ক্রিকেট
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাইজমানি বাড়াল আইসিসি
ক্রিকেটে নারী-পুরুষ বৈষম্য দূর করতে এবার অভিনব এক উদ্যোগ নিয়েছে আইসিসি। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাইজমানি বাড়িয়ে এখন পুরুষ ক্রিকেটারদের সমান করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) আইসিসির এক বিবৃতিতে বলা হয়েছে, নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাইজমানি বাড়িয়ে ৭.৯৬ মিলিয়ন মার্কিন ডলার করা হয়েছে। এর মধ্যে বিজয়ী দল পাবে ২.৩৪ মিলিয়ন ডলার যা গত আসরের ১ মিলিয়ন ডলার প্রাইজমানির দ্বিগুণের বেশি। আর রানার-আপ দল পাবে ১.১৭ মিলিয়ন ডলার, গত যা আসরে ছিল অর্ধেকেরও কম (৫ লাখ ডলার)।
এছাড়া সেমিফাইনাল খেলা অপর দুই দল পাবে ৬ লাখ ৭৫ হাজার ডলার করে, ২০২৩ আসরের চেয়ে (২ লাখ ১০ হাজার) যা তিন গুণেরও বেশি।
আরও পড়ুন: বাংলাদেশ থেকে সরে আমিরাতে গেল নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ
১০ দলের এই প্রতিযোগিতায় গ্রুপ পর্বে প্রতিটি জয়ের জন্য দেওয়া হবে ৩১ হাজার ১৫৪ ডলার। গত আসরে দেওয়া ১৭ হাজার ৫০০ ডলারের চেয়ে এই অঙ্ক ৭৮ শতাংশ বেশি।
গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া দলগুলোও খালি হাতে ফিরবে না। গ্রুপে তৃতীয় ও চতুর্থ হওয়া দলকে ২ লাখ ৭০ হাজার ডলার করে দেওয়া হবে। আর পঞ্চম স্থানে থাকা দল পাবে ১ লাখ ৩৫ হাজার ডলার। পাশাপাশি টুর্নামেন্টে অংশ নেওয়া ১০ দলের প্রত্যেককেই ১ লাখ ১২ হাজার ৫০০ ডলার করে পুরস্কৃত করা হবে।
বিবৃতিতে আইসিসি বলেছে, নারী ক্রিকেটকে অগ্রাধিকার দেওয়া এবং ২০৩২ সালের মধ্যে এর বৃদ্ধি ত্বরান্বিত করতে আইসিসির নেওয়া কৌশলগত পদক্ষেপের অংশ।
এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা ছিল বাংলাদেশে। কিন্তু রাজনৈতিক অস্থিরতায় এখান থেকে টুর্নামেন্টটি আমিরাতে সরিয়ে নিয়েছে আইসিসি। ৩ অক্টোবর শারজায় বাংলাদেশ-স্কটল্যান্ড ম্যাচ দিয়ে পর্দা উঠবে এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের।
আরও পড়ুন: ভারতকে হারিয়ে প্রথম এশিয়া কাপের শিরোপা জিতল শ্রীলঙ্কার মেয়েরা
সূচিতে একটি পরিবর্তনও এনেছে আইসিসি। ৫ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ। ওই ম্যাচটি বিকাল ৪টার পরিবর্তে মাঠে গড়াবে রাত ৮টায়। এছাড়া ওই দিন অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কার লড়াই রাত ৮টার বদলে হবে বিকাল ৪টায়।
১৫ অক্টোবর শেষ হবে গ্রুপ পর্বের খেলা। এরপর ১৭ ও ১৮ অক্টোবর মাঠে গড়াবে দুই সেমি-ফাইনাল। আর ২০ অক্টোবর হবে ফাইনাল। দুবাই ও শারজাহতে হবে পুরো টুর্নামেন্ট।
৬৪০ দিন আগে
জাতীয় ক্রিকেট দলকে সংবর্ধনা দিলেন প্রধান উপদেষ্টা
পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পর টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে ফোন করে অভিনন্দন জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সে সময় জানানো হয়, দেশে ফিরলে বাংলাদেশ দলকে সংবর্ধনা দেওয়া হবে। প্রধান উপদেষ্টার পক্ষ থেকে সেই সংবর্ধনা পেয়েছে টাইগাররা।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে নিজ কার্যালয়ে বাংলাদেশ জাতীয় দলকে সংবর্ধনা দিয়েছেন ড. ইউনুস।
