ফুটবল
৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’: মাহ্দী আমিন
৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ শুরু হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।
তিনি বলেছেন, ষষ্ঠ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত বাংলাদেশের সকল স্কুল, কলেজ, মাদরাসা এবং টেকনিক্যাল ও ভোকেশনাল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করবে। সব মিলিয়ে প্রায় ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান এতে অংশগ্রহণ করবে।
সোমবার (৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ নিয়ে এক সংবাদ সম্মেলনে উপদেষ্টা এ কথা জানান।
‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ প্রসঙ্গে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এই উপদেষ্টা বলেন, সকল ছেলে শিক্ষার্থীর জন্য এটি বাধ্যতামূলক। আর মেয়ে শিক্ষার্থীদের জন্য এটি ঐচ্ছিক। সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা ও অনুপ্রেরণা দিয়ে তাদের পাশে থাকবে।
তিনি বলেন, আমরা চাই দেশজুড়ে একটি উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হোক। প্রধানমন্ত্রী সবসময় বলে এসেছেন, আগামী শিক্ষা ব্যবস্থা এমন হবে যেখানে আমাদের শিক্ষার্থীদের মেধা, মননশীলতা এবং সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটবে। সে লক্ষ্যেই ক্রীড়া মন্ত্রণালয়, সংস্কৃতি মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় একযোগে দেশব্যাপী সারা বছরজুড়ে বিভিন্ন অনুষ্ঠান ও প্রতিযোগিতার আয়োজন করবে।
মাহ্দী আমিন বলেন, আমাদের শিক্ষা ব্যবস্থার লক্ষ্য হলো—এখানে ন্যায্যতা থাকবে, সমতা থাকবে এবং শহর ও গ্রামের শিক্ষার বৈষম্য কমে আসবে। সেই লক্ষ্যেই এই প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের ষষ্ঠ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য আমরা অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করতে চাই। আমাদের বিশ্বাস, এর মাধ্যমে আমাদের শিক্ষার্থীদের মধ্যে আগামীর নেতৃত্ব দেওয়ার যে গুণাবলি, মেধা এবং মননশীলতা রয়েছে তার বহিঃপ্রকাশ ঘটবে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র বলেন, আজ (সোমবার) সর্বসম্মতিক্রমে এখানে সিদ্ধান্ত গৃহীত হয়েছে সংশ্লিষ্ট প্রতিটি মন্ত্রণালয় তাদের সহযোগিতা প্রদান করবে। যেসব মাঠে খেলা অনুষ্ঠিত হবে, সেসব মাঠ সেভাবেই প্রস্তুত করা হবে।
তিনি বলেন, সচিবরা আগামীকাল (মঙ্গলবার) বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের (ডিসি) সঙ্গে সভা করবেন। স্থানীয় মাঠ প্রশাসনের মাধ্যমে কার্যকর উদ্যোগ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আন্তঃশিক্ষা বোর্ডের চেয়ারম্যান সকল শিক্ষা বোর্ডে পরিদর্শন করবেন। তিনি প্রতিটি বিভাগীয় পর্যায়ে গিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের এবং শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে আলোচনা করবেন। শিক্ষা মন্ত্রণালয় থেকে যেখানে যার সংশ্লিষ্টতা প্রয়োজন, তা নিশ্চিত করা হবে।
প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, এখানে দুইজন সচিব রয়েছেন। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রয়েছেন, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব রয়েছেন। তারা নিজ নিজ ক্ষেত্রে কার্যকর উদ্যোগ গ্রহণ করবেন এবং যেখানে প্রয়োজন, সেখানে প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করবেন।
