খেলাধুলা
সহজ জয়ে সুপার কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদ
ধীরগতির ফুটবল ম্যাচে তেমন কোনো চ্যালেঞ্জ ছাড়াই অনুমিত জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। এর ফলে টানা দ্বিতীয়বারের মতো স্প্যানিশ সুপার কাপের ফাইনালে উঠল গতবারের চ্যাম্পিয়নরা। পাশাপাশি আরও একটি এল ক্লাসিকো ফাইনাল দেখার সুযোগ মিলল ফুটবলভক্তদের।
সৌদি আরবে স্প্যানিশ সুপার কাপের দ্বিতীয় সেমিফাইনালে মায়োর্কাকে ৩-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।
ম্যাড়েমেড়ে প্রথমার্ধ শেষে দ্বিতীয়ার্ধেও তেমন কোনো উত্তেজনা ছড়াতে পারেনি দুই দল। তবে তিনটি গোলই হয়েছে ম্যাচের দ্বিতীয়ার্ধে।
৬৩তম মিনিটে খানিকটা ভাগ্যের জোরে রিয়ালের গোলের খাতা খোলেন জুড বেলিংহ্যাম। ডান পাশ দিয়ে চমৎকার এক আক্রমণে উঠে মায়োর্কার বক্সে ঢুকে পেনাল্টি স্পটের দিকে ব্যাক পাস দেন ভিনিসিয়ুস। তা থেকে দূরের পোস্টে শট নিলে রদ্রিগোর সেই শট পোস্টে লেগে ফিরে আসে। ফিরতি বল পেয়ে সঙ্গে সঙ্গে গোলে শট নেন এমবাপে, তবে দারুণ ক্ষিপ্রতায় মায়োর্কা গোলরক্ষক তা ফিরিয়ে দিলে সামনে থাকা বেলিংহ্যাম পেয়ে যান। এরপর ঠান্ডা মাথায় গোলরক্ষক ও ডিফেন্ডারদের মাঝ দিয়ে লক্ষ্যভেদ করেন তিনি। ফলে হতাশ হয় মায়োর্কা।
গোল খাওয়ার পরও সমতায় ফিরতে তেমন জোর চেষ্টা ছিল না দলটির। এর মাঝে সুযোগ তৈরি অব্যাহত রাখে রিয়াল মাদ্রিদ। আর তা প্রতিহত করতেই সময় যায় মায়োর্কার খেলোয়াড়দের।
আরও পড়ুন: বিলবাওকে হারিয়ে সুপার কাপের ফাইনালে বার্সেলোনা
এমতাবস্থায় নির্ধারিত নব্বই মিনিটের খেলা শেষ হলে ১-০ গোলেই ম্যাচ শেষ হওয়ার আভাস পাওয়া যাচ্ছিল। তবে অতিরিক্ত যোগ করা ৬ মিনিটের তৃতীয় মিনিটে এমবাপের শট প্রতিহত করতে গিয়ে বলের দিক পরিবর্তন করে দেন মায়োর্কা ডিফেন্ডার মার্তিন ভালিয়েন্ত। আর বল জালে জড়িয়ে গেলে আত্মঘাতী গোলের গ্লানিতে পুড়তে হয় তাকে।
এর দুই মিনিট পর গোল পেয়ে যান রদ্রিগোও। লুকাস ভাসকেসের বাড়ানো বল থেকে গোল আদায় করে নিয়ে স্কোরলাইন ৩-০ করে ফেলেন তিনি। এতে দলকে ফাইনালে নেওয়ার পাশাপাশি গোল করে নিজের জন্মদিন উদযাপন করেন এই ব্রাজিলীয় ফরোয়ার্ড।
আগামী রবিবার ফাইনালে তাদের প্রতিপক্ষ রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়ন বার্সেলোনা। সেদিন জিতলে সুপার কাপ জয়ের হিসাবে চির প্রতিদ্বন্দ্বীদের পাশে বসবে রিয়াল (১৩)।
গত মৌসুমেও সুপার কাপে এল ক্লাসিকো ফাইনাল দেখেছিল ফুটবল বিশ্ব। সেবার বার্সাকে ৪-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বর্তমান লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ শিরোপাধারীরা। টানা দ্বিতীয়বার ফের ফিরতে চলেছে সেই একই ফাইনাল।
৪৮১ দিন আগে
টানা ৩ উইকেট পতনের পর ৬ বলে ৩০ রান, রংপুরের অবিশ্বাস্য জয়