সংবর্ধনা অনুষ্ঠানে ক্রিকেটারদের স্বাগত জানিয়ে পাকিস্তানে তাদের সাফল্যকে ‘ঐতিহাসিক’ বলে অভিহিত করেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, পুরো জাতি তাদের অর্জনে গর্বিত।
আরও পড়ুন: ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা বাংলাদেশের
ক্রিকেটারদের উদ্দেশে ড. ইউনূস বলেন, ‘আমি জয়ের পর অধিনায়কের সঙ্গে কথা বলেছিলাম, কিন্তু আমি ব্যক্তিগতভাবে আপনাদের সবার সঙ্গে দেখা করার এবং জাতির পক্ষ থেকে আপনাদের অভিনন্দন জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম।’
একটি জাতিকে একত্রিত রাখতে ক্রিকেটারদের খেলাধুলার শক্তির কথা স্মরণ করিয়ে দেন প্রধান উপদেষ্টা। এসময় প্যারিস অলিম্পিকে একজন উপদেষ্টা ও রাষ্ট্রদূত হিসেবে কাজ করার অভিজ্ঞতার কথাও জানান তিনি।
তিনি আরও জানান, মিলানো কর্টিনায় ২০২৬ সালের শীতকালীন অলিম্পিকেও তিনি একই ধরনের ভূমিকা পালনে ইতালির আমন্ত্রণ পেয়েছেন।
এসময় জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তাদের আমন্ত্রণ জানানোয় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়ে বলেন, প্রধান উপদেষ্টার মন্তব্য তাদের আরও সাফল্য অর্জনে উৎসাহিত করবে।
শান্ত বলেন, ‘প্রত্যেক খেলোয়াড় এখানে আসতে পেরে খুশি। এটি সত্যিই আমাদের অনুপ্রাণিত করবে।’
আরও পড়ুন: ভারত টেস্ট থেকে ছিটকে পড়লেন শরিফুল
পাকিস্তান সফরের অর্জন খেলোয়াড় ও কোচিং স্টাফদের কঠোর পরিশ্রমের ফল বলে জানান জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক।
দেশের কঠিন সময়ে সাফল্য বয়ে আনায় খেলোয়াড়দের স্বাগত জানান যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
অনুষ্ঠানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ, পরিচালক নাজমুল আবেদীন ফাহিম, প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী ছাড়াও আরও অনেকে উপস্থিত ছিলেন।
৬৪৫ দিন আগে
ভারত টেস্ট থেকে ছিটকে পড়লেন শরিফুল
চলতি মাসের শেষ দিকে শুরু হতে যাওয়া ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে বাদ পড়েছেন বাংলাদেশের বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে চোট পেয়েছেন এই পেসার। তিনি এখনও সেই আঘাত থেকে সুস্থ হতে পারেননি।
একই আঘাতের কারণে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টেও ছিটকে পড়েছেন এই পেসার।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের(বিসিবি) চিকিৎসকের মতে, শরিফুল যে ধরনের আঘাত পেয়েছেন তা থেকে সুস্থ হয়ে উঠতে প্রায় ১০ দিন সময় লাগে। কিন্তু তার ক্ষেত্রে সময় বেশি লাগছে।
আশা করা হচ্ছে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেবেন শরিফুল।
পাকিস্তানে খেলা বাংলাদেশ দলে একমাত্র শরিফুলকেই পরিবর্তন করা হয়েছে। শরিফুলের শূন্যস্থান পূরণ করা হয়েছে বাংলাদেশের উইকেটরক্ষক-ব্যাটসম্যান জাকের আলীকে দিয়ে।