মাহ্দী আমিন বলেন, ২২ লাখ শিক্ষার্থীর অংশগ্রহণে প্রাইমারি স্কুল গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছিল। সেখানে যে ফরম্যাট ছিল, এখানেও একই ফরম্যাট অনুসরণ করা হবে। আমরা যেহেতু বলছি, সারা বাংলাদেশে তৃণমূল পর্যায় থেকে খেলোয়াড় তৈরি করতে চাই, তাই প্রথমে উপজেলা পর্যায়ে খেলা অনুষ্ঠিত হবে। এরপর জেলা পর্যায়, তারপর বিভাগীয় পর্যায় এবং সবশেষে জাতীয় পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, প্রথম যে ম্যাচটি অনুষ্ঠিত হবে, সেখানে আমরা প্রত্যাশা করছি প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন। পাশাপাশি, প্রাইমারি স্কুল ফুটবল টুর্নামেন্টের মতো ফাইনালেও ইনশাআল্লাহ আমরা তার উপস্থিতি আশা করছি। এই ফুটবল টুর্নামেন্টের বৈশিষ্ট্য হলো, প্রধানমন্ত্রী সরাসরি এর পৃষ্ঠপোষকতা করছেন। সে কারণেই প্রাইমারি স্কুল ফুটবল টুর্নামেন্টের পাশাপাশি আমরা এটিকে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট’ বলছি। প্রধানমন্ত্রী সরাসরি এই আয়োজনকে অনুপ্রাণিত করবেন।
তিনি আরও বলেন, আমরা সমন্বিতভাবে সিদ্ধান্ত নিয়েছি, প্রতিটি মন্ত্রণালয় নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যেখানে যে কার্যকর উদ্যোগ গ্রহণের প্রয়োজন রয়েছে, আমরা সমন্বিতভাবে তা নিশ্চিত করব।
সারা দেশ থেকে প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের জাতীয় পর্যায়ে যথাযথ স্বীকৃতি ও মূল্যায়ন নিশ্চিত করার জন্য গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। তিনি বলেন, এ ধরনের প্রতিযোগিতায় যারা ভালো করে, তাদের সঠিক মূল্যায়ন ও অনুপ্রেরণা জোগালে তা তাদের ভবিষ্যৎ সাফল্যের পথকে আরও প্রশস্ত করবে।
শিক্ষার্থীদের ভবিষ্যৎ আকাঙ্ক্ষা পূরণ এবং জাতীয় পর্যায়ে তাদের সাফল্যের যাত্রাকে সুগম করতে গণমাধ্যমে তাদের অর্জনগুলো যথাযথভাবে তুলে ধরার ওপর গুরুত্ব আরোপ করেন মাহ্দী আমিন। পাশাপাশি, প্রতিযোগিতায় মেধাবী শিক্ষার্থীদের প্রতিভা দেশবাসীর সামনে তুলে ধরতে এবং তাদের প্রয়োজনীয় প্রচারণার আওতায় আনতে মিডিয়ার সক্রিয় ভূমিকা কামনা করেন তিনি।
তিনি সরকারের পক্ষ থেকে নীতিমালার প্রণয়ন এবং সুষ্ঠু আয়োজনের মাধ্যমে দেশের শিক্ষাঙ্গনে সাংস্কৃতিক, ক্রীড়া ও শিক্ষার একটি ত্রিপাক্ষিক বিপ্লব সৃষ্টি করার প্রত্যয় ব্যক্ত করেন।
প্রাথমিক পরিকল্পনা তুলে ধরে উপদেষ্টা জানান, আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে এই প্রতিযোগিতা শুরু করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। খুব শীঘ্রই চূড়ান্ত সূচি প্রস্তুত করে তা গণমাধ্যম ও সংশ্লিষ্ট সবার সঙ্গে শেয়ার করা হবে। এছাড়া প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, আগামী ৩০ অক্টোবরের মধ্যে পুরো প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন করার টার্গেট রয়েছে বলে জানান তিনি।
শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত কর্মসূচির গুরুত্ব তুলে ধরে মাহ্দী আমিন বলেন, এটিকে একটি জাতীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচনা করে একাধিক মন্ত্রণালয় একযোগে কাজ করছে। এই সমন্বিত আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সরাসরি সম্পৃক্ত রয়েছে।