শেষ দুই ওভারে যখন ৩৯ রানের প্রয়োজন, সেখানে ১৯তম ওভারের প্রথম দুই বলে ইফতিখার আহমেদ দুটি ছক্কা হাঁকিয়ে রংপুরের সমর্থকদের মনে অনেকটা আশার সঞ্চার করলেও পরের তিন বলে তিন উইকেট পড়ে গেলে আশার সেই বেলুনর চুপসে যায়। এরপর শেষ ওভারে নুরুল হাসান সোহান যা করলেন, তার জন্য কেউ প্রস্তুত ছিল না।
শেষ ওভারে যখন ২৬ রান প্রয়োজন, তখন ব্যাট হাতে অভাবনীয় কায়দায় জ্বলে উঠলেন তিনি। প্রথম চার বলে ৬, ৪, ৪ ও ৬ হাঁকানোয় শেষ ২ বলে দরকার ছিল ৬ রান। পঞ্চম বলে হাঁকালেন ৪ আর শেষ বলে ছক্কা হাঁকিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দিলেন রংপুর রাইডার্সের নাবিক সোহান।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ম্যাচে ফরচুন বরিশালকে ৩ উইকেটে হারিয়েছে রংপুর। প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৯৭ রান করে বরিশাল। জবাবে শেষ বল পর্যন্ত খেলে জয় নিশ্চিত করে সোহানের দল।
এ নিয়ে ৬ ম্যাচের সবগুলোতেই জিতল রংপুর। অন্যদিকে ৫ ম্যাচে বরিশালের দ্বিতীয় হার এটি। দুই দলের প্রথম দেখাতেও বরিশালকে হারিয়েছিল রংপুর। ওই ম্যাচটি তারা জেতে ৮ উইকেটে।
আরও পড়ুন: বরিশালকে হেসেখেলে হারিয়ে রংপুরের জয়যাত্রা অব্যাহত
গত কয়েক ম্যাচে দারুণ পারফর্ম করা অ্যালেক্স হেলস এদিন শুরুতেই আউট হয়ে যান। দ্বিতীয় ওভারের প্রথম বলে এই ওপেনারকে হারিয়ে বেশ কিছুটা চাপে পড়ে যায় রংপুর, যার প্রভাব পড়ে তাদের রানরেটে। তবে অষ্টম ওভার থেকে লক্ষ্য তাড়ায় মনোযোগী হয় তারা।
সপ্তম ওভারের শেষ বলে ২২ রান করে (১৯ বলে) সাইফ হাসান সাজঘরে ফিরলে ইফতিখার আহমেদের সঙ্গে ১২ বলে ২৫ রানের ঝড়ো জুটি গড়েন তৌফিক খান। ২৮ বলে ৩৮ রান করে তিনিও ফিরে গেলে আরেক পাকিস্তানি ব্যাটার খুশদিল শাহের সঙ্গে ৫৩ বলে ৯১ রানের জুটি গড়ে দলকে জয়ের পথে এগিয়ে নিয়ে যান ইফতিখার।
এরপর ১৭.৫তম ওভারে শাহিন আফ্রিদির বলে ইফতিখার ফিরে গেলে পরের ওভারের প্রথম দুই বলে দুটি ছক্কা মেরে লক্ষ্য একরমক বাগে নিয়ে আসেন খুশদিল। কিন্তু পরের বলে তিনি আউট হয়ে গেলে তার পরের দুই বলে জাহান্দাদ খান শেখ মেহেদী ও সাইফউদ্দীনকেও ফিরিয়ে দিলে অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়ায় বরিশাল। আর সেখান থেকে প্রত্যাবর্তনের অভাবনীয় গল্প লিখে বরিশালের কাছ থেকে জয় ছিনিয়ে নেন সোহান।
রংপুরের হয়ে ২৪ ও ৩৬ বলে সর্বোচ্চ ৪৮ করে রান করেন যথাক্রমে খুশদিল ও ইফতিখার; তৌফিক করেন ৩৮ আর ৭ বল খেলে অধিনায়ক সোহানের রান ৩২।
অপরদিকে, বরিশালের বোলারদের মধ্যে সর্বোচ্চ দুটি উইকেট নেন জাহানান্দ খান।
সংক্ষিপ্ত স্কোর
ফরচুন বরিশাল: ১৯৭/৫ (কাইল মেয়ার্স ৬১*, শান্ত ৪১, তামিম ৪০; কামরুল ২/৪৭, আকিফ ১/১৬)।
রংপুর রাইডার্স: ২০২/৭ (খুশদিল ৪৮, ইফতিখার ৪৮, তৌফিক ৩৮, সোহান ৩২*; জাহান্দাদ ২/৪৮)।
ফলাফল: রংপুর রাইডার্স ৩ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: নুরুল হাসান সোহান।
৪৮১ দিন আগে
লিভারপুলকে মাটিতে নামাল টটেনহ্যাম
চলতি মৌসুমে হারতে যেন ভুলেই গিয়েছিল লিভারপুল, রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি, এসি মিলান, লাইপসিগ— বড় বড় দলগুলোর কে হারেনি তাদের কাছে! উড়তে থাকা সেই লিভারপুলকে এবার মাটিতে নামাল টটেনহ্যাম হটস্পার।
