নতুন ন্যূনতম মজুরি কাঠামো ঘোষণার পর পোশাকশ্রমিকরা জানুয়ারিতে ডিসেম্বর মাসের বেতন হিসেবে সংশোধিত মজুরি পাবেন বলে জানিয়েছেন নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকায় নিম্নতম মজুরি বোর্ডের সম্মেলন কক্ষে জরুরি সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
এ সময় বোর্ডের চেয়ারম্যান স্পষ্ট করে জানান, স্থায়ী সদস্য-সংক্রান্ত একটি সমস্যার কারণে সোমবারের নির্ধারিত বৈঠকটি স্থগিত করা হয়েছিল। বৈঠক পেছানোর পেছনে অন্য কোনো কারণ ছিল না।
মঙ্গলবার বোর্ডের জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থগিত হওয়া নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় বৈঠক আগামী সোমবার (২৩ নভেম্বর) অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে কারখানার মালিকদের পক্ষ থেকে ন্যূনতম মজুরির প্রস্তাব উপস্থাপনের কথা রয়েছে।
এর আগে ৯ নভেম্বর বোর্ডের দ্বিতীয় বৈঠকে শ্রমিক প্রতিনিধিরা তৈরি পোশাকশ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের দাবি জানিয়ে প্রস্তাব দেন।
তবে ওই সময় মালিকপক্ষ কোনো প্রস্তাব জমা দেয়নি। তারা সাত কর্মদিবস সময় চাইলেও বোর্ড তাদের চার দিন সময় দিয়েছিল।
শ্রমিক অসন্তোষের মধ্যে পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণের জন্য সরকার ১ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ড গঠন করে।
৪ নভেম্বর বোর্ডের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে আগামী মাস থেকে নতুন মজুরি কাঠামো কার্যকরের বিষয়ে সম্মত হয় বোর্ড।