলে ধরেছি। এখন আমরা জবাবের অপেক্ষায় আছি। আমন্ত্রণ পেলেই চলে যাব।’
প্রত্যাশার বিষয়ে উপদেষ্টা বলেন, ‘আমরা ভালো কোনো কিছুর প্রত্যাশা করছি। ভালো কোনো কিছু করার ক্ষেত্রে যা করণীয়, সেগুলোই আমরা করছি।’
সর্বশেষ বৈঠকে কোনো ইঙ্গিত পেয়েছিলেন কিনা—এ প্রশ্নের উত্তরে বশিরউদ্দীন বলেন, ‘আমাদের কাছে মনে হয়েছে, হয়তো ভালো কিছুই হবে।’
লবিস্ট নিয়োগের বিষয়ে তিনি বলেন, ‘এটি ব্যবসায়ীদের এখতিয়ার। সরকার কোনো লবিস্ট নিয়োগ করেনি। আপনাদের একটা জিনিস বুঝতে হবে—যুক্তরাষ্ট্র ন্যাশনাল ইমারজেন্সি বিনিময়ে কাজটি করছে। এখানে যে কাঠামোর উপর ঘটনাটা ঘটছে, এই কাঠামোতে লবিস্টদের করার কোনো কিছু আছে কিনা, আমি ঠিক জানি না। আমাদের বিভিন্ন বিষয়ে পরিবর্তন আনতে হবে।’
তিনি জানান, এই পরিবর্তনগুলো বাংলাদেশ ছাড়া অন্য কেউ বুঝতে পারবে না। পরিবর্তনগুলোতে আন্তঃমন্ত্রণালয় সংশ্লিষ্ট অনেকগুলো আইনি প্রক্রিয়া আছে। এই আইনি প্রক্রিয়াগুলো একজন লবিস্টের পক্ষে বোঝা সম্ভব নয় বলে আমার ধারণা। আমরা সরকারের সব মন্ত্রণালয় একসঙ্গে কাজ করছি। গত ১৫ দিন ধরে এটি নিয়ে দিন-রাত কাজ হয়েছে।
শেখ বশিরউদ্দীন বলেন, ‘আমরা হয়তো আজ-কালকের মধ্যেই একটা অনলাইন মিটিংয়ের সিডিউল পাচ্ছি। অনলাইন মিটিংয়ের ভিত্তিতে আমরা আমাদের পরবর্তী কর্মকাণ্ড করব। কালই সম্ভবত মিটিংটি হবে।’
আগস্টের পরবর্তী সময়েও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলবে বলে জানান উপদেষ্টা।
২২৫ দিন আগে
দগ্ধদের চিকিৎসা সহায়তা দিতে ভারতীয় মেডিকেল টিম ঢাকায়
উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসা দিতে ভারত থেকে প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা নিয়ে ঢাকায় পৌঁছেছে পোড়া রোগীদের চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্সদের একটি দল। বুধবার (২৩ জুলাই) রাতে চিকিৎসক দলটি ঢাকায় পৌঁছায়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা ইউএনবিকে জানান, বিশেষায়িত দলে রয়েছেন রাম মনোহর লোহিয়া হাসপাতাল ও দিল্লির সফদরজং হাসপাতালের চিকিৎসক এবং নার্সরা। হাসপাতাল দুটি ভারতে পোড়া এবং প্লাস্টিক সার্জারি চিকিৎসকায় শীর্ষে রয়েছে।
মঙ্গলবার রাতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা রোগীদের অবস্থা মূল্যায়ন করবেন এবং প্রয়োজনে ভারতে আরও চিকিৎসা এবং বিশেষায়িত যত্নের জন্য সুপারিশ করবেন।
তাদের প্রাথমিক মূল্যায়ন ও চিকিৎসার উপর নির্ভর করে অতিরিক্ত মেডিকেল টিমও আনা হতে পারে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
গত ২১ জুলাই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঢাকায় মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং সহযোগিতা ও সহায়তার আশ্বাস দিয়েছেন।
এর আগে, ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সরকারকে চিঠি দিয়ে এই মর্মান্তিক ঘটনায় আহতদের জন্য ভারতের প্রয়োজনীয় যেকোনো জরুরি চিকিৎসা সহায়তার তথ্য জানতে চেয়েছে।
পড়ুন: উত্তরা বিমান দুর্ঘটনার আহতদের চিকিৎসায় সহায়তার প্রস্তাব ভারতের