অনুষ্ঠানে সরকারের মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের উপস্থিতির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, যেহেতু এটি জাতীয় পর্যায়ের একটি বিশাল আয়োজন, তাই প্রতিটি মন্ত্রণালয় নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন ও সমন্বিতভাবে কাজ করছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের এই মুখপাত্র আশাবাদ ব্যক্ত করে আরও বলেন, এই সুপরিকল্পিত উদ্যোগ বাস্তবায়িত হলে সৃজনশীল ক্রীড়া ও মেধার সঠিক বিকাশের সুযোগ তৈরি হবে। এর মাধ্যমে আগামী বাংলাদেশের কাণ্ডারি হিসেবে আমাদের শিক্ষার্থীরা জাতীয় পর্যায়ে নিজেদের মেধার সাক্ষর রাখতে ও উঠে আসতে সক্ষম হবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক প্রমুখ।
১৩ ঘণ্টা আগে
নতুন কুঁড়ি স্পোর্টসের মাধ্যমে ভবিষ্যতের অলিম্পিয়ান তৈরি করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
দেশের তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় তুলে এনে অলিম্পিক পদকের স্বপ্ন বাস্তবায়নে দীর্ঘমেয়াদি প্রস্তুতি শুরু হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। তিনি বলেন, এই প্রস্তুতির ভিত্তি হিসেবে কাজ করছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’।
রবিবার (২৬ জুলাই) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে বিশ্বকাপ ফুটবল সম্প্রচার উপলক্ষে আয়োজিত ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মো. আমিনুল হক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান কয়েক দিন আগে তাকে প্রশ্ন করেছিলেন, বাংলাদেশ অলিম্পিকে কবে পদক পাবে? সেই লক্ষ্য নিয়েই সরকার কাজ শুরু করেছে। রাতারাতি পরিবর্তন সম্ভব নয়, ৫ থেকে ১০ কিংবা তারও বেশি সময় লাগতে পারে। তবে নতুন কুঁড়ি স্পোর্টসের মাধ্যমে ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোর-কিশোরীদের মধ্য থেকেই ভবিষ্যতের অলিম্পিয়ান তৈরি করা হবে।
তিনি বলেন, নতুন কুঁড়ি স্পোর্টসের আটটি ইভেন্ট থেকে বাছাই হওয়া প্রতিভাবান খেলোয়াড়দের সরকারি খরচে বিকেএসপিতে পড়াশোনা ও প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। সাভারের বিকেএসপির পাশাপাশি বিভাগীয় পর্যায়ের শাখাগুলোও শক্তিশালী করা হচ্ছে, যাতে এসব খেলোয়াড়কে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ দেওয়া যায়।
প্রতিমন্ত্রী বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে অনেক প্রতিভাবান খেলোয়াড় রয়েছে, যারা সুযোগের অভাবে নিজেদের বিকাশ ঘটাতে পারেনি। নতুন কুঁড়ি স্পোর্টসের মাধ্যমে তারা জাতীয় স্টেডিয়াম, জাতীয় সুইমিং কমপ্লেক্স ও আন্তর্জাতিক মানের ইনডোর স্টেডিয়ামে খেলার সুযোগ পাচ্ছে, যা তাদের বড় স্বপ্ন দেখার সাহস জোগাচ্ছে।
তিনি জানান, গত ২ মে সিলেট থেকে একযোগে ৬৪ জেলায় নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করা হয়েছে। উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায় শেষে এখন জাতীয় পর্ব চলছে। সোমবার প্রধানমন্ত্রী সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন। প্রথম আসরের ফাইনাল শেষ হওয়ার আগেই দ্বিতীয় আসরের জন্য ১ জুলাই থেকে অনলাইন নিবন্ধন শুরু হয়েছে।
তিনি বলেন, এশিয়ান গেমসের পর আর্চারি, শুটিং, সাঁতার ও বক্সিংয়ের মতো সম্ভাবনাময় ইভেন্টগুলোকে অগ্রাধিকার দিয়ে বছরব্যাপী প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। টুর্নামেন্টের আগে নয়, সারা বছর প্রশিক্ষণের মধ্যেই খেলোয়াড়দের রাখা হবে, যাতে ভবিষ্যতে অলিম্পিকের মতো আসরে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াতে পারে।