টটেনহ্যাম হটস্পার স্টেডিয়ামে বুধবার রাতে ক্যারাবাও কাপের সেমিফাইনালের প্রথম লেগে আর্নে স্লটের অপ্রতিরোধ্য দলটিকে ১-০ গোলে পরাজিত করে ফাইনালের দৌড়ে এগিয়ে গেছে চলতি মৌসুমে ভুগতে থাকা আগ্নে পোস্তেকোগ্লুর শিষ্যরা।
ম্যাচজুড়ে লিভারপুলকে সমানে টক্কর দিয়ে ৮৬তম মিনিটে জয়সূচক একমাত্র গোলটি করেন টটেনহ্যামের ১৮ বছর বয়সী সুইডিশ মিডফিল্ডার লুকাস বেয়ার্গভাল।
নিজেদের বক্সের সামান্য বাইরে থেকে পেদ্রো পরোর কাছ থকে উড়ন্ত লং পাস পেয়ে লিভারপুলের বক্সে ঢুকে গোলমুখে পাস বাড়ান ডমিনিক সোলাঙ্কে, তা থেকে গোল আদায় করে ঘরের সমর্থকদের আনন্দে ভাসান বেয়ার্গভাল।
এর ফলে গত বছরের ১৪ সেপ্টেম্বরের পর চলতি মৌসুমে মাত্র দ্বিতীয়বার হারের মুখ দেখল অল রেডরা। সেদিন প্রিমিয়ার লিগের চতুর্থ ম্যাচে নটিংহ্যাম ফরেস্টের কাছে ১-০ গোলে হারে তারা। এরপর টানা ২৪ ম্যাচ অপরাজিত (২০ জয় ও ৪ ড্র) ছিল লিভারপুল।
এছাড়া চলতি মৌসুমে সব মিলিয়ে ২৯ ম্যাচে দ্বিতীয়বার হারল তারা। এর মধ্যে ২৩ ম্যাচে জয় এবং ৪টি ম্যাচ ড্র করে স্লটের শিষ্যরা।
আগামী ৬ ফেব্রুয়ারি অ্যানফিল্ডে সেমিফাইনালের দ্বিতীয় লেগে টটেনহ্যামকে আতিথ্য দেবে লিভারপুল। ফাইনালে পৌঁছাতে হলে ওই ম্যাচে ২ গোলের ব্যবধানে জয়ের বিকল্প নেই দলটির।
আরও পড়ুন: বিলবাওকে হারিয়ে সুপার কাপের ফাইনালে বার্সেলোনা
৪৮২ দিন আগে
বিলবাওকে হারিয়ে সুপার কাপের ফাইনালে বার্সেলোনা
হান্সি ফ্লিকের অধীনে দুর্দান্তভাবে মৌসুম শুরু করলেও বছরের শেষদিকে এসে খেই হারিয়েছিল বার্সেলোনা। তবে পুরনো ক্লেশ ঝেড়ে ফেলে নতুন বছরে ফের জয়যাত্রা শুরু করেছে দলটি।
শনিবার কোপা দেল রের ম্যাচে চতুর্থ স্তরের দল বারবাস্ত্রোকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে বছর শুরু করা বার্সেলোনার সামনে দ্বিতীয় ম্যাচেই ছিল শক্ত প্রতিপক্ষ— আথলেতিক বিলবাও। তবে সেই পরীক্ষাতেও সফলতার সঙ্গে উত্তীর্ণ হয়ে নতুন বছরে ভালো শুরুর ইঙ্গিত দিয়েছে নানা সমস্যায় জর্জরিত কাতালানরা।
বুধবার রাতে সৌদি আরবে অনুষ্ঠিত স্প্যানিশ সুপার কাপের প্রথম সেমিফাইনালে বিলবাওকে ২-০ গোলে হারিয়েছে বার্সেলোনা।
ম্যাচের ১৭তম মিনিটে গোল করে বার্সেলোনাকে এগিয়ে নেন গাভি। অসংখ্য সুযোগ হাতছাড়া করার মাঝে ৫২তম মিনিটে দ্বিতীয় গোলটি করেন লামিন ইয়ামাল। সুযোগ পেয়েছিলেন বিলবাওয়ের খেলোয়াড়রাও তবে বার্সার অফসাইডের ফাঁদ আর নিজেদের ভুলের খেসারত দিতে হয়েছে দলটির।
আরও পড়ুন: হেরে ১২৬তম বছর শুরু বার্সেলোনার
এদিন ম্যাচের প্রথম থেকেই বিলবাওয়ের ওপর ছড়ি ঘোরাতে থাকে বার্সেলোনা। এর পরিপ্রেক্ষিতে চতুর্থ মিনিটেই পাল্টা আক্রমণে উঠে পরপর দুটি সুযোগ তৈরি করেন জুল কুন্দে-রাফিনিয়ারা। তবে ফিনিশিংয়ের অভাবে দুটিই মাঠে মারা যায়।
