শিক্ষা
জাবিতে ‘রেড জুলাই’ র্যালি ও শহীদ পরিবারদের সংবর্ধনা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মুখে লাল কাপড় বেঁধে ‘রেড জুলাই’ র্যালি ও জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠান ও শহীদ পরিবারগুলোকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৯ জুলাই) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে র্যালিটি শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে ‘অদম্য-২৪’ স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয়।
র্যালিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং সাভার এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
এরপর বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠান ও শহীদ পরিবারদের সংবর্ধনা দেওয়া হয়।
পড়ুন: তিন শ্রেণির আরও ১৭৫৭ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
এসময় উপাচার্যের রুটিন দায়িত্বে থাকা উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মাহফুজুর রহমান বলেন, ‘গত ১৫ বছরে শুধু কথা বলার জন্য অনেককে নিষ্পেষিত হতে হয়েছে। জুলাই গণ-অভ্যুত্থান আমাদের সেই শোষণ থেকে মুক্তি দিয়েছে। এই অভ্যুত্থানকে ধারণ করতে না পারলে এবং শহীদ ও আহতদের রক্তের ঋণ মনে রাখতে না পারলে—তাদের প্রতি অনেক বড় অবিচার করা হবে।’
তিনি আরও বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানে শহিদ ও আহতদের বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন স্থাপনা ও সড়ক নামকরণের মাধ্যমে স্মরণে রাখার উদ্যোগ নেওয়া হবে। ২০২৪ সালে জুলাই গণ-অভ্যুত্থানের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের দ্রুত বিচারের আওতায় আনা হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।’
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন ও ‘৩৬ জুলাই স্বৈরাচার হাসিনার পতন দিবস উদযাপন-২০২৫’ কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. শামছুল আলমের সভাপতিত্বে অন্যান্যদের মাঝে আরও বক্তব্য দেন জীববিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার, প্রক্টর অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলম, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. ছালেহ আহাম্মদ খানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।
সংবর্ধনা অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যরা এবং জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং পার্শ্ববর্তী এলাকার বেসরকারি বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুলের প্রতিনিধিরা স্মৃতিচারণ করেন এবং তাদের অনুভূতি ব্যক্ত করেন।
এসময় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সাভার অঞ্চলের বিভিন্ন প্রতিষ্ঠান প্রতিনিধিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয় এবং সাভার অঞ্চলের শহীদদের নিয়ে একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।
উল্লেখ্য, জুলাই গণ-অভ্যুত্থান উপলক্ষে জুলাই গাথা নামে বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে প্রতিদিন (২৮ জুলাই- ২ আগস্ট, ২০২৫) সন্ধ্যা সোয়া ৭টায় বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠনগুলোর আয়োজনে গীতিনাট্য, গান, কবিতা, বিতর্ক প্রতিযোগিতা, নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
