শিক্ষা
কক্সবাজারে ইংরেজি শিক্ষকদের নিয়ে মার্কিন দূতাবাসের সম্মেলন
কক্সবাজারে ইংরেজি শিক্ষকদের জন্য একটি সম্মেলনের আয়োজন করেছে ঢাকায় মার্কিন দূতাবাস ও গ্লোবাল এইড ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট (জিএএসডি)।শনিবার (১১ জানুয়ারি) কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘বহুভাষিক শ্রেণিকক্ষে ইংরেজি শিক্ষাদানের কৌশল উন্নয়ন’ শীর্ষক এই সম্মেলনের আয়োজন করা হয়।এতে পার্বত্য চট্টগ্রাম অঞ্চল ও কক্সবাজারের রোহিঙ্গা হোস্ট কমিউনিটি থেকে ১৫০ জনেরও বেশি ইংরেজি শিক্ষক অংশগ্রহণ করেছেন।ঢাকার মার্কিন দূতাবাসের অ্যাক্টিং পাবলিক অ্যাফেয়ার্স অফিসার স্কট হার্টম্যান প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।এই সম্মেলনের লক্ষ্য শিক্ষকদের বহুভাষিক শ্রেণিকক্ষের অনন্য চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী কৌশল সম্পর্কে দক্ষ করে তোলা, যাতে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার প্রসার ও উন্নত শিক্ষাগত ফলাফল নিশ্চিত করা যায়।
৪১৯ দিন আগে
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সমস্যা সমাধানে শিক্ষা মন্ত্রণালয়ের সরাসরি ভূমিকা নেই: উপদেষ্টা
দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো যেসব সমস্যার সম্মুখীন হয়, সেগুলো সমাধানে শিক্ষা মন্ত্রণালয়ের সরাসরি কোনো ভূমিকা নেই বলে মন্তব্য করেছেন পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।
তিনি বলেছেন, ‘বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো ট্রাস্টি বোর্ড দ্বারা পরিচালিত হয়। সরকার শুধু কার্যক্রম পরিচালনার অনুমোদন দেয়। তাদের অভ্যন্তরীণ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের হস্তক্ষেপ করার কোনো এখতিয়ার নেই।’
বুধবার (৮ জানুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে একনেক-পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ড. ওয়াহিদউদ্দিন বলেন, ‘রাষ্ট্রপতি নিযুক্ত ট্রাস্টি বা বিশ্ববিদ্যালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা, যেমন— উপাচার্য, উপ-উপাচার্য এবং কোষাধ্যক্ষরা যদি চলে যান বা জোর করে বের করে দেওয়া হয়, তবে এটি শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি ও আতঙ্ক তৈরি করে।’
‘(বিশ্ববিদ্যালয়গুলোতে) এটি একটি গুরুত্বপূর্ণ সংকট হয়ে দাঁড়িয়েছে—পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো পরিচালনার চেয়ে এটি বড় আইনি চ্যালেঞ্জ।’
এ ধরনের সমস্যাগুলো আদালতে আইনি পথে সমাধান করা উচিত বলে মন্তব্য করেন তিনি।
এসব ঘটনায় শিক্ষার্থীদের হতাশার কথা স্বীকার করে শিক্ষা উপদেষ্টা বলেন, ‘বিশেষ করে তারা প্রত্যাশা করে যে এসব বিষয় সমাধানে শিক্ষা মন্ত্রণালয় বা (শিক্ষা) উপদেষ্টার হস্তক্ষেপ থাকা উচিত। শিক্ষার্থীরা মনে করে, এটা তো শিক্ষার ব্যাপার, তাই শিক্ষা উপদেষ্টা সব ঠিক করে দেবেন। কিন্তু এই অবস্থা চলতে থাকলে কীভাবে কী করব অনেক সময় তা বোঝা যায় না।’
এর আগে, ৯ দফা দাবিতে মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে— স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠা, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের পদত্যাগ এবং বিশ্ববিদ্যালয়ে চলমান সংকট নিরসনে একজন নিরপেক্ষ প্রশাসক নিয়োগ করা।
