শিক্ষা
বেরোবিতে ছাত্র সংসদের দাবিতে চলমান অনশনে অসুস্থ ৪ শিক্ষার্থী
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ছাত্র সংসদ (ব্রাকসু) নির্বাচনের দাবিতে শিক্ষার্থীরা আমরণ অনশন শুরু করেছেন। কর্মসূচির ২৩ ঘণ্টা পেরোলে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন চারজন শিক্ষার্থী।
সোমবার (১৮ আগস্ট) সকালে ওই চার শিক্ষার্থীর অসুস্থ হয়ে পড়ার বিষয়টি নিশ্চিত করেছেন অনশনরত আরেক শিক্ষার্থী আশিকুর রহমান।তিনি জানান, রোববার (১৭ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে অসুস্থ হয়ে পড়েন ওই চার শিক্ষার্থী।
অসুস্থ শিক্ষার্থীরা হলেন— সমাজবিজ্ঞান বিভাগের ১৬তম ব্যাচের জাহিদ হাসান জয়, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ১৪তম ব্যাচের মাহিদুল ইসলাম মাহিদ, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১৪তম ব্যাচের রুম্মানুল ইসলাম রাজ এবং শিক্ষার্থী সুমন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন অসুস্থ শিক্ষার্থীদের অ্যাম্বুলেন্স করে হাসপাতাল নিয়ে যেতে চাইলে তারা অস্বীকৃতি জানান। ফলে সেখানেই তাদের স্যালাইন দিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে রুম্মানুল ইসলাম রাজ বর্তমানে কিছুটা সুস্থ আছেন বলে জানা গেছে।
আন্দোলনকারী শিক্ষার্থীরা জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ে দ্রুত ছাত্র সংসদ নির্বাচনের জন্য একটি সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা না হওয়া পর্যন্ত তাদের অনশন চলবে।
আরও পড়ুন: স্বাস্থ্যখাত সংস্কারের দাবি আদায়ে লাগাতার বরিশাল ব্লকেড কর্মসূচির ঘোষণা
তারা অভিযোগ করে বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ১৭ বছর পার হলেও এখনো একবারও ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়নি। এতে শিক্ষার্থীরা তাদের গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।’
বিশ্ববিদ্যালয় মেডিকেল সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের অনশনের সঙ্গে সংহতি জানিয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী এবং রেজিস্ট্রার ড. হারুন অর রশিদও আজ (সোমবার) সকালে কোনো কিছু না খেয়ে অবস্থান করায় প্রেসার বেড়ে অসুস্থ হয়ে পড়েন।
অনশনে অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন—জাহিদ হাসান জয়, শিবলী সাদিক, কায়সার, মাহীদ, আশিকুর রহমান, আরমান হোসেন, নয়ন মিয়া, আতিকুর রহমান এবং রুম্মানুল ইসলাম রাজ।
গতকাল (রোববার) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে শিক্ষার্থীরা আমরণ অনশন শুরু করেন। তাদের একমাত্র দাবি— ছাত্র সংসদ নির্বাচনের নির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা।
২০০ দিন আগে
জাবি ছাত্রদলের দোয়া মাহফিলে দুই গ্রুপের দফায় দফায় উত্তেজনা, হাতাহাতি
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ছাত্রদলের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে অংশগ্রহণ করতে কেন্দ্রীয় নেতাদের আগমনের পর ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে হাতাহাতি ও উত্যপ্ত বাক্য বিনিময়ের ঘটনা ঘটেছে।
রবিবার (১৭ আগস্ট) দুপুর ১২টায় ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা জাবাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় পৌঁছালে দুই গ্রুপের মধ্যে হাতাহাতি এবং উত্তেজনা দফায় দফায় ছড়িয়ে পড়ে।
