সন্দেহজনক আর্থিক কর্মকাণ্ডের তদন্তের অংশ হিসেবে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) নির্দেশনায় গোপালগঞ্জে প্রায় এক লাখ ৭০ হাজার মোবাইল আর্থিক সেবা (এমএফএস) অ্যাকাউন্টে লেনদেন স্থগিত করা হয়েছে।
বিকাশ, নগদসহ বিভিন্ন প্ল্যাটফর্মের এসব অ্যাকাউন্ট থেকে গ্রাহকরা টাকা পাঠাতে বা তুলতে পারছেন না।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান রবিবার (২৯ নভেম্বর) বিকেলে বলেন, সন্দেহজনক অর্থ স্থানান্তর বা অন্য কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে এসব অ্যাকাউন্ট ব্যবহার করা হয়েছে কি না, তা খতিয়ে দেখতে বিএফআইইউর দেওয়া তথ্যের ভিত্তিতে লেনদেন স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, অ্যাকাউন্টগুলোর লেনদেনে অনিয়ম ও সন্দেহজনক কর্মকাণ্ডের প্রতিবেদন পাওয়ার পর এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
তবে অ্যাকাউন্টগুলোর প্রকৃত মালিক কারা, কী পরিমাণ অর্থ লেনদেন হয়েছে কিংবা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে এগুলোর সরাসরি কোনো যোগসূত্র রয়েছে কি না, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্তাধীন।
এর আগে বুধবার রাত থেকে জেলার বিভিন্ন এলাকায় মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে লেনদেন স্থগিতের খবর ছড়িয়ে পড়তে শুরু করে। এরপর কয়েক ধাপে আরও অ্যাকাউন্টে লেনদেনের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়।
রবিবার সকালে টাকা পাঠানো বা তোলার জন্য এজেন্ট পয়েন্টে যাওয়া অনেক গ্রাহক লেনদেন স্থগিতের নোটিশ পেয়ে খালি হাতে ফিরে যেতে বাধ্য হন।