২২০ দিন আগে
প্রায় সাড়ে পাঁচ মাস পর ক্লাসে ফিরছেন কুয়েটের শিক্ষক-শিক্ষার্থীরা
দীর্ঘ পাঁচ মাস ১০ দিন পর আজ (মঙ্গলবার) ক্লাসে ফিরছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষক ও শিক্ষার্থীরা।
সোমবার (২৮ জুলাই) দুপুরে ক্লাস শুরুর নির্দেশ দেন বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ড. মো. মাকসুদ হেলালী।
এর আগে, গতকাল (সোমবার) সকালে চলমান আন্দোলন কর্মসূচি তিন সপ্তাহের জন্য স্থগিত করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত দুই দিন ধরে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, সাধারণ শিক্ষার্থী, আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা এবং স্থানীয় এলাকাবাসীর সঙ্গে কয়েক দফা বৈঠক করেছেন উপাচার্য। এরপরই ক্লাস শুরুর সিদ্ধান্ত আসে।
এদিকে, দীর্ঘদিন পর ক্লাস ও পরীক্ষা শুরুর ঘোষণা শিক্ষার্থীদের মাঝে স্বস্তি নিয়ে এসেছে।
আরও পড়ুন: কুয়েটের নতুন উপাচার্য ড. মাকসুদ হেলালী
এ বিষয়ে কুয়েট শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ফারুক হোসেন বলেন, ‘উপাচার্যের আশ্বাসে আন্দোলন কর্মসূচি তিন সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে। প্রশাসন ক্লাস শুরুর ঘোষণা দিলে শিক্ষকরা যোগ দেবেন।’
উপাচার্য ড. মাকসুদ হেলালী বলেন, ‘শিক্ষক ও ছাত্ররা একমত হয়েছে যে ক্লাস ও তদন্ত কার্যক্রম একসঙ্গে চলবে। এজন্য মঙ্গলবার থেকে ক্লাস শুরুর জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।’
গত ১৮ ফেব্রুয়ারি ছাত্ররাজনীতি বন্ধের দাবি নিয়ে দ্বন্দ্বের জেরে কুয়েটে সংঘর্ষের ঘটনায় শতাধিক আহত হন। ওই রাতেই হামলাকারীদের পক্ষ নেওয়ার অভিযোগ তুলে তৎকালীন উপাচার্যসহ কয়েক শিক্ষককে লাঞ্ছিত করেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত ২৫ এপ্রিল উপাচার্য অধ্যাপক মুহাম্মদ মাছুদকে অব্যাহতি দেয় শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষক লাঞ্ছনার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে ৪ মে থেকে অ্যাকাডেমিক কার্যক্রম বর্জন করে শিক্ষক সমিতি। এরপর শিক্ষকরা আর ক্লাসে ফেরেননি।
২২০ দিন আগে
৯৬ একর জমি অধিগ্রহণের অনুমোদন পেল নওগাঁ বিশ্ববিদ্যালয়
নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস স্থাপনের লক্ষ্যে প্রস্তাবিত নওগাঁ সদর উপজেলার শালুকা, চকরামপুর ও পাথুরিয়া মৌজায় ৯৬ দশমিক ৮১ একর জমি অধিগ্রহণের জন্য প্রশাসনিক অনুমতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
সোমবার (২৮ জুলাই) বিকালে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
এ বিষয়ে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হাছানাত আলী বলেন, ‘নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস স্থাপনের জন্য সদর উপজেলার নওগাঁ পৌর শহরসংলগ্ন কয়েকটি মৌজায় জমি অধিগ্রহণের জন্য প্রস্তাব পাঠানো হয়েছিল। সম্ভাব্যতা যাচাই প্রক্রিয়া শেষে শিক্ষা মন্ত্রণালয় প্রস্তাবিত এলাকায় জমি অধিগ্রহণের প্রশাসনিক অনুমোদন দিয়েছে।’