মঙ্গলবার(২২ জুলাই) ভারতীয় হাইকমিশন বলেছে তারা সকল প্রকার সহায়তা দেবে।
মাইলস্টোন স্কুলের মর্মান্তিক বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ করে এবং সম্ভাব্য সকল সহায়তা ও দেওয়ার জন্য ভারতের প্রধানমন্ত্রীর বার্তার পরিপ্রেক্ষিতে যোগাযোগ করা হয়েছে।
সোমবার এক বার্তায় ভারতের প্রধানমন্ত্রী মোদি বলেন, ‘ভারত বাংলাদেশের প্রতি সংহতি প্রকাশ করে এবং সকল প্রকার সহযোগিতা ও সহায়তা দিতে প্রস্তুত।’
তিনি বলেন, ‘ঢাকায় এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীরভাবে মর্মাহত ও শোকাহত। শোকাহত পরিবারের প্রতি আমাদের হৃদয় বেদনার্ত।’
আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন মোদি।
২২৬ দিন আগে
বাংলাদেশি পণ্যে শুল্ক কমাতে পারে যুক্তরাষ্ট্র: অর্থ উপদেষ্টা
যুক্তরাষ্ট্রে রপ্তানি করা বাংলাদেশি পণ্যে দেশটি শুল্কহার কমাতে পারে বলে আশাবাদ প্রকাশ করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
এ বিষয়ে আলোচনা করতে বাণিজ্য উপদেষ্টাসহ একটি প্রতিনিধিদল আগামী ১ আগস্টের আগেই যুক্তরাষ্ট্রে যাবেন।
বুধবার (২৩ জুলাই) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, ‘শুল্কহার কমানোর বিষয়ে আমরা আশাবাদী। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি খুব কম, প্রায় সাড়ে ৬০০ থেকে ৭০০ কোটি মার্কিন ডলার।’
যুক্তরাষ্ট্র থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ পণ্য আমদানির পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, ‘আমরা কিছু জরুরি পণ্য আমদানি করব, তবে এখনই সেগুলোর নাম বলতে চাচ্ছি না।’
যুক্তরাষ্ট্র থেকে গম আমদানির সিদ্ধান্ত সম্পর্কে তিনি বলেন, ‘আমরা গম আমদানিকে ডাইভার্সিফাই (বৈচিত্র্যময়) করতে চাচ্ছি। কৃষ্ণসাগর ঘিরে সমস্যা তৈরি হওয়ায় রাশিয়া-ইউক্রেন অঞ্চল থেকে আমদানিতে অনিশ্চয়তা দেখা দিয়েছে।’
গমের দাম সম্পর্কে মন্তব্য অস্বীকৃতি জানিয়ে তিনি বলেন, ‘দাম কিছুটা বেশি হলেও যুক্তরাষ্ট্রের গমে প্রোটিনের মাত্রা সামান্য বেশি এবং পরিষ্কার।’
যুক্তরাষ্ট্র থেকে বেশি দামে গম আমদানির বিষয়টি স্বীকার করে উপদেষ্টা বলেন, ‘এতে আমরা কিছু সুবিধা পাবো এবং আলোচনা এগিয়ে নিতে কিছু আমদানি করতেই হবে।’
পড়ুন: ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত হলেন অধ্যাপক ড. এম জুবায়দুর
এই আমদানি বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কমাতেও সহায়তা করবে বলে জানান তিনি।
অর্থ উপদেষ্টা জানান, বাংলাদেশি পণ্যে শুল্কহার বৃদ্ধির সিদ্ধান্ত আগামী ১ আগস্ট থেকে কার্যকর হওয়ার আগে এবিষয়ে আলোচনা করতে বাণিজ্য উপদেষ্টা যুক্তরাষ্ট্র সফরে যাবেন এবং ইউএসটিআরের (যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি) সঙ্গে বৈঠক করবেন।
তিনি বলেন, ‘আমি নিজেও আমার চ্যানেলের মাধ্যমে যোগাযোগ চালিয়ে যাচ্ছি।’
এ পর্যায়ে লবিস্ট নিয়োগ কোনো ইতিবাচক ফল বয়ে আনবে না উল্লেখ করে তিনি বলেন, ‘লম্বা সময় নিয়ে কোনো আলোচনার ক্ষেত্রে এ ধরনের লবিস্ট নিয়োগ করা হয়। এখানে যা করতে হবে দ্রুত (কুইক) করতে হবে।’