শাখা ছাত্রদলের নেতাকর্মী ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার পর ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির, সিনিয়র সহসভাপতি আবু আফসান মোঃ ইয়াহিয়াসহ কেন্দ্রীয় নেতারা এবং জাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক ও সদস্য সচিবের অনুসারীরা জাবি কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার শিক্ষক লাউঞ্জে পৌঁছান।
এ সময় ছাত্রদলের অর্ধশতাধিক বিক্ষুব্ধ নেতাকর্মী (পদবঞ্চিত) বাইক শোডাউন করে ক্যাফেটেরিয়ায় প্রবেশ করেন এবং কেন্দ্রীয় নেতাদের সঙ্গে দেখা করতে চাইলে আহ্বায়ক ও সদস্য সচিবের অনুসারীরা তাদের বাধা দেন। এরপর দুই গ্রুপ উত্যপ্ত বাক্য বিনিময় ও বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।
পদবঞ্চিত নেতাকর্মীরা জাবি ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর ও সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনিকসহ শীর্ষ পাঁচ নেতার বিরুদ্ধে নানা ধরনের স্লোগান দেন। শীর্ষ পাঁচ নেতা তাদের অনুসারীদের সঙ্গে ক্যাফেটেরিয়ার নিচে অবস্থান নেন।
ছাত্রদলের একটি সূত্র জানায়, কেন্দ্রীয় নেতারা মূলত জাবি ছাত্রদলের দুই গ্রুপের অচলাবস্থা ও দ্বন্দ্ব নিরসনের জন্যই ক্যাম্পাসে আসেন। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলমের উপস্থিতিতে প্রক্টরিয়াল টিম পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।
এ সময় বিদ্রোহী নেতাকর্মীদের পক্ষে জাবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জুবায়ের আহমেদ বলেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দেশের জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। এখানে সবসময় হাঙ্গামা, আন্দোলন, মিছিল, মিটিং চলে। তাই এখানে অভিজ্ঞ ও ত্যাগী নেতাকর্মীদের প্রয়োজন। কিন্তু অযোগ্যদের পদায়ন ও স্বজনপ্রীতি করা হয়েছে যা বিপদজনক।’
তিনি আরও বলেন, ‘এত গুরুত্বপূর্ণ ইউনিটে ছাত্রলীগ, ছাত্রশিবির, বহিষ্কৃত, চাঁদাবাজ, ছিনতাইকারী ও ভ্রূণহত্যাকারীদের দিয়ে কমিটি দেওয়া হয়েছে, যা লজ্জার বিষয়।’ অবিলম্বে এই কমিটি বাতিল করে ত্যাগীদের মূল্যায়ন করতে হবে বলেও হুশিয়ারি দেন তিনি।
পড়ুন: জাবিতে আহ্বায়ক কমিটি বর্ধিতসহ অনুষদ ও হল কমিটি দিল ছাত্রদল
এরপর কেন্দ্রীয় নেতারা ক্যাফেটেরিয়ায় পদবঞ্চিত নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করেন এবং সমস্যা সমাধানের চেষ্টা করেন। কিছুক্ষণ পরই জাবির কেন্দ্রীয় মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা মসজিদের বাইরে অবস্থান নেন।
দোয়া মাহফিল শেষে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আবারও ক্যাফেটেরিয়ায় ফিরলে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পদবঞ্চিত নেতাকর্মীরা শাখার আহ্বায়ক ও সদস্য সচিবসহ বহিরাগতদের ক্যাম্পাস থেকে চলে যেতে বলেন এবং কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠকের জন্য সেক্রেটারি নাছির উদ্দীন নাছিরকে ক্যাফেটেরিয়ায় আসতে নির্দেশ দেন।
বহিরাগতরা ক্যাম্পাস ত্যাগ করলে কেন্দ্রীয় নেতারা জাবি ছাত্রদলের আহ্বায়ক ও সদস্য সচিবের সঙ্গে বৈঠক করতে শিক্ষক লাউঞ্জে প্রবেশ করেন।
ছাত্রদলের একাংশের নেতাকর্মীরা অভিযোগ করেন, ৮ আগস্ট জাবি ছাত্রদলের বর্ধিত আহ্বায়ক কমিটি ও হল কমিটি ঘোষণায় চিহ্নিত ছাত্রলীগ, ছাত্রশিবির, বহিষ্কৃত, ছিনতাইকারী, চাঁদাবাজ ও ভ্রূণহত্যাকারীদের স্থান দেওয়া হয়েছে। তাই তারা আহ্বায়ক ও সদস্য সচিবসহ শীর্ষ পাঁচ নেতাকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেছেন।
