ন্যূনতম মজুরি বোর্ডের স্থগিত হওয়া তৃতীয় সভার নতুন তারিখ অনতিবিলম্বে ঘোষণার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) এবং বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)।
সোমবার (১৬ নভেম্বর) বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান ও বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এই আহ্বান জানানো হয়।
বিবৃতিতে উল্লেখ করা হয়, সোমবার ন্যূনতম মজুরি বোর্ডের তৃতীয় সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এবং নির্ধারিত সূচি অনুযায়ী ওই সভায় মালিকপক্ষের পক্ষ থেকে ন্যূনতম মজুরির প্রস্তাবনা দাখিলের দিন নির্ধারণ করা হয়েছিল। এ লক্ষ্যে মালিকপক্ষ তাদের প্রস্তাবনা পেশ করার জন্য সম্পূর্ণ প্রস্তুতও ছিল।
তবে গণমাধ্যম সূত্রে জানা গেছে, শ্রমিকপক্ষের স্থায়ী প্রতিনিধি আনোয়ার হোসাইন হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় বোর্ডের আজকের নির্ধারিত সভাটি স্থগিত করা হয়েছে। এ সময় মালিকপক্ষ অসুস্থ শ্রমিক প্রতিনিধির দ্রুত সুস্থতা কামনা করে।
বিবৃতিতে মালিকপক্ষ আরও জানায়, আগামী ১ ডিসেম্বর নতুন ন্যূনতম মজুরি কার্যকর করার সুনির্দিষ্ট সময়সীমা ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে। এ কারণে মজুরি নির্ধারণের এই প্রক্রিয়াটি দ্রুতগতিতে সম্পন্ন হওয়া জরুরি বলে মনে করছে তারা।
মালিকপক্ষের মতে, দ্রুততম সময়ের মধ্যে নতুন ন্যূনতম মজুরি ঘোষণা করা হলে কারখানা মালিকরা বর্ধিত মজুরি বাস্তবায়নের ক্ষেত্রে প্রয়োজনীয় আর্থিক ও প্রাতিষ্ঠানিক প্রস্তুতি নেওয়ার পর্যাপ্ত সময় পাবেন।
সার্বিক পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় নিয়ে কোনো কালক্ষেপণ না করে দ্রুততম সময়ে মজুরি বোর্ডের স্থগিত সভার নতুন তারিখ ঘোষণার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছে মালিকপক্ষ।