তিনি আরও বলেন, খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদক ও ডিভাইস-আসক্তি থেকে দূরে রাখা সম্ভব। পাশাপাশি দেশের ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নের প্রতিটিতে একটি করে খেলার মাঠ নির্মাণ এবং জেলা শহরের মাঠগুলো সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।
বিশ্বকাপ ফুটবল সম্প্রচার প্রসঙ্গে আমিনুল হক বলেন, বর্তমান সরকার কোনো সরকারি অর্থ ব্যয় ছাড়াই এবং দুর্নীতিমুক্তভাবে বিশ্বকাপ ফুটবল দেশের মানুষের কাছে পৌঁছে দিতে সক্ষম হয়েছে।
তিনি বলেন, ‘বিগত সরকার যেভাবে বিশ্বকাপ ফুটবল সম্প্রচারকে কেন্দ্র করে দুর্নীতির আশ্রয় নিয়েছিল, আমরা সেই দুর্নীতি দমন করে বিনা খরচে ও দুর্নীতিমুক্তভাবে বিশ্বকাপ বাংলাদেশের মানুষের কাছে উপহার দিতে পেরেছি।’
বাংলাদেশ কবে ফুটবল বিশ্বকাপে খেলবে?—এমন প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী বলেন, নির্দিষ্ট কোনো সময় বলা সম্ভব নয়। তবে পরিকল্পিতভাবে কাজ শুরু হয়েছে এবং একদিন বাংলাদেশও বিশ্বকাপ ফুটবলের মঞ্চে খেলবে, সেই স্বপ্ন তিনি নিজেও দেখেন।
এ সময় বিশ্বকাপ ফুটবল সম্প্রচারের জন্য তথ্য ও সম্প্রচারমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। একইসঙ্গে তথ্যমন্ত্রীর কাছে ধন্যবাদ জানিয়ে চিঠি হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, সরকারের কোনো অর্থ ব্যয় ছাড়াই এবার বিশ্বকাপ ফুটবল সম্প্রচার সম্ভব হয়েছে। এ সাফল্যের কৃতিত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী সিদ্ধান্তের ফল।
তিনি জানান, ভবিষ্যতে বিশ্বকাপ সম্প্রচার শুধু বিনা খরচেই নয়, বিজ্ঞাপন বাজার থেকে সরকারের আয় করার মতো লাভজনক উদ্যোগে পরিণত করার পরিকল্পনা রয়েছে।
একইসঙ্গে তিনি দেশের ক্রীড়াঙ্গনে নতুন কুঁড়ি স্পোর্টসসহ বিভিন্ন উদ্যোগের প্রশংসা করে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের নেতৃত্বে খেলাধুলায় নতুন অধ্যায়ের সূচনা হয়েছে বলেও মন্তব্য করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিবের দায়িত্বে থাকা অতিরিক্ত সচিব শাহ আলম ও প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ।
৮ দিন আগে
ইংল্যান্ড-আর্জেন্টিনা ম্যাচে দারুণ লড়াই হবে: ব্রিটিশ হাইকমিশনার
ইংল্যান্ড ও আর্জেন্টিনার মধ্যকার বিশ্বকাপ সেমিফাইনাল ম্যাচে ‘দারুণ এক লড়াই হবে’ মন্তব্য করে বাংলাদেশে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেছেন, মানুষের মধ্যে সংযোগ গড়ে তোলার এক ‘অসাধারণ ক্ষমতা’ রয়েছে ফুটবলের, যা বাংলাদেশে স্পষ্টভাবে দেখা যায়।
ইংল্যান্ড-আর্জেন্টিনা সেমিফাইনালকে সামনে রেখে মঙ্গলবার (১৪ জুলাই) ইউএনবিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
ব্রিটিশ হাইকমিশনার বলেন, ‘দুই দলই খুবই শক্তিশালী এবং তাদের দলে কিংবদন্তি খেলোয়াড় রয়েছেন। ইংল্যান্ডে হ্যারি কেইন ও জুড বেলিংহামের মতো তারকা আছেন, আর আর্জেন্টিনায় আছেন লিওনেল মেসি। মাঠে এত প্রতিভাবান খেলোয়াড় থাকায় আমি নিশ্চিত, এটি দারুণ এক ফুটবল ম্যাচ হবে।’
আন্তর্জাতিক ফুটবলের অন্যতম ঐতিহাসিক এই প্রতিদ্বন্দ্বিতার নতুন অধ্যায় শুরু হবে যুক্তরাষ্ট্রের আটলান্টা স্টেডিয়ামে। বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারিয়ে ১৯৬৬ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠার লক্ষ্য ইংল্যান্ডের।
এ সময় ফুটবল নিয়ে বাংলাদেশে মানুষের উন্মাদনার প্রশংসা করে সারাহ কুক বলেন, ‘এখানে ফুটবলের প্রতি মানুষের আবেগ অবিশ্বাস্য।’
তিনি বলেন, ‘বন্ধু ও পরিবারের সঙ্গে বসে খেলা দেখা, প্রিয় দলকে সমর্থন করা কিংবা একসঙ্গে খেলাটি উদযাপন করা—ফুটবল এমন এক বন্ধন তৈরি করে, যা সীমান্তের গণ্ডি ছাড়িয়ে যায়।’