সেদিন সচিবালয়ের ফটকের কাছে একদল বিক্ষুব্ধ শিক্ষার্থী পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়লে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দাবি আদায়ের জন্য শিক্ষার্থীরা সচিবালয়ে ঢোকার চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষ হয়।
৪২২ দিন আগে
বছরের সাত দিন চলে গেলেও বই পায়নি শিক্ষার্থীরা
ফেনীতে নতুন বছরের সাত দিন অতিবাহিত হলেও নতুন বই পায়নি ছয় উপজেলার প্রাক-প্রাথমিক, চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা। তবে প্রাথমিকের সব বই পেয়েছে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির শিক্ষার্থীরা।
এদিকে জেলায় প্রাথমিকের ৫০ শতাংশ বই এলেও মাধ্যমিকের শিক্ষার্থীদের জন্য বই এসেছে মাত্র ১ দশমিক ২৬ শতাংশ। অপরদিকে মাদরাসা ও মাধ্যমিকের শিক্ষার্থীরা এখনও বই হাতে পায়নি। মাধ্যমিকে জেলার ৩৭ লাখ বইয়ের চাহিদা থাকলেও এখনও বই আসেনি।
জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্র জানায়, ২০২৫ শিক্ষাবর্ষে প্রাথমিকে জেলায় মোট বরাদ্দকৃত বইয়ের সংখ্যা ৫ লাখ ৬৬ হাজার ৫৭৬টি। তারমধ্যে এখন পর্যন্ত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির শতভাগ বই এসেছে।
আরও পড়ুন: একুশে বইমেলা সোহরাওয়ার্দী উদ্যানেই হবে: সংস্কৃতি উপদেষ্টা
এ ছাড়া প্রাক-প্রাথমিক, চতুর্থ ও পঞ্চম শ্রেণির চাহিদার ৩ লাখ ১৬১টি বইয়ের একটিও এখনও আসেনি বলে প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্র জানায়।
জেলা শিক্ষা অফিসার কার্যালয় সূত্র জানায়, ফেনীতে মাধ্যমিক ও মাদরাসায় মোট শিক্ষার্থী তিন লাখ ৬৬ হাজার ৮৭৮ জন। ২০২৫ শিক্ষাবর্ষে বইয়ের মোট চাহিদা ৩৭ লাখ ৩২ হাজার ৭৭৬টি।
৩১ ডিসেম্বর পর্যন্ত জেলায় বই এসেছে ৭৯ হাজার ৩০৪টি। বিগত বছরের শেষ দিন পর্যন্ত ফেনী সদর উপজেলায় মাধ্যমিকে নবম শ্রেণির ৩টি বিষয়ের ৩৪ হাজার ৫০০টি বই ও মাদরাসার সপ্তম শ্রেণির ১২ হাজার ৯০০টি বই এসেছে। এছাড়া সোনাগাজী উপজেলায় মাধ্যমিকে নবম, দশম শ্রেণির দুইটি বিষয়ে (বাংলা, গণিত) ২৫ হাজার ৮০০টি বই ও মাদরাসার সপ্তম শ্রেণির তিনটি বিষয়ে (বাংলা, গণিত, ইংরেজি) ৮ হাজার ৪০০টি বই এসেছে।
বই না পেয়ে খালি হাতে ফিরতে হয়েছে ফেনী সদর উপজেলার গোয়াডুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী শারমিন আক্তারের। সে জানায়, বছরের প্রথম দিন বিদ্যালয়ে এসেছি। অন্য শ্রেণির শিক্ষার্থীরা বই পেলেও আমরা বই পায়নি। পরে বই দেবে বলে শিক্ষক জানিয়েছেন।
দাগনভূঞা উপজেলার লালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র অনিন্দ্র দে জানান, প্রতিবার বই উৎসব হত, এবার তাও হয়নি। নতুন বইও পাইনি। বই কবে দেবে তাও ঠিক জানাতে পারেননি শিক্ষকরা।
ফেনী শিশু নিকেতন কালেক্টর স্কুলের ষষ্ঠ শ্রেণির এক ছাত্রের অভিভাবক জাফর আহমেদ ভূঁইয়া বলেন, নতুন বই পাবে না জেনে ছেলে স্কুলে যায়নি। সরকার আন্তরিক হলে শিক্ষার্থীরা বছরের শুরুতেই বই পেত।
নতুন শিক্ষাবর্ষে দেরিতে বই পাওয়া নিয়ে অভিভাবকরা শঙ্কা প্রকাশ করলেও কর্তৃপক্ষ বলছে, চলতি মাসেই শিক্ষার্থীদের হাতে উঠবে নতুন বই।
আরও পড়ুন: নতুন সব বই শিক্ষার্থীরা কবে পাবে, জানেন না শিক্ষা উপদেষ্টা
