ঢাকা, ২৮ ফেব্রুয়ারি (ইউএনবি)— ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণে কোনো প্রকার অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতি সহ্য করা হবে না বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তর প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তথ্যপ্রযুক্তিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুতি অনুযায়ী প্রকৃত উপকারভোগী পরিবার ও কৃষকদের সঠিকভাবে চিহ্নিত করে ভর্তুকি, প্রণোদনা ও নিত্যপ্রয়োজনীয় সহায়তা সরাসরি পৌঁছে দেওয়ার লক্ষ্যে দ্রুতই ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড বিতরণ করা হবে। এসব কার্ড বিতরণে কোনো প্রকার অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতি সহ্য করা হবে না।
তিনি বলেন, জনগণের কল্যাণে একটি জনবান্ধব সরকার পরিচালনায় প্রশাসনের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের কথা ধৈর্য সহকারে শুনে ব্যবস্থা গ্রহণে জন্য সরকারি কর্মকর্তাদের অনুরোধ করেন তিনি।
ফকির মাহবুব আনাম প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে জনগণের প্রত্যাশা পূরণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানোর পাশাপাশি প্রধানমন্ত্রীর পরিকল্পনা বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন।
মাদকবিরোধী কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করে টেলিযোগাযোগমন্ত্রী বলেন, মধুপুরে বখাটে দেখতে চাই না। জনগণ যাতে নিরাপদে জীবনযাপন করতে পারেন তা নিশ্চিত করতে হবে। তরুণ প্রজন্মকে মাদক ও ইন্টারনেটভিত্তিক অপরাধ, বিশেষ করে অনলাইন জুয়া থেকে রক্ষা করতে প্রশাসনকে আরও সজাগ থাকতে হবে। এ ক্ষেত্রে পুলিশ ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সহযোগিতা কামনা করেন তথ্যপ্রযুক্তিমন্ত্রী।
তিনি আরও বলেন, স্বচ্ছতা, জবাবদিহিতা ও নৈতিকতা নিশ্চিত করে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে টাঙ্গাইলকে আদর্শ জেলা হিসেবে গড়ে তুলতে হবে।
মতবিনিময় সভার আগে তথ্যপ্রযুক্তিমন্ত্রী মধুপুর শহরের সাথীর মোড়ে টাঙ্গাইল-ময়মনসিংহ রাস্তার সাথীর মোড় থেকে টুটুল ট্রেডার্স পর্যন্ত আরসিসি রাস্তা নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুবায়ের হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এরপর তিনি ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূরজাহান আক্তার সাথীর সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।