আরও পড়ুন: বিসিবি থেকে পদত্যাগ করলেন সুজন
বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টি খেললেও প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেলেন জাকের।
ভারত সিরিজের প্রথম টেস্ট ১৯ সেপ্টেম্বর থেকে চেন্নাইয়ে এবং দ্বিতীয় টেস্ট ২৭ সেপ্টেম্বর কানপুরে শুরু হবে।
এই সিরিজের আগে ভারতের বিপক্ষে ১৩টি টেস্ট খেললেও একটিতেও জেতার রেকর্ড নেই বাংলাদেশের। আগের সিরিজগুলোর দুই টেস্টে ড্র হয় এবং ১১টি ম্যাচ হেরেছে বাংলাদেশ।
টেস্ট সিরিজের পর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দল দুটি।
বাংলাদেশ স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, তাইজুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, নাঈম হাসান ও খালেদ আহমেদ।
আরও পড়ুন: ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা বাংলাদেশের
৬৪৫ দিন আগে
ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা বাংলাদেশের
আসন্ন ভারত সফরের জন্য টেস্ট দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
কিছুদিন আগেই পাকিস্তানকে ২-০ ব্যবধানে তাদেরই মাঠে টেস্ট সিরিজে হারিয়েছে টাইগাররা। পাকিস্তানের বিপক্ষে এটিই ছিল তাদের প্রথম টেস্ট ও টেস্ট সিরিজ জয়।
ভারত সিরিজকে সামনে রেখে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চলছে বাংলাদেশ দলের প্রস্তুতি।
ভারত টেস্টের জন্য ১৬ জনের দল ঘোষণা করা হয়েছে। নতুন মুখ উইকেটরক্ষক-ব্যাটসম্যান জাকের আলী।
আরও পড়ুন: বিসিবি থেকে পদত্যাগ করলেন সুজন
দলে রাখা হয়েছে সাকিব আল হাসানকেও। যদিও তিনি বর্তমানে ইংল্যান্ডে খেলতে ব্যস্ত।
টেস্টের জন্য বাংলাদেশ দলে যারা আছেন- নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, তাইজুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, নাঈম হাসান ও খালেদ আহমেদ।
সিরিজের প্রথম টেস্ট ১৯ সেপ্টেম্বর থেকে চেন্নাইয়ে এবং ২৭ সেপ্টেম্বর কানপুরে দ্বিতীয় টেস্ট খেলবে বাংলাদেশ-ভারত।
এই সিরিজের আগে ভারতের বিপক্ষে ১৩টি টেস্ট খেললেও একটাতেও জিততে পারেনি বাংলাদেশ। দুটি টেস্ট ড্র হয়েছে। এর মধ্যে ১১টি ম্যাচেই হেরেছে বাংলাদেশ।
টেস্ট সিরিজের পর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল।
আরও পড়ুন: বন্যার্তদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি বিসিবির
৬৪৫ দিন আগে
বিসিবি থেকে পদত্যাগ করলেন সুজন
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন সাবেক টাইগার অধিনায়ক খালেদ মাহমুদ সুজন।
বুধবার (১১ সেপ্টেম্বর) বিসিবিতে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন।
২০১৩ সালে নির্বাচনে গাজী আশরাফ হোসেনকে হারিয়ে বিসিবি পরিচালক হন সুজন। তারপর থেকে গত ১১ বছরে বিসিবির বিভিন্ন কমিটিতে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনের পর সরে দাঁড়ালেন তিনি।
সবশেষ বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের প্রধান ছিলেন ৫৩ বছর বয়সী এই সাবেক ক্রিকেটার। সঙ্গে বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের সহ-সভাপতির ভূমিকায়ও দেখা গেছে তাকে।