ম্যাচের প্রথম দশ মিনিট ৭০ শতাংশ সময় বলের নিয়ন্ত্রণ রেখে মাঠে একক আধিপত্য বিস্তার করে বার্সেলোনা। তবে এর পর খানিকটা ঝিমিয়ে যায় তারা। এ সময় সুযোগ কাজে লাগানোর পরিবর্তে ধীর লয়ে খেলতে থাকে বিলবাও-ও। ফলে ম্যাচের গতি বেশ পড়ে যায়। অবশ্য এর মধ্যেই ম্যাচর সপ্তদশ মিনিটে চকিতে আক্রমণে উঠে গোল আদায় করে নেয় হান্সি ফ্লিকের শিষ্যরা।
পেদ্রির লং পাস ধরে বাঁ পাশ দিয়ে এগিয়ে গিয়ে বিলবাওয়ের ডিফেন্স চিরে ছয় গজ বক্সের মধ্যে নিচু ক্রস দেন আলেহান্দ্রো বালদে। আর দুই ডিফেন্ডারের চ্যালেঞ্জ সামলে তা থেকে গোল আদায় করে দলকে এগিয়ে নেন গাভি।
গোল পাওয়ার পর ফের উজ্জীবীত ফুটবলে ফেরে বার্সেলোনা। আরও পিছিয়ে পড়া ঠেকাতে মনোযোগী হয় এরনেস্তো ভালভের্দের শিষ্যরাও। ফলে আবারও জমে ওঠে ম্যাচ।
ম্যাচের ২৩তম মিনিটে বিলবাও গোলরক্ষক উনাই সিমোনকে একা পেয়েও ফিনিশিংয়ের অভাবে নিশ্চিত গোলের সুযোগ হাতছাড়া করেন রাফিনিয়া। তবে রাফিনিয়ার শট সিমোন ঠেকিয়ে দিলে তা চলে যায় পেছনে থাকা লামিনের কাছে। তিনি দুর্বল শট নিলে সেটিও প্রতিহত করে দলকে বিপদমুক্ত করেন সিমোন।
প্রথমার্ধের শেষের মিনিট দশেক সমতায় ফিরতে জোর চেষ্টা চালায় বিলবাও। একের পর এক আক্রমণেও ওঠে তারা। তবে ফিনিশিংয়ের ব্যর্থতা আর বার্সেলোনার খেলোয়াড়দের সম্মিলিত প্রচেষ্টায় তাদের আর গোলের মুখ দেখা হয়ে ওঠেনি। ফলে ব্যবধানে ধরে রেখেই বিরতিতে যায় কাতালানরা।
আরও পড়ুন: দ্বিতীয়ার্ধের চরম নাটকীয়তা শেষে ডর্টমুন্ড বধ বার্সেলোনার
প্রথমার্ধে ৫৩ শতাংশ সময় বলের দখল রেখে ৬টি শট নেয় বার্সেলোনা, যার চারটিই লক্ষ্যে রাখতে সক্ষম হয় তারা। অপরদিকে, বিলবাও পাঁচটি শট নিলেও তার মাত্র একটি লক্ষ্যে ছিল।
৪৮২ দিন আগে
শাস্তি কমলেও ২ ম্যাচ নিষিদ্ধই থাকছেন ভিনিসিউস
ভ্যালেন্সিয়া গোলরক্ষকের সঙ্গে বিবাদে জড়িয়ে লাল কার্ড দেখার পর এবার আরও বড় শাস্তি পেলেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলীয় উইঙ্গার ভিনিসিউস জুনিয়র। পরবর্তী দুই ম্যাচের জন্য তার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন।
লা লিগার ম্যাচে গত শুক্রবার (৩ জানুয়ারি) ভালেন্সিয়া গোলরক্ষক স্তোলে দিমিত্রিয়েভস্কির মুখে আঘাত করায় লাল কার্ড দেখেন ভিনিসিউস। শুরুতে পিছিয়ে পড়েও জুড বেলিংহ্যামের শেষ মুহূর্তের গোলে ২-১ ব্যবধানে ম্যাচটি জেতে রিয়াল মাদ্রিদ।
এক দিন পর রিয়াল বস কার্লো আনচেলত্তি দাবি করেন, ভিনিসিউসের ওই ঘটনাটি লাল কার্ড পাওয়ার মতো ছিল না এবং তার শাস্তি এড়ানোর ব্যাপারে আশা প্রকাশ করেন এই কোচ।
তবে আইন ভাঙায় সর্বোচ্চ শাস্তির মুখে না পড়লেও ন্যূনতম (২ ম্যাচ) শাস্তি পেতে হচ্ছে ২৪ বছর বয়সী এই ফরোয়ার্ডকে। এই শাস্তি এড়াতে আপিল করেছিল রিয়াল মাদ্রিদ। রিয়ালের আপিলের পর শাস্তি না কমিয়ে এই নিষেধাজ্ঞা কেবল লা লিগার ম্যাচে সীমাবদ্ধ করেছে কর্তৃপক্ষ। ফলে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) স্প্যানিশ সুপার কাপের ম্যাচে খেলতে আর বাধা থাকছে না ভিনির।
শাস্তির ঘোষণা আসার পর নিজের আচরণ নিয়ে ক্ষমা চেয়েছেন ভিনিসিউস।
