পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ মঙ্গলবার থেকে সাত দিনের সরকারি ছুটি শুরু হলেও প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে তার দপ্তরে অফিস করছেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী বেলা ১১টার দিকে তার কার্যালয়ে পৌঁছান। তিনি সচিবালয়ে পৌঁছালে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার তাকে অভ্যর্থনা জানান।
তিনি জানান, ঈদের ছুটি শুরু হলেও প্রধানমন্ত্রী তার দাপ্তরিক কাজ অব্যাহত রেখেছেন। সচিবালয়ে পৌঁছে তিনি বেশ কিছু বৈঠকে অংশ নেন। এছাড়া আজ মন্ত্রিসভারও বৈঠক রয়েছে।
উল্লেখ্য, আজ ১৭ মার্চ থেকে ঈদের ছুটি শুরু হয়েছে, যা ২৩ মার্চ পর্যন্ত চলবে। এর আগে, জনপ্রশাসন মন্ত্রণালয় ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত পাঁচ দিনের ছুটি নির্ধারণ করেছিল। নির্বাহী আদেশে ঈদের আগে ১৯ ও ২০ মার্চ এবং ঈদের পরে ২২ ও ২৩ মার্চ ছুটি ঘোষণা করা হয়।
ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত সহজ করতে সরকার ১৮ মার্চকেও ছুটি ঘোষণা করে। এর ফলে ১৭ মার্চের শবে কদরের ছুটির সঙ্গে মিলিয়ে এটি টানা সাত দিনের ছুটিতে পরিণত হয়।