জাবি ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর বলেন, ‘যারা বিদ্রোহ করছে তাদের মধ্যে বহিষ্কৃত নেতাকর্মীরাও রয়েছে। এরা উদ্দেশ্যমূলকভাবে ছাত্রদলের ইমেজ নষ্ট করছে। নতুন কমিটি নিয়ে অভিযোগ থাকলে জানালে সমাধান করা হবে।’
কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির ইউএনবিকে বলেন, ‘ছাত্রদল একটি বৃহৎ সংগঠন। এত বড় কমিটি তৈরি করার সময় সবার চাহিদা পূরণ করা সম্ভব নয়। আমরা সবার সঙ্গে কথা বলছি এবং দ্রুতই ভালো সমাধান আশা করছি।’
২০১ দিন আগে
ঢাবি-সাত কলেজের সম্পর্কের আনুষ্ঠানিক সমাপ্তি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সঙ্গে সরকারি সাত কলেজের সব ধরনের অন্তর্ভুক্তি বাতিলের পর সব দায়িত্ব ও শিক্ষার্থীদের তথ্য প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, সরকারি সাত কলেজের সব প্রশাসনিক, একাডেমিক ও আর্থিক দায়-দায়িত্ব এবং ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু আবেদনকারী শিক্ষার্থীদের সব তথ্য, ছবি ও ভর্তি পরীক্ষা পরিচালনার বাবদ ফি আনুষ্ঠানিকভাবে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান আজ উপাচার্যের সভাকক্ষে এক অনুষ্ঠানে সব দায়িত্ব ও তথ্য প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অন্তর্বর্তীকালীন প্রশাসক অধ্যাপক এ কে এম ইলিয়াসের কাছে হস্তান্তর করেন।
এর মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সরকারি সাত কলেজের সম্মানজনক পৃথকীকরণের কাজ চূড়ান্তভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে ঢাবি প্রশাসন।
পড়ুন: ডাকসু নির্বাচনের মনোনয়ন সংগ্রহ শুরু আজ
দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুস সালাম, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদসহ অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক, সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তাগণ এবং কলেজের অধ্যক্ষগণ উপস্থিত ছিলেন।
উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সরকারি সাত কলেজের সম্মানজনক পৃথকীকরণ প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্টদের আন্তরিক ধন্যবাদ জানান। তিনি প্রস্তাবিত নতুন বিশ্ববিদ্যালয়ের সার্বিক সফলতা কামনা করেন।
২০৪ দিন আগে
আজ ডাকসু নির্বাচনের মনোনয়ন সংগ্রহ করেছেন ১৩ প্রার্থী, মোট ২০
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে আজ ১৩ জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছেন। এর মধ্যে ৩ জন প্রার্থী ভাইস প্রেসিডেন্ট (ভিপি) ও অন্যান্য পদে বাকি ১০ জন মনোনয়ন সংগ্রহ করেছেন।
বুধবার (১২ আগস্ট) বিকালে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের তৃতীয় তলায় চীফ রিটার্নিং অফিসারের কার্যালয়ের সামনে এক প্রেস ব্রিফিংয়ে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন এ তথ্য জানান।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, গতকাল প্রথম দিনে ডাকসু মনোনয়নপত্র নিয়েছে ৭ জন। যার মধ্যে দুই জন ভিপি পদের জন্য মনোনয়ন নিয়েছেন। আজ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ১৩ জন, যার মধ্যে ভিপি পদে ৩ জন।
পড়ুন: ডাকসু নির্বাচনের মনোনয়ন সংগ্রহ শুরু আজ
তিনি জানান, এখন পর্যন্ত ৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। সেইসাথে দুই দিনে হল সংসদ নির্বাচনের জন্য ১৮টি হল থেকে মোট ১৮টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার জানান, ডাকসুর সভাপতি ও কোষাধ্যক্ষ পদের বিষয়ে ছাত্র সংগঠনগুলোর উত্থাপিত আপত্তি গঠনতন্ত্রের নিয়ম অনুযায়ী নিষ্পত্তি করা হয়েছে। এ ক্ষেত্রে কমিশনের কোনো হস্তক্ষেপের সুযোগ নেই।
