অন্যান্য
হৃদরোগে ওউন্ড ব্যান্ডের ভোকালিস্ট এ কে রাতুলের মৃত্যু
জনপ্রিয় ‘ওউন্ড’ ব্যান্ডের ভোকালিস্ট ও বেস গিটারিস্ট এবং কিংবদন্তি চিত্রনায়ক জসিমের ছেলে এ কে রাতুল আর নেই। রবিবার (২৭ জুলাই) বিকেলে রাজধানীর উত্তরার একটি জিমে ব্যায়াম করার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন ব্যান্ডটির গীতিকার সিয়াম ইবনে আলম।
সিয়ামের ভাষ্য অনুযায়ী, বিকেল সাড়ে ৩টার দিকে উত্তরার একটি জিমে ব্যায়ামের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রাতুল। প্রথমে তাকে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নেওয়া হয়। পরে লুবানা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
রাতুলের অকালমৃত্যুতে সামাজিক মাধ্যমে শোকের ছায়া নেমে এসেছে। সহশিল্পী, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা বিস্ময় ও শোক প্রকাশ করেছেন।
পড়ুন: চলে গেলেন রেসলিং কিংবদন্তি হাল্ক হোগান
২০১৪ সালে প্রকাশিত ‘ওয়ান’ অ্যালবাম এবং ২০১৭ সালের ‘টু’ অ্যালবামের মাধ্যমে ‘ওউন্ড’ ব্যান্ড দেশীয় রক সংগীতে নিজস্ব একটি ধারা তৈরি করে।
রাতুল ভোকাল ও বেস গিটারিস্ট হওয়ার পাশাপাশি একজন দক্ষ মিউজিক প্রোডিউসার হিসেবেও প্রশংসিত ছিলেন। দেশের বিভিন্ন ব্যান্ডের জনপ্রিয় অ্যালবাম তৈরিতে তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।
চিত্রনায়ক জসিমের তিন পুত্র—এ কে সামি, এ কে রাতুল ও এ কে রাহুল—সকলেই সংগীতাঙ্গনের পরিচিত মুখ। ২০০৭ সালে বড় দুই ভাই সামি ও রাতুল ‘ওউন্ড’ ব্যান্ডটি গঠন করেন। তাদের ছোট ভাই রাহুল বর্তমানে জনপ্রিয় ‘ট্রেইনরেক’ ব্যান্ডের সদস্য।
অভিনেতা জসিম ১৯৯৮ সালের ৮ অক্টোবর ব্রেন হ্যামারেজে মারা যান। এ কে রাতুলের অকালমৃত্যু দেশের সমসাময়িক সংগীত অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি।
২৮২ দিন আগে
চলে গেলেন রেসলিং কিংবদন্তি হাল্ক হোগান
হৃদরোগে আক্রান্ত হয়ে চলে গেলেন রেসলিং কিংবদন্তি হাল্ক হোগান। তিনি ছিলেন পেশাদার রেসলিংকে সারা বিশ্বে জনপ্রিয় করার অন্যতম পথিকৃৎ।
স্থানীয় সময় বৃহস্পতিবার (২৪ জুলাই) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ক্লিয়ারওয়াটারে নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।
পুলিশ জানিয়েছে, ক্লিয়ারওয়াটারে হোগানের বাড়ি থেকে হৃদরোগে আক্রান্ত হওয়ার খবর পেয়ে পৌঁছায় জরুরি সেবা দল। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ক্লিয়ারওয়াটার পুলিশ বিভাগের মেজর নেট বার্নসাইড বলেন, ‘তার মৃত্যুর ঘটনায় সন্দেহজনক কিছু নেই।’