আরও পড়ুন: পাপনের পদত্যাগ, বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ
তার মেয়াদকালে ২০২০ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এছাড়া এ বছর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপও জিতেছে যুবাদের দলটি।
বোর্ড পরিচালক থাকাকালে আরও কিছু দায়িত্ব পালন করেছেন সুজন। বাংলাদেশ জাতীয় দলের অন্তর্বর্তীকালীন কোচ ও ম্যানেজারের ভূমিকায় কাজ করেছেন তিনি।
পরিচালক হিসেবে বোর্ডের দায়িত্ব পালনের পাশাপাশি বেশ কয়েকবার বাংলাদেশ জাতীয় দলের পরিচালক হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন। তবে, বহুদিন ধরে বিসিবির একাধিক কমিটির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থাকায় তাকে নিয়ে নিয়ে সমালোচনাও হয়েছে। একজন ব্যক্তি একসঙ্গে এতগুলো দায়িত্ব কীভাবে পালন করছেন, এ নিয়ে নানা সময়ে আলোচনার কেন্দ্রবিন্দু ছিলেন তিনি।
আরও পড়ুন: সংস্কার ও জবাবদিহিতার প্রতিশ্রুতি দিলেন নতুন বিসিবি সভাপতি
গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকে বিসিবিতে পদত্যাগের মিছিল চলছে। তার আগে পরিচালকের পদ থেকে সরে দাঁড়িয়েছেন জালাল ইউনুস, আহমেদ সাজ্জাদুল আলম, শফিউল আলম চৌধুরী নাদেল ও নাইমুর রহমান দুর্জয়।
৬৪৬ দিন আগে
ভারত সফরে বাংলাদেশের কোনো সম্ভাবনা দেখছেন না সৌরভ
প্রায় দুই যুগ আগে অভিষেক টেস্ট থেকে শুরু করে ভারতের বিপক্ষে বাংলাদেশের সাফল্যের খাতা এখনও ফাঁকা। প্রথম শ্রেণির ক্রিকেট প্রতিবেশী দেশটির সঙ্গে ১৩ বারের দেখায় ১১ বারই হারের তেতো স্বাদ নিতে হয়েছে টাইগারদের; বাকি দুটি ম্যাচ বৃষ্টির সৌজন্যে হয়েছে ড্র। আসন্ন সিরিজেও স্পষ্টই এগিয়ে থাকবে ভারত।
তবে অতীত যাই হোক, সাম্প্রতিক সময়ে টেস্ট ক্রিকেট বাংলাদেশের ভালো পারফরম্যান্স ভারত সিরিজ থেকে প্রাপ্তির খাতায় কিছুটা হলেও দাগ কাটার আশা জাগিয়েছে।
পাকিস্তানের মাটিতে দুই ম্যাচ টেস্ট সিরিজ জিতে ভারত সফরে যাচ্ছে বাংলাদেশ। তাই আত্মবিশ্বাসে ভরপুর দলটি ভারতের বিপক্ষেও এবার শক্ত প্রতিদ্বন্দ্বিতা করতে চায়। অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের কণ্ঠেও সম্প্রতি ঝরেছে এমন আশা। তবে ভারত সফরে বাংলাদেশের তেমন কোনো আশা দেখছেন না দেশটির সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী।
আরও পড়ুন: টেস্ট চ্যাম্পিয়নশিপের সেরা চারে উঠে এল বাংলাদেশ
সংবাদ সংস্থা পিটিআইকে তিনি বলেছেন, ‘পাকিস্তানে গিয়ে তাদের হারিয়ে আসা চাট্টিখানি কথা নয়। সেজন্য বাংলাদেশের খেলোয়াড়দের অভিনন্দন। কিন্তু ভারতীয় দল সম্পূর্ণ আলাদা। ভারত দেশে এবং বিদেশে, দুই জায়গাতেই ভালো খেলছে। এছাড়া ভারতের ব্যাটিং ইউনিটও বেশ শক্তিশালী। সে কারণেই আমার মনে হয় না যে বাংলাদেশ এখানে জিততে পারবে।’
ভারতই সিরিজ জিতবে বলে মনে করেন বিসিসিআইয়ের সাবেক প্রধান। তবে বাংলাদেশ যে স্বাগতিকদের ছেড়ে কথা বলবে না, সে কথাও উল্লেখ করতে ভোলেননি তিনি।