ব্রিটিশ হাইকমিশনার বলেন, ‘এ কারণেই ফুটবল যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্ব ও সাংস্কৃতিক সম্পর্ক আরও জোরদারে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বছর বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের খেলা সত্যিই দারুণ ব্যাপার।
তিনি বলেন, ‘আমি জানি, বাংলাদেশের অনেক মানুষ আর্জেন্টিনাকে সমর্থন করবেন। তবে ঢাকার বিভিন্ন জায়গায় যত ইংল্যান্ডের পতাকা দেখেছি, তাতে মনে হয়েছে, এখানে ইংল্যান্ডের সমর্থকও কম নন। একটি অসাধারণ ম্যাচ হতে যাচ্ছে।’
ইংল্যান্ডকে সমর্থন করা বাংলাদেশিদের ধন্যবাদ জানিয়ে সারাহ কুক বলেন, ‘এই গুরুত্বপূর্ণ ম্যাচে ইংল্যান্ডকে সমর্থন করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের সমর্থন আমরা সত্যিই মূল্যায়ন করি।’
তিনি বলেন, বিশ্বের বিভিন্ন প্রান্তের সমর্থকদের কাছ থেকে পাওয়া উৎসাহ দলটির জন্য অনেক বড় প্রেরণা। বাংলাদেশেও এত মানুষ ইংল্যান্ডের সমর্থন করেন, তা দেখে তিনি আনন্দিত।
খেলার ফল নিয়ে অনুমান করতে এক প্রশ্নের জবাবে সারাহ কুক বলেন, ‘আমি আগেভাগে কিছু বলতে চাই না। তবে ইংল্যান্ড যদি ফাইনালে ওঠে, তাহলে নিশ্চয়ই অনেক উদযাপন হবে। আমরা সবাই আশা করছি, এ বছর ফুটবল ঘরে ফিরবে।’
২০ দিন আগে
ব্রাজিলের ৩-০ গোলের দাপুটে জয়, বিশ্বকাপ থেকে ছিটকে গেল হাইতি
ফিলাডেলফিয়ায় হাইতি জাতীয় ফুটবল দলের বিরুদ্ধে ৩-০ গোলের একটি দাপুটে জয় নিশ্চিত করেছে ব্রাজিল জাতীয় ফুটবল দল। এই হারের ফলে বিশ্বকাপ থেকে বিদায় নিল হাইতি, অন্যদিকে ব্রাজিলের গ্রুপ পর্ব পার হওয়ার সম্ভাবনা আরও উজ্জ্বল হলো।
ব্রাজিলের হয়ে চমৎকার পারফর্ম করে দুটি গোল করেছেন মাথেউস কুনহা, আর ভিনিসিয়াস জুনিয়র করেছেন একটি গোল এবং একটি অ্যাসিস্ট। ১৯৭৪ সালের পর এই প্রথম বিশ্বকাপে অংশ নেওয়া হাইতির চলতি আসর থেকে আনুষ্ঠানিকভাবে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হলো।
এবারের বিশ্বকাপে দ্বিতীয় ম্যাচে প্রথমার্ধে খেলতে নেমেই কুনহা দ্রুতই দলে তার অন্তর্ভুক্তির যৌক্তিকতা প্রমাণ করেন। প্রথম ম্যাচে মরক্কোর বিরুদ্ধে ব্রাজিলের হতাশাজনক ১-১ ড্রয়ের ম্যাচে তিনি বদলি হিসেবে নেমেছিলেন। আজকের ম্যাচে ভিনিসিয়াসের একটি শট হাইতির গোলরক্ষক জনি প্লাসিড ফিরিয়ে দিলে ফিরতি বলে গোল করে ডেডলক ভাঙেন এই ফরোয়ার্ড।
প্রথমার্ধের শেষের দিকে ভিনিসিয়াসের একটি নিখুঁত পাস থেকে বল পেয়ে বাম পায়ের জোরালো শটে বল টপ কর্নারে পাঠিয়ে ব্রাজিলের ব্যবধান দ্বিগুণ করেন কুনহা। তার এই জোড়া গোল লিঙ্কন ফাইন্যান্সিয়াল ফিল্ডে উপস্থিত ৬৮ হাজারেরও বেশি দর্শকের মাঝে থাকা বিপুলসংখ্যক ব্রাজিলিয়ান সমর্থকদের উল্লাসে ভাসিয়ে দেয়।
এর আগে, রাফিনহার একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়ে যায় এবং প্রথমার্ধেই তিনি চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন। এই ধাক্কা সত্ত্বেও পুরো ম্যাচে আধিপত্য বজায় রাখে দক্ষিণ আমেরিকান দলটি।
প্রথমার্ধ শেষ হওয়ার আগেই ভিনিসিয়াস ব্রাজিলের হয়ে তৃতীয় গোলটি করেন, যা ম্যাচের ভাগ্য কার্যত নির্ধারণ করে দেয়। সর্বশেষ ২০০২ সালে বিশ্বকাপ নেওয়া দলটি এবারের বিশ্বকাপে শিরোপার অন্যতম দাবিদার।
স্টেডিয়ামের ভেতরের পরিবেশ ছিল বেশ প্রাণবন্ত। হাইতির সমর্থকরা যখন তাদের ঐতিহ্যবাহী গান গাইছিলেন, তখন ব্রাজিলিয়ান ভক্তরা তাদের দেশের সমৃদ্ধ ফুটবল ইতিহাস উদযাপন করার পাশাপাশি কিংবদন্তি ফুটবল আইকন পেলের প্রতি শ্রদ্ধা জানাচ্ছিলেন।
