আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, দেশের বিচারব্যবস্থা স্বাধীন বলেই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা গ্রেপ্তারের পরদিনই জামিন পেয়েছেন। এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ ও নাসিরউদ্দিন পাটোয়ারী ঝিনাইদহে যে বক্তব্য দিয়েছেন সেটা রাজনৈতিক বলে মন্তব্য করেছেন তিনি।
পাশাপাশি রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিষয়ে বিচারকার্য দ্রুত সম্পন্ন করার জন্য রাষ্ট্রের পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করা দরকার, তা করা হবে বলে পুনরায় সরকারের দৃঢ়তার কথা পুনর্ব্যক্ত করেছেন মন্ত্রী। তবে সারা দেশে বিচারক এবং আইনজীবী সংকটের কারণে অনেক সময় বিচারকার্য দীর্ঘ হয়ে থাকে বলেও জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (২৬ মে) সকালে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।
আইন মন্ত্রণালয় থেকে আদালত নিয়ন্ত্রণ করা হয়—এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর এমন বক্তব্যের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, উনি (হাসনাত আব্দুল্লাহ) যা বলেছেন, তা আদালত অবমাননার সামিল। বিচারক বিচারকার্যে সম্পূর্ণ স্বাধীন। বিচারকরা স্বাধীনভাবে কাজ করছে বলেই তাদের (এনসিপি) নেতারা মামলায় গ্রেপ্তারের পরদিনই জামিন পেয়েছেন।
বাংলাদেশের বিচারকরা অন্য যেকোনো দেশের তুলনায় স্বাধীনভাবে কাজ করতে পারে দাবি করে মন্ত্রী বলেন, আমাদের মামলা জট রয়েছে। কারণ, আমাদের বিচারক সংকট আছে। একইসঙ্গে আইনজীবীর সংখ্যাও কম। বিচারকাজে অংশ নেওয়ার মতো আইনজীবী বেশি না থাকায় মামলা জট কমানো যাচ্ছে না।
এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ ও নাসিরউদ্দীন পাটওয়ারীর বক্তব্য ‘রাজনৈতিক’ আখ্যা দিয়ে মো. আসাদুজ্জামান বলেন, সম্প্রতি ঝিনাইদহে এনসিপি নেতাকর্মীদের সঙ্গে যা হয়েছে, সেখানে পুলিশের দায়িত্বশীলতার কোনো ঘাটতি ছিল না। বিচারকরাও স্বাধীনভাবে এ বিষয়ে কাজ করেছেন। কাজেই এগুলো নিয়ে বিভ্রান্তি ছড়াতে ও রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য তারা এ কথাগুলো তারা বলছেন।
এদিন শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাসিক সমন্বয় সভায় অংশ নেন আইনমন্ত্রী। এ সময় শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদ আল মামুনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।