ব্যবসায়ীদের আলোচনায় যুক্ত করার প্রশ্নে তিনি বলেন, ‘আমি ওয়ার্ল্ড ব্যাংক ও এডিবিতে নেগোশিয়েট করে এসেছি। ব্যবসায়ীরা তো আলোচনা দূরে থাক, গেট পর্যন্তও ঢুকতে পারবে না, পরে বাইরে হইচই করবে। ওই হইচইয়ে কাজ হবে না।
তবে যুক্তরাষ্ট্রের বেসরকারি খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বীকার করে ইতোমধ্যে ইউএস চেম্বারের সঙ্গে তিনি কথা বলেছেন বলে জানান উপদেষ্টা।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রে আমাদের ভালো ইমেজ আছে। সম্প্রতি আমরা যুক্তরাষ্ট্রের শেভরন, এক্সিলারেট এনার্জি, মেটলাইফের কতগুলো বকেয়া পরিশোধ করে দিয়েছি। বাংলাদেশের প্রতি ইতিবাচক মনোভাব পোষণ করে ইউএস চেম্বার আমাকে চিঠি লিখেছে।
গত ৭ জুলাই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে পাঠানো এক চিঠিতে বাংলাদেশের পণ্যে ৩৫ শতাংশ শুল্কারোপের ঘোষণা দেন।
চিঠিতে ট্রাম্প বলেন, ‘বাংলাদেশের সঙ্গে দীর্ঘস্থায়ী ও স্থায়ী বাণিজ্য ঘাটতির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
তিনি আরও লেখেন, ‘আমরা যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে বাংলাদেশের একটি ভারসাম্যপূর্ণ ও ন্যায্য অংশগ্রহণ চাই।’
তিন মাস আগে ঘোষিত শুল্ক হার থেকে ২ শতাংশ কমিয়ে ৩৫ শতাংশ করা হলেও এই হার বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী ভিয়েতনামের চেয়ে অনেক বেশি।
ভিয়েতনাম সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বাণিজ্য চুক্তি করেছে যার আওতায়, তারা ২০ শতাংশ শুল্কে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানি করতে পারবে।
২২৬ দিন আগে
বাংলাদেশের মানসম্মত উন্নয়নে সহযোগিতা বাড়াতে আগ্রহী চীন: রাষ্ট্রদূত ইয়াও
বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, বাংলাদেশের ভালোমানের উন্নতি অর্জনে সহায়তা করতে সামরিক বাহিনীসহ বাংলাদেশের সকল ক্ষেত্রে বিনিময় ও সহযোগিতা জোরদারে ইচ্ছুক চীন।
বাংলাদেশের ন্যাশনাল ডিফেন্স কলেজে দেওয়া বক্তব্যে তিনি বলেন, চীন একটি সমান ও সুশৃঙ্খল বহুপক্ষীয় বিশ্ব এবং একটি সর্বজনীনভাবে উপকারী ও অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক বিশ্বায়নের পক্ষে। বাংলাদেশসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ করতেও প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি আরও বলেন, ‘চীনের নীতিতে আধিপত্যবাদ, সম্প্রসারণ বা প্রভাবের ক্ষেত্রগুলোর কোনো স্থান নেই’। চীন একটি সাধারণ, ব্যাপক, সহযোগিতামূলক এবং টেকসই পদ্ধতির উপর জোর দেয় এমন একটি নিরাপত্তা ধারণা প্রতিষ্ঠার পক্ষে বলে উল্লেখ করেন রাষ্ট্রদূত ইয়াও।
পড়ুন: উত্তরায় বিমান দুর্ঘটনা: বহু হতাহতের ঘটনায় চীনের পররাষ্ট্রমন্ত্রীর শোক
রাষ্ট্রদূত ইয়াও গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ, গ্লোবাল সিকিউরিটি ইনিশিয়েটিভ ও গ্লোবাল সিভিলাইজেশন ইনিশিয়েটিভ (জিসিআই) এগিয়ে নেওয়ার এবং মানবজাতির জন্য একটি অভিন্ন ভবিষ্যতের একটি সম্প্রদায় গড়ে তোলার প্রচেষ্টা চালানোর উপর জোর দেন।