তিনি জানান, গতকাল (সোমবার) বিকালে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে তারা এ সংক্রান্ত একটি আদেশ পেয়েছেন। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস স্থাপনের জন্য আপাতত ৯৬ দশমিক ৮১ একর জমি অধিগ্রহণের অনুমতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
আরও পড়ুন: ছাত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক! চাকরি হারালেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক
প্রসঙ্গত, ২০২২ সালের ২৮ ফেব্রুয়ারি নওগাঁয় বঙ্গবন্ধুর নামে একটি বিশ্ববিদ্যালয় আইনের খসড়া অনুমোদন দেয় তৎকালীন মন্ত্রিসভা। ২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি সংসদে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, নওগাঁ’ বিল পাস হয়।
চলতি বছরের ১৬ জানুয়ারি বিশ্ববিদ্যালয়টির নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, নওগাঁ থেকে পরিবর্তন করে নওগাঁ বিশ্ববিদ্যালয় নামকরণ করে অন্তর্বর্তীকালীন সরকার।
তবে বিল পাস হওয়ার পর দুই বছর পার হলেও এখন পর্যন্ত শিক্ষার্থী ভর্তি ও ক্লাসসহ একাডেমিক কার্যক্রম চালুর অনুমোদন দেয়নি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইইজিসি)। প্রতিষ্ঠার পর থেকে শহরের নওগাঁ মডেল টাউন এলাকার একটি ভবন ভাড়া নিয়ে প্রশাসনিক কার্যক্রম চলছে।
২২০ দিন আগে
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতনস্কেল দশম গ্রেডে উন্নীত
দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতনস্কেল দশম গ্রেডে উন্নীত করা হয়েছে। সোমবার (২৮ জুলাই) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
এখন থেকে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬৫ হাজার ৫০২ জন প্রধান শিক্ষক দশম গ্রেডে বেতনভাতা পাবেন।
প্রজ্ঞাপনে বলা হয় দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬৫ হাজার ৫০২ জন প্রধান শিক্ষক বিদ্যমান ১১তম গ্রেড (প্রশিক্ষণপ্রাপ্ত) ও ১২তম গ্রেড (প্রশিক্ষণবিহীন) থেকে দশম গ্রেডে উন্নীত করতে সম্মতি দেওয়া হয়েছে।
পড়ুন: কাজে আসছে না ১৫০ প্রাথমিক বিদ্যালয়ের ডিজিটাল শিক্ষা উপকরণ
২২১ দিন আগে
ছাত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক! চাকরি হারালেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক
অনৈতিক সম্পর্ক ও যৌন হয়রানির অভিযোগে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) শিক্ষক সুব্রত কুমার বিশ্বাসকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। শনিবার (২৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ৭৩তম রিজেন্ট বোর্ডে এই সিদ্ধান্ত হয়েছে।
অভিযুক্ত শিক্ষক সুব্রত কুমার বিশ্বাস বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক ও পাবনার ঈশ্বরদী পৌর শহরের পোস্ট অফিস এলাকার বাসিন্দা। ভুক্তভোগী একই বিভাগের মাস্টার্সের ইভিনিং ব্যাচের শিক্ষার্থী ছিলেন। ছাত্রী মুসলিম এবং শিক্ষক অবিবাহিত হলেও সনাতন ধর্মের হওয়ায় বিশ্ববিদ্যালয় জুড়ে তোলপাড় হয়েছিল।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সুব্রত কুমার বিশ্বাসের সঙ্গে সমাজকর্ম বিভাগের স্নাতোকোত্তরের এক ছাত্রীর দীর্ঘ দিনের প্রেমের সম্পর্ক ছিল। এক পর্যায়ে বিয়ের আশ্বাসে তারা শারীরিক সম্পর্কে জড়ান। কিন্তু পরবর্তীতে সুব্রত ওই ছাত্রীকে বিয়ে করতে অস্বীকৃতি জানান। এরপর গত বছরের ২২ সেপ্টেম্বর সুব্রত কুমার বিশ্বাসের বিরুদ্ধে ভুক্তভোগী ছাত্রী বিভাগের চেয়ারম্যানের কাছে যৌন হয়রানির অভিযোগ দেন। এরপর ২৩ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলে এ অভিযোগ নিয়ে একটি তদন্ত কমিটি করা হয়।