আগামী বুধবার ফ্লোরিডার মায়ামি গার্ডেন্সে স্কটল্যান্ড জাতীয় ফুটবল দলের বিরুদ্ধে ম্যাচ দিয়ে ব্রাজিল তাদের গ্রুপ ‘সি’-এর মিশন শেষ করবে।
এদিকে, পায়ের পেশির (কাফ) চোটের কারণে তারকা ফরোয়ার্ড নেইমার টানা দ্বিতীয় ম্যাচেও মাঠে নামতে পারেননি।
৪৪ দিন আগে
চুয়াডাঙ্গায় ২ হাজার ফুট আর্জেন্টিনা পতাকা নিয়ে সমর্থকদের শোভাযাত্রা
ফুটবল বিশ্বকাপ উপলক্ষে চুয়াডাঙ্গায় প্রায় ২ হাজার ফুট দীর্ঘ আর্জেন্টিনা পতাকা নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এতে জেলার বিভিন্ন এলাকা থেকে আসা কয়েক হাজার আর্জেন্টিনা সমর্থক অংশ নেন। এ সময় আকাশি-সাদা রঙে ছেয়ে যায় শহরের প্রধান সড়কগুলো।
মঙ্গলবার (১৬ জুন) বিকেলে চুয়াডাঙ্গা জেলা শহরের টাউন ফুটবল মাঠ থেকে শোভাযাত্রাটি শুরু হয়। পরে শহিদ হাসান চত্বর (চৌরাস্তা মোড়), কোর্ট মোড়, কলেজ রোডসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় টাউন ফুটবল মাঠে এসে শেষ হয়।
শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা সারিবদ্ধভাবে ২ হাজার ফুট দীর্ঘ আর্জেন্টিনা পতাকা বহন করেন। এ সময় প্রিয় দলের জার্সি, বাংলাদেশ ও আর্জেন্টিনার পতাকা, ব্যানার-ফেস্টুন নিয়ে উৎসবমুখর পরিবেশে স্লোগান দেন তারা। বিশ্বকাপের গান ও বাদ্যযন্ত্রের তালে তালে আনন্দ-উল্লাসে মেতে ওঠেন সমর্থকরা।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, আর্জেন্টিনা সমর্থকদের এ আয়োজনের নেতৃত্ব দেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও কণ্ঠশিল্পী শান্ত আহমেদ, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার ক্রীড়া সম্পাদক সাংবাদিক শামসুজ্জোহা রানা, যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার জিসান আহমেদ এবং ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থী আদিব জোয়ার্দ্দার।
শোভাযাত্রায় অংশ নেওয়া আর্জেন্টিনা সমর্থক শেখ লিটন বলেন, চুয়াডাঙ্গায় আর্জেন্টিনা সমর্থকদের সংখ্যা অনেক। বিশ্বকাপ এলেই আমরা সবাই একসঙ্গে আনন্দ ভাগাভাগি করি। এবারও আমরা আশা করছি, আর্জেন্টিনা ভালো খেলবে এবং শিরোপা জয়ের লড়াইয়ে থাকবে।
৪৮ দিন আগে
‘নীল হাঙ্গর’দের রক্ষণে কাটা পড়ল স্পেন
কাবো ভের্দে বা কেপ ভার্দ যে নামেই ডাকুন, ফুটবলের দুনিয়ায় দেশটির একটি ডাকনাম রয়েছে ‘তুবারোঁইস আসুইস’, বাংলায় যার অর্থ ‘নীল হাঙর’। তবে আক্রমণে নয়, রক্ষণাত্মক ফুটবল দিয়ে তারা শক্তিশালী স্পেনকে যে কামড় দিল, ফুটবলপ্রেমীরা তা মনে রাখবে বহু দিন।
পুরো ম্যাচের ৭৪ শতাংশ বলের দখল নিজেদের পায়ে রেখে মোট ২৭টি আক্রমণ শানাল বর্তমান ফিফা র্যাঙ্কিংয়ের দ্বিতীয় সেরা দল স্পেন। কিন্তু আকাঙ্ক্ষিত একটি গোলের দেখা পেল না কোনোভাবেই। ফলে অপ্রত্যাশিত গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে ‘শিরোপার অন্যতম দাবিদার’ তকমা নিয়ে বিশ্বকাপ শুরু করা লা রোহাদের।
প্রথমবার বিশ্বকাপে খেলার সুযোগ পেয়ে স্পেনের মতো দলের বিপক্ষে এই ফলাফল তাই কেপ ভার্দের জন্য জয়ের চেয়ে কোনো অংশে কম নয়। আর এই ঐতিহাসিক ফলাফলের কেন্দ্রে ছিলেন একজন মানুষ—৪০ বছর বয়সী গোলরক্ষক হোসিমার দিয়াস ভোসিনিয়া।
৫ লাখ ৩০ হাজার জনসংখ্যার দেশটির ফুটবল দলকে বিশ্বকাপে নিয়ে এসেছেন পেদ্রো লেইতিয়াও ব্রিতো ‘বুবিস্তা’। ৭০ বছর বয়সী বুবিস্তা কেন ২০২৫ সালে আফ্রিকার বর্ষসেরা কোচের পুরস্কারে ভূষিত হয়েছেন, তার প্রমাণ তিনি দিলেন সবচেয়ে বড় মঞ্চেই। স্পেনের মতো পরাশক্তির বিপক্ষে এমন শৃঙ্খলাবদ্ধ রক্ষণাত্মক কৌশল সাজিয়ে তিনি কার্যত দাবার ছকে আটকে ফেলেন দে লা ফুয়েন্তেকে।