এ পর্যন্ত কোনো প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পাওয়া যায়নি বলেও জানান তিনি।
২০৫ দিন আগে
৫ দফা দাবিতে উপাচার্য বরাবর জবি ছাত্রদলের স্মারকলিপি
সম্পূরক বৃত্তি ও অস্থায়ী আবাসন নির্মাণসহ পাঁচ দফা দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা জাতীয়তাবাদী ছাত্রদল।
মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে উপাচার্যের কাছে স্মারকলিপি হস্তান্তরের পর বিশ্ববিদ্যালয়ের কাঁঠালতলা প্রাঙ্গণে সংবাদ সম্মেলন করেন শাখা সংগঠনের নেতাকর্মীরা।
লিখিত বক্তব্যে শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল অভিযোগ করেন, গত বছরের নভেম্বর মাসে বিশ্ববিদ্যালয় সংস্কারের জন্য উপাচার্যের কাছে ২১ দফা দাবি জমা দেওয়া হলেও এখন পর্যন্ত একটি দাবিও বাস্তবায়ন হয়নি।
তিনি বলেন, ‘আমাদের দাবিগুলো যদি দ্রুত পূরণ না হয়, তবে আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব। স্বৈরাচারের সহযোগী ছাত্রলীগের সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর বিচার না হলে জবির শিক্ষাঙ্গনে সুস্থ পরিবেশ ফিরবে না।’
সংবাদ সম্মেলনে শাখা ছাত্রদলের সদস্য সচিব সামসুল আরেফিন বলেন, ‘ফ্যাসিস্টের সহযোগী শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও ছাত্রলীগের যারা ফৌজদারি অপরাধে যুক্ত ছিলেন, তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে। অন্যথায় জকসুর সুষ্ঠু পরিবেশ নিশ্চিত হবে না। তাই দ্রুত সময়ের মধ্যে বিচার কার্য সম্পূর্ণ করে জকসু নির্বাচন প্রক্রিয়া তরান্বিত করতে হবে।’
দাবিগুলো হলো— অবিলম্বে আবাসিক ভাতা (সম্পূরক বৃত্তি) দেওয়া ও ১ জুলাই ২০২৫ থেকে কার্যকর করা,বিশ্ববিদ্যালয়ের সাত একর নিজস্ব জমিতে এক মাসের মধ্যে অস্থায়ী আবাসন নির্মাণ কাজ শুরু করে ছয় মাসের মধ্যে তা সম্পন্ন করা, পূর্বের স্মারকলিপির পরিপ্রেক্ষিতে তালিকাভুক্ত ছাত্রলীগের শিক্ষার্থী ও নতুন তালিকায় ‘ফ্যাসিবাদের দোসর’ হিসেবে উল্লেখিত ৬৮ শিক্ষক ও ২৩ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ,বিশ্ববিদ্যালয়ে অবৈধভাবে নিয়োগপ্রাপ্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এবং বিচারের পর স্বচ্ছ প্রক্রিয়ায় দ্রুত জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন সম্পন্ন করা।
২০৬ দিন আগে
ডাকসু নির্বাচনের মনোনয়ন সংগ্রহ শুরু আজ
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এবং হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ শুরু হয়েছে।
প্রার্থীরা ডাকসু নির্বাচনের মনোনয়ন সংগ্রহ ২ আগস্ট থেকে ১৮ আগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৯ আগস্ট বিকেল ৩টা।
প্রার্থীরা সশরীরে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের তৃতীয় তলায় অবস্থিত চিফ রিটার্নিং কর্মকর্তার অফিস থেকে মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিল করতে পারবেন। একই সময়ে হল সংসদের মনোনয়নপত্র প্রার্থীকে সংশ্লিষ্ট হল রিটার্নিং কর্মকর্তাদের কাছ থেকে সশরীরে সংগ্রহ ও দাখিল করতে হবে।
আরও পড়ুন: দীর্ঘ অপেক্ষার পর ডাকসুর তফসিল ঘোষণা, নির্বাচন ৯ সেপ্টেম্বর
ডাকসু ও হল সংসদ আচরণ বিধিমালা-২০২৫ অনুযায়ী, মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের সময় কোনো মিছিল বা শোভাযাত্রা করা যাবে না এবং পাঁচজনের বেশি সমর্থক নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ বা জমা দেওয়া যাবে না।