পড়ুন: ‘ফিলিস্তিনপন্থি’ বিক্ষোভে অংশ নেওয়ায় শিক্ষার্থীদের বহিষ্কার করল কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়
সেই কমিটি গত বছরের ৯ অক্টোবর অভিযুক্ত শিক্ষককে সকল একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করে রেজিস্ট্রারের কাছে চিঠি দেন। এরপর এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়নবিরোধী সেল উচ্চতর তদন্ত করেন। তদন্তে তারা এ অভিযোগের সত্যতা পান। এরপর তারা ‘উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি ও নিপীড়ন বিরোধ নীতিমাল, ২০০৮’ অনুযায়ী সুব্রত কুমার বিশ্বাসকে স্থায়ীভাবে বহিষ্কারের সুপারিশ করেন।
এ বিষয়ে জানার জন্য অভিযুক্ত শিক্ষক সুব্রত কুমার বিশ্বাসের মুঠোফোনে কল দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম আবদুল আওয়াল বলেন, ‘রিজেন্ট বোর্ডে এক ন শিক্ষককে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত হয়েছে। বহিষ্কারের যে সিদ্ধান্ত হয়েছে সেটা আইন অনুযায়ী হয়েছে।’
২২১ দিন আগে
১৮ পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বুনিয়াদি প্রশিক্ষণ দিচ্ছে ইউজিসি
দেশের ১৮টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ৩০তম বুনিয়াদি প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও গ্র্যাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউট (জিটিআই)।
রবিবার (২৭ জুলাই) সকাল সাড়ে ৯ টায় বিশ্ববিদ্যালয়ের জিটিআই শ্রেণিকক্ষে এই প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। আজ থেকে শুরু হয়ে আগামী ২৮ আগস্ট পর্যন্ত মোট ৩৩ দিনব্যাপী এ প্রশিক্ষণে ২৫ জন শিক্ষক অংশ নিয়েছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিটিআই পরিচালক অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. জি.এম. মুজিবুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. জি.এম. মুজিবুর রহমান বলেন, ‘শিক্ষকতা শুধু ক্লাসরুমেই নয় বরং এটি আরও ব্যাপ্তিময়। এই প্রশিক্ষণ অংশগ্রহণকারীদের জীবনে খুবই সহায়ক হবে বিধায় নিয়মানুবর্তিতা ও মনোযোগের সঙ্গে এটি সম্পন্ন করার পরামর্শ দেন।’
২২২ দিন আগে
আবৃত্তি সংসদের কর্মকাণ্ডে টিএসসির কয়েকটি সংগঠনের নিন্দা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবৃত্তি সংসদের কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছে ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) কয়েকটি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
শনিবার (২৬ জুলাই) এক সম্মিলিত বিবৃতিতে এই নিন্দা জ্ঞাপন করা হয়। এর আগে, আবৃত্তি সংসদের পক্ষ থেকে তালা ভেঙে রুম দখল চেষ্টার অভিযোগ করা হয়। তবে, টিএসসির ভারপ্রাপ্ত পরিচালকের মতে, দুইপক্ষের সামান্য ভুল বোঝাবুঝি হয়েছে।
