সশস্ত্র বাহিনীর সদস্যদের দায়িত্ব পালনের ক্ষেত্রে সংবিধান, আইন, সামরিক বিধিবিধান ও মানবিক মূল্যবোধের প্রতি অঙ্গীকারবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শৃঙ্খলা, পেশাদারত্ব ও জনগণের আস্থা সশস্ত্র বাহিনীর শক্তির মৌলিক ভিত্তি বলেও মন্তব্য করেছেন তিনি।
রবিবার (১৮ অক্টোবর) সাভার সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনীর কয়েকটি ব্যাটালিয়ন ও রেজিমেন্টকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড বা জাতীয় পতাকা প্রদান অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এ আহ্বান জানান।
এ সময় প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন, দেশীয় প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন জোরদার ও পরিবর্তনশীল নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন প্রযুক্তিগত সক্ষমতা গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপরও গুরুত্ব দেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘সশস্ত্র বাহিনীর শক্তি শুধু অস্ত্র, সরঞ্জাম বা জনবলের মধ্যে সীমাবদ্ধ নয়। এর প্রকৃত শক্তি নিহিত রয়েছে শৃঙ্খলা, দক্ষতা, নেতৃত্ব, নৈতিকতা, প্রশিক্ষণ ও জনগণের আস্থার মধ্যে।’
তিনি চেইন অব কমান্ডের ধারাবাহিকতা বজায় রাখার গুরুত্বও তুলে ধরেন।
তারেক রহমান বলেন, আধুনিক যুদ্ধে সাইবার পরিসর, মহাকাশ, ড্রোন, কৃত্রিম বুদ্ধিমত্তা, ইলেকট্রনিক যুদ্ধ ও তথ্যনির্ভর সক্ষমতার ব্যবহার ক্রমেই বাড়ছে। ফলে বিশ্বব্যাপী পরিবর্তনশীল নিরাপত্তা পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশের প্রতিরক্ষা প্রস্তুতি নিশ্চিত করা প্রয়োজন।
জাতীয় পতকাপ্রাপ্ত ইউনিটগুলোকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, এই সম্মান তাদের ইতিহাস, ঐতিহ্য, শৃঙ্খলা, আত্মত্যাগ, পেশাদারত্ব ও দেশের প্রতি অঙ্গীকারের প্রতীক।