সৌদি আরবে অনুষ্ঠিত হতে চলা চার দলের স্প্যানিশ সুপার কাপের ফাইনালে ওঠার লক্ষ্যে এবার মায়োর্কার মোকাবিলা করবে রিয়াল মাদ্রিদ। আর আজ (বুধবার) রাতে আথলেতিক বিলবাউয়ের মুখোমুখি হবে বার্সেলোনা।
সুপার কাপ থেকে অব্যহতি পাওয়ায় লা লিগায় পরের দুই ম্যাচে ১৯ জানুয়ারি লাস পালমাস ও ২৬ জানুয়ারি রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে তাকে পাবে না রিয়াল মাদ্রিদ।
ভ্যালেন্সিয়ার বিপক্ষে জয়ের পর লা লিগায় ১৯ ম্যাচে ১৩ জয় ও ৪ ড্রয়ে ৪৩ পয়েন্ট নিয়ে নতুন বছরের শুরুতেই টেবিলের শীর্ষস্থানে বসেছে বর্তমান চ্যাম্পিয়নরা। এক ম্যাচ কম খেলে ২ পয়েন্ট কম নিয়ে দুইয়ে রয়েছে নগর প্রতিদ্বন্দ্বী আতলেতিকো মাদ্রিদ। এছাড়া পয়েন্ট খোয়াতে খোয়াতে শীর্ষস্থান হারিয়ে ৩৮ পয়েন্ট নিয়ে তিনে নেমে গেছে হারের বৃত্তে ঘুরপাক খাওয়া বার্সেলোনা।
৪৮২ দিন আগে
বিপিএল: সিলেটকে ৮ উইকেটে হারাল রংপুর রাইডার্স
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সিলেট পর্বের প্রথম ম্যাচে অ্যালেক্স হেলসের সেঞ্চুরিতে সিলেট স্ট্রাইকার্সকে ৮ উইকেটে হারিয়েছে রংপুর রাইডার্স।
সোমবার (৬ জানুয়ারি) রংপুর রাইডার্সের বিপক্ষে ঘরের মাঠে পরাজয়ের মুখে পড়ে সিলেট স্ট্রাইকার্স।
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ২০৫ রান করে সিলেট। তাদের হয়ে রনি তালুকদার, জাকির হাসান ফিফটি করেন এবং জাকের আলী ও অ্যারন জোন্সের জ্বলে উঠে তাদের শক্তিশালী স্কোর এনে দেয়।
শেষ পাঁচ ওভারে ৭৪ রান তুলতে সক্ষম হয় সিলেট। শেষ ওভারে আকিফ জাভেদের বোলিংয়ে জোন্স ও জাকের ৪টি ছক্কা হাঁকান। অন্যদিকে রংপুর রাইডার্সের হয়ে সবচেয়ে দক্ষতার সঙ্গে বল করেন মোহাম্মদ সাইফউদ্দিন। নিজের চার ওভারে ৩১ রান দিয়ে দুটি উইকেট তুলে নেন তিনি।
অপর পক্ষে ব্যাটসম্যান আজিজুল হাকিমকে শূন্য রানে হারায় রাইডার্স। তবে অ্যালেক্স হেলস এবং সাইফ হাসান তাদের বড় অঙ্কের মোট রান তুলে মূল ভিত্তি গড়েন।
অ্যালেক্স ১০টি চার ও ৭টি ছক্কায় ৫৬ বলে ১১৩ রান এবং সাইফ ৪৯ বলে ৩টি চার ও ৭টি ছক্কায় ৮০ রান করেন।
তাদের ব্যাটিং দক্ষতা পুরো রান সংগ্রহ করার সময় কাঙ্ক্ষিত হার নিয়ন্ত্রণে রেখেছিল। ১৮তম ওভারে সাইফ আউট হলেও লক্ষ্যে পৌঁছানোর দূরত্বে ছিল রংপুর রাইডার্স।
রাইডার্স ১৯ ওভারে লক্ষ্যে পৌঁছে যায়। ২ উইকেটে ২১০ রান তুলে নেয়। ম্যাচ জেতানো সেঞ্চুরির জন্য ম্যাচসেরা হয়েছেন অ্যালেক্স হেলস।
আরও পড়ুন: বিপিএল: রংপুরের বিপক্ষে বড় স্কোর সিলেটের
৪৮৪ দিন আগে
বিপিএল: রংপুরের বিপক্ষে বড় স্কোর সিলেটের
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সিলেট পর্ব শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ঘরের দর্শকদের সামনে জ্বলে উঠলেন সিলেট স্ট্রাইকার্সের স্থানীয় খেলোয়াড়রা।
সোমবার (৬ জানুয়ারি) ঘরের মাঠে জাকির হাসান (৫০) ও জাকের আলীর (৫ বলে ২০) ব্যাটিং, রনি তালুকদিয়েরের হাফ সেঞ্চুরি ও অ্যারন জোন্সের ৩৮ রানের ঝড়ো ইনিংস খেলে ৪ উইকেটে ২০৫ রান করে সিলেট।
টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় সাবেক চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স।
জর্জ মুনসে ১৮ রানে আউট হওয়ার আগে পাঁচ ওভারে ৪৭ রান নিয়ে দারুণভাবে শুরু করেন সিলেটের দুই ওপেনার।
৩২ বলে ৭টি চার ও ৩টি ছক্কায় ৫৪ রানের ইনিংস খেলে ধারাবাহিকতা ধরে রাখেন রনি তালুকদার। তিন নম্বরে ব্যাট করতে নামা জাকির হাসান ৩৮ বলে ৪টি ছক্কাসহ ৫০ রান করেন।
শেষ পাঁচ ওভারে অ্যারন জোন্স ও জাকের আলীর দুরন্ত সমাপনীতে ৭৪ রান যোগ করে সিলেট। শেষ ওভারে আকিফ জাভেদের বলে চার ছক্কা হাঁকান তারা।
রাইডার্সের হয়ে মোহাম্মদ সাইফউদ্দিন দুটি উইকেট নেন।
আরও পড়ুন: পিএসএল প্লেয়ার্স ড্রাফটে ৮ বাংলাদেশি ক্রিকেটার
৪৮৪ দিন আগে
যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননায় ভূষিত হয়েও পুরস্কার নিতে যাননি মেসি
নিজের দীর্ঘ ক্যারিয়ারে বহু পুরস্কার জেতা লিওনেল মেসির সাফল্যের মুকুটে যোগ হয়েছে আরও একটি পালক। ইতিহাসের মাত্র দ্বিতীয় এবং প্রথম পুরুষ ফুটবলার হিসেবে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘মেডেল অব ফ্রিডম’ জিতেছেন এই আর্জেন্টাইন মায়েস্ত্রো। তবে ফুটবলকে অগ্রাধিকার দিয়ে সেই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি তিনি।
শৈশবের ক্লাব বার্সেলোনা ছেড়ে পিএসজি হয়ে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন মেসি। সেখানে ডেভিড বেকহ্যামের ক্লাব ইন্টার মায়ামির পোস্টার বয় তিনি।
যুক্তরাষ্ট্রে পা দিয়েই দেশটির ফুটবলের ভোল পাল্টে দিয়েছেন মেসি। ফুটবলকে ‘সকার’ বলা আমেরিকানরা একসময় ফুটবলের চেয়ে হাতে নিয়ে দৌড়ানো কলেজ ফুটবলকে বেশি গুরুত্ব দিলেও লিওনেল মেসি যখন থেকে যুক্তরাষ্ট্রের মাঠে নামতে শুরু করেছেন, তখন থেকেই ফুটবল মাঠে শুরু হয়েছে উপচে পড়া ভিড়।
বরাবর টেবিলের তলানিতে থাকা ইন্টার মায়ামির জার্সি গায়ে জড়ানোর দুই বছরের মধ্যে তিনি ক্লাবটিকে জিতিয়েছেন ইতিহাসের প্রথম সাপোর্টার্স শিল্ড ট্রফি। হয়েছেন সৌমুমসেরা ফুটবলারও। এবার দেশটির ফুটবলে অবদান রাখার স্বীকৃতি হিসেবে মেডেল অব ফ্রিডম জিতলেন মেসি।
প্রতি বছর যুক্তরাষ্ট্রের নানা ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য প্রেসিডেন্টের পক্ষ থেকে দেওয়া হয় এই পুরস্কার। যুক্তরাষ্ট্রের নারী ফুটবলার মেগান রাপিনোর পর মাত্র দ্বিতীয় ফুটবলার হিসেবে এ বছর এই পুরস্কার জিতলেন মেসি।
গতকাল (শনিবার) রাতে যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের কাছ থেকে পদক বুঝে নেওয়ার কথা ছিল তার। কিন্তু হোয়াইট হাউসের ওই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি আর্জেন্টাইন অধিনায়ক।
ইন্টার মায়ামির অনুশীলনের সময়ের সঙ্গে মিলে যাওয়ায় নিজ হাতে পুরস্কার গ্রহণ করতে পারেননি মেসি। তার পক্ষে পুরস্কারটি গ্রহণ করে ইন্টার মায়ামি কর্তৃপক্ষ।