হাল্ক হোগান, যার আসল নাম টেরি বোলিয়া, ১৯৮৫ সালে প্রথম রেসলম্যানিয়াতে মেইন ইভেন্টে অংশ নিয়ে বিশ্ব রেসলিংয়ের মুখ হয়ে ওঠেন।
রেসলম্যানিয়া হলো যুক্তরাষ্ট্রের কোম্পানি ডব্লিউডব্লিউই (ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট) আয়োজিত একটি বার্ষিক পেশাদার রেসলিং প্রতিযোগিতা। এটি বিশ্বের সবচেয়ে বিখ্যাত এবং প্রভাবশালী পেশাদার রেসলিং ইভেন্টগুলোর একটি।
পেশাদার জীবনে অ্যান্ড্রে দ্য জায়ান্ট, র্যান্ডি স্যাভেজ ও দ্য রকের মতো কিংবদন্তিদের সঙ্গে লড়েছেন হাল্ক হোগান। তিনি ছয়বার ডব্লিউডব্লিউই চ্যাম্পিয়ন হওয়ার মর্যাদা অর্জন করেন।
পড়ুন: হলুদের ঝলক: টাইমলাইনে সোনালি আলোর নতুন ট্রেন্ড
হোগান ২০০৫ সালে ডব্লিউডব্লিউই হল অব ফেম-এ অন্তর্ভুক্ত হন। ১৯৮০’র দশকে ‘হাল্কাম্যানিয়া’ সারা আমেরিকায় ঝড় তোলে। লাল-হলুদ পোশাক, পেশিবহুল বাহু—’২৪ ইঞ্চির পাইথন’—ও বর্ণাঢ্য উপস্থিতি দিয়ে তিনি হয়ে ওঠেন আমেরিকান সংস্কৃতির (পপ কালচার) প্রতীক।
পরবর্তীতে সিনেমা, টিভি অনুষ্ঠান ও ভিএইচ১ হুগান নোজ বেস্ট রিয়েলিটি শোতেও জায়গা করে নেন তিনি।
সাম্প্রতিক সময়ে হোগান রাজনীতিতে সক্রিয় হন এবং ২০২৪ সালের রিপাবলিকান ন্যাশনাল কনভেনশনে ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন দেন। একই সঙ্গে ‘রিয়েল আমেরিকান ফ্রিস্টাইল’ নামে নতুন এক রেসলিং লিগের কমিশনার হন। এই লিগটি ‘আনস্ক্রিপ্টেড’ বা পূর্বনির্ধারিত নয়।
১৯৮৪ সালে ডব্লিউডব্লিউইতে যোগ দিয়ে তিনি ‘রেসলম্যানিয়া’ যুগের সূচনা করেন। ১৯৮৭ সালে অ্যান্ড্রে দ্য জায়ান্টকে পরাজিত করা এবং র্যান্ডি স্যাভেজের সঙ্গে তার দ্বন্দ্ব রেসলিংয়ের ইতিহাসে অন্যতম স্মরণীয় ঘটনা। পরে ১৯৯৬ সালে তিনি নিজের ইমেজ বদলে ‘হলিউড হোগান’ রূপে ডব্লিউসিডব্লিউতে নতুন ফেস (চেহারা) নিয়ে আবির্ভূত হন।
আশ্চর্যজনক ক্যারিয়ার ও ক্যারিশমায় ভরপুর হোগান নিজেই একবার বলেছিলেন, ‘আমি যেখানেই যাই, মানুষ এখনো আমাকে চ্যাম্পিয়ন বলেই দেখে।’
সূত্র: বিভিন্ন সংবাদ সংস্থা
২৮৪ দিন আগে
দেশের সঙ্গীত অঙ্গন ধ্বংস করেছে ফ্যাসিস্ট হাসিনা: দুলু
সাবেক মন্ত্রী ও বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু বলেছেন, ফ্যাসিস্ট হাসিনা তার শাসনামলে এদেশের সঙ্গীত অঙ্গন ধ্বংস করে দিয়েছে। সংগীত অঙ্গনকেও তিনি দলীয়করণ করেছে। জাতীয় সংসদের মতো পবিত্র জায়গাতেও সংগীতানুষ্ঠান করতে বাধ্য করা হয়েছে।
তিনি বলেন, দেশের শিল্পীদের বিভক্তি তার দ্বারাই হয়েছে। শিল্পীরাও গান ছেড়ে রাজনীতির মঞ্চে নেমেছিল।
