প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর বিভিন্ন সড়কে তার ছবিসহ অভিনন্দন জানিয়ে বিজ্ঞাপন ও ব্যানার দ্রুত সরানোর নির্দেশ দিয়েছেন।
মঙ্গলবার (৩ মার্চ) সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন বলে জানিয়েছেন তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
রুমন জানান, প্রধানমন্ত্রী সচিবালয়ের পথে আসার সময় হাতিরঝিলের পুলিশ প্লাজার সামনে আসলে তার ছবি-সম্বলিত ব্যানার দেখেন। তিনি তা তৎক্ষণাৎ সরিয়ে ফেলার নির্দেশ দেন। সঙ্গে সঙ্গে তা সরানো হয়।
তিনি আরও জানান, প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, রাজধানীজুড়ে তার ছবিসহ সব ধরনের ব্যানার ও বিলবোর্ড দ্রুত সরাতে।
কয়েক দিন আগে বিজয় সরণি অতিক্রমের সময় প্রধানমন্ত্রী একটি এলইডি স্ক্রিনে প্রদর্শিত অভিনন্দন বার্তা দেখেছিলেন এবং সঙ্গে সঙ্গে তা সরানোর নির্দেশ দেন।
রুমন জানান, প্রধানমন্ত্রী আজ সকাল ৯টা ১০ মিনিটে সচিবালয়ে পৌঁছান। পরে কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হকের সঙ্গে বৈঠক করেন তিনি।
প্রধানমন্ত্রী উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকায় জলদস্যুতা, চুরি, অবৈধ বাণিজ্য রোধ এবং মৎস্যজীবীদের নিরাপত্তা নিশ্চিত করতে টহল বাড়ানোর নির্দেশ দিয়েছেন।
যানবাহনের গতি বৃদ্ধি
অতিরিক্ত প্রেস সচিব জানান, ট্রাফিক সিগন্যাল মেনে চলায় রাজধানীর সড়কে যান চলাচলের গতি বেড়েছে; প্রধানমন্ত্রীর কাছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দেওয়া প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে রাজধানীর যানজট নিরসন এবং সড়কে যানবাহন চলাচলের গতি প্রকৃতি কেমন এই সংক্রান্ত একটি প্রতিবেদন আজকে উপস্থাপন করা হয়েছে। সেই প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রীসহ রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ভিআইপি প্রটোকল ছাড়া চলাচলের কারণেই যানবাহনের গতি বেড়েছে।’
গতি কতটা বেড়েছে তা তুলে ধরে রুমন বলেন, রাজধানীতে আগে যানবাহনের স্বাভাবিক গতি ছিল ৪ দশমিক ৫ কিলোমিটার, যা কী না পায়ে হাঁটা গতির সমান।
আতিকুর রহমান রুমন বলেন, ‘প্রধানমন্ত্রী হিসেবে জনাব তারেক রহমান দায়িত্বভার গ্রহণের পরে তিনি ভিভিআইপি প্রটোকল কমিয়ে ট্রাফিক সিগন্যাল মেনে চলাচল করছেন। প্রতিবেদনে গত ১৪ দিনের একটি পরিসংখ্যান দিয়ে বলা হয়েছে যে, ভিভিআইপি প্রটোকলে যানচলাচল বাধাগ্রস্ত না হওয়ায় যানবাহনের গতি ৫ দশমিক ৩ কিলোমিটারে উন্নীত হয়েছে। কারণ প্রধানমন্ত্রীর পর রাষ্ট্রপতি, মন্ত্রী-প্রতিমন্ত্রীরা ট্রাফিক সিগন্যাল অনুসরণ করছেন।’
চালের দাম পর্যবেক্ষণ
চালের মূল্য বৃদ্ধির বিষয়ে অবগত হয়ে প্রধানমন্ত্রী সোমবার সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষকে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন।
রুমন জানান, প্রধানমন্ত্রী যখন খোঁজখবর নেন, তাৎক্ষণিকভাবে এর ইতিবাচক প্রভাব বাজারে দেখা গেছে।