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসির উদ্দিন আহমেদ বলেন, ‘প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির শতভাগ বই বিতরণ শেষ হয়েছে। প্রাক-প্রাথমিক, চতুর্থ ও পঞ্চম শ্রেণির বই হাতে পেলেই বিতরণ করা হবে।’
জেলা শিক্ষা কর্মকর্তা শফী উল্লাহ বলেন, ‘নতুন বছরে আগের মতো আনুষ্ঠানিকভাবে বই উৎসব হয়নি। মুদ্রণ জটিলতায় ও কিছু পরিবর্তনের কারণে ফেনী সদর ও সোনাগাজী উপজেলায় কিছু বই এসেছে।
এছাড়া জেলায় চাহিদার সব বই আসতে আরও প্রায় ১৫ থেকে ২০ দিনের মতো লাগতে পারে বলে জানান জেলা শিক্ষা কর্মকর্তা শফী উল্লাহ।
৪২২ দিন আগে
কুয়েটে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ১১ জানুয়ারি
আগামী ১১ জানুয়ারি (শনিবার) অনুষ্ঠিত হবে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। বুধবার (৭ জানুয়ারি) সকালে কুয়েটের সভাকক্ষে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন কুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ।
বিশ্ববিদ্যালয়টিতে তিনটি অনুষদের ১৬টি বিভাগের ১০৬৫টি আসনের বিপরীতে এবার পরীক্ষার্থী ২৪৫২৭ জন। অর্থাৎ প্রতি আসনের বিপরীতে পরীক্ষার্থী ২৩ জন।
আগামী ১১ জানুয়ারি সকাল সাড়ে ৯টা থেকে শুরু হয়ে পরীক্ষা চলবে বেলা সাড়ে ১২টা পর্যন্ত। ১১টি ভেন্যুর ৪৪৭টি কক্ষে অনুষ্ঠিত হবে পরীক্ষা।
কুয়েটের উপাচার্য ইউএনবিকে বলেন, ‘এ বছর পরীক্ষার্থীর সংখ্যা বেশি। পরীক্ষার হলে মোবাইল ফোনসহ কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস নিয়ে যাওয়া যাবে না। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে হলে প্রবেশ করা যাবে।’
আরও পড়ুন: কুয়েটের সাবেক ভিসির অবসর গ্রহণের আবেদন, ৯ কর্মকর্তা বরখাস্ত
তিনি বলেন, ‘আবেদনকারীদের পরীক্ষার কক্ষভিত্তিক আসন বিন্যাস ১০ জানুয়ারি প্রকাশ হবে। কয়েক বছর ধরে বিশ্ববিদ্যালয়টি প্রকৌশল গুচ্ছের অধীনে পরীক্ষা নিলেও এবার নিজস্ব ব্যবস্থাপনায় পরীক্ষা নেওয়া হচ্ছে।’
ড. মুহাম্মদ মাছুদ আরও বলেন, ‘পরীক্ষার ফল বা মেধাতালিকা প্রকাশ করা হবে আগামী ২৬ জানুয়ারি। সেশনজট নিরসনের জন্য দেশের মধ্যে সবার আগে কুয়েটের ভর্তি পরীক্ষা নেওয়া হচ্ছে।’
৪২২ দিন আগে
বাকৃবি ভেটেরিনারি অনুষদের নতুন শিক্ষাবর্ষের যাত্রা শুরু
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি অনুষদের ভর্তি হওয়া প্রায় ২০০ জন শিক্ষার্থীদের বরণের মাধ্যমে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে যাত্রা শুরু হয়েছে।
রবিবার (৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সম্মেলন কক্ষে নবীনবরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।
তিনি বলেন, ‘তোমাদের শিক্ষকরা অন্য দেশে (যাওয়ার বা থাকার) সুযোগ না নিয়ে তোমাদের জন্য, দেশের জন্য আবার (দেশে) ফিরে এসেছেন। তোমরাও ভবিষ্যতে দেশের জন্য অবদান রাখবে, দেশকে ভালবাসবে। একজন আদর্শ নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত হতে হবে। যেকোনো অন্যায়ের প্রতিবাদ করতে হবে।’
সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোমেনা খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বাহানুর রহমান।