রংপুর সঙ্গীতশিল্পী কল্যাণ ফাউন্ডেশনের যুগপূর্তি উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শুক্রবার রাতে রংপুর জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে এ উৎসব অনুষ্ঠিত হয়। জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এরপর সংগঠনের কোরাস পরিবেশন করেন শিল্পীরা।
অনুষ্ঠানে দুই প্রবীণ শিল্পীকে শিল্পী সম্মাননা দেওয়া হয়। এবারে শিল্পী সম্মাননা পান আব্দুল গফুর সরকার ও তমাল কান্তি লাহিড়ি।
এতে বিশেষ অতিথি ছিলেন রংপুর গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল আলম আল-আমিন, জেলা কালচারাল অফিসার কে এম আরিফউজ্জামান। সভাপতিত্ব করেন রংপুর সঙ্গীতশিল্পী কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি খন্দকার মোহাম্মদ আলী সম্রাট।
৩১১ দিন আগে
হলুদের ঝলক: টাইমলাইনে সোনালি আলোর নতুন ট্রেন্ড
সামাজিক যোগাযোগ মাধ্যম আপাতত হলুদময়। কয়েকদিন ধরে ফেসবুক, টিকটক ও ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপেও সয়লাব হয়েছে পানিতে গুঁড়া হলুদ মেশানোর ভিডিও। এই ট্রেন্ডে মেতে ওঠেছেন বিশ্বের কোটি ব্যবহারকারী।
কীভাবে করবেন এই টারমারিক গ্লো?
* মোবাইলের ফ্ল্যাশলাইট অন করে সেটি সমতল জায়গায় রাখুন।* তার ওপরে একটি স্বচ্ছ পানির গ্লাস রাখুন।* ঘরের লাইট নিভিয়ে দিন।* এবার সামান্য হলুদ গুঁড়া বা ভিটামিন বি-টু (রিবোফ্লাভিন) ক্যাপসুল গুড়া করে পানিতে দিন।সঙ্গে সঙ্গেই পানির গ্লাসে দেখা যাবে অনেকটাই সোনালি ঝলমলে আলো।
এটি দেখার পর ছোট শিশুদের বিস্মিত মুখের ভিডিও এখন ভাইরাল হয়ে উঠেছে। এই ট্রেন্ডে অসংখ্য ভিডিও বানানো হচ্ছে, প্রচুর রিঅ্যাকশন আর শেয়ার হচ্ছে ভিডিওগুলো।
আরও পড়ুন: হরমুজ প্রণালী বন্ধ হলে বিশ্ববাজারে কী প্রভাব পড়তে পারে?
কেন এত জনপ্রিয় হচ্ছে?
একদম কম খরচ ও সহজে এই ট্রেন্ডে নিজেকে ভাসিয়ে দিচ্ছেন সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা। এতে রয়েছে বিজ্ঞানের মজার খেলা। পুরো পরিবারের মিলে ঘরে বসে এই পরীক্ষা করা যাচ্ছে। অনেকে ভিডিওতে মজার সঙ্গীত, ক্যাপশন বা মিমও যোগ করছেন।
মজার বিষয় হলো, অনেকেই মজা করে বলছেন, হলুদের দোকানে নাকি এখন স্টক শেষ হয়ে যায় কি-না! আরও উজ্জ্বল আলোর জন্য অনেকে হলুদের বদলে ভিটামিন বি-টু ট্যাবলেট—বেকোসুলস গুড়া করে ব্যবহার করছেন এবং ইউভি লাইটের নিচে ধরছেন।এতে রিবোফ্লাভিনের কারণে পানিতে সবুজ-হলুদ আলো আরও বেশি উজ্জ্বল হয়ে ওঠেছে।
বিজ্ঞান, বিনোদন আর একটু জাদুর ছোঁয়া মিলিয়ে সামাজিক মাধ্যমের সবচেয়ে আলোচিত বিষয় এখন এই টারমারিক গ্লো এক্সপেরিমেন্ট।
কেউ করছেন শেখার জন্য, কেউ শুধুই মজার খাতিরে—যেভাবেই হোক, সবার টাইমলাইনে এখন ঝলমলে সোনালি আলো!