‘কিন্তু ভারতের মনে রাখতে হবে, বাংলাদেশ ভালো ক্রিকেট খেলবে। কারণ, পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হারিয়ে আত্মবিশ্বাসে ভরপুর হয়ে এই সিরিজটি খেলতে আসছে তারা।’
এসময় বাংলাদেশের কাছে পাকিস্তানের হোয়াইটওয়াশ হওয়ার বিষয়েও কথা বলেছেন সৌরভ। তার কথায়, ‘আমি দেশটিতে প্রতিভার অভাব দেখতে পাচ্ছি। পাকিস্তানকে নিয়ে যখনই ভাবি, আমাদের চোখের সামনে ভেসে ওঠে মিয়াঁদাদ, ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুস, সঈদ আনোয়ার, মোহাম্মদ ইউসুফ, ইউননুস খানরা। কিন্তু তেমন প্রতিভা বর্তমান পাকিস্তান দলে নেই।’
আরও পড়ুন: পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ
সৌরভ বলেন, ‘প্রত্যেক প্রজন্মেই ভালো ক্রিকেটার থাকা দরকার। তবে ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ, ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ ও তারপর বাংলাদেশের বিরুদ্ধে ওদের যে পারফরম্যান্স দেখলাম, তা থেকেই বোঝা যায় যে দেশটি থেকে প্রতিভাবান ক্রিকেটার উঠে আসছে না।’
পাকিস্তানের খেলার জগতের মানুষদের এ অবস্থার দিকে নজর দিতে হবে বলে মনে করেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক এ অধিনায়ক।
প্রসঙ্গত, দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলতে ভারত সফর করবে বাংলাদেশ। আগামী ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে প্রথম টেস্ট ম্যাচ মাঠে গড়াবে। এরপর দ্বিতীয় টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে কানপুরে আগামী ২৭ সেপ্টেম্বর থেকে।
৬৪৭ দিন আগে
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন মঈন আলী
সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেটকে ‘বিদায়’ বলে দিয়েছেন ইংল্যান্ডের বোলিং অলরাউন্ডার মঈন আলী। ব্রিটিশ দৈনিক ডেইলি মেইলকে দেওয়া এক সাক্ষাৎকারে অবসরের বিষয়টি নিশ্চিত করেছেন ৩৭ বছর বয়সী এই ক্রিকেটার।
এর ফলে চলতি বছর অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের বিপক্ষে খেলা ম্যাচটিই তার ক্যারিয়ারের শেষ ম্যাচ হয়ে থাকল। ম্যাচটিতে হেরে ইংল্যান্ডের বিশ্বকাপ মিশন শেষ হয়।
তরুণদের নিয়ে ইংলিশ ক্রিকেটে পালাবদল শুরু হয়ে গেছে। অভিজ্ঞ মঈনকে দলের পক্ষ থেকে তা বুঝিয়েও দেওয়া হয়েছে। তাই সময় বুঝে অবসরের সিদ্ধান্ত নিয়ে নিলেন ইংল্যান্ডের হয়ে দুটি বিশ্বকাপ জেতা এই অলরাউন্ডার।
সাক্ষাৎকারে তিনি বলেন, ‘বয়স ৩৭ হয়ে গেছে। যথেষ্ট ক্রিকেট খেলেছি। এখন পরবর্তী প্রজন্মকে জায়গা ছেড়ে দেওয়ার সময় এসেছে।’
‘(আসন্ন) অস্ট্রেলিয়া সিরিজে আমাকে দলে রাখা হয়নি। এ বিষয়ে আমাকে ব্যাখ্যা করে বুঝিয়ে দেওয়া হয়েছে। তাই মনে হচ্ছে, এখনই (বিদায় বলে দেওয়ার) সঠিক সময়। আমি (দলের জন্য) আমার কাজ সেরেছি।’
আরও পড়ুন: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে মালান
