দেশজুড়ে নিরাপদ পানি পৌঁছে দিতে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সঙ্গে প্রায় ২৫ হাজার কোটি টাকার একটি সমন্বিত পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সচিবালয়ে ইউনিসেফের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘আমরা আজকে ইউনিসেফের সঙ্গে একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলেছি। সেটি হচ্ছে কীভাবে বাংলাদেশের ১৮ কোটি মানুষের কাছে আমরা নিরাপদ পানি পৌঁছে দিতে পারি।’
তিনি আরও বলেন, বাংলাদেশে ১৮ কোটি মানুষের কাছে নিরাপদ পানি পৌঁছানো নিশ্চিত করার চ্যালেঞ্জ নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।
উজানে পানি প্রত্যাহারের কারণে উত্তরাঞ্চলে মরুকরণ এবং দক্ষিণাঞ্চলে সুপেয় পানির সংকট তৈরি হচ্ছে বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, নদীতে পানির প্রবাহ কমে গেলে সমুদ্রের লবণাক্ত পানি উজানের দিকে উঠে আসে, ফলে দক্ষিণাঞ্চলে পানীয় জলের সংকট আরও তীব্র হচ্ছে।
ড. আবদুল মঈন খান বলেন, ‘সব বিষয় বিবেচনা করে আমাদের দায়িত্ব মানুষের কাছে সুপেয় পানি পৌঁছে দেওয়া। সেই উদ্দেশ্যে আমরা কীভাবে জাতিসংঘের সঙ্গে একসঙ্গে কাজ করে মানুষের কল্যাণে নিজেদের নিয়োজিত করতে পারি—তার অর্থায়ন কীভাবে হবে, এই বিশেষ দিকটিই আজকে সভায় আলোচনার বিষয় ছিল।’
আন্তর্জাতিক সংস্থাগুলোকে নিয়ে সমন্বিতভাবে পরিকল্পনা করার চেষ্টা চলছে জানিয়ে মন্ত্রী বলেন, বৈঠকে শুধু জাতিসংঘ নয়, বিশ্বব্যাংক, ওয়াটারএইড ও বাংলাদেশে নিযুক্ত ইউনিসেফের প্রধানও উপস্থিত ছিলেন।