৩১৬ দিন আগে
কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া
আলোচিত চিত্রনায়িকা নুসরাত ফারিয়া গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন।
মঙ্গলবার (২০ মে) সাড়ে ৩টার দিকে তিনি মহিলা কারাগার থেকে মুক্তি লাভ করেন বলে জানিয়েছেন কারা কর্তৃপক্ষ।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের মহিলা কারাগারের জেল সুপার কাওয়ালিন নাহার বলেন, ‘দুপুরে চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার জামিনের কাগজপত্র কারাগারে এসে পৌঁছায়। পরে সেগুলো যাচাই-বাছাই ও নতুন মামলায় আটকাদেশ না থাকায় তাকে সাড়ে ৩টার দিকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।’
ভাটারা থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার নুসরাত ফারিয়াকে সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে নেয়া হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আরও পড়ুন: জামিন পেলেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া
পরে ওইদিন দুপুর আড়াইটার দিকে তাকে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে পাঠানো হয়। এর আগে সকালে নুসরাত ফারিয়াকে আদালতে হাজির করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গত রোববার নুসরাত ফারিয়াকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ। থাইল্যান্ড যাওয়ার সময় বিমানবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
নুসরাত ফারিয়ার বিরুদ্ধে ভাটারা থানায় করা একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। জুলাই গণ-অভ্যুত্থানের সময় ওই মামলায় তাকে হত্যাচেষ্টার অভিযোগে আসামি করা হয়।
৩৫০ দিন আগে
ঈদুল ফিতর ২০২৫-এ ছোট পর্দার ঈদ আয়োজন: মুক্তির অপেক্ষায় শীর্ষ ১০টি নাটক
বসন্তের উৎসবমুখরতা ও ঈদুল ফিতর; এ দুয়ে মিলে শুরু হচ্ছে জমকালো আয়োজন। চাঁদ রাত থেকে শুরু করে ঈদুল ফিতর ২০২৫-এ পুরো সপ্তাহ জুড়ে বিনোদনসূচীতে ইতোমধ্যে যুক্ত হয়েছে দারুণ কিছু নাটক। রোমান্টিক ঘরানাকে সামনে রেখে এই নাটকগুলোতে দেখা মিলবে জীবনমুখী ও পারিবারিক জনরার মেলবন্ধন। দর্শকদের চমক দিতে থ্রিলার ও সিরিয়াস ড্রামার মতো কিছু ভিন্ন পরিবেশনাও রয়েছে। তবে সবকিছুকে ছাপিয়ে নাট্যপ্রেমিদের উদ্দীপনার খোরাক যোগাচ্ছে প্রিয় তারকাদের অভিনয় দেখার আগ্রহ। চলুন, এবারের ঈদে মুক্তির অপেক্ষায় থাকা শীর্ষ ১০টি নাটকের ব্যাপারে জেনে নেওয়া যাক।
ঈদুল ফিতর ২০২৫-এ যে ১০টি নাটক দর্শকনন্দিত হওয়ার অপেক্ষায়
.