তিনি বলেন, ‘আজকে থেকে তোমরা বন্ধু হয়ে গেলে। আমরণ এই বন্ধুত্ব অটুট থাকবে। এমনভাবে কাজ করতে হবে যেন কেউ কাউকে হেয় করবে না, কাউকে সরিয়ে দেব না, একজন আরেকজনকে সাহায্য করবে। প্রথম থেকেই প্রায়োরিটি সেট করতে হবে। পড়ালেখার পরিকল্পনা করতে হবে, কীভাবে পড়ব, কোন কোর্সে কোন রেজাল্ট চাই ইত্যাদি।’
তিনি আরও বলেন, ‘অতিমাত্রায় মোবাইল ফোননির্ভর না হয়ে খাতায় লেখার অভ্যাস করতে হবে। ভালো একাডেমিক অভ্যাসে নিজেকে উন্নীত করতে হবে।’
পড়ালেখার পাশাপাশি এক্সট্রা-কারিকুলার কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত হতে হবে এবং আনন্দের সঙ্গে পড়ালেখা করতে হবে বলেও শিক্ষার্থীদের পরামর্শ দেন এই অধ্যাপক।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের পরিচয়পর্ব শেষে ভেটেরিনারি অনুষদের ভবন, পাঠদান ও সব বিভাগ নিয়ে প্রেজেন্টেশন দেন মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগের অধ্যাপক ড. মো. তোফাজ্জল হোসেন।
আরও পড়ুন: নিজ কার্যালয়ে বাকৃবি কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার
৪২৫ দিন আগে
শাবিপ্রবিতে ভর্তিতে আবেদন শুরু, থাকছে দ্বিতীয়বার ভর্তির সুযোগ
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।
রবিবার (৫ জানুয়ারি) থেকে অনলাইনে শুরু হওয়া এই আবেদন প্রক্রিয়া চলবে আগামী শনিবার (২৫ জানুয়ারি) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
রবিবার বেলা ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদনের পাশাপাশি ফি-ও পরিশোধ করতে পারবেন।
ভর্তির বিষয়ে এক বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২১ থেকে ২০২২ সাল পর্যন্ত মাধ্যমিক বা সমমান এবং ২০২৩ অথবা ২০২৪ সালের উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের মধ্যে যারা শাবিপ্রবির বিভিন্ন ইউনিটে ভর্তির জন্য নির্ধারিত শর্ত পূরণ করবেন, কেবল তারাই ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। সে হিসেবে দ্বিতীয়বার ভর্তির সুযোগ থাকছে শাবিপ্রবিতে।
এ বছর এ-১ ইউনিটে (বিজ্ঞান) ভর্তি পরীক্ষার আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার ২৫০ টাকা, এ-২ ইউনিটে (বিজ্ঞান ও আর্কিটেকচার) ১ হাজার ৪০০ টাকা এবং বি ইউনিটে (বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য) ১ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
আরও পড়ুন: তিন দফা দাবিতে শাবিপ্রবি শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
২৮ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০ টায় ‘বি’ ইউনিট (বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগ) এবং একই দিন বিকাল ৩ টায় ‘এ’ ইউনিটের (বিজ্ঞান বিভাগ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এবার, ‘এ’ ইউনিটে (বিজ্ঞান শাখা) মোট আসন ৯৮৫ টি ও ‘বি’ ইউনিটে (বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য শাখা) মোট ৫৮১টি আসন রয়েছে। এসব আসন ছাড়াও অতিরিক্ত ১০৫ টি কোটা আসন রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এর মধ্যে মুক্তিযোদ্ধা কোটা ২৮ জন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও হরিজন-দলিত কোটা ২৮ জন, প্রতিবন্ধী কোটা ১৪ জন, পোষ্য কোটা ২০ জন, চা শ্রমিক কোটা ৫ জন ও বিকেএসপি (খেলোয়াড়) কোটা ১০ জন।