বিবৃতি দেওয়া টিএসসির সংগঠনগুলো হলো: ঢাকা বিশ্ববিদ্যালয় কুইজ সোসাইটি, ফিল্ম সোসাইটি, টুরিস্ট সোসাইটি, আইটি সোসাইটি, সাংস্কৃতিক সংসদ, নাট্য সংসদ, জয়ধ্বনি সাংস্কৃতিক সংসদ, প্রভাতফেরী সাংস্কৃতিক সংসদ, ক্যারিয়ার ক্লাব, ডান্স ক্লাব, ছায়া জাতিসংঘ, গবেষণা সংসদ, সাহিত্য সংসদ, ফটোগ্রাফিক সোসাইটি, বাঁধন ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিট ও ব্যান্ড সোসাইটি।
বিবৃতিতে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে, সম্মিলিত সাংস্কৃতিক জোটের রুমটি ফাঁকা হয় এবং টিএসসিতে সে সময়কার সকল নেতৃবৃন্দদের সম্মতিতে রুমটিকে ঢাকা বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদ ও ঢাকা বিশ্ববিদ্যালয় ডান্স ক্লাবকে বুঝিয়ে দেয়া হয়। এতদিন পরে এসে হুট করে আবৃত্তি সংসদ রুমটিকে শুধুমাত্র নিজেদের বলে দাবি করে এবং ডান্স ক্লাবের নেমপ্লেটসহ সবকিছু মুছে দিয়ে নতুন তালা লাগিয়ে দেয়। এটা নিতান্তই অযৌক্তিক এবং আবৃত্তি সংসদ অনলাইন প্লাটফর্মগুলোতে এ ধরণের মিথ্যা প্রচারণা চালিয়ে যাচ্ছে।
বিবৃতিতে আরও বলা হয়, এমতাবস্থায় টিএসসির সংগঠনগুলো গতকাল (শুক্রবার) বিকাল সাড়ে তিনটায় একটি সম্মিলিত সভার আহ্বান করে। সভায় উপস্থিত হতে আবৃত্তি সংসদের সভাপতি, সাধারণ সম্পাদককে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ অনলাইন ও অফলাইনে যোগাযোগ করার ক্রমাগত চেষ্টা চালায়।
আবৃত্তি সংসদের নেতাদের যেখানে স্বেচ্ছায় সভায় উপস্থিত থাকার কথা ছিল, সেখানে বারবার যোগাযোগ করেও তাদের সাড়া পাওয়া যায়নি বলে বিবৃতিতে জানানো হয়। পরবর্তীতে সভায় উপস্থিত সবার সম্মতিতে আবৃত্তি সংসদের এহেন কর্মকাণ্ডে নিন্দা প্রস্তাব পাস হয়।
এছাড়া, ডান্স ক্লাবের কর্মশালা বিবেচনায় নিয়ে, সংশ্লিষ্ট রুমটিকে পরবর্তী মিটিংয়ে আগ পর্যন্ত শুধুমাত্র ডান্স ক্লাবকে ব্যবহারের সিদ্ধান্ত দেওয়া হয় এবং দুটি সংগঠনের পারস্পরিক সমস্যাগুলো টিএসসির বাহিরে ও সংশ্লিষ্ট প্রশাসনের বাহিরে অবহিত করার জন্য পরবর্তী মিটিংয়ে ডান্স ক্লাব ও আবৃত্তি সংসদকে জবাবদিহিতার আওতায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়।
বিবৃতিতে বলা হয়, টিএসসির বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও আবৃত্তি সংসদের কার্যনির্বাহী কমিটির কয়েকজন সদস্যসহ ১৫-২০ জনের উপস্থিতিতে রুমে নতুন তালা স্থাপন করে ডান্স ক্লাব ও আবৃত্তি সংসদকে চাবি বুঝিয়ে দেওয়া হয়। কিন্তু আবৃত্তি সংসদ এখন পর্যন্ত রুমটিকে শুধুমাত্র নিজেদের বলে দাবি করছে ও আক্রমণাত্মক অবস্থান ধরে রেখেছে। যেটা নিতান্তই অযৌক্তিক।
পড়ুন: ঢাবির টিএসসিতে আবৃত্তি সংসদের তালা ভেঙে রুম দখল চেষ্টার অভিযোগ
বিবৃতিতে বলা হয়, অনলাইন প্রচারণায় 'তথাকথিত টিএসসি প্রতিনিধি' শব্দটি ব্যবহার করা হচ্ছে। অথচ, গত ০৬ মে টিএসসি পরিচালকের উপস্থিতিতে সরাসরি ভোটের মাধ্যমে চারজন প্রতিনিধি নির্বাচন করা হয়। নির্বাচিত চারজন প্রতিনিধি হচ্ছেন গবেষণা সংসদের সাধারণ সম্পাদক শাহরিয়ার নাজিম সীমান্ত, আবৃত্তি সংসদের সাধারণ সম্পাদক ওয়ালিজা বিনতে শামস, কুইজ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক মোহাতাসিম বিল্লাহ ইমন ও সাংস্কৃতিক সংসদের সাধারণ সম্পাদক রওনক জাহান রাকামনি।
ওই বিবৃতিতে সভায় উপস্থিত ১৬টি সংগঠনের নেতাদের বাইরে গিয়ে শুধু মোহাতাসিম বিল্লাহ ইমন ও শাহরিয়ার নাজিম সীমান্তকে নিয়ে অনলাইনে বিস্তর অপপ্রচাররের তীব্র প্রতিবাদ জানানো হয়।