এদিকে, নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকায় বহিষ্কৃত ও মামলায় অভিযুক্ত কোনো শিক্ষার্থর্থীর নাম অন্তর্ভুক্ত থাকলে উপযুক্ত তথ্যপ্রমাণ পাওয়া সাপেক্ষে তার নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে বলে জানিয়েছেন চিফ রিটার্নিং কর্মকর্তা।
২০৬ দিন আগে
সেশনজট থেকে শিক্ষার্থীদের মুক্তি দেওয়ার আশ্বাস জবি উপাচার্যের
চলতি শিক্ষাবর্ষে অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের তুলনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা আগে পাঠদান কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ পেয়েছেন। এতে করে শিক্ষার্থীরা ক্রমান্বয়ে সেশনজট থেকে মুক্তি পাবেন বলে আশ্বাস দিয়েছেন জবির উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম।
সোমবার (১১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ একাডেমিক ভবনের ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের (২০তম ব্যাচ) শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আশ্বাস দেন তিনি।
উপাচার্য বলেন, ‘গত শিক্ষাবর্ষের তুলনায় এবার আমরা চার মাস আগে পাঠদান কার্যক্রম শুরু করেছি। আশা করছি, সেশনজট থেকে ক্রমান্বয়ে মুক্তি পাবে শিক্ষার্থীরা।’
আরও পড়ুন: জবির আইইআর ইনস্টিটিউটে র্যাগিং, ১০ দিন পেরোলেও গুরুত্বে নেয়নি পরিচালক
চলতি শিক্ষাবর্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের তুলনায় সর্বপ্রথম পাঠদান কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ পেয়েছেন জানিয়ে তিনি বলেন, এটি ভবিষ্যতে স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রামগুলো নির্ধারিত সময়ে শেষ করতে সহায়ক হবে।
এ সময় শিক্ষার্থীদের উদ্দেশে উপাচার্য বলেন, ‘সবকিছুর ঊর্ধ্বে একাডেমিক জীবনের গুরুত্ব দিতে হবে। আমরা ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের নানা সমস্যা চিহ্নিত করে সমাধানের পথে এগিয়ে যাচ্ছি। আগামীর সুন্দর একাডেমিক পরিবেশে তোমরা মেধাচর্চা করে সাফল্যের শীর্ষে পৌঁছাতে পারবে।’
বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন, ‘শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে কেবল ডিগ্রি বা সনদ অর্জনের লক্ষ্যেই সীমাবদ্ধ থাকা উচিত নয়। তাদের বক্তব্য ও চিন্তাধারার প্রকাশে শালীনতা ও মাধুর্য থাকতে হবে। সমালোচনার ভাষাও হতে হবে পরিমিত ও ভদ্র, কেননা পুরো দেশ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আচরণ ও বক্তব্য লক্ষ্য করে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. মিজানুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. মোশাররাফ হোসেন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন, স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মনিরুজ্জামান, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া, আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. মিরাজ হোসেন এবং মেন্টরসের পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য চৌধুরীসহ বিভাগের অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা।
২০৬ দিন আগে
বেরোবিতে পরীক্ষায় অংশ না নিয়েও পাস করলেন ছাত্রলীগের নেত্রী: ৭ মাসেও হয়নি তদন্ত
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও গণিত বিভাগের শিক্ষার্থী সুরাইয়া ইয়াসমিন ঐশী পরীক্ষায় অংশ না নিয়েই পাস করেছিলেন।
সেই সময় ঘটনার সত্যতা যাচাইয়ে গঠিত তিন সদস্যের তদন্ত কমিটি ৭ মাস পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত কোনো প্রতিবেদন জমা পড়েনি।