ভুল সবই ভুল
সমূহ যাচাই-বাছাইয়ের পর বিয়ের পরেই শুরু হলো যত বিড়ম্বনা। নব দাম্পত্য জীবনের এমনি খুটিনাটি নানা বিড়ম্বনা নিয়ে হাস্যকৌতুকে ভরপুর নাট্যরঙ্গ ‘ভুল সবই ভুল’। ইমদাদ বাবুর গল্প ও চিত্রনাট্যে এর পরিচালনা করেছেন মাসরিকুল আলম।
শ্রেষ্ঠাংশে রয়েছেন বর্তমান সময়ে ছোট পর্দার প্রথম সারির জনপ্রিয় জুুটি অপূর্ব-সাবিলা নূর। পাশাপাশি বিভিন্ন ভূমিকায় অভিনয় করেছেন মিলি বাশার, সমু চৌধুরী, বাপ্পী আশরাফ, শামীমা নাজনীন, ও সুষমা সরকার।
গোল্লাছুট নিবেদিত নাটকটি সম্প্রচারিত হবে ঈদের ৪র্থ দিন রাত ১০:২০ মিনিটে মাছরাঙা চ্যানেলে। পরবর্তীতে এটি মাছরাঙ্গা ড্রামা ইউটিউব চ্যানেল থেকেও প্রকাশ করা হবে।
আরো পড়ুন: ২০২৫ সালের রূপালি পর্দায় সুপারহিরোদের রোমাঞ্চকর অভিযান
কোন এক বসন্ত বিকেল
জিয়াউল ফারুক অপূর্ব ও তাসনিয়া ফারিণ অভিনীত বিশেষ এই নাটকটি পরিচালনা করেছেন সৈয়দ শাকিল। কাজী মিডিয়া লিমিটেড প্রযোজিত নাটকটি রচনায় রয়েছেন রহমান মোস্তাফিজ পাভেল।
শুরুটা স্নিগ্ধ এক সম্পর্কের মাধ্যমে হলেও ধীরে ধীরে হাল্কা হাস্যরসের আঙ্গিকে নাটকে যুক্ত হয় জীবনবোধ। সেই সাথে থাকে দারিদ্র্যের দুর্দশা নিয়ে নিরঙ্কুশ বার্তা।
অপূর্ব-ফারিণ জুটির পাশাপাশি এখানে বিভিন্ন চরিত্রে দেখা যাবে নরেশ ভূঁইয়া, মাসুম বাশার, ও বাশার বাপ্পীকে।
নাটকটি মুক্তি দেওয়া হবে দীপ্ত টিভি ও দীপ্ত নাটক ইউটিউব প্ল্যাটফর্মে।
আরো পড়ুন: গৌরী স্প্রাট কে? আমির খানের বান্ধবী, বেঙ্গালুরু-ভিত্তিক উদ্যোক্তা
এক ধ্রুবতারা
প্রণয় ও হাস্যরসে ভরপুর দীপ্ত নেটওয়ার্কের আরও একটি নাটক ‘এক ধ্রুবতারা’, যার শ্রেষ্ঠাংশে আছেন অপূর্ব ও ফারিণ। এই নাটকেরও নির্দেশনায় রয়েছেন সৈয়দ শাকিল।
অন্যান্য সহশিল্পীরা হলেন মিলি বাশার, সাবেরী আলম, সমাপ্তি মাশুক, আলমগীর হোসেন, ও তমাল মাহবুব।
কাজী মিডিয়া লিমিটেড প্রযোজিত নাটকটি দীপ্ত টিভিতে দেখানো হবে ঈদের দিন সন্ধ্যা ৭টায়।
মাকড়সা
রেবেকা সুলতানা কেয়ার গল্পে নির্মিত এই নাটকটি হতে যাচ্ছে এবারের ঈদের এক ভিন্ন পরিবেশনা। নাটকের চিত্রনাট্য ও নির্দেশনায় আছেন রাগিব রাইহান পিয়াল।
কেন্দ্রিয় চরিত্রে রয়েছেন সাবিলা নূর এবং শ্যামল মাওলা। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো একসঙ্গে জুটি হিসেবে কাজ করছেন এই দুই তারকা।
আরো পড়ুন: ‘কৃশ ৪’-এর বিশাল বাজেটে অনিশ্চিত বিনিয়োগ, কেন সরে দাঁড়ালেন রাকেশ রোশান
চরিত্রগুলোর মানসিক টানাপোড়েন, গল্পের অপ্রত্যাশিত মোড় আর ক্লাইম্যাক্সের চমক এক নতুন অভিজ্ঞতার সঞ্চার করবে।
সাসপেন্স ও থ্রিলার গল্প নির্ভর নাটকটি দেখা যাবে দীপ্ত নেটওয়ার্কের টিভি ও ইউটিউব চ্যানেলে।
মেঘবালিকা