এ বিষয়ে আবৃত্তি সংসদের সভাপতি মো. শাহ সুফি ওয়াসি মিয়া বলেন, তাদের বিরুদ্ধে যে অভিযোগ সেটি প্রশাসন পর্যন্ত গিয়েছে এবং বিষয়টি প্রশাসন দেখছে। আর এই মিটিং এ আমাদের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না।
এর আগে, নৃত্য সংসদের সাবেক সভাপতি আবুজার গিফারীর বিরুদ্ধে আবৃত্তি সংসদের রুমের তালা ভেঙে রুম দখল চেষ্টার অভিযোগ তুলেন ওয়াসি মিয়া।
বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতে আবুজার গিফারি কয়েকজন বহিরাগতকে সঙ্গে নিয়ে রুমের তালা ভাঙেন বলে অভিযোগ তার।আবৃত্তি সংসদ এ বিষয়ে প্রশাসনের কাছে অভিযোগও দিয়েছে বলে জানান তিনি।
এ বিষয়ে টিএসসির ভারপ্রাপ্ত পরিচালক ফারজানা বাসার ইউএনবিকে বলেন, ‘দুইপক্ষের মধ্যে সামান্য ভুল বোঝাবুঝি হয়েছে। এ বিষয়ে আলোচনার মাধ্যমে কাল বিষয়টি ঠিক করে দিব।’
এরআগে, শুক্রবার (২৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমেদ ইউএনবিকে বলেছিলেন, রবিবারে এই দুই সংগঠনের সঙ্গে টিএসসির পরিচালক বসবেন। আমাদের দুইজন সহকারী প্রক্টরও থাকবেন সেখানে।
২২৩ দিন আগে
ঢাবির টিএসসিতে আবৃত্তি সংসদের তালা ভেঙে রুম দখল চেষ্টার অভিযোগ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আবৃত্তি সংসদের রুমের তালা ভেঙে রুম দখল চেষ্টার অভিযোগ উঠেছে নৃত্য সংসদের সাবেক সভাপতি আবুজার গিফারীর বিরুদ্ধে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতে আবুজার গিফারি কয়েকজন বহিরাগতকে সঙ্গে নিয়ে রুমের তালা ভাঙেন বলে অভিযোগ তুলেন আবৃত্তি সংসদের সভাপতি মো. শাহ সুফি ওয়াসি মিয়া।
তিনি বলেন, নৃত্য সংসদের কোন রুম না থাকায় প্রশাসন মানবিক বিবেচনায় আবৃত্তি সংসদের রুম ব্যবহারের জন্য অনুমতি দেয়। কিন্তু সেখানে সংগঠনটির সাবেক সভাপতি আবুজার গিফারীর নেতৃত্বে ‘শিল্পতৈরী’ নামক একটি সংগঠনের কার্যক্রম পরিচালনা করা হতো বহিরাগতদের সঙ্গে নিয়ে। তাদের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগও উঠেছে৷আবৃত্তি সংসদ এ বিষয়ে প্রশাসনের কাছে অভিযোগও দিয়েছে বলে জানান তিনি।
বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়ে টিএসসি পরিচালককে সহযোগিতা করতে দুজন সহকারী প্রক্টরকে দায়িত্ব দেয় এবং সমাধান না হওয়া পর্যন্ত রুম তালা দিয়ে রাখার পরামর্শ দেয়া হয়, বলেন ওয়াসি মিয়া।
তিনি বলেন, গতরাতে আবুজার গিফারী টিএসসির তথাকথিত প্রতিনিধিদের সঙ্গে নিয়ে, প্রশাসনের সিদ্ধান্ত না মেনে, মব সৃষ্টি করে রুমের তালা ভাঙে। পরে প্রশাসন আবার তালা দিয়ে দেয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমেদ বলেন, রবিবারে এই দুই সংগঠনের সঙ্গে টিএসসির পরিচালক বসবেন। আমাদের দুইজন সহকারী প্রক্টরও থাকবেন সেখানে।
পাঁচ আগস্টের আগে রুমটি ব্যবহার করতো সাংস্কৃতিক জোট নামের একটি সংগঠন। ফ্যাসিবাদ সংশ্লিষ্ঠতায় সংগঠনটির কার্যক্রম বন্ধ হয়ে যায় এবং আবৃত্তি সংসদকে রুমটি ব্যবহারের অনুমতি দেওয়া হয়।
২২৪ দিন আগে
কুয়েটের নতুন উপাচার্য ড. মাকসুদ হেলালী
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মো. মাকসুদ হেলালী। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ছিলেন।