৪৯ দিন আগে
দুবার পিছিয়ে পড়েও শেষ মুহূর্তের গোলে ডাচদের রুখে দিল জাপান
বিশ্বকাপের মঞ্চে নেদারল্যান্ডস ও সুইডেনের মতো প্রতিপক্ষকে মোকাবিলা করে পরের ধাপে পৌঁছানো যে কতটা কঠিন তা বিবেচনায় নিয়ে শুরু থেকেই প্রস্তুত ছিল জাপান। নেদারল্যান্ডসের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে প্রথম ম্যাচে তাদের পরিকল্পনা ছিল স্পষ্ট—ধৈর্য, শৃঙ্খলা আর সুযোগের অপেক্ষা। পুরো ম্যাচজুড়ে সেই পরিকল্পনাই নিখুঁতভাবে বাস্তবায়ন করল এশিয়ার অন্যতম প্রতিনিধিরা। দুইবার পিছিয়ে পড়েও তাই ঘুরে দাঁড়িয়ে শেষ মুহূর্তে সমতায় ফিরে ডাচদের হতাশ করা ড্রয়ে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করেছে জাপান।
বাংলাদেশ সময় রবিবার (১৪ জুন) দিবাগত রাতে টেক্সাসের এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে এফ গ্রুপের প্রথম ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে।
ম্যাচের সবগুলো গোলই এসেছে দ্বিতীয়ার্ধে। ৫১তম মিনিটে ভার্জিল ফন ডাইকের হেডারে নেদারল্যান্ডস এগিয়ে যাওয়ার ৬ মিনিট পর জাপানকে সমতায় ফেরান কেইতো নাকামুরা। তবে ৬৪ মিনিটে দ্বিতীয় গোলটি করে ম্যাচে ফের এগিয়ে গিয়েছিল শক্তিমত্তা ও মাঠের পারফরম্যান্সে এগিয়ে থাকা ডাচরা। এর ৮৯ মিনিটে গোল করে দলকে সমতায় ফিরিয়ে জাপানের সমর্থকদের আনন্দে ভাসান দাইচি কামাদা।
ম্যাচের শুরু থেকেই নিজেদের শক্তির প্রমাণ দিতে থাকে নেদারল্যান্ডস, অন্যদিকে মাথা ঠান্ডা রেখে ডাচ আক্রমণ রুখে দেওয়ায় মনোযোগী হয় জাপান। তবে তৃতীয় মিনিটে ডনিয়েল মালেনের শট থেকে ভালো একটি সুযোগ এসেছিল ডাচদের, অবশ্য গোলরক্ষক জিয়ন সুজুকির নৈপুণ্যে শুরুতেই পিছিয়ে পড়া থেকে রক্ষা পায় জাপান।
শুরুর দিকে নিজেদের অর্ধেই ব্যস্ত থাকতে হলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে খোলস ছেড়ে বেরিয়ে আসে জাপান। ১৫তম মিনিটে দাইজেন মায়েদার নিচু ক্রস থেকে সুযোগ তৈরির চেষ্টা করেছিল তারা, কিন্তু শেষ মুহূর্তে ডাচ রক্ষণ তা নস্যাৎ করে দেয়।
৫০ দিন আগে
দুধ-সেভেন আপ দিয়ে গোসল করে ব্রাজিল থেকে আর্জেন্টিনায় যোগদান
দেশজুড়ে ব্রাজিলের জার্সি পরিহিত অবস্থায় চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের খবর দেখে ক্ষোভ প্রকাশ করে ব্রাজিলের সমর্থন ছেড়ে আর্জেন্টিনার সমর্থক হওয়ার ঘোষণা দিয়েছেন বরিশালের এক শিক্ষার্থী।
রবিবার (১৪ জুন) দুপুরে সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের জিরো পয়েন্ট এলাকায় দুধ ও সেভেন আপ দিয়ে গোসল করে প্রতীকীভাবে ব্রাজিলের সমর্থন ত্যাগ করেন তাওহীদ ইসলাম। পরে উপস্থিত আর্জেন্টিনা সমর্থকরা তাকে নিজেদের সমর্থক হিসেবে বরণ করে নেন।
তাওহীদ ইসলাম বিএম কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।
তিনি বলেন, ‘খেলায় হার-জিত থাকবেই, এটা স্বাভাবিক। কিন্তু দেশব্যাপী ব্রাজিলের জার্সি পরা চোর ধরা পড়ার ঘটনায় আমি মর্মাহত। শুধু চুরি নয়, ব্রাজিলের সমর্থক পরিচয়ে ইভটিজিংয়ের ঘটনাও ঘটছে। এসব কারণে আমার বান্ধবীরাও আমাকে নানা কথা বলে। তাদের কথায় অনুপ্রাণিত হয়ে আমি দুধ দিয়ে গোসল করে ব্রাজিলের সমর্থন ত্যাগ করেছি এবং আর্জেন্টিনার সমর্থক হিসেবে যোগ দিয়েছি।’
ঘটনাস্থলে উপস্থিত আকিবুল ইসলাম জানান, দুধ ও সেভেন আপ দিয়ে গোসল করার পাশাপাশি শপথবাক্য পাঠের মাধ্যমে তাওহীদ ইসলাম ব্রাজিলের সমর্থন ছেড়ে আর্জেন্টিনার সমর্থক হিসেবে যোগ দিয়েছেন।