বিভিন্ন সূত্র থেকে জানা যায়, তদন্ত কমিটির সদস্যরা এ বিষয়ে এখন পর্যন্ত কোনো তদন্তই করেননি। গত বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত স্নাতকোত্তর প্রথম সেমিস্টারের মিডটার্ম পরীক্ষায় অংশ না নিয়েই পাস করেন সুরাইয়া ইয়াসমিন ঐশী, যিনি বেরোবি শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।
বিষয়টি জানাজানি হলে গত ২২ জানুয়ারি বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে। ঘটনার বিষয়ে জানতে চাইলে শুরুতে ঐশী ফোন রিসিভ করেননি।
পরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা হলে তিনি বলেন, পরীক্ষায় আমি অংশগ্রহণ করেছি। তবে কখন, কবে পরীক্ষা দিয়েছেন এ বিষয়ে কোনো সঠিক তথ্য দিতে পারেননি।
গত বছরের ১৬ জুলাই ছাত্রলীগের হামলায় নিহত আবু সাঈদের ঘটনার পর থেকে ঐশী আত্মগোপনে রয়েছেন।এই ঘটনায় বিশ্ববিদ্যালয়জুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিলে অভিযুক্ত শিক্ষক, গণিত বিভাগের অধ্যাপক ড. রুহুল আমিনকে বিশ্ববিদ্যালয়ের অর্থ দপ্তরের পরিচালক পদ থেকে অব্যাহতি দেয় প্রশাসন।
তদন্ত কমিটির সদস্য সচিব গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মো. আব্দুল হান্নান বলেন, আমরা কাজ করেছি। তদন্ত চলমান। শীঘ্রই রিপোর্ট দেব আমরা।
২০৭ দিন আগে
ঢাবির আন্তঃবিভাগ বাস্কেটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন সাংবাদিকতা বিভাগ
ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তঃবিভাগ বাস্কেটবল প্রতিযোগিতা ২০২৪-২০২৫ ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগকে (ইইই) হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে গণ যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ (এমসিজে)।
সোমবার (১১ আগস্ট) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয় জিমনেসিয়ামে বাস্কেটবল কোর্টে অনুষ্ঠিত ফাইনাল খেলায় (এমসিজে) ৫১ - ( ইইই) ৪৩ স্কোরে জয়লাভ করে সাংবাদিকতা বিভাগ।
প্রতিযোগীতায় বেস্ট স্কোরার এওয়ার্ড পেয়েছেন অনিরুদ্ধ তালুকদার বর্ণ।
২০৭ দিন আগে
জাকসু নির্বাচন সামনে রেখে ১৬ আগস্টের মধ্যে অছাত্রদের হল ছাড়ার নির্দেশ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন আগামী ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। নির্বাচনে সার্বিক নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে আগামী ১৬ আগস্টের মধ্যে অছাত্রদের হল ছাড়ার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
রোববার (১০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও জাকসু নির্বাচন কমিশনের সদস্যসচিব অধ্যাপক এ কে এম রাশিদুল আলম জাকসুর তফসিল ঘোষণা শেষে এ কথা বলেন।
প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তার কথা মাথায় রেখে আমরা আগামী ১৬ আগস্টের মধ্যে মাস্টার্স শেষ করা মেয়াদোত্তীর্ণ শিক্ষার্থীদের আবাসিক হল ছাড়ার নির্দেশ দিচ্ছি। এক্ষেত্রে হল প্রভোস্টদের সহযোগিতা কামনা করছি। ঘোষিত সময়ের মধ্যে সাবেক শিক্ষার্থীরা হল ছেড়েছে কি না, সেই তথ্য নিশ্চিত করার জন্য হল প্রভোস্টদের কাছে আহ্বান জানাচ্ছি।’ প্রয়োজনে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাসও দেন তিনি।
পড়ুন: জাকসুর তফসিল ঘোষণা, ভোটগ্রহণ ১১ সেপ্টেম্বর
সার্বিক বিষয়ে জাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান বলেন, ‘দীর্ঘ ৩৩ বছর পর আমরা জাকসু নির্বাচন আয়োজন করতে যাচ্ছি। আশা করছি আমরা একটি অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে পারব।’ এ নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা চান তিনি।
২০৮ দিন আগে