বৃহস্পতিবার (২৪ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বৃত্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় শাখার এক প্রজ্ঞাপনে এই নিয়োগের তথ্য জানানো হয়।
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০৩-এর ১০ (১) ধারা অনুযায়ী এই নিয়োগ দেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। ড. মাকসুদ হেলালীকে চার বছরের জন্য নিয়োগ দিয়েছে কুয়েট।
আরও পড়ুন: শিক্ষকদের আন্দোলনের মুখে কুয়েটের অন্তবর্তীকালীন উপাচার্যের পদত্যাগ
গত ১৮ ফেব্রুয়ারি কুয়েটে ছাত্ররাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে সংঘর্ষে শতাধিক শিক্ষার্থী আহত হন। পরদিন শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনসহ সব একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দেন।
এরপর শিক্ষার্থীদের আন্দোলনের মুখে চলতি বছরের ২৫ এপ্রিল উপাচার্য অধ্যাপক ড. মাছুদ ও উপ-উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে অব্যাহতি দেয় শিক্ষা মন্ত্রণালয়।
পরে পহেলা মে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. হযরত আলীকে কুয়েটের অন্তর্বর্তী উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত ২২ মে পদত্যাগ করেন তিনি।
২২৪ দিন আগে
এইসএসসি ও সমমানের স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ
উচ্চ মাধ্যমিক ও সমমানের স্থগিত পরীক্ষাগুলোর নতুন সময়সূচি প্রকাশ করেছে শিক্ষাবোর্ডগুলো। বুধবার (২৩ জুলাই) দেশের ৯টি সাধারণ শিক্ষাবোর্ড, মাদরাসা বোর্ড ও কারিগরি শিক্ষাবোর্ড পরীক্ষাগুলো নিতে পরিবর্তিত নতুন সময়সূচি ঘোষণা করেছে।
৯টি সাধারণ শিক্ষাবোর্ডের সময়সূচি
১০ জুলাইয়ের স্থগিত পরীক্ষা ১২ আগস্ট(মঙ্গলবার) অনুষ্ঠিত হবে। একইভাবে ১৭ জুলাইয়ের স্থগিত পরীক্ষা ১৪ আগস্ট, ২২ জুলাইয়ের পরীক্ষাটি ১৭ আগস্ট, আর ২৪ জুলাইয়ের স্থগিত পরীক্ষাটি ১৯ আগস্ট অনুষ্ঠিত হবে।
একই সঙ্গে ব্যবহারিক পরীক্ষা ২১ আগস্ট থেকে ৩১ আগস্টের মধ্যে সম্পন্ন করতে নির্দেশ দিয়েছে শিক্ষাবোর্ডগুলো।
পড়ুন: ‘চোখের সামনেই মারা গেল আমার বন্ধু’
মাদরাসা শিক্ষাবোর্ডের নতুন সময় সূচি
গত ১০ জুলাইয়ের স্থগিত পরীক্ষা ১৪ আগস্ট (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হবে। একইভাবে ১৫ জুলাইয়ের পরীক্ষা ১৩ আগস্ট(বুধবার) অনুষ্ঠিত হবে। ২২ জুলাইয়ের পরীক্ষা ১৭ আগস্ট(রবিবার) অনুষ্ঠিত হবে। আর ২৪ জুলাইয়ের পরীক্ষা ১৯ আগস্ট (মঙ্গলবার) অনুষ্ঠিত হবে। আর ২১ আগস্ট থেকে ৩১ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন করতে নির্দেশ দেওয়া হয়েছে।
কারিগরি শিক্ষাবোর্ড
কারিগরি দ্বাদশ শ্রেণির ১০ জুলাইয়ের স্থগিত পরীক্ষা ৩০ জুলাই, ১৭ জুলাইয়ের স্থগিত পরীক্ষা ১৪ আগস্ট, ২২ জুলাইয়ের স্থগিত পরীক্ষা ৩ আগস্ট, ২৪ জুলাইয়ের স্থগিত পরীক্ষা ৬ আগস্ট অনুষ্ঠিত হবে।
একাদশ শ্রেণির ১০ জুলাইয়ের স্থগিত পরীক্ষা ৩০ জুলাই, ১৭ জুলাইয়ের স্থগিত পরীক্ষা ১৪ আগস্ট(শুধুমাত্র গোপালগঞ্জ জেলা), ২২ জুলাইয়ের স্থগিত পরীক্ষা ৩ আগস্ট, ২৪ জুলাইয়ের স্থগিত পরীক্ষা ৬ আগস্ট অনুষ্ঠিত হবে।
এছাড়া একাদশ ও দ্বাদশ শ্রেণির ব্যবহারিক পরীক্ষা আগামী ৭ আগস্ট থেকে ১৩ আগস্টের মধ্যে শেষ করতে নির্দেশ দেওয়া হয়েছে।
২২৬ দিন আগে