২০১৪ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাদা বলে অভিষেক হয় মঈনের। এরপর ক্যারিয়ারজুড়ে তিনি খেলেছেন ১৩৮টি ওয়ানডে ও ৯২টি টি-টোয়েন্টি ম্যাচ। পরের বছর শ্রীলঙ্কার বিপক্ষে লর্ডসে ইংল্যান্ডের জার্সিতে টেস্টে অভিষিক্ত হন তিনি। দশ বছরের ক্যারিয়ারে ৬৮টি টেস্ট খেলার সুযোগ হয়েছে তার।
ক্রিকেটের তিন সংস্করণ মিলিয়ে ৬ হাজার ৬৭৮ রান করেছেন মঈন, যার মধ্যে শতক আছে আটটি এবং অর্ধশতক ২৮টি। এছাড়া বল হাতে সব মিলিয়ে ৩৬৬ উইকেট ঝুলিতে পুরেছেন এই অলরাউন্ডার।
বিদায় বেলায় নিজের এমন ক্যারিয়ার নিয়ে গর্বিত মঈন। তিনি বলেন, ‘আপনি যখন ইংল্যান্ডের হয়ে প্রথমবার খেলেন, তখন ঠিক জানেন না যে আরও কতগুলো ম্যাচ আপনি খেলার সুযোগ পাবেন। সেখানে আমি প্রায় তিনশ ম্যাচ খেলেছি।’
এখন সময় ও পরিস্থিতি বিবেচনায় নিয়ে বাস্তবতাকেই মেনে নিচ্ছেন তিনি।
‘দেখুন, চাইলে আরও কিছুদিন (ইংল্যান্ডের হয়ে) খেলার চেষ্টা করতে পারতাম, কিন্তু আমি জানি যে বাস্তবে তা প্রায় অসম্ভব। অবসর নিচ্ছি যদিও, কিন্তু আমার মনে হয় এখনই (অবসর নেওয়ার) সময় আসেনি। আরও কিছুদিন আমি খেলতে পারি বলেই আমার মনে করি।’
‘তবে আমি বাস্তবতা বুঝি। দল এখন নতুন চক্রে প্রবেশ করছে। তাই নিজের কাছে সৎ থাকার চেষ্টা করছি।’
আরও পড়ুন: সব ধরনের ক্রিকেট থেকে শিখর ধাওয়ানের বিদায়
নিয়তি মেনে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়াতে হলেও এখন তাই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে মনোনিবেশ করতে চান তিনি। এরপর কোচিংয়ে ক্যারিয়ারের পরবর্তী অধ্যায় শুরু করার ইচ্ছা এই ক্রিকেটারের।
‘আরও কিছুদিন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলব, কারণ আমি এখনও খেলতে উপভোগ করি। তবে একটা পর্যায়ে গিয়ে যে কোচিং করাব, তা আমার আগে থেকেই ঠিক করে রাখা। আমি সেরাদের (কোচ) একজন হতে চাই। বাজের (ব্রেন্ডন ম্যাককালাম) কাছ থেকে অনেক কিছু শেখার আছে।’
শেষ বেলায় ক্রিকেটভক্তদের হৃদয়ে জায়গা করে নেওয়ার ইচ্ছাও ঝরল তার কণ্ঠে।
‘আশা করি মুক্ত চেতনার মানুষ হিসেবে সবাই আমাকে মনে রাখবে। ক্যারিয়ারে কিছু ভালো শট খেলেছি, কিছু বাজে শটও খেলেছি; সর্বোপরি আশা করছি, সবাই আমার খেলা উপভোগ করেছে।’
৬৪৯ দিন আগে
জিম আফ্রো টি-টেনে জায়গা নিশ্চিত করলেন রিশাদ
বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন হারারে বোল্টসের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে জিম আফ্রো টি-টেনে জায়গা নিশ্চিত করেছেন।
গত সপ্তাহে, বিগ ব্যাশ লিগের (বিবিএল) জন্য হোবার্ট হারিকেন্সও রিশাদকে দলে নিয়েছিল। সাকিব আল হাসানের পরে তিনি দ্বিতীয় বাংলাদেশি হিসাবে বিবিএল দলে যোগ দিয়েছিলেন।
আরও পড়ুন: ইংলিশ ক্রিকেটের তিন সংস্করণেরই দায়িত্বে ম্যাককালাম
গত বছর জিম আফ্রো টি-টেনেও অংশ নিয়েছিলেন মুশফিকুর রহিম ও তাসকিন আহমেদ।
যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সেরা বোলার ছিলেন রিশাদ।
অভিষেক বিশ্বকাপে ১৪ উইকেট নিয়ে অসাধারণ পারফরম্যান্সের জন্য ক্রিকেট কিংবদন্তিদের প্রশংসা কুড়িয়েছেন এই লেগস্পিনার।
আরও পড়ুন: অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি থেকে ছিটকে গেলেন বাটলার
