আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকাসহ আটটি জেলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মোট ১০৮ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) বিজিবির পক্ষ থেকে জানানো হয়, মোতায়েন করা সদস্যদের মধ্যে গোপালগঞ্জে ৫৬টি প্লাটুন, ঢাকার সাভার ও আশুলিয়ায় ১৮টি, গাজীপুরে ১৮টি, নারায়ণগঞ্জে ছয়টি, চট্টগ্রামে তিনটি, ময়মনসিংহের ভালুকায় দুটি এবং কক্সবাজারে একটি প্লাটুন মোতায়েন রয়েছে।
এছাড়া প্রয়োজন হলে মোতায়েনের জন্য আরও চারটি প্লাটুনকে প্রস্তুত রাখা হয়েছে বলেও জানিয়েছে বিজিবি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে তাদের দায়িত্ব পালন করছেন।
বিশৃঙ্খলা, সহিংসতা এবং জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সদস্যরা গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চলসহ অন্যান্য জরুরি স্থানে নিরাপত্তা ও নজরদারি জোরদার করছে।
এছাড়া মাঠপর্যায়ের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও সমন্বয় নিশ্চিত করতে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারিও চালানো হচ্ছে।
ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও অন্যান্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে সংগৃহীত সরাসরি ভিডিওচিত্র মনিটরিং সেলে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।
বিজিবি আরও জানায়, সীমান্তে নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায়ও বাহিনীর সদস্যরা পেশাদারত্ব, শৃঙ্খলা ও ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন।
জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন কার্যক্রম সচল রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নিতে বিজিবি প্রতিশ্রুতিবদ্ধ বলে জানানো হয়েছে।