ধারণা সত্যি করে বড় ব্যবধানে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর মাধ্যমে দেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন বিএনপির এই জ্যেষ্ঠ রাজনীতিক।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল সোয়া পাঁচটার দিকে রাষ্ট্রপতি নির্বাচনের কর্তা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন নির্বাচনের ফল ঘোষণা করেন।
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ।
ফল ঘোষণাকালে সিইসি বলেন, ২৫৫ ভোট পেয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী অলি আহমদ পেয়েছেন ৮৮টি ভোট। ফলে সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়ে রাষ্ট্রপতি পদে যথাযথভাবে নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সিইসির ঘোষণার পর টেবিল চাপড়ে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানান সংসদ সদস্যরা। এরপর প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ আসন থেকে উঠে মির্জা ফখরুলের সঙ্গে করমর্দন করেন। এ সময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী ও সংসদ নেতা।
এরপর নিজ আসন থেকে উঠে যান নবনির্বাচিত রাষ্ট্রপতি। বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান উঠে এসে তার সঙ্গে করমর্দন ও আলিঙ্গন করেন। একে একে অন্যান্য সংসদ সদস্যরাও তার সঙ্গে করমর্দন ও আলিঙ্গন করেন।
এ এম এম নাসির উদ্দিন জানান, রাষ্ট্রপতি নির্বাচনের মোট ভোটার ছিলেন ৩৪৯ জন, এর মধ্যে ৩৪৩ জন ভোট দিয়েছেন। ছয়জন সংসদ সদস্য ভোট দেননি।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীকে অভিনন্দন জানান সিইসি। এরপর ভোটগ্রহণ কার্যক্রমে অংশগ্রহণ ও সার্বিক ব্যবস্থাপনায় সর্বাত্মক সহযোগিতা প্রদানের জন্য জাতীয় সংসদ সচিবালয়ের সকল সদস্যকে ধন্যবাদ জানিয়ে তিনি ভোটগ্রহণ কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করেন।