ভ্যালেন্টাইন মৌসুমে ‘মন দুয়ারী’র ব্যাপক সাফল্যের ধারাবাহিকতায় এই ঈদে আবারও জুটি বাঁধছেন অপূর্ব ও নাজনীন নাহার নিহা। এই জুটিকে নিয়ে জাকারিয়া সৌখিনের রচনা ও পরিচালনায় আসছে নতুন নাটক ‘মেঘবালিকা’।
নাটকের প্রধান দুই চরিত্র আবিদ ও নায়লা। আবিদ শুধু নায়লার বড় ভাইয়েরই বন্ধু নয়, তাদের পারিবারিক বন্ধুও। নায়লার বাবা-মা ও ভাই আবিদকে নিজেদের পরিবারের একজন হিসেবে মনে করে। কিন্তু বিড়ম্বনা বাধে যখন নায়লা পাগলের মতো প্রেমে পড়ে যায় আবিদের। আর এই পাগলামী আবিদের সাথে তাদের পারিবারিক সম্পর্ককে ফেলে দেয় হুমকির মুখে।
আরো পড়ুন: ঈদুল ফিতর ২০২৫-এ ঢালিউডে মুক্তির অপেক্ষায় যে সকল বাংলাদেশি সিনেমা
নাটকের অন্যান্য অভিনয় শিল্পীরা হলেন সমাপ্তি মাশুক, সমু চৌধুরী, এবং মিলি বাশার।
নাটকটি দেখতে হলে চোখ রাখতে হবে ধূপছায়া এন্টারটেইনমেন্টের ইউটিউব প্ল্যাটফর্মে।
৪০২ দিন আগে
গৌরী স্প্রাট কে? আমির খানের বান্ধবী, বেঙ্গালুরু-ভিত্তিক উদ্যোক্তা
কিংবদন্তি বলিউড অভিনেতা আমির খান তার ৬০তম জন্মদিনের আগের দিন বান্ধবী গৌরী স্প্রাটকে মিডিয়ার সামনে পরিচয় করিয়ে দিলেন।
আমির খান তার ভক্তদের জন্য এক বিশাল চমক নিয়ে এলেন যখন তিনি ১৩ মার্চ মুম্বাইতে একটি প্রাক-বার্থডে সাক্ষাৎকারে তার বান্ধবী গৌরী স্প্রাটকে মিডিয়ার সামনে পরিচয় করিয়ে দিলেন।
অভিনেতা জানান যে তারা একে অপরকে ২৫ বছর ধরে চেনেন, তবে এক বছর আগে তারা সম্পর্কে জড়িয়েছেন। বর্তমানে, গৌরী স্প্রাট আমির খানের প্রোডাকশন হাউসে কাজ করছেন।
গৌরী স্প্রাটের নাম প্রকাশ্যে আসার পর থেকে ইন্টারনেট জুড়ে তাকে নিয়ে কৌতূহল দেখা দিয়েছে।
আরো পড়ুন: ভালোবাসা দিবস ২০২৫: ভ্যালেন্টাইনস ডে নাটক
গৌরী স্প্রাট বেঙ্গালুরুর বাসিন্দা এবং তার জীবনের বেশিরভাগ সময় তিনি ওই শহরেই কাটিয়েছেন। তিনি অর্ধেক তামিল এবং অর্ধেক আইরিশ বংশোদ্ভূত, এবং তার দাদা একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন। গৌরী ছয় বছর বয়সী এক পুত্রসন্তানের মা।
তার লিংকডইন প্রোফাইল অনুসারে, গৌরী ব্লু মাউন্টেন স্কুলে পড়াশোনা করেছেন এবং ২০০৪ সালে লন্ডনের ইউনিভার্সিটি অফ দ্য আর্টস থেকে "FDA স্টাইলিং অ্যান্ড ফটোগ্রাফি" বিষয়ে একটি ফ্যাশন কোর্স সম্পন্ন করেছেন। প্রোফাইল অনুযায়ী, বর্তমানে তিনি মুম্বাইতে একটি বি ব্লান্ট (BBlunt) স্যালন চালান।
আমির খান ১৪ মার্চ ৬০ বছরে পা দিলেন এবং তিনি তার পরিবারের সঙ্গে জন্মদিন উদযাপন করবেন। সম্প্রতি, আমির খান তার সন্তানদের, পরিবারের সদস্যদের এবং তার বহু বছরের পুরনো বন্ধু শাহরুখ খান ও সালমান খানের সঙ্গে গৌরীর পরিচয় করিয়ে দিয়েছেন। ১২ মার্চ, আমিরের প্রাক-জন্মদিনের নৈশভোজে শাহরুখ ও সালমান তার বাড়িতে আসেন এবং সেখানে গৌরীর সঙ্গে পরিচিত হন।