তিনি বলেন, ‘আমরা তাকে আর্জেন্টিনা সমর্থক হিসেবে স্বাগত জানিয়েছি।’
ঘটনাটি ঘিরে এলাকাজুড়ে কৌতূহলের সৃষ্টি হয় এবং উপস্থিত অনেকেই বিষয়টিকে ফুটবল সমর্থকদের মধ্যে মজার এক ব্যতিক্রমী ঘটনা হিসেবে দেখেন।
৫০ দিন আগে
ঋণের টাকায় আর্জেন্টিনার রঙে গ্রাম রাঙালেন ঈশ্বরগঞ্জের ‘সুমন মেসি’
ফুটবলপ্রেমীরা প্রিয় দলকে সমর্থন জানাতে নানাভাবে উচ্ছ্বাস প্রকাশ করেন। তবে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের ভ্যানচালক সুমন গৌড় ওরফে ‘সুমন মেসি’ সেই ভালোবাসাকে নিয়ে গেছেন ভিন্ন মাত্রায়। স্ত্রীর নামে গ্রামীণ ব্যাংক থেকে ৫০ হাজার টাকা ঋণ নিয়ে তিনি আর্জেন্টিনার পতাকার আদলে রাঙিয়েছেন নিজের গ্রাম, ঘরবাড়ি ও ভ্যানগাড়ি।
ঈশ্বরগঞ্জ পৌর শহরের দত্তপাড়া গ্রামের সরকারি আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে বসবাস করেন সুমন গৌড়। ভ্যান চালিয়ে সংসার চালানো এই আর্জেন্টিনা সমর্থক আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে সম্প্রতি গ্রামীণ ব্যাংক থেকে ৫০ হাজার টাকা ঋণ নেন। সেই অর্থে তিনি প্রিয় দল আর্জেন্টিনার প্রচারে নেমেছেন।
নিজের ঘর ও একমাত্র উপার্জনের মাধ্যম ভ্যানগাড়িকে আর্জেন্টিনার পতাকার রঙে সাজানোর পাশাপাশি এলাকায় টানিয়েছেন বড় আকারের ১৬টি আর্জেন্টিনার পতাকা। কিনেছেন আর্জেন্টিনার রঙের জার্সি, এমনকি লুঙ্গিও।
৫১ দিন আগে
বিটিভিতে বিশ্বকাপ সম্প্রচারে ৭২.৭১ কোটি টাকায় মিডিয়া স্বত্ব কিনছে সরকার
বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ সম্প্রচারের জন্য বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফার কাছ থেকে ‘অল মিডিয়া রাইটস’ কিনছে সরকার। এ বিষয়ে একটি প্রস্তাব অনুমোদনের সুপারিশও করেছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
রবিবার (৭ জুন) সংসদ ভবনে অনুষ্ঠিত ২০২৬ সালের সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২৫তম বৈঠকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উত্থাপিত এ প্রস্তাব নিয়ে আলোচনা শেষে সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
বৈঠক সূত্রে জানা যায়, সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) ফিফার কাছ থেকে ফিফা বিশ্বকাপ-২০২৬-এর অল মিডিয়া রাইটস সংগ্রহের জন্য বিটিভির প্রস্তাব অনুমোদনের সুপারিশ করা হয়েছে। এ জন্য মোট চুক্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ৭২ কোটি ৭০ লাখ ৫৭ হাজার ৬৯২ টাকা।
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা এবং টুর্নামেন্টটির বাণিজ্যিক ও সম্প্রচারস্বত্বের মালিক ফিফাকে সরাসরি ক্রয় প্রক্রিয়ায় সরবরাহকারী হিসেবে নির্বাচন করা হয়েছে।
এর আগে, প্রস্তাবটি নিয়ম অনুযায়ী অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির নীতিগত অনুমোদন পেয়েছিল। কমিটির মতে, বিশ্বকাপের সম্প্রচার ও মিডিয়া স্বত্বের একচ্ছত্র মালিক হওয়ায় ফিফার কাছ থেকেই সরাসরি এই স্বত্ব সংগ্রহ করা সম্ভব।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অল মিডিয়া সম্প্রচারস্বত্ব অর্জনের ফলে রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম বিটিভি তাদের বিভিন্ন প্ল্যাটফর্মে ফিফা বিশ্বকাপ-২০২৬-এর ম্যাচ ও সংশ্লিষ্ট অনুষ্ঠান সম্প্রচার করতে পারবে। এর মাধ্যমে দেশের ফুটবলপ্রেমীরা আরও সহজে বিশ্বকাপ উপভোগের সুযোগ পাবেন।
এ বছরের ফিফা বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। এবারই প্রথমবারের মতো ৪৮টি দল বিশ্বকাপে অংশ নেবে।
৫৭ দিন আগে