তবে অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারায় দুঃখ প্রকাশ করেছেন তিনি। এ বিষয়ে ক্লাবের মাধ্যমে মেসি হোয়াইট হাউসে একটি চিঠি পাঠান।
আরও পড়ুন: লামিনের মাঝে নিজের কৈশোর দেখতে পান মেসি
চিঠিতে মেসি লেখেন, আমি এই পুরস্কার পেয়ে খুবই সম্মানিত বোধ করছি। এই খেতাবে ভূষিত করায় আমি যুক্তরাষ্ট্র ও প্রেসিডেন্ট বাইডেনের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। দুর্ভাগ্যবশত, অন্যান্য ব্যস্ততার কারণে আমি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারিনি।
মেসিকে পুরস্কার দেওয়ার বিষয়ে এক বিবৃতিতে হোয়াইট হাউস লিখেছে, তিনি পেশাদার ফুটবলের ইতিহাসে সবচেয়ে সফল খেলোয়াড়। লিওনেল মেসি ফাউন্ডেশন এবং ইউনিসেফের শুভেচ্ছা দূত হিসেবে বিশ্বজুড়ে শিশুদের স্বাস্থ্য ও শিক্ষার বিষয়েও তিনি কাজ করে যাচ্ছেন।
মেসি ছাড়াও এ বছর অন্যদের মধ্যে মেডেল অব ফ্রিডম পেয়েছেন বাস্কেটবল কিংবদন্তি ম্যাজিক জনসন, হলিউড তারকা ডেনসেল ওয়াশিংটন, মাইকেল জে ফক্স, সাবেক ফার্স্ট লেডি হিলারি ক্লিনটনসহ মোট ১৯ জন।
৪৮৫ দিন আগে
পিএসএল প্লেয়ার্স ড্রাফটে ৮ বাংলাদেশি ক্রিকেটার
পাকিস্তান সুপার লিগ (পিএসএল) সাধারণত মার্চে শুরু হলেও আইসিসি চ্যাম্পিয়নশিপ ট্রফির কারণে এবারের (দশম) আসর শুরু হওয়ার কথা এপ্রিল মাসে। এ উপলক্ষে চলতি মাসের ১১ তারিখ হয়ে যাবে টুর্নামেন্টের প্লেয়ার ড্রাফট। ইতোমধ্যে ড্রাফটে জায়গা পাওয়া ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে পিসিবি, যেখানে যায়গা পেয়েছেন বাংলাদেশের ৮ ক্রিকেটার।
পাকিস্তানের বৃহত্তম প্রদেশ বেলুচিস্তানের নান্দনিক সৌন্দর্য্যের শহর গোয়াদরে অনুষ্ঠিত হবে এবারের ড্রাফট। পাঁচ ক্যাটাগরিতে বাংলাদেশসহ মোট ১৯টি দেশের ৫১০ জন বিদেশি ক্রিকেটার ড্রাফটের জন্য নিবন্ধন করেছেন। এর মধ্যে ওই আট বাংলাদেশি ক্রিকেটার স্থান পেয়েছেন শীর্ষ দুই ক্যাটাগরি প্লাটিনাম ও ডায়মন্ডে।
তারা হলেন— সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, রিশাদ হোসেন, তানজিম হাসান ও তৌহিদ হৃদয়।
এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের সঙ্গে একই সময়ে পিএসএল অনুষ্ঠিত হওয়ায় ক্রিকেটাররা খানিকটা অস্বস্তিতে পড়ে গেছেন। তবে যেসব বিদেশি খেলোয়াড় আইপিএলে দল পাননি, তাদের অনেকেই পিএসএলের ড্রাফটে নাম দিয়েছেন।
তাদের মধ্যে অন্যতম বড় নাম— অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার, অ্যালেক্স ক্যারি ও ক্রিস লিন, নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল, টিম সাউদি, ড্যারিল মিচেল, জিমি নিশাম, মাইকেল ব্রেসওয়েল, ফিন অ্যালেন ও মার্ক চ্যাপম্যান, দক্ষিণ আফ্রিকার টেম্বা বাভুমা, রেসি ফন ডার ডুসেন ও রিজা হেনড্রিকস।
এছাড়া রয়েছেন— শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথুস, কুশল মেন্ডিস, চারিত আসালাঙ্কা, দাসুন শানাকা ও পাতুম নিশাঙ্কা, ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার, এভিন লুইস, কাইল মায়ার্স ও ব্র্যান্ডন কিং, ইংল্যান্ডের জেসন রয়, অ্যালেক্স হেলস, ডাউইড মালান ও স্যাম বিলিংস, আফগানিস্তানের মোহাম্মদ নবী, মুজিব উর রহমান ও হজরতউল্লাহ জাজাই এবং জিম্বাবুয়ের রায়ান বার্ল।