৬৫০ দিন আগে
অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি থেকে ছিটকে গেলেন বাটলার
ডান পায়ের গোড়ালির ইনজুরি থেকে এখনও পুরোপুরি সেরে না ওঠায় চলতি মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পারবেন না ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) তার দলে না থাকার বিষয়টি নিশ্চিত করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। এদিন ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড।
তবে টি-টোয়েন্টি সিরিজে না থাকলেও চলতি মাসের শেষের অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য তাকে দলে রাখা হয়েছে।
গত জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে সেমি-ফাইনালে সর্বশেষ ম্যাচ খেলেন বাটলার। পরের মাসে দ্য হান্ড্রেডের জন্য প্রস্তুতির সময় চোট পান তিনি। ফলে ওই টুর্নামেন্টে আর মাঠে নামা হয়নি তার। এবার অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজও মিস করছেন এই উইকেটরক্ষক-ব্যাটার।
বাটলারের অনুপস্থিতিতে এই সিরিজে ইংল্যান্ডকে নেতৃত্ব দেবেন ফিলিপ (ফিল) সল্ট।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে দলে রাখা হলেও বাটলারের খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছেই। তিনি খেলতে না পারলে ওয়ানডেতে অধিনায়কের দায়িত্ব পালন করতে পারেন হ্যারি ব্রুক।
আরও পড়ুন: ইংলিশ ক্রিকেটের তিন সংস্করণেরই দায়িত্বে ম্যাককালাম
টি-টোয়েন্টি দলে বাটলারের পরিবর্তে ডাক পেয়েছেন টেস্টে অভিষেক হলেও সাদা বলে অভিষেকের অপেক্ষায় থাকা অলরাউন্ডার জেমি ওভারটন। এছাড়া টি-টোয়েন্টি দলে ডাক পাওয়া জর্ডান কক্সকে কভার হিসেবে ওয়ানডে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের অপেক্ষায় থাকা বাঁহাতি ব্যাটসম্যান জ্যাকব বেথেল ও পেসার জন টার্নার ডাক পেয়েছেন দুই সংস্করণেই। শ্রীলঙ্কার বিপক্ষে ওভাল টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ক্যারিয়ার শুরু করতে যাওয়া জশ হালও আছেন দুই সংস্করণের দলে।
আগামী ১১ থেকে ১৫ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডের টি-টোয়েন্টি সিরিজ এবং ১৯ থেকে ২৯ সেপ্টেম্বর ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে।
ইংল্যান্ডের টি-টোয়েন্টি স্কোয়াড: ফিল সল্ট, জোফরা আর্চার, জ্যাকব বেথেল, ব্রাইডন কার্স, জর্ডান কক্স, স্যাম কারান, জশ হাল, উইল জ্যাকস, লিয়াম লিভিংস্টোন, সাকিব মাহমুদ, ড্যান মুসলি, জেমি ওভারটন, আদিল রশিদ, রিস টপলি ও জন টার্নার।
ইংল্যান্ড ওয়ানডে স্কোয়াড: জস বাটলার, জোফরা আর্চার, গাস অ্যাটকিনসন, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, জর্ডান কক্স, বেন ডাকেট, জশ হাল, উইল জ্যাকস, ম্যাথু পটস, আদিল রশিদ, ফিল সল্ট, জেমি স্মিথ, রিস টপলি ও জন টার্নার।
৬৫২ দিন আগে
ইংলিশ ক্রিকেটের তিন সংস্করণেরই দায়িত্বে ম্যাককালাম