আরও বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।
৪২৫ দিন আগে
নিজ কার্যালয়ে বাকৃবি কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের অতিরিক্ত পরিচালক (ওএসডি) কৃষিবিদ মোহাম্মদ মোস্তাইন কবীরের (সোহেল) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
রবিবার (৫ জানুয়ারি) নিজ কার্যালয়ে ফ্যান ঝুলানোর রডের সঙ্গে গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় লাশটি দেখতে পান তার সহকর্মীরা।
পরবর্তীতে তারা কোতোয়ালি থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
পুলিশ জানায়, সোহেল যে টেবিলে উঠেছিলেন সেখানে তার জুতার ছাপও আছে। ধারণা করা হচ্ছে, সেই টেবিল থেকেই গলায় দড়ি দিয়ে ঝুলে পড়েছেন তিনি।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান বলেন, ‘তদন্ত চলছে। এটি আত্মহত্যা মনে হয়েছে। সুইসাইড নোট, মোবাইল আরও কিছু আলামত পেয়েছি। ময়নাতদন্তের পরই বিস্তারিত বলতে পারব।’
আরও পড়ুন: নিখোঁজের পাঁচ দিন পর অ্যাম্বুলেন্স চালকের গলাকাটা লাশ উদ্ধার
বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহিদুল হক বলেন, ‘সোহেলের কক্ষ ভেতর থেকে লাগানো ছিল। পুলিশ এসে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তার লাশ উদ্ধার করে।’
৪২৫ দিন আগে
শাবিতে কোটা বাতিল ও ফি কমানোর দাবি
ভর্তি পরিক্ষায় বৈষম্যমূলক কোটা বাতিল ও ফি কমানোর দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা।
শনিবার (৪ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে সমাবেশ করেন তারা। এ সময় সব ধরনের বৈষম্যমূলক কোটা ও অতিরিক্ত ভর্তি, সেমিস্টার ও ক্রেডিট ফি কমানোর দাবি জানান শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের পলিটিকাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আরমান বলেন, ‘দেশ থেকে এখনও বৈষম্য দূর হয়নি। যেখানে বিসিএসের ভর্তি ফি ২০০ টাকা করা হয়েছে, সেখানে শিক্ষার্থীদের কাছ থেকে ১২০০ টাকা আবেদন ফি নেওয়া কোনোভাবেই কাম্য নয়। অতিদ্রুত সব ধরনের ফি কমাতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমরা আহ্বান জানাই।’
সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ সাকিল বলেন, ‘বৈষম্যমুক্ত দেশ গড়ার লক্ষ্যে আমরা যে আন্দোলন শুরু করেছিলাম সেই বৈষম্য এখনও শেষ হয়নি। জুলাই আন্দোলনের মূল লক্ষ্যই ছিল মেধার যথাযথ মূল্যায়ন করা। কিন্তু সেই মেধার অবজ্ঞা করে এখনো কোটাকে প্রাধান্য দেওয়া হচ্ছে। এটা জুলাই বিপ্লবের সঙ্গে পরিপূর্ণ সাংঘর্ষিক।’
তিনি আরও বলেন, ‘পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য শুধুমাত্র কোটা রাখা যেতে পারে, কিন্তু পৌষ্য কোটায় যারা ভর্তি হয় তারা সবাই উচ্চশিক্ষিত ও ধনী পরিবার থেকে আসে। এটা চরম বৈষম্য। এরকম বৈষম্য জুলাই বিপ্লবের শহিদদের সঙ্গে বেইমানি।’
কেমিকেল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সাইন্স বিভাগের শিক্ষার্থী কিরণ হাওলাদার বলেন, ‘আবেদন ফি, ভর্তি ফি, সেমিস্টার ফি ও ক্রেডিট ফি কমানোর জন্য দীর্ঘদিন আমরা দাবি জানিয়ে আসছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে আমাদের আশ্বন্ত করা হলেও এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।’