এর আগে, গত বুধবার (১ জানুয়ারি) এক প্রতিবেদনে পিএসএলে ৩০ বাংলাদেশি ক্রিকেটারের নিবন্ধনের কথা জানিয়েছিল ক্রিকেট পাকিস্তান। তাই বাকিরা গোল্ড, সিলভার ও ইমার্জিং— এ তিন ক্যাটাগরিতে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
৪৮৫ দিন আগে
বরিশালকে হেসেখেলে হারিয়ে রংপুরের জয়যাত্রা অব্যাহত
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে দুর্দান্ত শুরু করেছে রংপুর রাইডার্স। দলটির জয়ের ধারায় এবার কাটা পড়ল তারকায় ঠাসা বরিশাল।
মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিপিএলে দিনের দ্বিতীয় ম্যাচে ফরচুন বরিশালকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে নুরুল হাসান সোহানের দল।
প্রথম দুই ম্যাচে আগে ব্যাট করে প্রতিপক্ষকে আটকে দিয়ে জিতেছিল রংপুর। অপরদিকে, দুর্বার রাজশাহীর বিপক্ষে ১৯৮ রান তাড়া করে ১১ বল বাকি থাকতেই নিজেদের প্রথম ম্যাচটি জিতে নেয় বরিশাল। ফলে তারকাসমৃদ্ধ দুই দলের এই ম্যাচটি নিয়ে একটু বাড়তি উত্তেজনাই ছিল।
আজ টস জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান নেন রংপুর অধিনায়ক সোহান। এরপর তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ, শান্ত, তৌহিদ হৃদয় ও কাইল মেয়ার্সদের নিয়ে গড়া শক্তিশালী ব্যাটিং লাইন-আপ ধসিয়ে দিয়ে বরিশালকে ১২৪ রানে গুটিয়ে দেন রংপুরের বোলাররা।
১২৫ রানের লক্ষ্য তাড়ায় নেমে দ্বিতীয় ওভারেই ইকবাল হোসেন ইমনের জোড়া শিকারে পরিণত হন আজিজুল হাকিম তামিম ও তৌফিক খান। দুজনকেই ফিরতে হয় রানের খাতা খোলার আগেই। এরপর সাইফ হাসানকে সঙ্গে নিয়ে ১৫ ওভারেই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন অ্যালেক্স হেলস।
রংপুরের হয়ে সর্বোচ্চ রানের ইনিংসটি খেলেন অবশ্য সাইফ। ৪৬ বলে তিনটি ছক্কা ও ৬টি চারের সাহায্যে ৬২ রান করেন তিনি। অপর প্রান্তে তিন ছক্কা ও চারটি চারে ৪৯ রান করে অপরাজিত থাকেন হেলস।
টানা তিন জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের অন্য দলগুলোর চেয়ে অনেকটা এগিয়ে গেল রংপুর। বাকি দলগুলো এক বা দুই ম্যাচ খেলে এখনও দুই পয়েন্টের বেশি সংগ্রহ করতে পারেনি।
রংপুর ছাড়া এখন পর্যন্ত অপরাজিত দল রয়েছে শুধু খুলনা টাইগার্স। প্রথম ম্যাচে চিটাগং কিংসকে হারানো খুলনা নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামীকাল ঢাকা ক্যাপিটালসের মোকাবিলা করবে।
সংক্ষিপ্ত স্কোর
ফরচুন বরিশাল: ১২৪/১০ (১৮.২ ওভার) (তামিম ২৮, নবী ২১, মুশফিক ১৫; খুশদিল ৩/১৮, ইফতিখার ২/১০, নাহিদ ২/৩২)।
রংপুর রাইডার্স: ১২৮/২ (১৫ ওভার) (সাইফ ৬২*, হেলস ৪৯*; ইমন ২/৪১)।
ফলাফল: রংপুর রাইডার্স ৮ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: সাইফ হাসান।
৪৮৮ দিন আগে