আরো পড়ুন: অস্কার ২০২৫: ৯৭তম অ্যাকাডেমি পুরষ্কারের আসর মাতালেন যারা
আমির খান সর্বশেষ "লাল সিং চাড্ডা" সিনেমায় অভিনয় করেছিলেন, তবে এটি বক্স অফিসে সাফল্য পায়নি। তিনি এখন "সিতারে জমিন পর" সিনেমায় অভিনয় করবেন। তিনি আরও জানান যে তিনি তার স্বপ্নের প্রজেক্ট "মহাভারত"-এর প্রি-প্রোডাকশন শুরু করতে চলেছেন।
৪১৬ দিন আগে
বিয়ে করলেন অভিনেত্রী মেহজাবীন
বিয়ে করেছেন জনপ্রিয় বাংলাদেশি অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। দীর্ঘদিনের প্রেমিক পরিচালক আদনান আল রাজীবের সঙ্গে গত ১৪ ফেব্রুয়ারি আকদের পর ঢাকার অদূরে একটি রিসোর্টে বিয়ের আনুষ্ঠানিকতা হবে আজ।
সোমবার (২৪ ফেব্রয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন পোস্টের মাধ্যমে দেড় সপ্তাহ পর তিনি ভক্তদের এই সুখবর জানান।
ওই পোস্টে স্মৃতিচারণ করে মেহজাবীন লিখেছেন, ২০১২ সালের ৯ এপ্রিল প্রথমবার রাজীবের সঙ্গে তার দেখা হয়েছিল। সেদিন তাদের ১৫ মিনিটের সংক্ষিপ্ত কথোপকথন তাদের পরস্পরের মনে জায়গা করে নিয়েছিল। বছরের পর বছর তাদের বন্ধন আরও দৃঢ় হয়েছে। অবশেষে ১৩ বছর পরে বিয়ের মাধ্যমে পরিণতি পেয়েছে তাদের সম্পর্ক।
পোস্টে তিনি লেখেন, ‘১৩ বছর পর আমরা একসঙ্গে, উপভোগ করছি আমাদের উচ্চাকাঙক্ষা, প্রতিকূলতাকে অতিক্রম করেছি।’
অভিনেত্রী সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তাদের দাম্পত্য জীবনের জন্য সবার কাছে আশীর্বাদ ও দোয়া চেয়েছেন।
জানা গেছে, গত ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার একটি রেস্টুরেন্টে মেহজাবীন ও আদনানের আকদ সম্পন্ন হয়।
গতকাল রবিবার (২৩ ফেব্রুয়ারি) ঢাকার অদূরে একটি রিসোর্টে তাদের গায়ে-হলুদ অনুষ্ঠান হয়েছে। একই রিসোর্টে আজ হচ্ছে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা। তবে অভিনেত্রী বিয়ের অনুষ্ঠানে গোপনীয়তা বজায় রাখতে চেয়েছেন। তিনি নিজেই ছবি পোস্ট করবেন বলেও জানান।
আরও পড়ুন: এবার বিয়ের খবর দিলেন পড়শী
দীর্ঘদিন ধরেই রাজীবের সঙ্গে মেহজাবীনের প্রেমের গুঞ্জন চলছিল। তারা বিয়ে সেরেছেন এমন কথাও ভাসছিল শোবিজ অঙ্গনে। তবে এটি নিয়ে কখনো প্রকাশ্যে কিছু বলেননি এই দম্পতি। অবশেষে গুঞ্জন সত্যি হলো তাদের আনুষ্ঠানিক বিয়ের মধ্য দিয়ে।
বিনোদন জগতের অন্যতম জনপ্রিয় মুখ মেহজাবিন। টেলিভিশন নাটক ও ওয়েব সিরিজে অভিনয় করে দর্শকের হৃদয় জয় করেছেন এই অভিনেত্রী। মেহজাবিনের স্বামী আদনান আল রাজীব একজন পরিচালক।
এই দম্পতির বিয়ের খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সহকর্মী ও ভক্তরা তাদের সুখী ও প্রেমময় দাম্পত্য জীবনের জন্য শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন।