হুঁশিয়ারি উচ্চারণ করে এই শিক্ষার্থী আরও বলেন, ‘যেসব বিষয় টেবিলে বসে সমাধান করা যায় সেসকল বিষয় সমাধান করতে যেন আমাদের মাঠে নামতে না হয়।’
৫ জানুয়ারি থেকে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে শুরু হতে যাওয়া আবেদন স্থগিত করে ফি পুনর্নির্ধারণ করার আহ্বান জানান শিক্ষার্থীরা।
৪২৬ দিন আগে
থার্টি ফার্স্ট নাইট: বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করল ঢাবি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে ৩১ ডিসেম্বর রাতে ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সোমবার (৩০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৭টা থেকে ১ জানুয়ারি ২০২৫ ভোড় ৫টা পর্যন্ত এ বিধিনিষেধ কার্যকর থাকবে।
এ সময় শাহবাগ, দোয়েল চত্বর, বার্ন ইউনিট, শিববাড়ি মোড়, ফুলার রোড, পলাশী মোড় ও নীলক্ষেত এলাকায় প্রবেশ পথ বন্ধ থাকবে।
আরও পড়ুন: প্রাতিষ্ঠানিক শিক্ষায় ফেসবুক-ইউটিউব ব্যবহার করছেন ঢাবি শিক্ষার্থীরা
শুধুমাত্র বৈধ পরিচয়পত্রধারী ঢাবি শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত যানবাহন, অ্যাম্বুলেন্সসহ জরুরি সেবার যানবাহন এবং চিকিৎসক, রোগী ও সাংবাদিক বহনকারী যানবাহন চলাচল করতে পারবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ সময়ে বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত স্থানে কোনো ধরনের অনুষ্ঠান, আতশবাজি, আকাশে ফানুস উড়ানো বা বিস্ফোরক দ্রব্য ব্যবহারের অনুমতি দেওয়া হবে না।
৪৩১ দিন আগে
জাবির ভর্তি পরীক্ষার আবেদন শুরু ৩ জানুয়ারি, পরীক্ষা হবে সাত ইউনিটে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদনের ১ জানুয়ারি থেকে পিছিয়ে ৩ জানুয়ারি করা হয়েছে। পরীক্ষা অনুষ্ঠিত হবে ১০ ইউনিটের পরিবর্তে সাত ইউনিটে।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) সৈয়দ মোহাম্মদ আলী রেজা।
তিনি বলেন, ভর্তি পরীক্ষার ইউনিট রদবদল করার কারণে ভর্তি পরীক্ষায় আবেদনের তারিখ পিছিয়ে ১ জানুয়ারি থেকে ৩ জানুয়ারি করা হয়েছে।
মুক্তিযোদ্ধার নাতি-নাতনি কোটা ও ভিসি কোটা চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে। পরীক্ষা হবে সাত ইউনিটে। এরমধ্যে সমাজ বিজ্ঞান অনুষদ (বি ইউনিট) ও জীববিজ্ঞান অনুষদ (ডি ইউনিট) এর পরীক্ষা অপরিবর্তিত থাকবে।
কলা ও মানবিকী অনুষদের (সি ইউনিট) সঙ্গে আইন অনুষদ এবং তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটকে যুক্ত করা হয়েছে।
ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (এইচ ইউনিট) এবং গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদকে (এ ইউনিট) একসঙ্গে যুক্ত করা হয়েছে।
চারুকলা ও নাট্য ও নাট্যতত্ত্ব বিভাগের জন্য সি১ ইউনিট, ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবি-জেইউ) এবং বিজনেস স্টাডিজ অনুষদের ভর্তি পরীক্ষা (ই ইউনিটেই) অনুষ্ঠিত হবে।
এ বিষয়ে জানতে চাইলে প্রত্নতত্ত্ব বিভাগের ৫৩ তম ব্যাচের শিক্ষার্থী ইহসান জিহাদ বলেন, ‘জাবি ভর্তি পরীক্ষায় শিফট কমানোয় প্রশাসনকে ধন্যবাদ। এতে করে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আবেদনের জন্য বাড়তি টাকা গুনতে হবেনা। ভোগান্তিও কমবে আশা করি।’
৪৩২ দিন আগে