তিনি বলেন, চীন সবসময় বাংলাদেশের সকল জনগণের প্রতি সুপ্রতিবেশীসুলভ নীতি অনুসরণ করে আসছে এবং চীন-বাংলাদেশের উন্নত সম্পর্ককে দৃঢ়ভাবে এগিয়ে নিয়েছে।
এনডিসির ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট রিয়ার অ্যাডমিরাল একেএম জাকির হোসেন, বাংলাদেশি সশস্ত্র বাহিনীর ১০০ জনেরও বেশি কর্মকর্তা ও বিদেশি সামরিক বাহিনীর প্রতিনিধিরা এসময় উপস্থিত ছিলেন।
রাষ্ট্রদূত ইয়াও বলেন, ২০২৫ সাল একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। কারণ, জাপানি আগ্রাসনের বিরুদ্ধে চীনা জনগণের প্রতিরোধ যুদ্ধ এবং বিশ্ব ফ্যাসিবাদবিরোধী যুদ্ধের ৮০তম বর্ষ পূরণ হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
বক্তব্যের শেষে, রাষ্ট্রদূত ইয়াও বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজি, ব্রিকস ও রোহিঙ্গা ইস্যুতে দর্শকদের সঙ্গে আন্তরিকভাবে মতবিনিময় করেন।
২২৭ দিন আগে
উত্তরায় বিমান দুর্ঘটনা: বহু হতাহতের ঘটনায় চীনের পররাষ্ট্রমন্ত্রীর শোক
রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে সোমবারের বিমান বিধ্বস্তে বহু হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (২২ জুলাই) পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনকে লেখা এক বার্তায় তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ঢাকায় বাংলাদেশের সামরিক বিমান বিধ্বস্তে বহু হতাহতের খবর শুনে আমি মর্মাহত।’
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর(আইএসপিআর) জানিয়েছে, বিমান দুর্ঘনায় মঙ্গলবার পর্যন্ত নিহতের সংখ্যা ৩১ জনে দাঁড়িয়েছে।
পড়ুন: বৈদেশিক বিনিয়োগ প্রচারে চীনের উদ্দেশে উচ্চপর্যায়ের প্রতিনিধি দল
২২৭ দিন আগে
উত্তরা বিমান দুর্ঘটনার আহতদের চিকিৎসায় সহায়তার প্রস্তাব ভারতের
বিমান দুর্ঘটনায় আহতদের জন্য ভারতে যদি কোনো গুরুত্বপূর্ণ চিকিৎসা সহায়তার প্রয়োজন হয়, তা জানাতে আনুষ্ঠানিকভাবে এক চিঠিতে অন্তর্বর্তী সরকারকে অনুরোধ জানিয়েছে ঢাকায় ভারতীয় হাইকমিশন।
মঙ্গলবার (২২ জুলাই) হাইকমিশন জানায়, তারা প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে দেওয়া শোকবার্তার পর হাইকমিশন থেকে এই বার্তাটি এসেছে। মাইলস্টোন স্কুলে এন্ড কলেজে বিমান দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেন এবং সম্ভাব্য সব ধরনের সহায়তা ও সহযোগিতার আশ্বাস দেন নরেন্দ্র মোদি।
আরও পড়ুন: মাইলস্টোনে বিমান বিধ্বস্ত: আরও ৮ জনের মৃত্যু, চিকিৎসাধীন ৭৮
মোদি সোমবার বলেন, ‘বাংলাদেশের সঙ্গে একাত্মতা প্রকাশ করছি এবং সম্ভাব্য সব ধরনের সহায়তা ও সহযোগিতা দিতে প্রস্তুত।’
তিনি আরও বলেন, ‘ঢাকায় একটি মর্মান্তিক বিমান দুর্ঘটনায় বহু মানুষের প্রাণহানিতে—যাদের বেশিরভাগই কোমলমতি শিক্ষার্থী—গভীরভাবে মর্মাহত ও শোকাহত হয়েছি। শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমাদের হৃদয় থেকে সমবেদনা।’
মোদি বলেন, তারা আহতদের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছেন।
২২৭ দিন আগে