৪৩৫ দিন আগে
মারা গেছেন তরুণ অভিনেতা শাহবাজ সানী
তরুণ অভিনেতা শাহবাজ সানি আর নেই। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে ফেসবুকে এক পোস্টের মাধ্যমে সানির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব।
ফেসবুকে ভেরিফায়েড পেজে অপূর্ব লিখেছেন, অভিনেতা শাহবাজ সানী আর আমাদের মাঝে নেই। ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন। সবাই সানীর জন্য দোয়া করবেন।
অভিনেতা নিলয় আলমগীরও ফেসবুকে এক পোস্টের মাধ্যমে সানির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায় আর নেই
বিনোদন জগতের অনেকে মৃত্যুর বিষয়টি জানালেও সানির মৃত্যুর সময় ও কারণটি নিশ্চিত করতে পারেননি।
নির্মাতা ইমরাউল রাফাতের ‘কাছে আসার পর’ নাটক দিয়ে বিনোদন জগতে যাত্রা শুরু করেছিলেন শাহবাজ সানী।অল্প সময়েই মধ্যেই সানি তার অভিনয়ের গুণে দর্শকের প্রিয় হয়ে উঠেছেন এবং সেইসঙ্গে অর্জন করেছেন নির্মাতাদের আস্থাও।
৪৪২ দিন আগে
হাসপাতালে ভর্তি শাকিরা, বাতিল কনসার্ট
অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হওয়ার পর একটি কনসার্ট বাতিল করেছেন কলোম্বিয়ান সঙ্গীতশিল্পী শাকিরা। রবিবার (১৬ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে তিনি বলেন, ‘তার উদরে সমস্যা হওয়ায় পেরুর লিমার কনসার্টে যেতে পারছেন না।’
কোনো অনুষ্ঠানে গান গাওয়ার পরিস্থিতিতে তিনি এখন নেই বলে জানিয়েছেন চিকিৎসকেরা। বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।-খবর এপির।
বিবৃতিতে এই সঙ্গীতশিল্পী বলেন, ‘আমি খুবই দুঃখিত তো যে আজ মঞ্চে উঠতে পারবো না। আমার পেরুভিয়ান দর্শকদের সঙ্গে একত্রিত হওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’
শুক্রবার সন্ধ্যায় পেরুতে যান শাকিরা। সেখানে কনসার্টে রবি ও সোমবার তার গান গাওয়ার কথা ছিল। দক্ষিণ আমেরিকা ট্যুরে দ্বিতীয় দেশ হিসেবে পেরুতে পা রেখেছেন এই শিল্পী। এরআগে ব্রাজিলে পারফর্ম করেন বিশ্বখ্যাত এই তারকা। এরপর কানাডা ও ব্রাজিল যাবেন তিনি।
আরও পড়ুন: ওস্তাদ রাহাত ফতেহ আলী খানের ঢাকা কনসার্টের টিকেট কিনবেন যেভাবে
লাতিন ভক্তদের কাছ থেকে উষ্ণ অভ্যর্থনা পেয়ে আপ্লত হওয়ার কথা জানিয়েছেন তিনি। লিমায় তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে ভিড় করতে দেখা গেছে ভক্তদের। শনিবার ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘এমন আবেগঘন অভ্যর্থনার জন্য ধন্যবাদ, লিমা।’
খুবই দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে জানিয়েছেন শাকিরা। বিবৃতিতে বলেন, ‘যত দ্রুত সম্ভব এই শোতে আমি পারফর্ম করতে চাই। নতুন একটি তারিখ নির্ধারণে আমার টিম কাজ করছে।’
৪৪২ দিন আগে