টেস্টে সাফল্যের পর এবার ইংল্যান্ডের সীমিত সংস্করণের ক্রিকেটেরও প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে নিউজিল্যান্ডের সাবেক ব্যাটসম্যান ব্রেন্ডন ম্যাককালামকে।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ২০২৭ সালের শেষ পর্যন্ত ম্যাককালামের চুক্তির মেয়াদ বাড়িয়েছে ইসিবি।
ইংল্যান্ডের সাদা বলের কোচ হিসেবে ম্যাথু মটের স্থলাভিষিক্ত হচ্ছেন ম্যাককালাম। আগামী বছরের জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবে ওয়ানডে ও টে-টোয়েন্টি দলের দায়িত্ব গ্রহণ করবেন তিনি।
২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ এবং চলতি বছরের জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের হতাশাজনক পারফরম্যান্সের পর সমালোচনার মুখে পড়েন মট। এরপর পদত্যাগ করেন এই কোচ।
আরও পড়ুন: টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের সূচি চূড়ান্ত
মটের পদত্যাগের পর ইংল্যান্ডের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব দেওয়া হয় মার্কাস ট্রেসকোথিককে। চলতি মাসেই অস্ট্রেলিয়ার বিপক্ষে অনুষ্ঠিত হতে চলা সিরিজ এবং অক্টোবর মাসে ওয়েস্ট ইন্ডিজ সফরে দলটির দায়িত্ব পালন করবেন ইংল্যান্ডের সাবেক এই ওপেনার। এরপর জানুয়ারিতে ভারত সফরের আগে দায়িত্ব গ্রহণ করবেন মাককালাম।
২০২২ সালে ইংল্যান্ডের টেস্ট দলের দায়িত্ব নেওয়ার পর ভয়ডরহীন ব্র্যান্ডের ক্রিকেট নিয়ে এসেছেন ম্যাককালাম। তার এই আক্রমণাত্মক খেলার ধরন অবলম্বন করে সাফল্যও পেয়েছে ইংল্যান্ড। ৪২ বছর বয়সী সাবেক এই কিউই অধিনায়ক দলটির দায়িত্ব নেওয়ার আগের ১৭ টেস্টে মাত্র একবার জয়ের দেখা পায় ইংল্যান্ড। তবে তার তত্ত্বাবধায়নে ২৮টি টেস্ট ম্যাচ খেলে ১৯টিতে জিতেছেন স্টোকস-রুটরা।
ক্রিকেটার থাকাকালে আগ্রাসী ব্যাটিংয়ের কারণে তার ডাকনাম হয়ে গিয়েছিল ‘বাজ’। এবার প্রথম শ্রেণির ক্রিকেটে সেই ব্র্যান্ড চালু করায় তার খেলার কৌশল ‘বাজবল’ নামে পরিচিতি পেয়েছে।
লাল বলের সাফল্যের ধারা তিনি এবার সীমিত ওভারের ক্রিকেটেও বয়ে আনতে চান। নতুন দায়িত্ব পেয়ে তাই উচ্ছ্বসিত ম্যাককালাম।
এক বিবৃতিতে তিনি বলেন, ‘টেস্ট দলের সঙ্গে কাটানো সময় আমি দারুণ উপভোগ করেছি। এখন সাদা বলের দায়িত্ব পেয়ে আমি রোমাঞ্চিত।’
‘নতুন এই চ্যালেঞ্জ গ্রহণ করতে আমি প্রস্তুত। অধিনায়ক জস ও দলের সঙ্গে ঘনিষ্টভাবে কাজ করতে আমি উন্মুখ।’
আরও পড়ুন: পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ
আগামী সপ্তাহে ওভালে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ শেষ হওয়ার পর সংক্ষিপ্ত বিশ্রাম পাবেন ম্যাককালাম। এরপর তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অক্টোবরের শুরুতে পাকিস্তান সফরে যাবে তার দল। এরপর নভেম্বরের শেষের দিকে তিন ম্যাচ টেস্ট সিরিজ খেলতে নিউজিল্যান্ড সফর করবে ইংল্যান্ড।
উল্লেখ্য, শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথম দুটিতেই জয় পেয়ে ইতোমধ্যে ২-০ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করেছে ইংল্যান্ড। এবার লঙ্কানদের হোয়াইটওয়াশ করার লক্ষ্যে শুক্রবার তৃতীয় টেস্টে মাঠে নামছেন ম্যাককালামের শিষ্যরা।
৬৫৩ দিন আগে